ঈমান হলো নূর ও শক্তি। হ্যাঁ, প্রকৃত ঈমানকে ধারণকারী ব্যক্তি বিশ্বজগৎকে চ্যালেঞ্জ করতে পারে এবং ঈমানের শক্তি অনুযায়ী বিভিন্ন ঘটনার দুঃখ-কষ্ট থেকে মুক্তি পেতে পারে। তাওয়াক্কালতু আলাল্লাহ বলে জীবন নামক জাহাজে ঘটনা-দুর্ঘটনার পাহাড়সম স্রোতের ভেতর দিয়ে পূর্ণ নিরাপত্তার সাথে পরিভ্রমণ করতে পারে। সমস্ত বোঝা কাদিরে মুতলাক সত্তার কুদরতি হাতে আমানত রাখে। দুনিয়া থেকে শান্তির সাথে প্রস্থান করে কবর জগতে গিয়ে আরাম করে। অতঃপর চিরস্থায়ী শান্তিতে প্রবেশের জন্য জান্নাতের দিকে ছুটে যায়। আর মানুষ যখন আল্লাহ তায়ালার ওপর ভরসা করা ছেড়ে দেয়, তখন দুনিয়ার বোঝা তাকে জান্নাতের দিকে নয়; বরং নিকৃষ্টতার অতল গহ্বরে টেনে নিয়ে যায়। ঈমান তাওহিদকে, তাওহিদ আত্মসমর্পণকে, আত্মসমর্পণ তাওয়াক্কুলকে, আর তাওয়াক্কুল উভয় জগতের সুখ ও সৌভাগ্যকে প্রয়োজনীয় করে তোলে।
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
İman ve Küfür Muvazeneleri
তৃতীয় পয়েন্ট :
কিন্তু ভুল বুঝো না। তাওয়াক্কুল অর্থ উপায়-উপকরণকে সম্পূর্ণরূপে অস্বীকার করা নয়; বরং সেগুলোকে কুদরতি হাতের আবরণ হিসেবে জানা ও মানা। উপায়-উপকরণকে একধরনের কর্মের দুআ মনে করে ফলাফল শুধু আল্লাহ তায়ালার নিকট থেকে চাওয়া এবং শুধু আল্লাহ তায়ালার পক্ষ থেকেই আসবে, এ কথা বিশ্বাস করা। আর তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করাই হলো তাওয়াক্কুল।
যে আল্লাহ তায়ালার ওপর তাওয়াক্কুল করে, আর যে তাওয়াক্কুল করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হলো:
দুজন ব্যক্তি মাথায় ও পিঠে ভারী বোঝা নিয়ে বড়ো একটি জাহাজের টিকিট কাটল। একজন জাহাজে ওঠার সাথে সাথে বোঝা নিচে রেখে তার ওপর বসল। তারপর চারিদিকে স্বস্তির দৃষ্টি দিলো। আরেকজন বোকা ও অহংকারী। মাথার বোঝা নিচে নামায়নি।
তাকে বলা হলো “ভারী বোঝা নিচে রেখে আরাম করো।”
সে বলল “না, রাখব না। নষ্ট হয়ে যাবে। আমি শক্তিশালী। বোঝা মাথায় ও পিঠে বহন করব।”
তাকে আবারও বলা হলো “যে জাহাজে আমরা ভ্রমণ করছি, তা অনেক নিরাপদ। এই বিশাল জাহাজ অনেক বেশি সংরক্ষক। মাথা ঘুরে বোঝাসহ সমুদ্রে পড়েও যেতে পারো। তা ছাড়া ধীরে ধীরে তুমি দুর্বলও হয়ে যাবে। তোমার এই কুঁজো পিঠ ও বুদ্ধিহীন মাথা এই বোঝা বহন করার ক্ষমতা হারাবে। এমনকি জাহাজের নাবিক যদি তোমাকে এই অবস্থায় দেখে, তাহলে তোমাকে পাগল বলে বিতাড়িত করবে। অথবা এ কথা বলতে পারে যে, এই নির্বোধ ও বিশ্বাসঘাতক আমাদের জাহাজকে কটাক্ষ করছে এবং আমাদের সাথে মশকরা করছে। একে বন্দি করো। এ কথা বলে বন্দি করার নির্দেশ দেবে। এতে তুমি সবার নিকট হাসির পাত্র হবে। দুর্বলতা ফুটিয়ে তোলা তোমার গর্ব, অক্ষমতা প্রদর্শন করা তোমার অহংকার, লৌকিকতা ও অপমানের দ্বারা সবার নিকট নিজেকে উপহাসের পাত্রে পরিণত করেছ। সবাই তোমাকে নিয়ে মজা করছে।” এ কথাগুলো বলার পর তার সুবুদ্ধির উদয় হলো। বোঝা নামিয়ে রেখে তার ওপর আরাম করে বসল এবং বলল, “আল্লাহ তোমার ওপর খুশি হোক। কষ্ট থেকে, জেলে যাওয়া থেকে এবং উপহাসের পাত্র হওয়া থেকে মুক্তি পেলাম।”
অতএব, হে তাওয়াক্কুলহীন মানুষ! তুমিও এই ব্যক্তির মতো শুভবুদ্ধির পরিচয় দাও এবং তাওয়াক্কুল করো। যাতে বিশ্বজগতের নিকট ভিক্ষা করা থেকে, সকল ঘটনায় ভীত হওয়া থেকে, আত্মপ্রশংসা ও উপহাসের পাত্র হওয়া থেকে, আখিরাতের আজাব এবং দুনিয়ার জেলখানার কষ্ট থেকে মুক্তি পেতে পারো।

