Lem'alar

The Twenty-Sixth Gleam

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

একসময় আমার বার্ধক্যের শুরুতে যখন পুরাতন সাঈদের হাসি বদলে গিয়েছিল নতুন সাঈদের কান্নায়, সে সময়ে আঙ্কারার দুনিয়াদার লোকেরা আমাকে পুরাতন সাঈদ ভেবে সেখানে ডেকেছিল; আমি গেলাম শরতের ঋতুর শেষের দিকে, আঙ্কারায় অবস্থিত আমার থেকেও অনেক বেশি বার্ধক্যগ্রস্ত, ক্ষয়প্রাপ্ত, পুরোনো দুর্গের চূড়ায় উঠলাম। সে দুর্গটি আমার কাছে এমনভাবে প্রতীয়মান হলো, যেন পাথরে জমে যাওয়া ঐতিহাসিক ঘটনার এক মূর্ত রূপ৷বছরের বার্ধক্যের ঋতু আমার নিজস্ব বার্ধক্যের সঙ্গে মিলিত হয়ে দুর্গের বার্ধক্য, মানবজাতির বার্ধক্য, গৌরবময় উসমানীয় সালতানাত বার্ধক্য ও খিলাফত-সালতানাতের মৃত্যু এবং পৃথিবীর বার্ধক্য সব মিলে এক গভীর, বেদনাময়, কোমল ও বিচ্ছেদময় অনুভূতির মধ্যে সে উঁচু দুর্গের ওপর থেকে আমাকে অতীত সময়ের উপত্যকাগুলোর দিকে এবং ভবিষ্যৎ সময়ের পাহাড়গুলোর দিকে তাকাতে বাধ্য করল, আর আমি তাকালামও। এভাবে চার-পাঁচটি বার্ধক্যের অন্ধকার আমাকে ঘিরে ফেলেছিল আর সেই আঙ্কারায় আমি অনুভব করেছিলাম সবচেয়ে দুর্দশাগ্রস্ত এক মানসিক অবস্থা। আমি তখন একটি নূর, একটি সান্ত্বনা, একটি আশা খুঁজতে লাগলাম। ডান দিকে, অর্থাৎ অতীত সময়ে ফিরে তাকিয়ে সান্ত্বনা খুঁজতে চাইলাম; দেখলাম অতীত আমার কাছে রূপ নিয়েছে আমার পিতা, পূর্বপুরুষ ও মানবজাতির এক বিশাল সমাধিক্ষেত্রের রূপে। সান্ত্বনার বদলে দিল বিচ্ছিন্নতা ও নিঃসঙ্গতার বেদনা৷ বাম দিকে, অর্থাৎ ভবিষ্যতের দিকে আরোগ্য খুঁজতে তাকালাম; দেখলাম আমার, আমার সমবয়সিদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বৃহৎ ও অন্ধকার কবরে পরিণত হয়েছে; ঘনিষ্ঠতার পরিবর্তে ভয় ও আতঙ্ক দিলো। ডান ও বাম দিক থেকে এমন ভয় পেয়ে বর্তমান দিনে তাকালাম সে গাফেল ও ইতিহাসসদৃশ দৃষ্টিতে, বর্তমান দিনটিকে দেখলাম যেন অর্ধমৃত অবস্থায়। যেন এক জবাইখানায় কষ্ট পেতে থাকা দেহের জানাজা বহন করছে এমন এক কফিন। এরপর এ দিক থেকেও যখন হতাশ হলাম, মাথা উঁচু করে জীবনের বৃক্ষের চূড়ার দিকে তাকালাম। দেখলাম সে গাছে একটিমাত্র ফল, আর তা হচ্ছে আমার মরদেহ; তা গাছের ওপরেই ঝুলে আছে, আমার দিকে তাকিয়ে আছে। এই দিক থেকেও ভয় পেয়ে মাথা নিচু করলাম সেই জীবন বৃক্ষের নিচের দিকে, মূলের দিকে তাকালাম। দেখলাম সেখানে যে মাটি আছে, তা আমার হাড়ের মাটি আর আমার সৃষ্টির সূচনামূলক মাটি, দুটি একে অপরের সঙ্গে মিশে গেছে এবং মানুষের পায়ের নিচে পদদলিত হচ্ছে।এ দৃশ্যও কোনো আরোগ্য নয়; বরং আমার দুঃখের মধ্যে দুঃখ বাড়িয়ে দিলো। তারপর বাধ্য হয়ে পেছনের দিকে তাকালাম; দেখলাম ভিত্তিহীন, ক্ষণস্থায়ী দুনিয়া অস্তিত্বহীনতার উপত্যকায় এবং অনস্তিত্বের অন্ধকারে গড়িয়ে পড়ছে, বিলীন হচ্ছে। আমার ব্যথার জন্য ওষুধ খুঁজতে গিয়ে বরং বিষ মিশে গেল। সে দিক থেকেও যখন কোনো উপকার দেখলাম না, তখন সামনের দিকে তাকালাম, দৃষ্টি ভবিষ্যতের দিকে প্রসারিত করলাম। দেখলাম কবরের দরজা, আমার চলার পথে একদম সামনে, খোলা অবস্থায়, মুখ খুলে আমার দিকে চেয়ে আছে। তার পেছনে চিরস্থায়িত্বের দিকে গমনকারী এক দীর্ঘ রাস্তা, আর সেই রাস্তায় দূর থেকে একের পর এক কাফেলা অগ্রসর হচ্ছে বলে দৃষ্টিগোচর হলো। এই ছয় দিক থেকে আসা ভয়ের বিপরীতে আমার হাতে ছিল শুধু অতি ক্ষুদ্র একটি ইচ্ছাশক্তি। যা আমার ভরসার কেন্দ্রবিন্দু ও প্রতিরোধী অস্ত্র। কিন্তু সেই ক্ষুদ্র ইচ্ছাশক্তি অপূর্ণ, ছোটো, অক্ষম এবং সৃষ্টিশক্তিহীন হওয়ায় শুধু কর্মের চেষ্টা ব্যতীত আর কিছুই করতে পারে না। সে ইচ্ছাশক্তি না অতীতে প্রবেশ করতে পারে, যাতে অতীত থেকে আসা বেদনা ও অনুতাপকে স্তব্ধ করে, না পারে ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে, যাতে সেখান থেকে আসা ভয় ও আশঙ্কা প্রতিরোধ করে।অতীত ও ভবিষ্যতের সাথে সম্পর্কিত আমার আশা ও বেদনার ক্ষেত্রে এটার কোনো উপকার করার ক্ষমতা নেই, আমি তা অত্যন্ত স্পষ্টভাবে উপলব্ধি করলাম। এই ছয় দিক থেকে আসা ভয়, নিঃসঙ্গতা, অন্ধকার ও হতাশার মধ্যে আমি যখন ছটফট করছিলাম, ঠিক তখনই কুরআনে মুজিযুল বয়ানের আকাশে জ্বলে ওঠা ঈমানের নূর এসে আমার সাহায্যে উপস্থিত হলো।সে নূর ওই ছয় দিককে এমনভাবে আলোকিত করল যে, আমি যে ভয় ও অন্ধকার দেখেছিলাম, তা যদি শতগুণ বেড়েও যেত, তবুও সে নূর তাদের মোকাবিলায় যথেষ্ট ও পরিপূর্ণ হতো। সে নূর সব ভয়কে এক এক করে সান্ত্বনায়, আর সব নিঃসঙ্গতাকে এক এক করে অন্তরঙ্গতায় রূপান্তরিত করল। ঈমান দেখিয়ে দিলো। সেই ভয়ংকর, অতীত কালের যে বৃহৎ কবরের মতো দৃশ্য আমি দেখেছিলাম, তা আসলে কেবল কবর নয়; বরং তা এক আলোকিত মজলিস এবং প্রিয়জনদের সমাবেশস্থল। আমি তা নির্ভুল প্রত্যক্ষ জ্ঞান তথা আইনুল ইয়াকিন ও সত্য-নিশ্চিত জ্ঞান তথা হাক্কুল ইয়াকিন আমাকে দেখাল। ঈমান আরও দেখাল, যে ভবিষ্যৎকাল আমার গাফেল দৃষ্টিতে বৃহৎ এক কবরের মতো মনে হচ্ছিল, তা আসলে সুন্দর সুখের প্রাসাদে অনুষ্ঠিত এক রহমতপূর্ণ ভোজ-সভারূপে বিদ্যমান। আমি ইলমাল ইয়াকিনের মাধ্যমে জানলাম। ঈমান দেখাল, গাফিলতের দৃষ্টিতে বর্তমান যে দিনটি আমি কফিন বা জানাজার মতো দেখছিলাম, ঈমান সেই কফিন-রূপ ভেঙে দিলো এবং দেখাল যে, এই দিনটি আসলে পরকালীন বাণিজ্যের এক দোকান, এক জাঁকজমকপূর্ণ রহমতের অতিথিশালা, যা আমি নিজ চোখে প্রত্যক্ষভাবে দেখলাম। ঈমান দেখাল, আমার গাফেল দৃষ্টিতে জীবন বৃক্ষের চূড়ায় যে একটিমাত্র ফলকে আমি নিজের মরদেহ মনে করেছিলাম, তা আসলে লাশ নয়; বরং সে হচ্ছে আমার আত্মা; যে আত্মা চিরজীবনের যোগ্যতা অর্জন করেছে এবং চির সুখের প্রার্থী হিসেবে নিজের পুরোনো বাসা তথা দেহ থেকে গ্রহ-নক্ষত্রগুলোতে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এটি আমি ইলমাল ইয়াকিনের দ্বারা উপলব্ধি করলাম।ঈমান দেখাল, আমার হাড় ও সৃষ্টির প্রাথমিক মাটি, যা গাফিলতের দৃষ্টিতে পায়ের নিচে তুচ্ছভাবে মিশে যাওয়া হাড় মনে হচ্ছিল, আসলে তা নয়; বরং ওই মাটিই হচ্ছে রহমতের দরজা এবং জান্নাতে গমনের অবস্থানের এক পর্দা। এ সত্য ঈমানের রহস্যের মাধ্যমে প্রকাশ পেল। ঈমান আরও দেখাল, গাফেল দৃষ্টিতে আমার পেছনে, যে পৃথিবীকে আমি অস্তিত্ব-শূন্যতার অন্ধকারে গড়িয়ে পড়া অবস্থায় দেখেছিলাম; কুরআনের রহস্য তা প্রকাশ করল যে, সে পৃথিবী আদতে একদল সমাপ্ত দায়িত্বপালন শেষ করা, অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে যাওয়া এবং নিজের ফল অন্য অস্তিত্বে রেখে যাওয়া সামাদানিয়া পত্রসমূহ ও সুবহানি চিত্রলিপির পৃষ্ঠা। ঈমান আমাকে পৃথিবীর প্রকৃত স্বরূপ ইলমাল ইয়াকিন তথা নিশ্চিত জ্ঞানে জানিয়ে দিলো৷ ঈমান দেখাল, আমার সামনে যে কবরের দরজা খোলা ছিল এবং তার পেছনে যে চিরন্তনতার পথে প্রসারিত রাস্তা, তা কুরআনের নূরে স্পষ্ট হলো। সে কবর আসলে কোনো অন্ধকার কূপের মুখ নয়; বরং নূরের জগতের এক দরজা। আর সেই পথ, অনস্তিত্ব বা নিঃশেষতার দেশে নয়; বরং অস্তিত্ব, আলোকরাজ্য ও চির সুখের দেশে যাওয়ার পথ। এভাবে ঈমান এমন এক স্তরে আমাকে পূর্ণ বিশ্বাস দিলো যে, তা আমার সব দুঃখের ওষুধ ও প্রলেপ হয়ে গেল ৷ ঈমান সেই অতি ক্ষুদ্র ইচ্ছাশক্তির হাতে একটি নথি বা দলিল দিয়ে দিলো। যাতে সে অসংখ্য শত্রু ও অন্ধকারের বিপরীতে অসীম শক্তির ওপর ভরসা করতে পারে এবং অসীম রহমতের সঙ্গে সংযুক্ত হতে পারে। বরং বলা যায়, ঈমান নিজেই সেই ক্ষুদ্র ইচ্ছাশক্তির হাতে একটি দলিলরূপে পরিণত হলো। যদিও এই মানবিক অস্ত্র, অর্থাৎ সেই ক্ষুদ্র ইচ্ছাশক্তি, নিজ সত্তায় অল্প, দুর্বল ও অপূর্ণ, তবুও যেমন এক সৈনিক, নিজের ক্ষুদ্র শক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবহার করলে হাজার গুণ বেশি কাজ সম্পন্ন করতে পারে; তেমনই ঈমানের রহস্যে, যদি সেই ক্ষুদ্র ইচ্ছাশক্তি আল্লাহর নামে ও তাঁর পথে ব্যবহার করা হয়, তবে সে পাঁচশ বছর প্রশস্ততার জান্নাত পর্যন্তও অর্জন করতে পারে। ঈমান সেই ইচ্ছাশক্তির লাগামকে, দেহের হাত থেকে সরিয়ে, হৃদয় ও আত্মার হাতে প্রদান করে। যা অতীত ও ভবিষ্যতে প্রবেশ করতে অক্ষম আর হৃদয় ও আত্মার জীবন-পরিধি, দেহের মতো বর্তমান সময়ে সীমাবদ্ধ নয়; বরং তারা অতীতের বহু বছর এবং ভবিষ্যতের বহু বছরকে নিজ জীবনের পরিসরে অন্তর্ভুক্ত করে৷ ফলত সেই আংশিক ইচ্ছাশক্তি ক্ষুদ্রতা থেকে মুক্ত হয়ে সামগ্রিকতা অর্জন করে। যেমনিভাবে ঈমানের শক্তি দিয়ে সে অতীতের গভীরতম উপত্যকায় প্রবেশ করে সেখানে থাকা বেদনার অন্ধকারকে দূর করতে পারে, তেমনই ঈমানের আলোয় ভবিষ্যতের দূরতম পাহাড়েও উঠে সব ভয়কে নিশ্চিহ্ন করে দিতে পারে। হে আমার মতো বার্ধক্যের কষ্ট ভোগ করা ভাই ও বোনেরা, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার এবং যেহেতু ঈমানে রয়েছে এমন অসংখ্য নূর, মিষ্টি, প্রিয়, সুমধুর ভান্ডার, আর যেহেতু আমাদের বার্ধক্য আমাদেরকে ওই ভান্ডারের ভেতরে আরও গভীরভাবে প্রবেশ করাচ্ছে, তাহলে নিশ্চয়ই আমাদের উচিত নয় ঈমানি বার্ধক্য নিয়ে অভিযোগ করা; বরং উচিত অগণিত শুকরিয়া আদায় করা।

§2

যখন বার্ধক্যের কারণে আমার মাথার চুলগুলো সাদা হতে শুরু করেছিল, সে সময়ে যৌবনের গভীর নিদ্রাকে আরও ঘন ও গভীর করে তুলেছিল প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ বিশৃঙ্খলা এবং আমার বন্দিত্বের অস্থিরতা ও দোলাচল, এমনকি পরে যখন আমি ইস্তাম্বুলে এসেছিলাম, তখন আমার প্রতি প্রদর্শিত হলো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শান ও মর্যাদার অবস্থা। এমনকি খলিফা থেকে শুরু করে, শায়খুল ইসলাম, প্রধান সেনাপতি এবং মাদরাসার ছাত্রদের পর্যন্ত, আমার সীমার অনেক ঊর্ধ্বে অত্যধিক সৌহার্দ, শ্রদ্ধা ও অনুগ্রহ প্রদর্শন করেছিল। ফলে, যৌবনের উন্মত্ততা ও ওই অবস্থার তৈরি হওয়া মনস্তাত্ত্বিক প্রভাব সে নিদ্রাকে এতটাই ঘন করে তুলেছিল যে, আমি প্রায় এমন এক অদ্ভুত অবস্থায় ছিলাম, যেন পৃথিবী চিরস্থায়ী, আর আমি নিজেও অমর হয়ে চিরকাল পৃথিবীতে বেচে থাকব। ঠিক সেই সময়ে আমি ইস্তাম্বুলের বায়েজিদ মসজিদের সেই মুবারক স্থানে, রমজান মাসে, মুহলিজ হাফেজদের তিলাওয়াত শুনতে গিয়েছিলাম। কুরআনে মুজিযুল বয়ান, তার আসমানি ও উচ্চ আহ্বানের মাধ্যমে, মানবজাতির মৃত্যুবরণ এবং সমস্ত জীবিত সত্তার ফানাকে অত্যন্ত শক্তিশালী ভঙ্গিতে كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ এই ফরমান, হাফেজদের জবান দিয়ে ঘোষণা হচ্ছিল; শব্দটি আমার কানে প্রবেশ করে, হৃদয়ের গভীরে স্থান নিল এবং আমার সেই ঘন গাফিলত, ঘুম ও উন্মত্ততার স্তরগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। আমি মসজিদ থেকে বেরিয়ে এলাম। দীর্ঘকাল আমার মাথায় থাকা সেই পুরোনো নিদ্রার অচেতন বোকামির কারণে কয়েক দিন নিজেকে অনুভব করলাম, যেন মাথার ভেতর এক ঝড় বইছে, ধোঁয়াটে আগুন জ্বলছে এবং আমি যেন দিকভ্রষ্ট এক জাহাজের মতো দুলছি। আয়নায় নিজের চুলের দিকে যখনই তাকাতাম, সেই সাদা চুলগুলো আমাকে বলত “সতর্ক হও!” সেই সাদা চুলগুলোর সতর্কবাণীতে অবস্থা স্পষ্ট হয়ে গেল। দেখলাম, আমি যে যৌবনের ওপর এত ভরসা করতাম এবং যার আনন্দে এত মুগ্ধ ছিলাম, সে যৌবন আমাকে বিদায় জানাচ্ছে। আর যে পার্থিব জীবনের সঙ্গে আমি গভীর প্রেমে আবদ্ধ ছিলাম, তা ম্লান হতে শুরু করেছে। যে পৃথিবীকে আমি ভীষণ ভালোবাসতাম, সে পৃথিবীও আমাকে বলছে “তোমার যাত্রা শুভ হোক!” অর্থাৎ এই অতিথিশালা থেকে তুমি বিদায় নিতে চলেছ। এমনকি পৃথিবী নিজেও, “আল্লাহ হাফিজ!” বলে নিজেও বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। কুরআনে মুজিযুল বয়ানে এই মহান আয়াতের: كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِএর সামগ্রিক অর্থের মধ্যে আমার হৃদয়ে এক গভীর ইঙ্গিত উন্মুক্ত হলো “মানবজাতি এক আত্মা পুনরুত্থানের জন্য মৃত্যুবরণ করবে। পৃথিবী নামক গোলকও এক আত্মা, স্থায়ী রূপ ধারণের জন্য মৃত্যুবরণ করবে। এবং পৃথিবী নিজেও এক আত্মা, পরকালে প্রবেশের জন্য মৃত্যুবরণ করবে!” এই অর্থ সেই আয়াতের ইঙ্গিতের মাধ্যমে হৃদয়ে উদ্ভাসিত হলো। ঠিক এই অবস্থার মধ্যে নিজ অবস্থার দিকে তাকিয়ে দেখলাম, আনন্দের কেন্দ্রবিন্দু ছিল যে যৌবন, তা চলে যাচ্ছে; আর দুঃখের উৎস যে বার্ধক্য, তা তার জায়গায় এসে উপস্থিত হচ্ছে। অত্যন্ত উজ্জ্বল ও আলোকিত জীবন বিদায় নিচ্ছে; আর তার স্থানে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে বাহ্যিকভাবে অন্ধকারময় ও ভয়াবহ মৃত্যু। এবং আমি দেখলাম, যেটি অত্যন্ত প্রিয়, চিরস্থায়ী বলে ভাবা হয়েছিল এবং গাফিলদের প্রিয়তমা ছিল যে দুনিয়া, সে অত্যন্ত দ্রুত বিলুপ্তির দিকে ধাবিত হচ্ছে। আমি তখন নিজেকে ধোঁকা দেওয়ার জন্য এবং আবার মাথাকে গাফিলতে নিমজ্জিত করার উদ্দেশ্যে, ইস্তাম্বুলে আমার জন্য অতি অতিরঞ্জিত সামাজিক মর্যাদার আনন্দগুলোর দিকে দৃষ্টি দিলাম; কিন্তু এতে লোক কোনো উপকার হলো না। কারণ, তাদের সব সৌহার্দ, অনুগ্রহ ও সান্ত্বনা শুধু আমার নিকটবর্তী কবরের দরজার সীমা পর্যন্ত আসতে পারে; সেখানে এসে সব নিভে যায়। আর আমি বুঝলাম যে, খ্যাতি ও মর্যাদার চাকচিক্যের পর্দার নিচে অনেকে এক কল্পিত উদ্দেশ্য খোঁজে, সেই শান ও গৌরবের অলংকারিত পর্দার নিচে আসলে লুকিয়ে আছে একটি ভারী রিয়া তথা দেখানো ধার্মিকতা, একটি শীতল আত্মপ্রদর্শন, একটি অস্থায়ী উন্মত্ততা। আমি এগুলো যেমন দেখলাম, তেমনই নিশ্চিত হলাম যে, এ পর্যন্ত আমাকে ধোঁকা দেওয়া এইসব বিষয় কোনো সান্ত্বনা দিতে পারে না এবং তাদের মধ্যে কোনো নূরও নেই। তখন পুরোপুরি জাগ্রত হওয়ার জন্য আমি আবার গেলাম কুরআনের আসমানি শিক্ষা শোনার উদ্দেশ্যে এবং পুনরায় বায়েজিদ মসজিদের হাফেজদের তিলাওয়াত শুনতে শুরু করলাম। সেই সময়ে সেই আসমানি শিক্ষার মধ্য থেকে, এই রকম পবিত্র ফরমানের ধ্বনি শুনলাম: وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوا কুরআন থেকে প্রাপ্ত ফয়েজের মাধ্যমে আমি বাহির থেকে সান্ত্বনা খোঁজার চেষ্টা করিনি; বরং যেসব বিন্দু থেকে আমি ভয়, নিঃসঙ্গতা ও হতাশা পেয়েছিলাম, সেই বিন্দুগুলোর মধ্যেই সান্ত্বনা, আশা ও নূর খুঁজেছি। এবং মহান আল্লাহর অসংখ্য শুকরিয়া, কারণ আমি দুঃখের মধ্যেই ওষুধ পেলাম, অন্ধকারের মধ্যেই নূর পেলাম এবং ভয়ের মধ্যেই সান্ত্বনা পেলাম। প্রথমেই যে মৃত্যু, যা সবাইকে ভীত করে; যার নাম শুনলেই সবচেয়ে ভয়ংকর কল্পনা উদ্ভূত হয়, আমি তার মুখের দিকে তাকালাম। কিন্তু কুরআনের নূরের আলোতে দেখলাম যে, যদিও মৃত্যুর পর্দা সত্যিই অন্ধকারময়, কালো ও কদর্য, তবুও ঈমানদারের জন্য তার প্রকৃত চেহারা আলোকোজ্জ্বল ও সুন্দর। এবং আমরা এই সত্যকে বহু রিসালায় নিশ্চিতভাবে প্রমাণ করেছি। যেমনিভাবে অষ্টম কালিমা ও বিশতম মাকতুব ইত্যাদি বহু রচনায় এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছি।সেই ব্যাখ্যা অনুযায়ী, মৃত্যু বিনাশ নয়, বিচ্ছেদ নয়; বরং এটি হলো চিরন্তন জীবনের প্রারম্ভ, শুরু এবং জীবনের দায়িত্বের ক্লান্তি থেকে একটি বিশ্রাম। এটি এক ছুটি, এক আবাস পরিবর্তন এবং বারজাখের জগতে পাড়ি দেওয়া প্রিয় বন্ধুদের কাফেলার সঙ্গে মিলন। এইসব সত্য ও বাস্তবতার মাধ্যমে আমি মৃত্যুর আসল সুন্দর মুখ প্রত্যক্ষ করলাম। ভয় নিয়ে নয়; বরং একদিক থেকে আকাঙ্ক্ষার সঙ্গে মৃত্যুর মুখের দিকে তাকালাম। এবং আমি তরিকতের মানুষদের যে “রাবিতা-ই মওত” তথা মৃত্যুর ধ্যান ও স্মরণ আছে, তার একটি গভীর রহস্য উপলব্ধি করলাম। তারপর আমি তাকালাম সবাইকে বিদায় দিয়ে কাঁদানো এবং সবাইকে নিজের প্রতি মুগ্ধ ও আকৃষ্ট করা, কিন্তু পাপ ও গাফিলতে অতিবাহিত হয়ে চলে যাওয়া আমার যৌবনের দিকে। দেখলাম, সেই সুন্দর ও সাজানো পোশাকের ভেতরে একটি অত্যন্ত কুৎসিত, মদ্যপ ও বেহুঁশ চেহারা লুকিয়ে আছে। যদি আমি তার প্রকৃতি চিনতে না পারতাম, তাহলে সে আমাকে কয়েক বছর মাতাল করে হাসানোর বদলে আমি শত বছর পৃথিবীতে থাকলেও সে আমাকে কাঁদাত। যেমন তাদেরই একজন কান্না করতে করতে বলেছিল: لَي۟تَ الشَّبَابَ يَعُودُ يَو۟مًا فَاُخ۟بِرَهُ بِمَا فَعَلَ ال۟مَشٖيبُ “হায়, যদি যৌবন একদিন ফিরে আসত, তাহলে আমি তাকে জানাতাম, বার্ধক্য আমার কী করুণ অবস্থা করেছে!” হ্যাঁ, এই ব্যক্তির মতো যারা যৌবনের গুরুত্ব বোঝে না, তারা বার্ধক্যে যৌবনকে স্মরণ করে অনুতাপ ও আফসোসে কাঁদে৷ কিন্তু বাস্তব হলো, যদি যৌবন হৃদয়বান, আল্লাহসচেতন, সজ্ঞান ও ঈমানদার ব্যক্তির মধ্যে থাকে এবং তা যদি ইবাদত, সৎকর্ম ও পরকালের বাণিজ্যে ব্যয় করা হয়, তবে তা সবচেয়ে শক্তিশালী উপার্জনের মাধ্যম ও সুন্দর ও মনোমুগ্ধকর এক কল্যাণের মাধ্যমে। এবং সেই যৌবন যারা ধর্মীয় কর্তব্য জেনে, অপব্যবহার করে না, তাদের জন্য তা মূল্যবান, উপভোগ্য ও আল্লাহ প্রদত্ত এক অনন্য অনুগ্রহ। কিন্তু যদি সেই যৌবনে দূরতা, পবিত্রতা ও মুত্তাকি না হয়, তবে তাতে অসংখ্য বিপদের সম্ভাবনা থাকে। সংযমহীনতার কারণে সে নিজের চিরন্তন সুখ ও পরকালের জীবন নষ্ট করে ফেলে, এমনকি দুনিয়ার জীবনও বরবাদ করে ফেলে৷ সম্ভবত, দুই-এক বছরের যৌবনের আনন্দের বিনিময়ে, সে বার্ধক্যে বহু বছর দুঃখ কষ্ট ভোগ করে। যেহেতু অধিকাংশ মানুষের মধ্যে যৌবন ক্ষতিকর প্রমাণিত হয়, তাই আমাদের (বৃদ্ধদের) আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া উচিত যে আমরা যৌবনের বিপদ ও ক্ষতি থেকে মুক্তি পেয়েছি। অন্যান্য সবকিছুর মতো, যৌবনের আনন্দও নিশ্চয়ই চলে যাবে। কিন্তু যদি সেই যৌবন ইবাদত ও সৎকর্মে ব্যয় করা হয়, তবে তার ফলসমূহ স্থায়ী হয়ে থেকে যায় এবং সে যৌবন চিরন্তন জীবনে নতুন ও শাশ্বত যৌবন অর্জনের মাধ্যম হয়ে ওঠে। এরপর আমি তাকালাম যে দুনিয়ার প্রতি অধিকাংশ মানুষ আসক্ত ও মুগ্ধ, সেই দুনিয়ার দিকে। কুরআনের নূরের আলোতে দেখলাম, এর অন্তর্ভুক্ত তিনটি বৃহৎ দুনিয়া আছে :প্রথমত, আল্লাহর নামসমূহের দিকে তাকিয়ে থাকে এবং তাদের আয়না হিসেবে কাজ করে। দ্বিতীয় দিকটি, যা আখিরাতের দিকে তাকায় এবং সে আখিরাতের বীজক্ষেত্র।তৃতীয় দিকটি, যা দুনিয়াদারদের দিকে তাকিয়ে থাকে এবং তা অবহেলাকারীদের খেলার মাঠ। একই সঙ্গে প্রত্যেক মানুষের নিজস্ব এক বৃহৎ দুনিয়া রয়েছে। যেন মানুষের সংখ্যা অনুযায়ী দুনিয়াগুলো একে অপরের মধ্যে মিশে আছে। কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত দুনিয়ার মূল স্তম্ভ হলো, তার নিজের জীবন। যখন তার দেহ ভেঙে যায়, তখন তার দুনিয়াও তার মাথার ওপর ভেঙে পড়ে; অর্থাৎ তার ব্যক্তিগত কিয়ামত ঘটে যায়। গাফেলরা নিজেদের দুনিয়ার এই দ্রুত ভেঙে পড়া বাস্তবতা বুঝতে না পারায়, তারা তা সর্বজনীন দুনিয়ার মতো চিরস্থায়ী বলে মনে করে এবং তারই পূজা করে। যেমনভাবে অন্যদের দুনিয়া দ্রুত ধ্বংস হয়, তেমনই আমারও একটি ব্যক্তিগত দুনিয়া আছে। আমি চিন্তা করলাম, এই স্বল্পায়ু জীবনের সঙ্গে যুক্ত এই দুনিয়ার আমার জন্য কী উপকার আছে? কুরআনের নূরের আলোতে দেখলাম, আমার জন্য এবং সকল মানুষের জন্য এই দুনিয়া হলো এক ক্ষণস্থায়ী ব্যবসাস্থল, যেখানে প্রতিদিন ভরে এবং খালি হয়; এক অস্থায়ী অতিথিশালা, যেখানে আসা-যাওয়া অব্যাহত; পথের ধারে স্থাপিত এক বাজার, যাত্রীদের লেনদেনের জন্য; চিরস্থায়ী নকশাকারী তথা নাক্কাশে আজেলি-এর হেকমতপূর্ণ নথিপত্র; প্রতিটি বসন্তে এক সোনালি অলংকৃত চিঠি; প্রতিটি গ্রীষ্মে এক সুশৃঙ্খল কবিতা; যে আয়নাগুলো মহান সৃষ্টিকর্তার গুণাবলির প্রতিফলন ও প্রকাশ করে; আখিরাতের চারা রোপণের বাগান, আল্লাহর রহমতের ফুলবাগান এবং পরকালীন জগতে প্রদর্শিত হওয়ার জন্য প্রস্তুতকৃত অস্থায়ী কর্মশালা। আমি এভাবে দেখলাম এই দুনিয়ার প্রকৃতি।এমনভাবে এই পৃথিবীকে সৃষ্টি করা মহান সৃষ্টিকর্তার খালেকে জুল জালাল-এর প্রতি আমি অগণিত শুকরিয়া আদায় করলাম। এবং আমি উপলব্ধি করলাম, এই পৃথিবীর প্রতি মানবজাতিকে ভালোবাসা প্রদান করা হয়েছে তার আখিরাত ও আল্লাহর নামসমূহের দিকে মুখ করা সুন্দর অভ্যন্তরীণ দিকগুলোর কারণে। কিন্তু মানুষ যখন সেই ভালোবাসার অপব্যবহার করে এবং তা নশ্বর, কুৎসিত, ক্ষতিকর ও গাফেলতপূর্ণ দিকের দিকে ব্যয় করে, তখন সে এই হাদিসের গোপন সত্যে অংশীদার হয়: حُبُّ الدُّنْيَا رَأْسُ كُلِّ خَطِيْئَةٍ অতএব, হে বৃদ্ধ ভাই ও বৃদ্ধা বোনেরা! আমি কুরআনুল হাকিমের নূর দ্বারা, বার্ধক্যের সতর্কবার্তা দ্বারা এবং ঈমানের চোখ খোলার আলো দ্বারা এই সত্যকে প্রত্যক্ষ করেছি এবং বহু রিসালায় অপরিবর্তনীয় প্রমাণ দিয়ে তা প্রমাণ করেছি। আমি এতে সত্যিকারের সান্ত্বনা, দৃঢ় আশা এবং দীপ্তিমান আলো পেয়েছি। আমি আমার বার্ধক্যে সন্তুষ্ট হয়েছি এবং যৌবনের চলে যাওয়ায় আনন্দিত হয়েছি। তোমরাও কেঁদো না; বরং শুকরিয়া আদায় করো। যেহেতু ঈমান বিদ্যমান এবং বাস্তবতাও এমনই, তাহলে গাফেলরা কাঁদুক, অবিশ্বাসীরা কাঁদুক!

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters