Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
আল-কুরআন · 40
Ghafir Surah
85 আয়াত
উৎস: QuranEnc.com
ডিভাইস ভয়েস, আসল তিলাওয়াত নয়
- 40:1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ حمٓ
হা-মীম।(১)
টিকা
(১) এই অক্ষরগুলো এবং এর অনুরূপ অন্যান্য অক্ষরসমূহ, যা কুরআনের কিছু সূরার শুরুতে এসেছে, এগুলোকে আল-হুরূফুল মুকাত্তা‘আত তথা কতগুলো বিচ্ছিন্ন বর্ণ দ্বারা গঠিত এক-একটা বাক্য বলে। এগুলো আল-কুরআনের অলৌকিকতার প্রতি ইঙ্গিত করে। মুশরিকরা এর দ্বারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং তারা এর মোকাবিলা করতে অক্ষম ছিল; যদিও এগুলো আরবী ভাষার কতগুলো অক্ষর দিয়েই গঠিত। আরবদের – তারা সর্বাধিক বিশুদ্ধ বাগ্মী হওয়া সত্ত্বেও - এর অনুরূপ কিছু রচনা করতে অক্ষমতাই প্রমাণ করে যে কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।
- 40:2
تَنزِيلُ ٱلْكِتَـٰبِ مِنَ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ
এই কিতাব তথা আল কুরআন মহাপরাক্রমশালী সর্বজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।
- 40:3
غَافِرِ ٱلذَّنۢبِ وَقَابِلِ ٱلتَّوْبِ شَدِيدِ ٱلْعِقَابِ ذِى ٱلطَّوْلِ ۖ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ إِلَيْهِ ٱلْمَصِيرُ
আল্লাহ পাপ ক্ষমাকারী, তাওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা, মহা অনুকম্পাকারী। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তাঁর কাছেই প্রত্যাবর্তন।
- 40:4
مَا يُجَـٰدِلُ فِىٓ ءَايَـٰتِ ٱللَّهِ إِلَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَلَا يَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِى ٱلْبِلَـٰدِ
কাফিররাই কেবল আল্লাহর আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়। সুতরাং দেশে দেশে তাদের অবাধ বিচরণ(১) যেন তোমাকে ধোঁকায় না ফেলে।
টিকা
(১) অর্থাৎ কাফিরদের জীবিকার প্রাচুর্য যেন তোমাকে প্রতারিত না করে।
- 40:5
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَٱلْأَحْزَابُ مِنۢ بَعْدِهِمْ ۖ وَهَمَّتْ كُلُّ أُمَّةٍۭ بِرَسُولِهِمْ لِيَأْخُذُوهُ ۖ وَجَـٰدَلُوا۟ بِٱلْبَـٰطِلِ لِيُدْحِضُوا۟ بِهِ ٱلْحَقَّ فَأَخَذْتُهُمْ ۖ فَكَيْفَ كَانَ عِقَابِ
তাদের পূর্বে নূহের জাতি এবং তাদের পরেও অনেক দল মিথ্যারোপ করেছিল।(১) প্রত্যেক জাতিই স্বীয় রাসূলকে পাকড়াও করার সংকল্প করেছিল এবং সত্যকে বিদূরিত করার উদ্দেশ্যে তারা বাতিলের পক্ষে বিতর্কে লিপ্ত হয়েছিল। ফলে আমিও তাদেরকে (শাস্তি দ্বারা) পাকড়াও করলাম। সুতরাং, ভেবে দেখো, কেমন ছিল আমার শাস্তি!
টিকা
(১) নবীদেরকে মিথ্যারোপকারী জাতি যেমন: ‘আদ, সামূদ, লূত জাতি ও মাদায়িনবাসী এবং ফিরআউন ও তার জাতি তাদের নবীদেরকে মিথ্যারোপ করেছে।
- 40:6
وَكَذَٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّهُمْ أَصْحَـٰبُ ٱلنَّارِ
আর এভাবেই কাফিরদের (ধ্বংসের) ক্ষেত্রে তোমার রবের বাণী সত্যে পরিণত হল যে, নিশ্চয় এরা জাহান্নামী।
- 40:7
ٱلَّذِينَ يَحْمِلُونَ ٱلْعَرْشَ وَمَنْ حَوْلَهُۥ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِۦ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ ءَامَنُوا۟ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَٱغْفِرْ لِلَّذِينَ تَابُوا۟ وَٱتَّبَعُوا۟ سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ ٱلْجَحِيمِ
যারা (যেসব ফিরিশতারা) আরশ বহন করে এবং যারা এর চারপাশে রয়েছে, তারা তাদের রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ করে এবং তাঁর প্রতি ঈমান রাখে। আর মু’মিনদের জন্য ক্ষমার দু‘আ করে বলে: ‘হে আমাদের রব! আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যপ্ত করে রয়েছেন। অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আর তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আপনি রক্ষা করুন।’
- 40:8
رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّـٰتِ عَدْنٍ ٱلَّتِى وَعَدتَّهُمْ وَمَن صَلَحَ مِنْ ءَابَآئِهِمْ وَأَزْوَٰجِهِمْ وَذُرِّيَّـٰتِهِمْ ۚ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
‘হে আমাদের রব! আর আপনি তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন। আর তাদের পিতা-মাতা, পতি-পত্নী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশ করান। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।’
- 40:9
وَقِهِمُ ٱلسَّيِّـَٔاتِ ۚ وَمَن تَقِ ٱلسَّيِّـَٔاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُۥ ۚ وَذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
আর তাদেরকে (সেদিনের) সব অকল্যাণ থেকে রক্ষা করুন। আর সেদিন আপনি যাকে অকল্যাণ থেকে রক্ষা করবেন, তাকে তো আপনি অবশ্যই অনুগ্রহ করবেন। আর এটাই হলো মহাসাফল্য।
- 40:10
إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُنَادَوْنَ لَمَقْتُ ٱللَّهِ أَكْبَرُ مِن مَّقْتِكُمْ أَنفُسَكُمْ إِذْ تُدْعَوْنَ إِلَى ٱلْإِيمَـٰنِ فَتَكْفُرُونَ
নিশ্চয় যারা কুফরি করেছে, তাদেরকে (কিয়ামতের দিন) উচ্চস্বরে ডেকে বলা হবে, ‘আজ তোমরা নিজেদের প্রতি যতটা ক্ষুব্ধ ও বিরক্ত, আল্লাহর অসন্তোষ তার চেয়েও অনেক বেশি ছিল, যখন তোমাদেরকে ঈমানের দিকে আহ্বান করা হয়েছিল, অথচ তোমরা কুফরি করেছিলে।’
- 40:11
قَالُوا۟ رَبَّنَآ أَمَتَّنَا ٱثْنَتَيْنِ وَأَحْيَيْتَنَا ٱثْنَتَيْنِ فَٱعْتَرَفْنَا بِذُنُوبِنَا فَهَلْ إِلَىٰ خُرُوجٍ مِّن سَبِيلٍ
তারা বলবে: ‘হে আমাদের রব! আপনি আমাদেরকে দু’বার মৃত্যু দিয়েছেন এবং দু’বার জীবন দিয়েছেন।(১) অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। অতএব (জাহান্নাম থেকে) বের হওয়ার কোন পথ আছে কি?’
টিকা
(১) অর্থাৎ দু’বার জীবন-মৃত্যু বলতে: তারা প্রাণহীন ছিল, তিনি তাদেরকে প্রাণ দান করেছেন। এরপর তিনি পুনরায় তাদের মৃত্যু দিবেন এবং পরে আবার জীবন দান করবেন।
- 40:12
ذَٰلِكُم بِأَنَّهُۥٓ إِذَا دُعِىَ ٱللَّهُ وَحْدَهُۥ كَفَرْتُمْ ۖ وَإِن يُشْرَكْ بِهِۦ تُؤْمِنُوا۟ ۚ فَٱلْحُكْمُ لِلَّهِ ٱلْعَلِىِّ ٱلْكَبِيرِ
(জবাবে তাদেরকে বলা হবে) এটা এ কারণে যে, যখন একমাত্র আল্লাহকে ডাকা হতো, তখন তোমরা কুফরি করতে; আর যখন তাঁর সঙ্গে শরিক করা হতো, তখন তোমরা তা বিশ্বাস করতে। অতএব ফয়সালা তো একমাত্র মহান, সর্বোচ্চ আল্লাহরই।
- 40:13
هُوَ ٱلَّذِى يُرِيكُمْ ءَايَـٰتِهِۦ وَيُنَزِّلُ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ رِزْقًا ۚ وَمَا يَتَذَكَّرُ إِلَّا مَن يُنِيبُ
তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে তাঁর নিদর্শনাবলি দেখান এবং আকাশ থেকে তোমাদের জন্য রিযক পাঠান। আর সেই উপদেশ গ্রহণ করে থাকে, যে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে।
- 40:14
فَٱدْعُوا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ وَلَوْ كَرِهَ ٱلْكَـٰفِرُونَ
অতএব তোমরা আল্লাহকেই ডাকো, তাঁর জন্যই দ্বীনকে একনিষ্ঠ করে, যদিও কাফিররা তা অপছন্দ করে।
- 40:15
رَفِيعُ ٱلدَّرَجَـٰتِ ذُو ٱلْعَرْشِ يُلْقِى ٱلرُّوحَ مِنْ أَمْرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ لِيُنذِرَ يَوْمَ ٱلتَّلَاقِ
আল্লাহ সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি, তাঁর বান্দাদের মধ্য থেকে যার প্রতি ইচ্ছা আপন নির্দেশে তিনি ওহী পাঠান, যাতে সে সাক্ষাৎ লাভের দিনটি সম্পর্কে সতর্ক করতে পারে।
- 40:16
يَوْمَ هُم بَـٰرِزُونَ ۖ لَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِنْهُمْ شَىْءٌ ۚ لِّمَنِ ٱلْمُلْكُ ٱلْيَوْمَ ۖ لِلَّهِ ٱلْوَٰحِدِ ٱلْقَهَّارِ
সেদিন মানুষ প্রকাশ্যভাবে সমবেত হবে। সেদিন আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। ‘আজ রাজত্ব ও কর্তৃত্ব কার?’ (উত্তর আসবে) ’প্রবল প্রতাপশালী এক আল্লাহর।’
- 40:17
ٱلْيَوْمَ تُجْزَىٰ كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ ۚ لَا ظُلْمَ ٱلْيَوْمَ ۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ
আজ প্রত্যেক ব্যক্তিকে তার আমলের প্রতিদান দেয়া হবে। আজ কারো প্রতিই কোন যুলম-অবিচার নেই। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।
- 40:18
وَأَنذِرْهُمْ يَوْمَ ٱلْـَٔازِفَةِ إِذِ ٱلْقُلُوبُ لَدَى ٱلْحَنَاجِرِ كَـٰظِمِينَ ۚ مَا لِلظَّـٰلِمِينَ مِنْ حَمِيمٍ وَلَا شَفِيعٍ يُطَاعُ
আর হে রাসূল! তুমি তাদের আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও; যখন দুঃখ, কষ্ট সংবরণ অবস্থায় তাদের প্রাণ কণ্ঠাগত হবে। যালিমদের জন্য নেই কোন অন্তরঙ্গ বন্ধু, নেই কোন সুপারিশকারী যার সুপারিশ গ্রাহ্য করা হবে।
- 40:19
يَعْلَمُ خَآئِنَةَ ٱلْأَعْيُنِ وَمَا تُخْفِى ٱلصُّدُورُ
চক্ষুসমূহের খিয়ানত এবং অন্তরসমূহ যা গোপন রাখে তিনি তা জানেন।
- 40:20
وَٱللَّهُ يَقْضِى بِٱلْحَقِّ ۖ وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَقْضُونَ بِشَىْءٍ ۗ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ
আর আল্লাহ ইনসাফ ভিত্তিক ফয়সালা করেন এবং তারা (মুশরিকরা) আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকে, তারা কোন কিছুর বিচার-ফয়সালা করতে পারবে না। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
- 40:21
۞ أَوَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلَّذِينَ كَانُوا۟ مِن قَبْلِهِمْ ۚ كَانُوا۟ هُمْ أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَءَاثَارًا فِى ٱلْأَرْضِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمْ وَمَا كَانَ لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٍ
তারা তথা মুশরিকরা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহলে দেখত, তাদের পূর্বে যারা ছিল, তাদের পরিণাম কেমন হয়েছিল? অথচ সে সব জাতি এদের তুলনায় পৃথিবীতে শক্তিমত্তা ও (স্থাপনা নির্মাণ) কীর্তিতে অধিকতর প্রবল ছিল। অতঃপর আল্লাহ তাদের পাপাচারের কারণে তাদেরকে পাকড়াও (ধ্বংস) করলেন। আর তাদের জন্য ছিল না, আল্লাহর পক্ষ থেকে কোন রক্ষাকারী।
- 40:22
ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانَت تَّأْتِيهِمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ فَكَفَرُوا۟ فَأَخَذَهُمُ ٱللَّهُ ۚ إِنَّهُۥ قَوِىٌّ شَدِيدُ ٱلْعِقَابِ
এটি এ কারণে যে, তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসত; কিন্তু তারা তাদেরকে অস্বীকার করত। ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। নিশ্চয় তিনি শক্তিমান, শাস্তিদানে কঠোর।
- 40:23
وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَـٰتِنَا وَسُلْطَـٰنٍ مُّبِينٍ
আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলি ও সুস্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছিলাম,
- 40:24
إِلَىٰ فِرْعَوْنَ وَهَـٰمَـٰنَ وَقَـٰرُونَ فَقَالُوا۟ سَـٰحِرٌ كَذَّابٌ
ফির‘আউন, হামান ও কারূনের কাছে। অতঃপর তারা বলল, ‘সে এক জাদুকর, চরম মিথ্যাবাদী।’
- 40:25
فَلَمَّا جَآءَهُم بِٱلْحَقِّ مِنْ عِندِنَا قَالُوا۟ ٱقْتُلُوٓا۟ أَبْنَآءَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ وَٱسْتَحْيُوا۟ نِسَآءَهُمْ ۚ وَمَا كَيْدُ ٱلْكَـٰفِرِينَ إِلَّا فِى ضَلَـٰلٍ
অতঃপর যখন মূসা আমার কাছ থেকে সত্য(১) নিয়ে তাদের কাছে উপস্থিত হয়েছিল, তখন তারা বলল: ‘যারা মূসার সাথে ঈমান এনেছে তোমরা তাদের পুত্র সন্তানদেরকে হত্যা কর এবং তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখ।’ আর কাফিরদের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হবে।(২)
টিকা
(১) অর্থাৎ মূসা ‘আলাইহিস-সালামের নবুওয়াতের সত্যতার প্রমাণ বহনকারী দলীলসহ। (২) অর্থাৎ কাফিরদের পক্ষ থেকে মু’মিনদের সংখ্যা কমানোর এই দুরভিসন্ধি ব্যর্থ প্রচেষ্টা মাত্র।
- 40:26
وَقَالَ فِرْعَوْنُ ذَرُونِىٓ أَقْتُلْ مُوسَىٰ وَلْيَدْعُ رَبَّهُۥٓ ۖ إِنِّىٓ أَخَافُ أَن يُبَدِّلَ دِينَكُمْ أَوْ أَن يُظْهِرَ فِى ٱلْأَرْضِ ٱلْفَسَادَ
আর ফির‘আউন (পরিষদবর্গকে) বলল: ‘আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি এবং সে তার রবকে ডাকুক। নিশ্চয় আমি আশঙ্কা করছি যে, সে তোমাদের দ্বীন তথা জীবন যাপনের পদ্ধতিকে পাল্টে দিবে অথবা সে জমিনে বিপর্যয় সৃষ্টি করবে।
- 40:27
وَقَالَ مُوسَىٰٓ إِنِّى عُذْتُ بِرَبِّى وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ ٱلْحِسَابِ
মূসা বলল: ‘আমি আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি এমন প্রত্যেক অহংকারী থেকে, যে বিচার দিবসের প্রতি ঈমান রাখে না।’
- 40:28
وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَـٰنَهُۥٓ أَتَقْتُلُونَ رَجُلًا أَن يَقُولَ رَبِّىَ ٱللَّهُ وَقَدْ جَآءَكُم بِٱلْبَيِّنَـٰتِ مِن رَّبِّكُمْ ۖ وَإِن يَكُ كَـٰذِبًا فَعَلَيْهِ كَذِبُهُۥ ۖ وَإِن يَكُ صَادِقًا يُصِبْكُم بَعْضُ ٱلَّذِى يَعِدُكُمْ ۖ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ
‘আর ফির‘আউন পরিবারের একজন মু’মিন ব্যক্তি, যে তার ঈমান গোপন রেখেছিল সে বলল: ‘তোমরা কি (নিরপরাধ) একটি মানুষকে কেবল এ কারণে হত্যা করতে চাও, যে বলে: ‘আমার রব আল্লাহ’; অথচ সে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছে। যদি সে মিথ্যাবাদী হয় তবে তার ওপরই বর্তাবে তার মিথ্যা; আর যদি সে সত্যবাদী হয় তবে যে বিষয়ে সে তোমাদেরকে (যে শাস্তির) ওয়াদা দিচ্ছে, তার কিছু তোমাদের ওপর আপতিত হবে। নিশ্চয় আল্লাহ তাকে হিদায়াত দেন না, যে সীমালঙ্ঘনকারী, চরম মিথ্যাবাদী।’
- 40:29
يَـٰقَوْمِ لَكُمُ ٱلْمُلْكُ ٱلْيَوْمَ ظَـٰهِرِينَ فِى ٱلْأَرْضِ فَمَن يَنصُرُنَا مِنۢ بَأْسِ ٱللَّهِ إِن جَآءَنَا ۚ قَالَ فِرْعَوْنُ مَآ أُرِيكُمْ إِلَّا مَآ أَرَىٰ وَمَآ أَهْدِيكُمْ إِلَّا سَبِيلَ ٱلرَّشَادِ
(ফির‘আউনের পরিবারের সেই মুমিন ব্যক্তি আরও বলল,) ‘হে আমার কওম! আজ তোমাদের হাতেই রাজত্ব; তোমরাই পৃথিবীতে কর্তৃত্বশীল। কিন্তু আল্লাহর শাস্তি আমাদের ওপর এসে পড়লে কে আমাদেরকে সাহায্য করবে?’ ফির‘আউন বলল, ‘আমি তোমাদেরকে কেবল তা-ই দেখাচ্ছি, যা আমি দেখি; আর আমি তোমাদেরকে কেবল সঠিক পথেরই নির্দেশ দিচ্ছি।’
- 40:30
وَقَالَ ٱلَّذِىٓ ءَامَنَ يَـٰقَوْمِ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُم مِّثْلَ يَوْمِ ٱلْأَحْزَابِ
আর যে ব্যক্তি ঈমান এনেছিল সে আরও বলল: ‘হে আমার জাতি! নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে পূর্ববর্তী দলসমূহের মতোই (বিপদসংকুল) দিনের (শাস্তির) আশঙ্কা করি’;
- 40:31
مِثْلَ دَأْبِ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْ ۚ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلْمًا لِّلْعِبَادِ
‘যেমন ঘটেছিল নূহ, ‘আদ ও ছামূদের জাতি এবং তাদের পরবর্তীদের ব্যাপারে।(১) আর আল্লাহ বান্দাদের ওপর কোন যুলম করতে চান না।’
টিকা
(১) অর্থাৎ আল্লাহ তাদেকে কুফরী ও রাসূলদেরকে অস্বীকার করার কারণে ধ্বংস করেছেন।
- 40:32
وَيَـٰقَوْمِ إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ يَوْمَ ٱلتَّنَادِ
‘ হে আমার জাতি! আমি তোমাদের জন্য পারস্পরিক ভয়ার্ত আহ্বান দিনের (শাস্তির) আশঙ্কা করি।’
- 40:33
يَوْمَ تُوَلُّونَ مُدْبِرِينَ مَا لَكُم مِّنَ ٱللَّهِ مِنْ عَاصِمٍ ۗ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ
সেদিন তোমরা পৃষ্ঠপ্রদর্শন করে পালাতে থাকবে; কিন্তু আল্লাহর (শাস্তি) থেকে তোমাদের রক্ষাকারী কেউ থাকবে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোনো পথপ্রদর্শক নেই।
- 40:34
وَلَقَدْ جَآءَكُمْ يُوسُفُ مِن قَبْلُ بِٱلْبَيِّنَـٰتِ فَمَا زِلْتُمْ فِى شَكٍّ مِّمَّا جَآءَكُم بِهِۦ ۖ حَتَّىٰٓ إِذَا هَلَكَ قُلْتُمْ لَن يَبْعَثَ ٱللَّهُ مِنۢ بَعْدِهِۦ رَسُولًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابٌ
আর অবশ্যই ইতঃপূর্বে ইউসুফ তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদিসহ এসেছিল। সে যা নিয়ে তোমাদের কাছে এসেছিল তা নিয়ে তোমরা শুধু সন্দেহ পোষণ করেছিলে; এমনকি যখন সে মারা গেল তখন তোমরা বললে: ‘আল্লাহ তার পরে কখনো কোন রাসূল পাঠাবেন না।’ এভাবেই আল্লাহ সীমালঙ্ঘনকারী, (তাঁর একত্ববাদে) সংশয়বাদীদের পথভ্রষ্ট করেন।
- 40:35
ٱلَّذِينَ يُجَـٰدِلُونَ فِىٓ ءَايَـٰتِ ٱللَّهِ بِغَيْرِ سُلْطَـٰنٍ أَتَىٰهُمْ ۖ كَبُرَ مَقْتًا عِندَ ٱللَّهِ وَعِندَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ۚ كَذَٰلِكَ يَطْبَعُ ٱللَّهُ عَلَىٰ كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ
যারা নিজেদের কাছে দলিল-প্রমাণ না থাকা সত্ত্বেও আল্লাহর নিদর্শনাবলি সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়; তাদের এ কাজ আল্লাহ ও মু’মিনদের নিকট অতি ঘৃণিত। এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী স্বৈরাচারীর অন্তরে মোহর মেরে দেন।
- 40:36
وَقَالَ فِرْعَوْنُ يَـٰهَـٰمَـٰنُ ٱبْنِ لِى صَرْحًا لَّعَلِّىٓ أَبْلُغُ ٱلْأَسْبَـٰبَ
ফির‘আউন আরও বলল: ‘হে হামান! আমার জন্য একটি উঁচু অট্টালিকা (টাওয়ার) বানাও যাতে আমি অবলম্বন পাই...
- 40:37
أَسْبَـٰبَ ٱلسَّمَـٰوَٰتِ فَأَطَّلِعَ إِلَىٰٓ إِلَـٰهِ مُوسَىٰ وَإِنِّى لَأَظُنُّهُۥ كَـٰذِبًا ۚ وَكَذَٰلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوٓءُ عَمَلِهِۦ وَصُدَّ عَنِ ٱلسَّبِيلِ ۚ وَمَا كَيْدُ فِرْعَوْنَ إِلَّا فِى تَبَابٍ
আসমানে আরোহরণের অবলম্বন, যাতে আমি (উঁকি মেরে) মূসার ইলাহকে দেখতে পাই, আর আমি কেবল তাকে মিথ্যাবাদী মনে করি।’ আর এভাবে ফির‘আউনের কাছে তার মন্দ কাজ শোভিত করে দেয়া হয়েছিল এবং তাকে বাধা দেয়া হয়েছিল সৎপথ থেকে। আর ফির‘আউনের ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল।
- 40:38
وَقَالَ ٱلَّذِىٓ ءَامَنَ يَـٰقَوْمِ ٱتَّبِعُونِ أَهْدِكُمْ سَبِيلَ ٱلرَّشَادِ
আর যে ব্যক্তি ঈমান এনেছিল, সে বলল: ‘হে আমার জাতি! তোমরা আমার আনুগত্য কর। আমি তোমাদেরকে সঠিক পথ দেখাব।’
- 40:39
يَـٰقَوْمِ إِنَّمَا هَـٰذِهِ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا مَتَـٰعٌ وَإِنَّ ٱلْـَٔاخِرَةَ هِىَ دَارُ ٱلْقَرَارِ
‘হে আমার জাতি, এ দুনিয়ার জীবন কেবল কিছু দিনের উপভোগের বস্তু। আর নিশ্চয় আখিরাতই হল স্থায়ী আবাস।’(১)
টিকা
(১) তাই তোমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত না হয়ে, আখিরাতের জন্য আল্লাহর আনুগত্যের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করো।
- 40:40
مَنْ عَمِلَ سَيِّئَةً فَلَا يُجْزَىٰٓ إِلَّا مِثْلَهَا ۖ وَمَنْ عَمِلَ صَـٰلِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُو۟لَـٰٓئِكَ يَدْخُلُونَ ٱلْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ
‘কেউ পাপ কাজ করলে, তাকে শুধু পাপের সমান শাস্তিই দেয়া হবে। আর যে পুরুষ অথবা নারী মু’মিন হয়ে সৎকাজ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদেরকে বেহিসাব রিযক দেয়া হবে।’
- 40:41
۞ وَيَـٰقَوْمِ مَا لِىٓ أَدْعُوكُمْ إِلَى ٱلنَّجَوٰةِ وَتَدْعُونَنِىٓ إِلَى ٱلنَّارِ
‘আর হে আমার জাতি! আমার কী হল যে, আমি তোমাদেরকে (জাহান্নাম থেকে) মুক্তির দিকে ডাকছি, আর তোমরা আমাকে আগুনের দিকে ডাকছ !’
- 40:42
تَدْعُونَنِى لِأَكْفُرَ بِٱللَّهِ وَأُشْرِكَ بِهِۦ مَا لَيْسَ لِى بِهِۦ عِلْمٌ وَأَنَا۠ أَدْعُوكُمْ إِلَى ٱلْعَزِيزِ ٱلْغَفَّـٰرِ
‘তোমরা আমাকে ডাকছ, যাতে আমি আল্লাহর সাথে কুফরী করি এবং তাঁর সাথে শরীক করি, যে ব্যাপারে আমার কোন জ্ঞান নেই; পক্ষান্তরে আমি তোমাদেরকে ডাকছি ,মহাপরাক্রমশালী ও পরম ক্ষমাশীলের দিকে ।’
- 40:43
لَا جَرَمَ أَنَّمَا تَدْعُونَنِىٓ إِلَيْهِ لَيْسَ لَهُۥ دَعْوَةٌ فِى ٱلدُّنْيَا وَلَا فِى ٱلْـَٔاخِرَةِ وَأَنَّ مَرَدَّنَآ إِلَى ٱللَّهِ وَأَنَّ ٱلْمُسْرِفِينَ هُمْ أَصْحَـٰبُ ٱلنَّارِ
এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, তোমরা আমাকে যার দিকে আহ্বান করছ, সে দুনিয়া ও আখিরাতে আহ্বান (ও ইবাদত) এর কোনোই যোগ্যতা রাখে না। আর আমাদের প্রত্যাবর্তন আল্লাহরই কাছে। আর নিশ্চয় সীমালঙ্ঘনকারীরাই জাহান্নামের অধিবাসী।
- 40:44
فَسَتَذْكُرُونَ مَآ أَقُولُ لَكُمْ ۚ وَأُفَوِّضُ أَمْرِىٓ إِلَى ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ بَصِيرٌۢ بِٱلْعِبَادِ
(আজ) আমি তোমাদেরকে যা বলছি, অচিরেই তোমরা তা (সে উপদেশ) স্মরণ করবে।(১) আর আমি আমার সকল বিষয় আল্লাহর নিকট ন্যস্ত করলাম। নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা।’
টিকা
(১) আজ আমার উপদেশ গ্রহণ না করার ফলে, তোমরা সেদিন আক্ষেপ করবে; কিন্তু সে আক্ষেপ সেদিন কোন কাজে আসবে না।
- 40:45
فَوَقَىٰهُ ٱللَّهُ سَيِّـَٔاتِ مَا مَكَرُوا۟ ۖ وَحَاقَ بِـَٔالِ فِرْعَوْنَ سُوٓءُ ٱلْعَذَابِ
অতঃপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে রক্ষা করলেন। আর ফির‘আউনের সম্প্রদায়কে কঠিন শাস্তি গ্রাস করল।
- 40:46
ٱلنَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا ۖ وَيَوْمَ تَقُومُ ٱلسَّاعَةُ أَدْخِلُوٓا۟ ءَالَ فِرْعَوْنَ أَشَدَّ ٱلْعَذَابِ
(তাদের মৃত্যুর পর কবরে) আগুন সকাল-সন্ধ্যায় তাদের সামনে উপস্থাপিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, (সেদিন বলা হবে) ‘ফিরআউনের অনুসারীদেরকে কঠোরতম শাস্তিতে প্রবেশ করাও।’
- 40:47
وَإِذْ يَتَحَآجُّونَ فِى ٱلنَّارِ فَيَقُولُ ٱلضُّعَفَـٰٓؤُا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا نَصِيبًا مِّنَ ٱلنَّارِ
হে রাসূল! স্মরণ করো সে সময়ের কথা যখন জাহান্নামে তারা পরস্পর বিতর্কে লিপ্ত হবে, তখন দুর্বলরা অহংকারীদেরকে বলবে: ‘(দুনিয়াতে) আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, অতএব (এখন) তোমরা কি আমাদের থেকে জাহান্নামের আগুনের কিছু অংশ গ্রহণ করবে?'
- 40:48
قَالَ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُلٌّ فِيهَآ إِنَّ ٱللَّهَ قَدْ حَكَمَ بَيْنَ ٱلْعِبَادِ
অহংকারী নেতারা বলবে: ‘আমরা সবাইতো এখন জাহান্নামেই আছি। নিশ্চয় আল্লাহ বান্দাদের মধ্যে ফয়সালা করে ফেলেছেন।’
- 40:49
وَقَالَ ٱلَّذِينَ فِى ٱلنَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ٱدْعُوا۟ رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ ٱلْعَذَابِ
আর যারা জাহান্নামে আছে তারা জাহান্নামের প্রহরীদেরকে বলবে: ‘তোমরা তোমাদের রবকে একটু ডাকো না! তিনি যেন এক দিনের জন্য হলেও আমাদের শাস্তি লাঘব করে দেন।’
- 40:50
قَالُوٓا۟ أَوَلَمْ تَكُ تَأْتِيكُمْ رُسُلُكُم بِٱلْبَيِّنَـٰتِ ۖ قَالُوا۟ بَلَىٰ ۚ قَالُوا۟ فَٱدْعُوا۟ ۗ وَمَا دُعَـٰٓؤُا۟ ٱلْكَـٰفِرِينَ إِلَّا فِى ضَلَـٰلٍ
জাহান্নামের রক্ষীরা (কাফিরদেরকে) বলবে: ‘তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদিসহ তোমাদের রাসূলগণ আসেনি’? জাহান্নামীরা বলবে, ‘হ্যাঁ অবশ্যই এসেছেন (১)। রক্ষীরা (ব্যঙ্গ করে) বলবে: ‘তবে তোমরাই তোমাদের জন্যে দু‘আ কর। বস্তুত কাফিরদের দু‘আ ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।’
টিকা
(১) কিন্তু আমরা তাদের কথা শুনিনি।
- 40:51
إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيَوْمَ يَقُومُ ٱلْأَشْهَـٰدُ
অবশ্যই আমি আমার রাসূলদেরকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে এবং (পরকালে) যেদিন সাক্ষীগণ (তাদের পক্ষে কথা বলার জন্যে) দাঁড়িয়ে যাবে।
- 40:52
يَوْمَ لَا يَنفَعُ ٱلظَّـٰلِمِينَ مَعْذِرَتُهُمْ ۖ وَلَهُمُ ٱللَّعْنَةُ وَلَهُمْ سُوٓءُ ٱلدَّارِ
যেদিন যালিমদের কোন ওযর-আপত্তি তাদের উপকার করবে না। আর তাদের জন্য রয়েছে লা‘নত এবং তাদের জন্য রয়েছে (জাহান্নামে) নিকৃষ্ট আবাস।
- 40:53
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْهُدَىٰ وَأَوْرَثْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْكِتَـٰبَ
আর অবশ্যই আমি মূসাকে হিদায়াত দান করেছিলাম এবং বনী ইসরাঈলকে (তাওরাত) কিতাবের উত্তরাধিকারী করেছিলাম।
- 40:54
هُدًى وَذِكْرَىٰ لِأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ
যা ছিল বুদ্ধিমানদের জন্য হিদায়াত ও উপদেশ স্বরূপ।
- 40:55
فَٱصْبِرْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ وَٱسْتَغْفِرْ لِذَنۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِٱلْعَشِىِّ وَٱلْإِبْكَـٰرِ
কাজেই (১) তুমি ধৈর্যধারণ কর। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আর তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা কর এবং সকাল- সন্ধ্যায় তোমার রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ কর।
টিকা
(১) হে রাসূল! স্বীয় জাতির থেকে পাওয়া কষ্ট ও মিথ্যারোপের উপর।
- 40:56
إِنَّ ٱلَّذِينَ يُجَـٰدِلُونَ فِىٓ ءَايَـٰتِ ٱللَّهِ بِغَيْرِ سُلْطَـٰنٍ أَتَىٰهُمْ ۙ إِن فِى صُدُورِهِمْ إِلَّا كِبْرٌ مَّا هُم بِبَـٰلِغِيهِ ۚ فَٱسْتَعِذْ بِٱللَّهِ ۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ
নিশ্চয় যারা নিজেদের কাছে কোন দলিল-প্রমাণ না আসা সত্ত্বেও আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে বিতর্ক করে, তাদের অন্তরসমূহে আছে কেবল অহংকার, তারা কিছুতেই সেখানে পৌঁছবে না। কাজেই, হে রাসূল! তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
- 40:57
لَخَلْقُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ أَكْبَرُ مِنْ خَلْقِ ٱلنَّاسِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
অবশ্যই আসমানসমূহ ও জমিন সৃষ্টি করা, মানুষ সৃষ্টি করার চেয়ে বহু গুণ বড় কাজ (১); কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না।
টিকা
(১) তাই যিনি আসমান-জমিন উভয়টিকে সৃষ্টি করতে সক্ষম, তিনি মৃতদেরকে কবর থেকে জীবিত করতে, তাদের কার্য কলাপের হিসাব নিতে ও প্রতিদান দিতেও সক্ষম।
- 40:58
وَمَا يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَلَا ٱلْمُسِىٓءُ ۚ قَلِيلًا مَّا تَتَذَكَّرُونَ
আর অন্ধ ও দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তি কখনো সমান হতে পারে না । আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আর যারা অপরাধী (তারাও সমান নয়)। তোমাদের অল্প সংখ্যকই উপদেশ গ্রহণ করে।
- 40:59
إِنَّ ٱلسَّاعَةَ لَـَٔاتِيَةٌ لَّا رَيْبَ فِيهَا وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يُؤْمِنُونَ
নিশ্চয় কিয়ামত আসবেই, এতে কোন সন্দেহ নেই; কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না।
- 40:60
وَقَالَ رَبُّكُمُ ٱدْعُونِىٓ أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ ٱلَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِى سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
আর তোমাদের রব বলেছেন: ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিবো। নিশ্চয় যারা অহংকারবশত আমার ইবাদাত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।’
- 40:61
ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِتَسْكُنُوا۟ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضْلٍ عَلَى ٱلنَّاسِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ
তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাতে বিশ্রাম করতে পার এবং দিনকে করেছেন আলোকোজ্জ্বল। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল; কিন্তু অধিকাংশ মানুষ (আল্লাহর নি‘আমতের) কৃতজ্ঞতা আদায় করে না।
- 40:62
ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ خَـٰلِقُ كُلِّ شَىْءٍ لَّآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ
তিনিই আল্লাহ, তোমাদের রব; সব কিছুর স্রষ্টা, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। সুতরাং তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেয়া হচ্ছে?
- 40:63
كَذَٰلِكَ يُؤْفَكُ ٱلَّذِينَ كَانُوا۟ بِـَٔايَـٰتِ ٱللَّهِ يَجْحَدُونَ
এভাবেই (১) ফিরিয়ে নেয়া হয় তাদেরকে, যারা আল্লাহর নিদর্শনাবলিকে অস্বীকার করে।
টিকা
(১) যেভাবে এসব লোক আল্লাহর ওপর ঈমান আনা ও তাঁর ইবাদাত থেকে বিমুখ হয়েছে।
- 40:64
ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ قَرَارًا وَٱلسَّمَآءَ بِنَآءً وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَـٰتِ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ ۖ فَتَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ
তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্য জমিনকে স্থিতিশীল করেছেন এবং আসমানকে করেছেন ছাদ। আর তিনি তোমাদেরকে (মাতৃগর্ভে) আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন এবং তিনি পবিত্র জীবিকা থেকে তোমাদেরকে রিযক দান করেছেন। তিনিই আল্লাহ, তোমাদের রব। সুতরাং সৃষ্টিকুলের রব আল্লাহ কতই না বরকতময়!
- 40:65
هُوَ ٱلْحَىُّ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ فَٱدْعُوهُ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ ۗ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। সুতরাং তোমরা তাঁকে ডাক, তাঁর ইবাদাতে-আনুগত্যে একনিষ্ঠ হয়ে। সকল প্রশংসা আল্লাহর, যিনি সৃষ্টিকুলের রব।
- 40:66
۞ قُلْ إِنِّى نُهِيتُ أَنْ أَعْبُدَ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ لَمَّا جَآءَنِىَ ٱلْبَيِّنَـٰتُ مِن رَّبِّى وَأُمِرْتُ أَنْ أُسْلِمَ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
হে রাসূল! বল: ‘তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাক, তাদের ইবাদাত করতে আমাকে নিষেধ করা হয়েছে, যেহেতু আমার রবের পক্ষ থেকে আমার কাছে সুস্পষ্ট প্রমাণাদি এসেছে। আর আমি আদিষ্ট হয়েছি সৃষ্টিকুলের রবের নিকট আত্মসমর্পণ করতে।’
- 40:67
هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوٓا۟ أَشُدَّكُمْ ثُمَّ لِتَكُونُوا۟ شُيُوخًا ۚ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ مِن قَبْلُ ۖ وَلِتَبْلُغُوٓا۟ أَجَلًا مُّسَمًّى وَلَعَلَّكُمْ تَعْقِلُونَ
তিনিই তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদেরকে শুক্রবিন্দু থেকে, তারপর ‘আলাকা’ (জমাট রক্ত) থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তোমাদেরকে (মাতৃগর্ভ থেকে) শিশুরূপে বের করে আনেন, যেন তোমরা তোমাদের যৌবনে পদার্পণ কর, অতঃপর যেন তোমরা বৃদ্ধ বয়সে উপনীত হও। আর তোমাদের কেউ কেউ এর পূর্বেই মারা যায়। আর যাতে তোমরা নির্ধারিত সময়ে পৌঁছে যাও। আর যাতে তোমরা অনুধাবন করতে পারো।
- 40:68
هُوَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ ۖ فَإِذَا قَضَىٰٓ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ
তিনিই জীবন দান করেন এবং মৃত্যু দেন। আর তিনি যখন কোন কিছু করার সিদ্ধান্ত নেন, তখন তিনি এজন্য শুধু বলেন: ‘হও’, ফলে তা হয়ে যায়।
- 40:69
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ يُجَـٰدِلُونَ فِىٓ ءَايَـٰتِ ٱللَّهِ أَنَّىٰ يُصْرَفُونَ
হে রাসূল! তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি, যারা আল্লাহর নিদর্শনাবলি সম্পর্কে বাক-বিতণ্ডা করে? তাদেরকে কোথায় ফিরানো হচ্ছে?
- 40:70
ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِٱلْكِتَـٰبِ وَبِمَآ أَرْسَلْنَا بِهِۦ رُسُلَنَا ۖ فَسَوْفَ يَعْلَمُونَ
যারা কিতাব আল কুরআন এবং আমার রাসূলগণকে যা দিয়ে আমি প্রেরণ করেছি, তা অস্বীকার করে, অতএব অচিরেই তারা জানতে পারবে-
- 40:71
إِذِ ٱلْأَغْلَـٰلُ فِىٓ أَعْنَـٰقِهِمْ وَٱلسَّلَـٰسِلُ يُسْحَبُونَ
যখন তাদের গলদেশে বেড়ি ও শিকল থাকবে, তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে-
- 40:72
فِى ٱلْحَمِيمِ ثُمَّ فِى ٱلنَّارِ يُسْجَرُونَ
(জাহান্নামের) ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে প্রজ্বলিত আগুনে পোড়ানো হবে।
- 40:73
ثُمَّ قِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تُشْرِكُونَ
অতঃপর তাদেরকে বলা হবে: ‘কোথায় তারা, যাদেরকে তোমরা শরীক করতে।
- 40:74
مِن دُونِ ٱللَّهِ ۖ قَالُوا۟ ضَلُّوا۟ عَنَّا بَل لَّمْ نَكُن نَّدْعُوا۟ مِن قَبْلُ شَيْـًٔا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ ٱلْكَـٰفِرِينَ
আল্লাহ ছাড়া?’ তারা (কাফিররা) বলবে: ‘তারা তো আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে; বরং এর পূর্বে আমরা (দুনিয়াতে) কোন কিছুর ইবাদাতই করতাম না।’ এভাবেই আল্লাহ কাফিরদেরকে পথভ্রষ্ট করেন।
- 40:75
ذَٰلِكُم بِمَا كُنتُمْ تَفْرَحُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ وَبِمَا كُنتُمْ تَمْرَحُونَ
এটা (এ শাস্তি) এ জন্য যে, তোমরা পার্থিব জীবনে অযথা আনন্দ-উল্লাস করতে এবং এজন্য যে, তোমরা অহংকার করতে।
- 40:76
ٱدْخُلُوٓا۟ أَبْوَٰبَ جَهَنَّمَ خَـٰلِدِينَ فِيهَا ۖ فَبِئْسَ مَثْوَى ٱلْمُتَكَبِّرِينَ
তোমরা চিরকাল অবস্থানের জন্য জাহান্নামের দরজাসমূহ দিয়ে প্রবেশ কর। অতএব অহংকারীদের বাসস্থান কতই না নিকৃষ্ট!
- 40:77
فَٱصْبِرْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ ۚ فَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا يُرْجَعُونَ
অতএব, তুমি ধৈর্যধারণ কর। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আর আমি তাদেরকে (শাস্তির) যে ওয়াদা দেই, তার কিছু অংশ যদি তোমাকে দেখাই অথবা তোমাকে মৃত্যু দেই, তাহলেও আমার কাছেই তাদের প্রত্যাবর্তন হবে।
- 40:78
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ مِنْهُم مَّن قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُم مَّن لَّمْ نَقْصُصْ عَلَيْكَ ۗ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِىَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ فَإِذَا جَآءَ أَمْرُ ٱللَّهِ قُضِىَ بِٱلْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ ٱلْمُبْطِلُونَ
হে রাসূল! অবশ্যই আমি তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি।(১) তাদের মধ্যে কারো কারো কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করেছি আর কারো কারো কাহিনী তোমার কাছে বর্ণনা করিনি। আর আল্লাহর অনুমতি ছাড়া কোন নিদর্শন (মু’জিযাহ) নিয়ে আসা কোন রাসূলের কাজ নয়। তারপর যখন আল্লাহর নির্দেশ আসবে, তখন ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হবে। আর তখনই বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।
টিকা
(১) অর্থাৎ তাদের স্বজাতিরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং কষ্ট দিয়েছে; তবে তাঁরা তাদের মিথ্যারোপ ও কষ্টের উপর ধৈর্য ধারণ করেছেন।
- 40:79
ٱللَّهُ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَنْعَـٰمَ لِتَرْكَبُوا۟ مِنْهَا وَمِنْهَا تَأْكُلُونَ
আল্লাহই তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন, যাতে তোমরা এদের কতকের ওপর আরোহণ করতে পার আর কতক তোমরা খেতে পার।
- 40:80
وَلَكُمْ فِيهَا مَنَـٰفِعُ وَلِتَبْلُغُوا۟ عَلَيْهَا حَاجَةً فِى صُدُورِكُمْ وَعَلَيْهَا وَعَلَى ٱلْفُلْكِ تُحْمَلُونَ
আর এসব সৃষ্টির মধ্যে তোমাদের জন্য রয়েছে বহু উপকারিতা এবং যাতে তোমরা এগুলোর ওপর আরোহণ করে নিজেদের অন্তরের প্রয়োজন পূরণ করতে পারো ও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারো। আর এসবের ওপর এবং নৌযানের ওপর তোমাদেরকে আরোহণ করানো হয়।
- 40:81
وَيُرِيكُمْ ءَايَـٰتِهِۦ فَأَىَّ ءَايَـٰتِ ٱللَّهِ تُنكِرُونَ
আর (এভাবে) আল্লাহ তোমাদেরকে তাঁর নিদর্শনাবলি দেখান। অতএব, তোমরা আল্লাহর কোন নিদর্শনকে অস্বীকার করবে?
- 40:82
أَفَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَانُوٓا۟ أَكْثَرَ مِنْهُمْ وَأَشَدَّ قُوَّةً وَءَاثَارًا فِى ٱلْأَرْضِ فَمَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, যাতে দেখতে পেত তাদের পূর্ববর্তীদের পরিণতি কী হয়েছিল? তারা ছিল এদের চেয়ে সংখ্যায় বেশি, শক্তিতে প্রবলতর এবং পৃথিবীতে অধিক নিদর্শন/কীর্তির অধিকারী। কিন্তু তারা যা অর্জন করেছিল, তা (আল্লাহর শাস্তি থেকে) তাদের কোনো উপকারে আসেনি।
- 40:83
فَلَمَّا جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ فَرِحُوا۟ بِمَا عِندَهُم مِّنَ ٱلْعِلْمِ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
অতঃপর তাদের কাছে যখন তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদিসহ আগমন করেছিল, তখন তারা তাদের নিজেদের কাছে বিদ্যমান থাকা জ্ঞানকে আঁকড়ে ধরে উৎফুল্ল হয়ে উঠল। আর যা (শাস্তি) নিয়ে তাঁরা ঠাট্টা-বিদ্রুপ করত, তা-ই তাদেরকে বেষ্টন করল।
- 40:84
فَلَمَّا رَأَوْا۟ بَأْسَنَا قَالُوٓا۟ ءَامَنَّا بِٱللَّهِ وَحْدَهُۥ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهِۦ مُشْرِكِينَ
তারপর তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করলো তখন বলল: ‘আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর যাদেরকে আমরা তার সাথে শরীক করতাম, তাদেরকে প্রত্যাখ্যান করলাম।’
- 40:85
فَلَمْ يَكُ يَنفَعُهُمْ إِيمَـٰنُهُمْ لَمَّا رَأَوْا۟ بَأْسَنَا ۖ سُنَّتَ ٱللَّهِ ٱلَّتِى قَدْ خَلَتْ فِى عِبَادِهِۦ ۖ وَخَسِرَ هُنَالِكَ ٱلْكَـٰفِرُونَ
কিন্তু তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন তাদের ঈমান তাদের কোন উপকারে আসল না। এটা আল্লাহর বিধান(১), তাঁর বান্দাদের মধ্যে চলে আসছে। আর এখানে কাফিররাই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
টিকা
(১) অর্থাৎ শাস্তি প্রত্যক্ষ করার সময় ঈমান আনা কারো কোন উপকারে আসে না, এটি আল্লাহর চিরায়ত বিধান।
উৎস: QuranEnc.com · bengali_rwwad · v1.1.3
Arabic source copyright · Tanzil Project
Tanzil Quran Text (Uthmani, Version 1.1) Copyright (C) 2007-2024 Tanzil Project License: Creative Commons Attribution 3.0 This copy of the Quran text is carefully produced, highly verified and continuously monitored by a group of specialists at Tanzil Project. TERMS OF USE: - Permission is granted to copy and distribute verbatim copies of this text, but CHANGING IT IS NOT ALLOWED. - This Quran text can be used in any website or application, provided that its source (Tanzil Project) is clearly indicated, and a link is made to tanzil.net to enable users to keep track of changes. - This copyright notice shall be included in all verbatim copies of the text, and shall be reproduced appropriately in all files derived from or containing substantial portion of this text. Please check updates at: http://tanzil.net/updates/

