রমজানের রোজা দুনিয়ায় আখিরাতের জন্য চাষাবাদ ও বাণিজ্য করতে আগত মানবজাতির লাভের দিকে দৃষ্টি রেখে বহু হিকমত বহন করে।
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
İman ve Küfür Muvazeneleri
সপ্তম নুকতা
এই দিক থেকে এর একটি হিকমত হলো এই যে, রমজান শরিফে আমলের সওয়াব একের পরিবর্তে হাজার গুণে বৃদ্ধি পায়। কুরআনুল হাকিম সম্পর্কে হাদিসের স্পষ্ট বক্তব্য অনুযায়ী, প্রতিটি অক্ষরের জন্য দশটি সওয়াব রয়েছে; প্রতিটি অক্ষর দশটি নেকি হিসেবে গণ্য হয় এবং জান্নাতের দশটি ফল লাভ করায়। কিন্তু রমজান শরিফে প্রতিটি অক্ষর দশ নয়; বরং এক হাজার সওয়াবের অধিকারী হয়। আর আয়াতুল কুরসির মতো আয়াতসমূহের প্রতিটি অক্ষর হাজার হাজার সওয়াব প্রদান করে। রমজান শরিফের জুমার দিনগুলোতে এই সওয়াব আরও বহুগুণে বৃদ্ধি পায়। আর লাইলাতুল কদরে প্রতিটি অক্ষর ত্রিশ হাজার নেকির সমান গণ্য হয়।
হ্যাঁ, কুরআনুল হাকিম—যার প্রতিটি অক্ষর ত্রিশ হাজার স্থায়ী ফল প্রদান করে—এমন এক নুরানি তুবা বৃক্ষে পরিণত হয়, যা রমজান শরিফে মুমিনদের জন্য লক্ষ লক্ষ স্থায়ী ফল উপহার দেয়। এসো এই পবিত্র, চিরস্থায়ী ও লাভজনক বাণিজ্যের দিকে তাকাও, গভীরভাবে পর্যবেক্ষণ করো এবং চিন্তা করো—এই অক্ষরগুলোর মূল্য উপলব্ধি না করা মানুষ কতটা সীমাহীন ক্ষতির মধ্যে রয়েছে!
এই কারণেই রমজান শরিফ যেন আখিরাতের বাণিজ্যের জন্য এক অত্যন্ত লাভজনক প্রদর্শনী ও বাজার। এটি পরকালীন ফসলের জন্য অত্যন্ত উর্বর এক জমি এবং আমলের বিকাশের জন্য বসন্তকালের ন্যায়। আল্লাহর রবুবিয়াতের রাজত্বের সামনে মানবজাতির দাসত্বের এক মহিমান্বিত কুচকাওয়াজ—এক উজ্জ্বল ও পবিত্র ঈদের রূপ ধারণ করে।এই কারণেই মানুষকে খাওয়াদাওয়ার মতো নফসের গাফিলতাপূর্ণ পশুত্বসুলভ চাহিদা এবং অর্থহীন ও কামনাপ্রবণ আকাঙ্ক্ষায় লিপ্ত হওয়া থেকে বিরত রাখার জন্য রোজার আদেশ দেওয়া হয়েছে। যেন মানুষ সাময়িকভাবে পশুত্ব থেকে বেরিয়ে ফেরেশতাসুলভ অবস্থায় প্রবেশ করে, অথবা আখিরাতের বাণিজ্যে প্রবেশ করার কারণে দুনিয়াবি প্রয়োজন সাময়িকভাবে পরিত্যাগ করে পরকালমুখী এক মানুষ এবং দেহে প্রতিফলিত এক আত্মার অবস্থায় উপনীত হয়। এইভাবে রোজার মাধ্যমে সে আল্লাহর সামাদিয়াতের একপ্রকার আয়না হয়ে ওঠে।
হ্যাঁ, রমজান শরিফ এই ক্ষণস্থায়ী দুনিয়ায়, এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে এবং এই সংক্ষিপ্ত আয়ুষ্কালে এক চিরস্থায়ী জীবন ও দীর্ঘস্থায়ী অনন্ত জীবনের ফল ধারণ করে এবং তা অর্জনের সুযোগ করে দেয়।
হ্যাঁ, একটিমাত্র রমজান আশি বছরের জীবনের ফল অর্জন করাতে সক্ষম।
আর লাইলাতুল কদর—কুরআনের স্পষ্ট ঘোষণানুযায়ী—হাজার মাসের চেয়েও উত্তম; এই সত্যের এক সুস্পষ্ট ও চূড়ান্ত প্রমাণ।
যেমন কোনো বাদশাহ তার শাসনামলে প্রতি বছর সিংহাসন আরোহণের দিনে, নয়তো রাজকীয় জাঁকজমকের বিশেষ কোনো প্রকাশ হিসেবে কিছু দিনকে উৎসব হিসেবে নির্ধারণ করেন। সেদিন তিনি তাঁর প্রজাদেরকে সাধারণ আইনের সীমার মধ্যে নয়; বরং বিশেষ অনুগ্রহ, পর্দাহীন উপস্থিতি, একান্ত দৃষ্টি, ব্যতিক্রমী কার্যাবলি এবং সরাসরি যোগ্য ও বিশ্বস্ত প্রজাদের প্রতি বিশেষ মনোযোগ দ্বারা সম্মানিত করেন।
ঠিক তেমনই, অনাদি ও অনন্ত সুলতান, আঠারো হাজার জগতের মহামহিমান্বিত সম্রাট—যার সর্বোচ্চ ফরমান হলো কুরআনুল হাকিম, যা সেই আঠারো হাজার জগতের প্রতিই দৃষ্টি ও মনোযোগ প্রদান করে—তিনি এই কুরআনকে রমজান শরিফে নাজিল করেছেন। সুতরাং রমজান শরিফের এক বিশেষ ইলাহি উৎসব, এক রব্বানি প্রদর্শনী এবং এক আত্মিক সমাবেশে পরিণত হওয়াই প্রজ্ঞার দাবি।
যেহেতু রমজান সেই উৎসব, তাই মানুষকে একপর্যায়ে নীচ ও পশুত্বসুলভ ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রাখার জন্য রোজার আদেশ দেওয়া হয়েছে। আর সেই রোজার পরিপূর্ণতা হলো শুধু পাকস্থলী নয়; বরং চোখ, কান, হৃদয়, কল্পনা ও চিন্তাশক্তিসহ মানবদেহের সমস্ত অনুভূতি ও ক্ষমতাকেও একপ্রকার রোজা রাখানো।
অর্থাৎ নিষিদ্ধ বিষয় ও অর্থহীন কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা এবং প্রত্যেক অনুভূতি ও অঙ্গকে তার নিজস্ব ইবাদতের দিকে পরিচালিত করা। যেমন : জিহ্বাকে মিথ্যা, গিবত ও অশ্লীল বাক্য থেকে বিরত রেখে তাকে রোজাদার করা; আর সেই জিহ্বাকে কুরআন তিলাওয়াত, জিকির, তাসবিহ, দরুদ ও ইস্তেগফারে নিয়োজিত করা।
তেমনই চোখকে হারাম দৃষ্টি থেকে রক্ষা করা এবং কানকে মন্দ কথা শোনা থেকে বিরত রেখে চোখকে শিক্ষা ও চিন্তার দিকে, আর কানকে সত্য বাণী ও কুরআন শ্রবণের দিকে নিয়োজিত করা—এইভাবে অন্যান্য মানবীয় অঙ্গপ্রতঙ্গগুলোকেও একপ্রকার রোজা রাখানো।কারণ, পাকস্থলী যেহেতু সবচেয়ে বড়ো এক কারখানা, তাই রোজার মাধ্যমে যখন এটাকে সাময়িকভাবে কর্মবিরত রাখা হয়, তখন অন্যান্য ছোটো ছোটো যন্ত্র ও শক্তিসমূহ সহজেই এর অনুসরণে অভ্যস্ত হয়ে যায়।

