যখন পথভ্রষ্টদের প্রতিনিধি এমন এক অবস্থায় পড়ে যে, তার বিভ্রান্ত চিন্তার ওপর নির্ভর করার মতো কোনো বিষয় খুঁজে পায় না এবং যুক্তিতে পরাভূত হয়, তখন সে বলে “আমি পার্থিব সুখ, জীবনের আনন্দ, সভ্যতার উন্নতি ও শিল্পকলার পূর্ণতা এসবকে আমার মতে আখিরাতের চিন্তা না করাতে, আল্লাহ তায়ালাকে না চেনাতে, দুনিয়ার প্রতি ভালোবাসায়, স্বাধীনতায় এবং আত্মনির্ভরতায় পেয়েছি বলে মনে করি। এ কারণেই আমি শয়তানের সাহায্যে অধিকাংশ মানুষকে এই পথে টেনে এনেছি এবং টেনে আনছি।” উত্তর : আমরাও কুরআনের পক্ষ থেকে বলি, হে অসহায় মানুষ, তোমার বুদ্ধি কাজে লাগাও! পথভ্রষ্টদের প্রতিনিধির কথা শুনো না! যদি তার কথা শোনো, তাহলে তোমার ক্ষতি এত ভয়ানক হবে যে, তা কল্পনা করলেই অন্তরাত্মা কেঁপে উঠবে। তোমার সামনে দুটি পথ রয়েছে : একটি হলো সেই দুর্ভাগ্যজনক পথ, যা পথভ্রষ্টদের প্রতিনিধি দেখায়। অন্যটি হলো, কুরআনুল হাকিম যে সুখের পথ নির্দেশ করে। এই দুই পথের বহু তুলনা তুমি আগের “কালিমাসমূহে”, বিশেষ করে “সংক্ষিপ্ত কালিমায়” দেখেছ ও বুঝেছ। এখন স্থান অনুযায়ী তাদের হাজার ভাগের এক ভাগ তুলনা আবার দেখো ও বোঝো। শিরক, বিভ্রান্তি, পাপ ও লালসার পথ মানুষকে চরম অধঃপতনের দিকে ঠেলে দেয়। অগণিত দুঃখ-কষ্টের মাঝে সীমাহীন ভার তার দুর্বল ও অক্ষম পিঠে চাপিয়ে দেয়। কারণ, যদি মানুষ মহান আল্লাহ তায়ালাকে না চেনে এবং তাঁর ওপর ভরসা না করে, তবে সেই মানুষ অত্যন্ত দুর্বল, অক্ষম, সীমাহীন অভাবী ও দরিদ্র হয়ে পড়ে। সে অসংখ্য বিপদের মুখোমুখি হয়, দুঃখে-ব্যথায় নিমজ্জিত থেকে ক্ষণস্থায়ী প্রাণীর মতো হয়ে যায়; যে তার ভালোবাসার সবকিছুর থেকে নিরন্তর বিচ্ছেদের কষ্টে দগ্ধ হতে হতে শেষে তার প্রিয়জনদের সবাইকে যন্ত্রণাদায়ক বিচ্ছেদের মাঝে রেখে, অন্ধকার কবরে একা প্রবেশ করে। তার জীবনের মেয়াদে অত্যন্ত ক্ষুদ্র ইচ্ছাশক্তি, অল্প ক্ষমতা, সংক্ষিপ্ত জীবনকাল, স্বল্প বুদ্ধি নিয়ে সে সীমাহীন দুঃখ ও আশা নিয়ে নিষ্ফলভাবে লড়াই করে বেড়ায়। অগণিত কামনা ও উদ্দেশ্য পূরণের জন্য সে নিরর্থক শ্রম দেয়, কোনো ফল লাভ করে না। সে নিজ শরীরের ভারই যখন ঠিকভাবে বহন করতে পারে না, তখনও সে সমস্ত পৃথিবীর ভার নিজের দুর্বল কাঁধ ও মাথায় তুলে নেয়। ফলস্বরূপ সে জাহান্নামে না গিয়েই জাহান্নামের যন্ত্রণা ভোগ করে। হ্যাঁ, এই তীব্র বেদনা ও ভয়ংকর আধ্যাত্মিক যন্ত্রণা অনুভব না করার জন্য, ভ্রষ্ট পথের মানুষ নিজেকে সংবেদনশূন্য করে ফেলে; একপ্রকার অবহেলা ও গাফিলতির মদ্যপান দ্বারা অস্থায়ীভাবে তা অনুভব করে না। কিন্তু যখন মৃত্যু ও কবর কাছে আসে, তখন হঠাৎই সেই বাস্তবতা অনুভব করে। কারণ, যদি মানুষ আল্লাহ তায়ালার প্রকৃত বান্দা না হয়, তবে সে নিজেকে নিজের মালিক মনে করবে। কিন্তু সেই সামান্য ইচ্ছাশক্তি ও ক্ষুদ্র ক্ষমতা নিয়ে এই ঝঞ্ঝাময় পৃথিবীতে নিজের অস্তিত্বকেই পরিচালনা করতে পারে না। তার জীবনের বিরুদ্ধে অসংখ্য শত্রু বিদ্যমান। ক্ষুদ্র জীবাণু থেকে শুরু করে ভূমিকম্প পর্যন্ত সবই তার জীবনের শত্রুরূপে আক্রমণাত্মক অবস্থায় রয়েছে।সে প্রতিনিয়ত ভীতিকর আতঙ্কে, মৃত্যু ও কবরের দরজাকে এক ভয়ংকর চেহারায় দেখে। আর এই অবস্থায়, মানুষ হিসেবে সে যখন সমস্ত মানবজাতি ও পৃথিবীর সাথে সম্পর্কিত, তখন যদি সে পৃথিবী ও মানুষকে এক হাকিম, আলিম, কাদির, রহিম ও কারিম সত্তার পরিচালনায় কল্পনা না করে; বরং সেগুলোকে কাকতালীয়তা ও অন্ধ প্রকৃতির হাতে ছেড়ে দেয়, তখন পৃথিবীর সব পরিবর্তন ও মানবজাতির সকল অবস্থা তাকে নিরন্তর উদ্বিগ্ন ও কষ্টে পূর্ণ রাখে। সে নিজের কষ্টের পাশাপাশি সমস্ত মানুষের দুঃখও নিজের ওপর অনুভব করে। পৃথিবীর ভূমিকম্প, মহামারি, বন্যা, দুর্ভিক্ষ, ধ্বংস ও বিলুপ্তি সবই তার কাছে ভীষণ যন্ত্রণাদায়ক, অন্ধকারাচ্ছন্ন বিপর্যয় রূপে দেখা দেয় এবং তাকে অন্তহীন কষ্টে নিপতিত করে। এমন এক অবস্থায় থাকা মানুষ দয়া ও সহানুভূতির যোগ্য নয়। কারণ, এই ভয়াবহ অবস্থাটি সে নিজেই নিজের ওপর চাপিয়ে দেয়। যেমন অষ্টম কালিমাতে কুয়ায় পড়া দুই ভাইয়ের তুলনায় করে বলা হয়েছে।যে ব্যক্তি সুন্দর বাগানে, মনোরম ভোজসভায়, প্রিয় সঙ্গীদের মাঝে, পবিত্র, আনন্দদায়ক, হালাল ও পরিশুদ্ধ আনন্দে সন্তুষ্ট না হয়ে, অবৈধ ও নোংরা আনন্দ পেতে নোংরা মদপান করে এবং মাতাল হয়ে নিজেকে কল্পনা করে শীতের মধ্যে, এক নোংরা স্থানে, এমনকি হিংস্র জন্তুদের মাঝে, সে ভয়ে কাঁপতে থাকে, চিৎকার করে, আর্তনাদ করে, তাহলে কি সে দয়ার যোগ্য? না। কারণ, সে পবিত্র বন্ধুদের জন্তু মনে করে, তাদের অপমান করে; ভোজের সুস্বাদু খাদ্য ও পরিচ্ছন্ন পাত্রগুলোকে নোংরা পাথর মনে করে, ভাঙতে শুরু করে; এমনকি সভার সম্মানিত বই ও অর্থপূর্ণ চিঠিগুলোকে অর্থহীন নকশা মনে করে, ছিঁড়ে ফেলে, পদদলিত করে ইত্যাদি। এমন একজন মানুষ দয়া নয়; বরং শাস্তির উপযুক্ত। ঠিক তেমনই খারাপ ইচ্ছাশক্তি থেকে উদ্ভূত কুফরের নেশা ও ভ্রষ্টতার উন্মাদনায় আক্রান্ত হয়ে মানুষ হাকিম স্রষ্টার এই দুনিয়ার অতিথিশালাকে অন্ধ কাকতালীয়তা ও প্রকৃতির খেলনা বলে মনে করে।সে আল্লাহ তায়ালার সুন্দর নামগুলোর প্রতিফলন ঘটানো সৃষ্টিজগৎকে, যখন তাদের নির্ধারিত কাজ শেষ করে আলিম-ই গায়েব তথা অদৃশ্য জগতে চলে যায়, তখন সেটিকে অস্তিত্বের বিনাশ বা নিঃশেষ হওয়া বলে কল্পনা করে। সে প্রতিটি সৃষ্টির জিকির ও তাসবিহের আওয়াজকে আসলে বিচ্ছেদ ও চিরবিদায়ের আর্তনাদ মনে করে। সে আল্লাহ তায়ালার চিরস্থায়ী বার্তা বহনকারী সৃষ্টি তথা মকতুবাতে সামাদানিয়া এই জগতের প্রতিটি পৃষ্ঠাকে অর্থহীন, বিশৃঙ্খল, লক্ষ্যহীন বলে কল্পনা করে।সে কবরের দরজাকে তা অস্তিত্বহীনতার অন্ধকার গহ্বরের মুখ বলে মনে করে, যা আসলে রহমতের জগতের প্রবেশপথ। সে মৃত্যুকে যা প্রকৃত বন্ধুদের সাথে সাক্ষাতের আহ্বান, না ভেবে সব প্রিয়জন থেকে চির বিচ্ছেদের মুহূর্ত হিসেবে কল্পনা করে। ফলে সে নিজেকে ভয়ংকর যন্ত্রণা ও আধ্যাত্মিক শাস্তির মধ্যে ফেলে দেয়। এভাবে সে কেবল নিজেকে নয়; বরং সমস্ত সৃষ্টিকে, আল্লাহ তায়ালার নামসমূহকে এবং তাঁর বার্তাসমূহকে সবকিছুকেই অস্বীকার, অপমান ও তুচ্ছ করে। তাই সে দয়া ও সহানুভূতির যোগ্য নয়; বরং কঠিন শাস্তির যোগ্য! কোনো দিক থেকেই সে দয়ার উপযুক্ত নয়। হে দুর্ভাগা, অবৈধ ভোগবিলাসে লিপ্ত মানুষ!এই ভয়ংকর পতন ও বিধ্বংসী হতাশার বিপরীতে তোমাদের কোন পরিপূর্ণতা, কোন বিদ্যা, কোন উৎকর্ষতা, কোন সভ্যতা, কোন অগ্রগতি এর মোকাবিলা করতে পারবে? মানব আত্মা যে গভীরভাবে সত্যিকারের সান্ত্বনা কামনা করে, তা তোমরা কোথায় পাবে? তোমরা যাদের ওপর ভরসা করো, যাদেরকে দৈব ক্ষমতা ও অনুগ্রহের উৎস মনে করো, তোমাদের সেই প্রকৃতি, কারণ, অংশীদার, বিজ্ঞান ও আবিষ্কার, জাতি, অথবা বাতিল মাবুদ তোমাদের তোমাদের ধারণা অনুসারে ধ্বংসপ্রাপ্ত মৃত্যু থেকে রক্ষা করতে পারবে? তারা কি তোমাদের কবরের সীমানা, বারজাখের সীমান্ত, হাশরের ময়দান এবং পুলসিরাত সেতুর ভয়ংকর পথ, এসব পেরিয়ে নিরাপদে চির সুখের আবাসে পৌঁছে দিতে পারবে? তোমরা যখন কবরের দরজা বন্ধ করতে পারো না, তখন নিশ্চিতভাবে এই পথের যাত্রী তোমরাই। তাহলে এমন এক পথিকের উচিত তেমন এক শক্তির ওপর নির্ভর করা, যার অধীনে রয়েছে এই বিশাল অস্তিত্বের পরিধি ও এই অগাধ সীমারেখাগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও শাসনক্ষমতা। এবং হে হতভাগ্য পথভ্রষ্টতা ও গাফিলতে আচ্ছন্ন মানুষ, “অবৈধ ভালোবাসার ফল হচ্ছে নির্মম যন্ত্রণা ভোগ করা” এই নীতির রহস্য অনুসারে তোমরা তোমাদের প্রকৃতির ভেতরে নিহিত যে ভালোবাসা, জ্ঞানার্জন ও কৃতজ্ঞতা প্রকাশের ক্ষমতা পেয়েছ, যা আল্লাহ তায়ালার সত্তা, গুণাবলি ও নামসমূহের দিকে মুখ করে ব্যবহার করার জন্য সৃষ্টি করা হয়েছে, সেই ভালোবাসা ও জ্ঞানকে তোমরা তোমাদের নিজ নফস ও দুনিয়ার বস্তুতে অবৈধভাবে ব্যয় করেছ। তাই তোমরা যথার্থ শাস্তি ভোগ করছো। কারণ, তোমরা আল্লাহ তায়ালার জন্য নির্ধারিত ভালোবাসাকে তোমাদের নিজের নফসের প্রতি ফিরিয়ে দিয়েছ। ফলে তোমাদের প্রিয় সেই নফসের অসীম যন্ত্রণা তোমাদেরই ভোগ করতে হচ্ছে। কারণ, তোমরা তোমাদের নফসকে প্রকৃত শান্তি দিতে পারছ না। তোমরা তাকে প্রকৃত প্রিয়তম সর্বশক্তিমান আল্লাহ তায়ালার নির্ভরতায় সমর্পণ করছ না। ফলে সর্বদা কষ্ট ভোগ করছ। তোমরা আবার আল্লাহ তায়ালার নাম ও গুণাবলির প্রতি থাকা ভালোবাসাকেও দুনিয়ার প্রতি ফিরিয়ে দিয়েছ। আর তাঁর সৃষ্টিকর্মের নিদর্শনগুলোকে প্রকৃতি ও উপকরণের মধ্যে ভাগ করে দিয়েছ। এর ফলেও তোমরা শাস্তি ভোগ করছো। কারণ, তোমাদের সেই অসংখ্য প্রিয় বস্তুগুলোর একটি অংশ তোমাদের দিকে ফিরে তাকায় না; বরং বিদায় বলে চলে যায়। অন্য একটি অংশ তোমাদের চেনে না; চিনলেও ভালোবাসে না, ভালোবাসলেও কোনো উপকার করতে পারে না। তোমরা তাই অবিরামভাবে অসংখ্য বিচ্ছেদ ও বিনাশের দহন ভোগ করছ, যেগুলোর প্রত্যাবর্তনের কোনো আশা নেই। এই হলো সেই তথাকথিত “জীবনের সুখ, মানবিক উন্নতি, সভ্যতার সৌন্দর্য ও স্বাধীনতার আনন্দ” যেগুলো পথভ্রষ্টরা গর্ব করে বলে, সেগুলোর প্রকৃত রূপ ও অন্তরালের বাস্তবতা এই! ভোগবিলাস ও মত্ততা কেবল একটি আবরণ, যা সাময়িকভাবে এই সত্যকে অনুভব করতে দেয় না। তাদের জন্য বলো, “হায়! তাদের বুদ্ধি কোথায় গেল!” কিন্তু কুরআনের নুরানি রাস্তা হলো এই যে, এটি সকল ভ্রান্ত পথে চলা মানুষের হৃদয়ের ক্ষতগুলোকে ঈমানের সত্য দ্বারা আরোগ্য দান করে। সকল অন্ধকার ও বিভ্রান্তির ছায়াকে দূর করে দেয়। সব ধ্বংস ও পথভ্রষ্টতার দরজাগুলো বন্ধ করে দেয়। কীভাবে মানুষের দুর্বলতা, অক্ষমতা, দারিদ্র্য ও প্রয়োজনকে কাদিরে রহিম সর্বশক্তিমান আল্লাহ তায়ালার ওপর ভরসা করার মাধ্যমে নিরাময় করে। মানুষ নিজের জীবন ও অস্তিত্বের ভারকে নিজের ওপর নয়; বরং আল্লাহ তায়ালার ক্ষমতা ও রহমতের ওপর অর্পণ করে স্বস্তি লাভ করে। এভাবে সে নিজের জীবনকে বোঝা নয়; বরং সেই জীবনের ওপর আরোহণকারী, স্বস্তিপ্রাপ্ত এক সত্তা হিসেবে দেখতে শেখে। সে বুঝে ফেলে যে, সে কেবল “কথা বলা জন্তু” নয়; বরং সত্যিকার অর্থে এক মানুষ এবং পরম করুণাময়ের সম্মানিত অতিথি।দুনিয়ার বাস্তবতা সম্পর্কে কুরআন মানুষকে দেখায় যে, দুনিয়া আসলে পরম করুণাময়ের এক অতিথিশালা। এই জগতের সবকিছুই আল্লাহ তায়ালার নামসমূহের আয়না, সব সৃষ্টিই তাঁর অনন্ত শক্তির প্রতি মুহূর্তে নবায়িত একেকটি চিঠি। এই উপলব্ধি মানুষের অন্তর থেকে দুনিয়ার প্রতি আসক্তি, বিনাশের ভয় ও অন্ধকার কল্পনাগুলো মুছে দেয়। মৃত্যু ও পরকাল সম্পর্কে; কুরআন মৃত্যুকে আলাদা হওয়া নয়, বরং পরলোকে প্রিয়জনদের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি হিসেবে দেখায়। যে মৃত্যু অবিশ্বাসীদের কাছে চিরবিদায় মনে হয়, সেই মৃত্যুই আসলে সাক্ষাতের সূচনা। এ ছাড়াও কুরআন কবরকে এক ভয়ংকর অজানা গহ্বর নয়; বরং রহমতের জগৎ, সুখের বাসস্থান, জান্নাতের বাগান ও নূরের রাজ্যে খোলা এক দরজা হিসেবে প্রমাণ করে। এভাবে মানবজাতির সবচেয়ে ভয়ংকর ভয় মৃত্যু ও কবরের আতঙ্ক সম্পূর্ণভাবে দূর করে দেয়। যে সফরকে সবাই বেদনা ও কষ্টের যাত্রা মনে করে, কুরআন সেটিকে সবচেয়ে আনন্দদায়ক, স্নেহময় ও প্রশান্তিময় এক সফর হিসেবে উপস্থাপন করে। অতএব, কুরআন কবরের “অজগরের মুখ”-এর মতো ভয়ানক রূপ বন্ধ করে, তার জায়গায় এক সুন্দর জান্নাতি বাগানের দ্বার খুলে দেয়। অর্থাৎ কবর কোনো ভয়ানক গহ্বর নয়; বরং রহমতের বাগানে প্রবেশের এক দরজা। আর সে মুমিনকে বলে, “তোমার ইচ্ছা যদি অল্প হয়, তবে নিজের কাজকে তোমার মালিকের অসীম ইচ্ছার ওপর ছেড়ে দাও। তোমার শক্তি যদি ক্ষুদ্র হয়, তবে সর্বশক্তিমান আল্লাহ তায়ালার ক্ষমতার ওপর ভরসা করো। তোমার জীবন যদি স্বল্প হয়, তবে চিরস্থায়ী জীবনের কথা ভাবো। তোমার আয়ু যদি সংক্ষিপ্ত হয়, চিন্তা করো না; তোমার চিরন্তন এক জীবন রয়েছে।তোমার চিন্তা যদি দুর্বল হয়, তবে কুরআনের সূর্যের আলোয় প্রবেশ করো, ঈমানের নূরের মাধ্যমে দেখো, তোমার ক্ষীণ বুদ্ধির পরিবর্তে কুরআনের প্রতিটি আয়াত তোমার জন্য নক্ষত্রের মতো আলো ছড়াবে। আর যদি তোমার সীমাহীন আশা ও দুঃখ থাকে, জেনে রাখো অসীম সওয়াব ও অশেষ রহমত তোমার জন্য অপেক্ষা করছে। আর যদি তোমার অসংখ্য আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য থাকে, তাহলে তাদের চিন্তা করে কষ্ট পেয়ো না। কারণ, এই দুনিয়ায় তাদের স্থান নেই। সেগুলোর জায়গা অন্য এক জগতে, সেগুলো প্রদানকারীও ভিন্ন। আর সে আরও বলে, “হে মানুষ! তুমি নিজের মালিক নও। তুমি সেই সত্তার মালিকানাধীন, যার ক্ষমতা অসীম, যার রহমত সীমাহীন, যিনি পরম মহিমান্বিত আল্লাহ তায়ালা। তাহলে নিজের জীবনের ভার নিজে বহন করে কষ্ট পেয়ো না। কারণ, জীবন তিনিই দিয়েছেন, তিনিই পরিচালনা করেন। আর এই দুনিয়াও মালিকহীন নয় যে, তুমি নিজের মাথায় দুনিয়ার দায়িত্ব তুলে নিয়ে উদ্বিগ্ন হবে। এর মালিক হলেন আলিম ও হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা।তুমি কেবল একজন অতিথি; অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করো না, বিভ্রান্ত হয়ো না। মানুষ, প্রাণী ও সমস্ত সৃষ্টিই এভাবে অবহেলিত বা উদ্দেশ্যহীন নয়; বরং তারা এক হাকিম ও রহিম স্রষ্টার অধীন কর্মচারী, তাঁর দৃষ্টির মধ্যেই রয়েছে।তাদের দুঃখ-কষ্ট ভেবে নিজের আত্মাকে কষ্ট দিয়ো না, তাদের প্রতি তোমার সহানুভূতি যেন তাদের স্নেহময় স্রষ্টার রহমতের চেয়েও বেশি না হয়। আর যারা তোমার প্রতি শত্রুতা দেখায়, ক্ষুদ্র জীবাণু থেকে শুরু করে মহামারি, ঝড়, দুর্ভিক্ষ ও ভূমিকম্প পর্যন্ত সবকিছুর লাগাম সেই রাহিম ও কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার হাতে; তিনি হাকিম, উদ্দেশ্যহীন কিছু করেন না। তিনি দয়ালু, তাঁর করুণা অসীম। তাঁর প্রতিটি কাজেই কোনো না কোনো রকমের অনুগ্রহ লুকিয়ে আছে।” আর সে আরও বলে, “এই জগৎ নিশ্চয়ই নশ্বর, কিন্তু এটি এক চিরস্থায়ী জগতের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত করছে। এটি ক্ষণস্থায়ী, তবুও চিরস্থায়ী ফল উৎপন্ন করছে এবং এক অনন্ত সত্তার চিরন্তন নামসমূহের প্রতিফলন প্রদর্শন করছে। যদিও এ দুনিয়ার আনন্দ কম এবং কষ্ট বেশি, তথাপি রহমান ও রহিমের অনুগ্রহই এমন এক আনন্দ, যার কোনো অবসান নেই। দুঃখ ও কষ্টগুলোও প্রতিদান ও সওয়াবের দিক থেকে আধ্যাত্মিক আনন্দে রূপান্তরিত হয়।যেহেতু বৈধ সীমার ভেতরেই আত্মা, হৃদয় ও নফসের সব আনন্দ, সুখ ও তৃপ্তির জন্য যথেষ্ট কিছু রয়েছে, অতএব অবৈধ পথে যেয়ো না। কারণ, সেই পথে পাওয়া একটিমাত্র আনন্দের পেছনে অনেক সময় হাজার গুণ যন্ত্রণা লুকিয়ে থাকে। আর সেই অবৈধ আনন্দগুলো, আসলে দয়ালু আল্লাহ তায়ালার চিরন্তন অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।” এ ছাড়াও পূর্বে বর্ণিত হয়েছে, ভ্রষ্টতার পথ মানুষকে আসফালে সাফেলিনে নামিয়ে দেয় যে, কোনো সভ্যতা বা দর্শন সেই পতনের প্রতিকার খুঁজে পায়নি। মানবজাতির কোনো জ্ঞান, কোনো অগ্রগতি, কোনো বিজ্ঞান তাকে সেই গভীর অন্ধকার গহ্বর থেকে ওঠাতে পারেনি। কিন্তু কুরআনে হাকিম ঈমান ও সৎকর্মের মাধ্যমে মানুষকে সেই আসফালে সাফেলিনের পতন থেকে আ‘লায়ে ইল্লিয়িনে পৌঁছে দেয় এবং দৃঢ় প্রমাণের মাধ্যমে এর সত্যতা দেখিয়ে দেয়। আর সেই অন্ধকার গহ্বরকে আধ্যাত্মিক উন্নতি ও অন্তরের পরিশুদ্ধির ধাপে ধাপে পূর্ণ করে তোলে। তা ছাড়া মানবজাতির দীর্ঘ, ঝঞ্ঝাবিক্ষুব্ধ ও অস্থির পরকালীন যাত্রাকে অত্যন্ত সহজ ও মসৃণ করে দেয়। এমন সব মাধ্যম নির্দেশ করে, যার দ্বারা পঞ্চাশ হাজার বছরের পথ এক দিনেই অতিক্রম করা সম্ভব হয়। আর অনন্ত অতীত ও ভবিষ্যতের রাজা, সুলতান-ই আজলি আবেদি, সেই যাতে জুল জালালকে চিনিয়ে দিয়ে, মানুষকে তাঁর এক কর্মচারী বান্দা ও দায়িত্বপ্রাপ্ত অতিথির মর্যাদা দেয়। এভাবে মানুষ, দুনিয়ার অতিথিশালায় হোক বা বারজাখ তথা পরকালের আবাসস্থলে হোক, পূর্ণ প্রশান্তি ও নিরাপত্তার সঙ্গে ভ্রমণ করতে পারে। যেমনিভাবে একজন রাজ্যের বিশ্বস্ত কর্মচারী রাজ্যের প্রতিটি সীমান্ত পাড়ি দেয় সহজে বিমান, জাহাজ বা রেলগাড়ির মতো দ্রুতগামী বাহনে চেপে, তেমনই যে মানুষ অনন্ত রাজাধিরাজ আল্লাহ তায়ালার প্রতি ঈমান আনে ও সৎকর্ম দ্বারা তাঁর আনুগত্য প্রদর্শন করে, সে এই দুনিয়ার অস্থায়ী অতিথিশালা থেকে শুরু করে বারজাখ, হাশর ও কবরপরবর্তী সকল জগতের সীমান্ত অতিক্রম করে যায় বিদ্যুৎ ও বোরাকের গতিতে। এবং অবশেষে, চিরন্তন সুখের আবাস সাআদাতুল আবাদিয়াহতে পৌঁছে যায়। এই সত্যকে কুরআন দৃঢ়ভাবে প্রমাণ করে এবং আল্লাহ তায়ালার প্রিয় বান্দাদের আসফিয়া ও আওলিয়াদের নজরে স্পষ্টভাবে প্রকাশ করে। আর কুরআনের সত্য এই কথা বলে, “হে মুমিন, তোমার অন্তরে যে অসীম ভালোবাসার ক্ষমতা আছে, তাকে তোমার নফস-ই আম্মারার হাতে তুলে দিয়ো না; যে আত্মা কুৎসিত, অপূর্ণ, কপট ও তোমার ক্ষতির কারণ। তাকে তোমার প্রিয় বা উপাস্য বানিয়ো না; বরং তোমার সেই অসীম ভালোবাসাকে নিবেদন করো সেই সত্তার প্রতি, যিনি অসীম ভালোবাসার যোগ্য, যিনি অসীমভাবে তোমাকে অনুগ্রহ করতে সক্ষম, যিনি ভবিষ্যতে তোমাকে সীমাহীন সুখ দান করবেন এবং যাদের সুখে তুমি সুখী হও, তোমার সব প্রিয়জন ও সম্পর্কিত সত্তাদের নিজের দানে সুখী করে তোলেন। আর সেই সত্তার আছে অসীম পরিপূর্ণতা, যিনি চির পবিত্র, মহিমান্বিত, নির্দোষ, নিখুঁত, অবিনশ্বর সৌন্দর্যের অধিকারী, তাঁর প্রতিটি নামই অসীম সৌন্দর্য ও মহিমার উৎস, প্রত্যেক নামের মধ্যে রয়েছে অগণিতরূপে নূরের জ্যোতি ও রূপের মাধুর্য।আর জান্নাত তার সমস্ত সৌন্দর্য ও নিয়ামতসহ আসলে তাঁর রহমতের সৌন্দর্য ও সৌন্দর্যময় রহমতেরই প্রতিফলন। সমগ্র জগতের যত প্রিয়, সুন্দর, মহিমান্বিত জিনিস আছে, সবই তাঁর সৌন্দর্য ও পরিপূর্ণতার দিকে ইঙ্গিত দেয়, তাঁরই অস্তিত্বের নিদর্শন বহন করে। অতএব সেই মহান সত্তাকেই ভালোবাসো, তাঁকেই উপাস্যরূপে গ্রহণ করো।”আর কুরআন আরও বলে, “হে মানুষ! তোমার অন্তরে যে নাম ও গুণসমূহের প্রতি ভালোবাসার স্বাভাবিক ক্ষমতা আছে, তাকে ক্ষণস্থায়ী জিনিসের ওপর নষ্ট করো না, ফলহীন সৃষ্টিকে দিয়ো না। কারণ, সৃষ্টি ও তাদের প্রকাশ ক্ষণস্থায়ী; কিন্তু সেই সৃষ্টিতে যে দয়া, সৌন্দর্য ও মহিমার প্রতিফলন দেখা যায়, সেগুলো আসলে চিরন্তন ও স্থায়ী নামসমূহের প্রতিচ্ছবি। আর প্রতিটি নাম ও গুণের মধ্যে অগণিত স্তরের অনুগ্রহ, সৌন্দর্য ও ভালোবাসা লুকিয়ে আছে। তুমি শুধু “রহমান” নামটির দিকেই তাকাও; জান্নাত সেই নামের এক প্রতিফলন, চিরন্তন সুখ তার এক ঝলক, আর দুনিয়ার সব রিজিক ও নিয়ামত; তার কেবল একফোঁটা এই তুলনাই পথভ্রষ্টদের ও ঈমানদারদের জীবন ও দায়িত্বের প্রকৃত স্বরূপের প্রতি ইঙ্গিত করে। যেমন, আল্লাহ তায়ালা বলেন: لَقَدْخَلَقْنَا الْاِنْسَانَ فِي اَحْسَنِ تَقْوِيمٍ * ثُمَّ رَدَدْنَاهُ اَسْفَلَ سَافِلِينَ اِلَّا الَّذِينَ اٰمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ এবং ফলাফল ও পরিণামের দিকে ইঙ্গিত করে এই আয়াতও: فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَٓاءُ وَالْاَرْضُ এই দুই আয়াতে কী গভীর ও অলৌকিকভাবে আমরা যে তুলনাটি বর্ণনা করেছি, তা প্রকাশিত হয়েছে! প্রথম আয়াতের ব্যাপারে; এটি এগারোতম কালিমায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে আয়াতের অলৌকিক ও বিস্ময়কর প্রকাশিত সত্যটি বর্ণিত হয়েছে। অতএব আমরা এটিকে সেখানেই স্থানান্তর করি। দ্বিতীয় আয়াতের ব্যাপারে; আমরা শুধু একটি ছোটো ইঙ্গিত দিয়ে দেখাব, এটি কতটা সুউচ্চ সত্য প্রকাশ করে। এভাবে এই আয়াত ব্যাখ্যা দিয়ে বলছে, “পথভ্রষ্টদের মৃত্যু হলে, আকাশ ও পৃথিবী তাদের জন্য কাঁদে না।” বরং বিপরীত ব্যাখ্যা নির্দেশ করে, “ঈমানদারগণ পৃথিবী ত্যাগ করলে আসমান ও জমিন তাদের জন্য কাঁদে।” অর্থাৎ পথভ্রষ্টরা যখন আকাশ ও পৃথিবীর কার্যকারিতা অস্বীকার করে, তাদের প্রকৃত অর্থ বোঝে না, তাদের মূল্যকে অবমূল্যায়ন করে, স্রষ্টাকে চিনতে অক্ষম, তাদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের কারণে আকাশ ও পৃথিবী তাদের জন্য কাঁদে না; বরং তাদের মৃত্যুতে সন্তুষ্ট হয়। বিপরীতভাবে ঈমানদারগণ যখন মারা যায়, আসমান ও জমিন তাদের বিরহে কাঁদে। কারণ ঈমানদাররা জানে, আকাশ ও পৃথিবীর দায়িত্ব সঠিক সত্যকে স্বীকৃতি দেয়, তাদের প্রকাশিত অর্থকে ঈমানের আলোতে উপলব্ধি করে।“কত সুন্দরভাবে নির্মিত হয়েছে, কত সুন্দরভাবে কাজ করছে!” এমন মন্তব্য করে তাদের যথাযথ সম্মান প্রদান করে। আল্লাহ তায়ালা তাদের প্রতি এবং তাদের মাধ্যমে প্রকাশিত নামসমূহের প্রতি ভালোবাসা রাখেন। এই কারণে আকাশ ও পৃথিবী, ঈমানদারদের মৃত্যুতে মর্মাহত হয়ে যেন কাঁদছে, বাস্তবে তেমনই প্রতিক্রিয়া দেখায়। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন : তুমি বলছ যে, ভালোবাসা ইচ্ছাধীন নয়। আর স্বভাবজাত প্রয়োজনের কারণে সুস্বাদু খাদ্য ও ফল আমি ভালোবাসি। পিতা-মাতা ও সন্তানদের ভালোবাসি। জীবনসঙ্গিনীকে ভালোবাসি। বন্ধু ও প্রিয়জনদের ভালোবাসি। নবি ও অলিদের ভালোবাসি। নিজের জীবন ও যৌবনকে ভালোবাসি। বসন্তকাল, সুন্দর জিনিস ও দুনিয়াকে ভালোবাসি। আমি কীভাবে এগুলোকে ভালো না বেসে কীভাবে এই সমস্ত ভালোবাসাকে আল্লাহ তায়ালার সত্তা, গুণাবলি ও নামসমূহের প্রতি দিতে পারি? এটার মানে কী? উত্তর : “চারটি সূক্ষ্ম নুকতা” শোনো: প্রথম নুকতা : ভালোবাসা যদিও সম্পূর্ণ ইচ্ছাধীন নয়, তবুও ইচ্ছার মাধ্যমে ভালোবাসার দিকটি এক প্রিয়জন থেকে অন্য প্রকৃত প্রিয়জনের দিকে ঘুরিয়ে নেওয়া যায়।উদাহরণস্বরূপ যদি কোনো প্রিয় জিনিসের কুৎসিত দিক দেখিয়ে দাও, অথবা যে প্রিয়জন আসলেই ভালোবাসার যোগ্য, তার প্রতি এই প্রিয় জিনিসটি কেবল একটি পর্দা বা আয়না, এটা দেখলে তখন ভালোবাসার দিকটি রূপক প্রিয়জন থেকে প্রকৃত প্রিয়জনদের দিকে ফিরিয়ে নেওয়া যায়। দ্বিতীয় নুকতা : তুমি যেসব প্রিয়জনদের ভালোবাসার কথা বলেছ, আমরা “তাদের ভালোবাসো না” বলছি না; বরং আমরা বলি, তাদেরকে আল্লাহ তায়ালার হিসাবেই এবং তাঁর ভালোবাসার নামে ভালোবাসো।উদাহরণস্বরূপ সুস্বাদু খাদ্য ও সুন্দর ফলমূলকে আল্লাহ তায়ালার অনুগ্রহ ও সেই পরম দয়ালু ও পরম করুণাময়ের দান হিসেবে ভালোবাসা মানে “রহমান” ও “মুনইম” নামগুলোকে ভালোবাসা এবং এই রকম ভালোবাসা একধরনের আধ্যাত্মিক কৃতজ্ঞতাও বটে।এই ভালোবাসা কেবল নিজের নফসের জন্য নয়; বরং “রহমান”-এর নামে তা করা হয়েছে, এর নিদর্শন হলো, বৈধ সীমার মধ্যে সন্তুষ্টচিত্তে উপার্জন করা এবং চিন্তাশীলভাবে ও কৃতজ্ঞতাসহ আহার করা।আর পিতা-মাতাকে যে স্নেহ ও মমতা দিয়ে সাজিয়ে দিয়েছেন এবং তাদের দয়ালু হাতের মাধ্যমে তোমাকে লালনপালন করিয়েছেন, সেই আল্লাহ তায়ালার হিকমত ও রহমতের দয়া হিসেবেই তাদের প্রতি সম্মান ও ভালোবাসা সুদৰ্শন করা আল্লাহ তায়ালার ভালোবাসারই অংশ।এই ভালোবাসা, স্নেহ ও সম্মান যে আল্লাহ তায়ালার জন্য, তা বোঝার লক্ষণ হলো, যখন তারা বৃদ্ধ হয়ে যায়, তোমার কোনো কাজে আসেন না; বরং তোমার জন্য কষ্ট ও ঝামেলা সৃষ্টি করেন, তখনও তাদের প্রতি আরও বেশি ভালোবাসা, দয়া ও স্নেহ প্রদর্শন করা হয়। اِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَا اَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا اُفٍّ এই আয়াতে পাঁচ স্তরে সন্তানদের পিতা-মাতার প্রতি সম্মান ও স্নেহ প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বোঝা যায়, কুরআনের দৃষ্টিতে পিতা-মাতার অধিকার কত গুরুত্বপূর্ণ এবং তাদের প্রতি অবাধ্যতা বা তাদের কষ্ট দেওয়া কত নিকৃষ্ট ও ঘৃণিত একটি কাজ। যেহেতু পিতা এমন একজন, যে নিজের জন্য নয়; বরং কেবল সন্তানকে নিজের চেয়ে উত্তম অবস্থানে দেখতে চায়, সুতরাং সন্তানেরও পিতার বিরুদ্ধে কোনো “অধিকার দাবি” করার সুযোগ নেই। তাই দেখা যায়, পিতা-মাতা ও সন্তানের মাঝে স্বভাবতই কোনো বিবাদের কারণ নেই। কারণ, বিবাদ সাধারণত ঈর্ষা বা হিংসা থেকে আসে; কিন্তু পিতার মনে সন্তানের প্রতি হিংসা থাকে না। অথবা বিবাদ আসে অন্যায় বা অধিকার হরণ থেকে; কিন্তু সন্তানের এমন কোনো অধিকার নেই যে, সে পিতার বিরুদ্ধে অধিকার দাবি করবে। যদি সন্তান মনে করে, পিতা অন্যায় করছেন, তবুও তার প্রতি বিদ্রোহ করা বা কষ্ট দেওয়া বৈধ নয়। অতএব, যে সন্তান পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে বা তাকে কষ্ট দেয়, সে প্রকৃত মানুষ নয়; বরং মানুষরূপী এক হিংস্র প্রাণী। আর সন্তানদের প্রতি ভালোবাসাও যেহেতু তারা সেই পরম দয়ালু ও পরম করুণাময় আল্লাহ তায়ালা তথা রহিম ও কারিমের দান ও উপহার তাই পরিপূর্ণ স্নেহ ও দয়ার সঙ্গে তাদের ভালোবাসা ও তাদের রক্ষা করা আসলে আল্লাহ জন্যই হয়। আর সেই ভালোবাসা সত্যিই আল্লাহ তায়ালার জন্য কি না, তা বোঝার লক্ষণ হলো: যখন তারা মৃত্যুবরণ করেন, তখন ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা; হতাশ হয়ে চিৎকার-চ্যাঁচামেচি না করা। বরং বলা উচিত “আমার সৃষ্টিকর্তা আমার তত্ত্বাবধানে এক প্রিয় সৃষ্টি অর্পণ করেছিলেন, আমানত হিসেবে দিয়েছিলেন। এখন তাঁর প্রজ্ঞা অনুযায়ী তিনি তা আমার কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন এবং আরও ভালো স্থানে নিয়ে গেছেন। আমার সেই আমানতে যদি সামান্য বাহ্যিক অংশীদারত্ব থাকে, প্রকৃত মালিকানা ও অধিকারের হাজার গুণ অংশ তাঁরই, যিনি তার সৃষ্টিকর্তা।” বলা উচিত “আল হুকমু লিল্লাহ” বলে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। আর বন্ধু ও প্রিয়জনদের ক্ষেত্রে, যদি তারা ঈমান ও সৎকর্মের কারণে আল্লাহ তায়ালার বন্ধু হয়ে থাকে, তবে “আল হুব্বু ফিল্লাহ” নীতির ভিত্তিতে তাদের প্রতি ভালোবাসা আসলে আল্লাহ তায়ালার জন্যই হয়। আর জীবনসঙ্গিনীর ব্যাপারে তাকে আল্লাহ তায়ালার রহমতের এক মিষ্টি ও কোমল উপহার হিসেবে ভালোবাসো। কিন্তু দ্রুত বিলীন হয়ে যাওয়া বাহ্যিক সৌন্দর্যের প্রতি তোমার ভালোবাসা বেঁধে রেখো না; বরং নারীর সবচেয়ে আকর্ষণীয় ও সবচেয়ে মধুর সৌন্দর্য হলো, নারীত্বের নিজস্ব কোমলতা ও সূক্ষ্ম নম্রতার ভেতরে লুকিয়ে থাকা উত্তম চরিত্র।আর তার সবচেয়ে মূল্যবান ও সবচেয়ে মিষ্টি রূপ হলো তার মহান, গম্ভীর, আন্তরিক ও নুরানি দয়া। এই দয়াভিত্তিক সৌন্দর্য ও উত্তম চরিত্র বার্ধক্য পর্যন্ত স্থায়ী থাকে, এমনকি সময়ের সঙ্গে সঙ্গে আরও বৃদ্ধি পায়। এবং এই দুর্বল, কোমল সৃষ্টির সম্মান ও অধিকার সেই ভালোবাসার মাধ্যমেই সংরক্ষিত হয়।অন্যথায় বাহ্যিক সৌন্দর্য বিলীন হলে, জীবনের সেই সময়ে, যখন সে সবচেয়ে বেশি ভালোবাসা ও সহানুভূতির প্রয়োজন বোধ করে, তখন সে হতভাগিনী নারী নিজের প্রাপ্য অধিকার হারিয়ে ফেলে। আর নবি ও অলিদের ভালোবাসা, তাঁরা যেহেতু আল্লাহ তায়ালার প্রিয় ও গ্রহণযোগ্য বান্দা, তাই তাঁদের ভালোবাসা আল্লাহ তায়ালার নামে এবং তাঁর সন্তুষ্টির জন্য হয়। সেই দৃষ্টিকোণ থেকে এই ভালোবাসা আল্লাহ তায়ালাকেই ভালোবাসার অন্তর্গত। আর জীবনকে ভালোবাসা, যেহেতু তা আল্লাহ তায়ালার দেওয়া সবচেয়ে মূল্যবান দান, যা চিরস্থায়ী জীবনের পুঁজি, এক গুপ্তধন, স্থায়ী পরিপূর্ণতার উপকরণসমূহ ধারণকারী এক অমূল্য ভান্ডার, তাই তাকে ভালোবাসা, সংরক্ষণ করা এবং আল্লাহ তায়ালার অনুযায়ী কাজে লাগানো। এই ভালোবাসাও প্রকৃত অর্থে মাবুদ তথা আল্লাহ তায়ালার জন্য হয়। আর যৌবনের কোমলতা ও সৌন্দর্যকে আল্লাহ তায়ালার মিষ্টি, সূক্ষ্ম ও সুন্দর এক অনুগ্রহ হিসেবে চিনে তাকে প্রশংসা করা, ভালোবাসা ও সুন্দরভাবে ব্যবহার করাও কৃতজ্ঞচিত্তে এক বৈধ ভালোবাসা। আর বসন্ত ঋতুকে আল্লাহ তায়ালার নুরানি নামসমূহের সবচেয়ে সূক্ষ্ম ও সুন্দর নকশার এক পৃষ্ঠা এবং প্রজ্ঞাময় স্রষ্টা তথা সানিয়ে হাকিমের অনন্য শিল্পকলার সবচেয়ে সজ্জিত ও জাঁকজমকপূর্ণ প্রদর্শনী হিসেবে চিনে চিন্তাশীলভাবে ভালোবাসা মানে মূলত আল্লাহ তায়ালার নামগুলোকেই ভালোবাসা। আর দুনিয়াকে আখিরাতের ক্ষেত্র আল্লাহ তায়ালার নামগুলোর আয়না, আল্লাহ তায়ালার লেখা কিতাব এবং অস্থায়ী এক অতিথিশালা হিসেবে ভালোবাসা, যদি এতে নফসে আম্মারার কোনো অংশ না থাকে, তাহলে সেই ভালোবাসাও আল্লাহ তায়ালার জন্যই হয়। সারসংক্ষেপদুনিয়া ও এর সৃষ্টিকে আল্লাহ তায়ালার জন্য আক্ষরিক অর্থে ভালোবাসো, কিন্তু তাদের নিজ স্বার্থ ভালোবাসো না। বলো, “কত সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে!” কিন্তু বলো না, “কত সুন্দর সৃষ্টি!” আর হৃদয়ের গভীরে অন্য ভালোবাসাকে প্রবেশ করতে দিয়ো না। কারণ, হৃদয়ের গভীর হলো “আস্-সামাদ” তথা যিনি কারও ওপর নির্ভরশীল নন; বরং সবাই তাঁর ওপর নির্ভরশীল আয়না এবং তা কেবল তাঁরই জন্য নির্দিষ্ট। اَللّٰهُمَّ ارْزُقْنَا حُبَّكَ وَحُبَّ مَا يُقَرِّبُنَا اِلَيْكَ অতএব, আমরা যেসব ভালোবাসার প্রকারগুলো গণনা করে উল্লেখ করেছি, যদি সেগুলো এইভাবে অর্থাৎ আল্লাহ তায়ালার জন্য হয়, তবে সেগুলো কষ্টহীন এক আনন্দ দেয়; একদিক থেকে চিরস্থায়ী মিলনের স্বাদ দেয়, আল্লাহ তায়ালার প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করে, বৈধ এক ভালোবাসা হয়, আর সেই ভালোবাসা নিজেই একধরনের কৃতজ্ঞতা, নিজেই একধরনের তাফাক্কুর। উদাহরণস্বরূপ : যেমন, কোনো মহান রাজা যদি তোমাকে একটি আপেল দান করেন এবং লিখিত বাস্তবতায় সেই আপেলে দুই রকমের ভালোবাসা ও দুই রকমের আনন্দ থাকতে পারে। প্রথমটি কারণ হলো, আপেলকে আপেল হওয়ার কারণে ভালোবাসা। অর্থাৎ আপেলকে আপেল বলে তাকে পছন্দ করা; এর মধ্যে কেবল আপেলের পরিমাণে এক সীমিত আনন্দ আছে। এই ভালোবাসা রাজাকে উদ্দেশ করে নয়; বরং রাজদরবারে বসে সেই আপেল মুখে নিয়ে খাওয়া ব্যক্তি রাজাকে নয়, আপেলকে ভালোবাসে এবং নিজের নফস কে সন্তুষ্ট করে। কখনো এমনও হয় যে, রাজা ওই নফসনির্ভর ভালোবাসাকে পছন্দ করেন না; বরং তা থেকে বিরক্ত হন। উপরন্তু আপেলের আনন্দও ক্ষণস্থায়ী; আপেল খাওয়ার পর সেই আনন্দ শেষ হয়ে যায়, আর শুধু একধরনের আফসোস থেকে যায়। দ্বিতীয় ভালোবাসা হলো, আপেলের মধ্যে প্রদর্শিত রাজকীয় অনুগ্রহের প্রতি ভালোবাসা। যেন আপেলটি রাজাধিরাজের দয়া ও স্নেহের এক নমুনা এবং তারই দৃশ্যমান রূপ। যে ব্যক্তি সেই অনুগ্রহের প্রতীক হিসেবে আপেলটিকে শ্রদ্ধাভরে মাথায় রাখে, সে রাজাকে ভালোবাসে তা প্রকাশ করে। আর রাজকীয় অনুগ্রহের মোড়কে থাকা সেই ফলের মধ্যে এমন এক আনন্দ আছে, যা এক হাজার আপেলের স্বাদ থেকেও শ্রেষ্ঠ। এই আনন্দই প্রকৃত কৃতজ্ঞতা আর সেই ভালোবাসা রাজাধিরাজের প্রতি শালীন ও শ্রদ্ধাসূচক এক ভালোবাসা। একইভাবে সকল নিয়ামত ও ফলমূলকে যদি শুধু তাদের নিজস্ব স্বাদ বা সৌন্দর্যের কারণে ভালোবাসা হয় এবং কেবল বস্তুগত আনন্দে বিভোর হওয়া হয়, তবে সেই ভালোবাসা নফসীয় তথা আত্মকেন্দ্রিক হয়। সেই আনন্দও ক্ষণস্থায়ী ও পরিণাম বেদনাদায়ক।কিন্তু যদি সেগুলোকে আল্লাহ তায়ালার দয়া, অনুগ্রহ ও করুণার প্রকাশ হিসেবে ভালোবাসা হয় এবং সেই অনুগ্রহের মাত্রা ও সৌন্দর্য উপলব্ধি করার মাধ্যমে উপভোগ করা হয়, তাহলে সেই আনন্দ হয় আধ্যাত্মিক এক কৃতজ্ঞতা এবং সম্পূর্ণ কষ্টহীন এক আনন্দ। তৃতীয় নুকতা : আল্লাহ তায়ালার সুন্দর নামসমূহের প্রতি ভালোবাসারও বিভিন্ন স্তর আছে। যেমন : আমরা আগে বলেছি, কখনো মানুষ সৃষ্ট জিনিসের সৌন্দর্য ও শৃঙ্খলা দেখে সেই নামগুলোকে ভালোবাসে; অর্থাৎ সৃষ্ট বস্তুগুলোকে ভালোবাসার মাধ্যমে স্রষ্টার নামসমূহকে ভালোবাসে। কখনো আবার সেই নামগুলোকে ভালোবাসে, কারণ সেগুলো আল্লাহ তায়ালার পূর্ণতা ও মহিমার উপাধি। আবার কখনো মানুষ, নিজ বৈশিষ্ট্যের ব্যাপকতার কারণে, অসংখ্য প্রয়োজনের দিক থেকে ওই নামগুলোর প্রতি অত্যন্ত প্রয়োজনীয়তা ও আকাঙ্ক্ষা অনুভব করে এবং সেই প্রয়োজন থেকেই ভালোবাসে।উদাহরণস্বরূপ, তুমি তোমার সমস্ত প্রিয় আত্মীয়স্বজন, দরিদ্র, দুর্বল ও অভাবগ্রস্তদেরকে প্রাণীর মতো করুণা অনুভব করো এবং অসহায়ভাবে তাদের সাহায্য করতে চাও। যদি এমন একজন ব্যক্তি আসে, যে তোমার ইচ্ছামতো তাদের উপকার করে, তবে সেই ব্যক্তির দানশীল ও উদার উপাধি তোমার কাছে কত প্রিয় হয়ে ওঠে! তুমি সেই ব্যক্তিকে ওই উপাধির মাধ্যমে কত ভালোবাসবে! তেমনই চিন্তা করো, রহমান ও রহিম নামগুলোর কথা! কারণ, তুমি যাদের ভালোবাসো ও যাদের প্রতি স্নেহ অনুভব করো। তোমার সকল মুমিন পূর্বপুরুষ, আত্মীয় ও প্রিয়জনদের যে সত্তা এই দুনিয়ায় নানা রকম অনুগ্রহের মাধ্যমে এবং পরকালে জান্নাতে চিরন্তন সুখ ও নানা রকম আনন্দের মাধ্যমে তোমাকে দেখাবে এবং তাদেরও তোমাকে দেখাবে, সেই মহান সত্তার “রহমান” ও “রহিম” নাম দুটি কত ভালোবাসার যোগ্য! মানুষের আত্মা ওই দুই নামের কতটা প্রয়োজন অনুভব করে, তা তুমি সহজেই বুঝতে পারবে। তাই এই দুআটি কত যথাযথ তা উপলব্ধি করবে: اَلْحَمْدُ لِلّٰهِ عَلٰى رَحْمٰنِيَّتِهِ وَعَلٰى رَحِيمِيَّتِهِ আরও ভাবো, তুমি যাদের প্রতি সম্পৃক্ত, যাদের বিপর্যয়ে দুঃখ পাও, সেই পৃথিবী, যা তোমার গৃহের মতো; তার ভেতরের সব প্রাণী ও বস্তু, যা তোমার গৃহের প্রিয় ও প্রয়োজনীয় উপকরণের মতো এসব কিছুকে পরিপূর্ণ প্রজ্ঞার সঙ্গে সুশৃঙ্খলভাবে সাজিয়ে পরিচালনা করেন যিনি, সেই মহান সত্তার “হাকিম” উপাধির প্রতি তোমার আত্মা কতটা প্রয়োজনীয়তা ও আকাঙ্ক্ষা অনুভব করে, তুমি চিন্তা করলে তা বুঝবে। আরও চিন্তা করো, যেসব মানুষ তোমার কাছে সম্পৃক্ত এবং যাদের বিচ্ছেদে তুমি কষ্ট পাও, মৃত্যুর সময়ে যিনি তাদের শূন্যতার অন্ধকার থেকে উদ্ধার করে এই পৃথিবীর চেয়ে আরও সুন্দর জায়গায় স্থান দেন, সেই মহান সত্তার “বাঈস, বাকি, কারিম, মুহয়ি ও মুহসিন” নামসমূহের প্রতি তোমার রুহ কতটা প্রয়োজনীয়তা অনুভব করে, তা ভেবে দেখলে বুঝতে পারবে। মানুষের উচ্চমর্যাদার বৈশিষ্ট্য ও ব্যাপক ফিতরাত থাকার কারণে, সে সহস্র প্রকারের প্রয়োজনের মাধ্যমে আল্লাহ তায়ালার এক হাজার এক নাম তথা আসমাউল হুসনাসমূহের প্রতিটি নামের বহু স্তরে প্রকৃতিগতভাবে মুগ্ধ ও মুখাপেক্ষী। প্রয়োজন যত গভীর হয়, আকাঙ্ক্ষা তত বাড়ে; আকাঙ্ক্ষা যত বাড়ে, ভালোবাসা তত বৃদ্ধি পায়; আর ভালোবাসা তীব্র হলে তা হয়ে যায় প্রেম।রুহের পরিপূর্ণতার সাথে সাথে এই ভালোবাসার স্তরগুলো আল্লাহ তায়ালার নামগুলোর স্তর অনুযায়ী বিকশিত হয়। সকল নামের প্রতি ভালোবাসা অবশেষে যেহেতু সেই নামগুলো আল্লাহ তায়ালার উপাধি ও প্রতিফলন প্রকাশ হওয়ায় স্বয়ং আল্লাহ তায়ালার প্রতি ভালোবাসায় পরিণত হয়। এখন আমরা নমুনা হিসেবে, সেই এক হাজার এক নামের মধ্য থেকে শুধু “আদল” “হাকিম” “হক” এবং “রহিম” নামগুলোর হাজারো স্তরের একটি স্তর ব্যাখ্যা করব। যদি তুমি ন্যায় ও প্রজ্ঞার ভেতরে “রহমানুর রহিম” ও “হক” নামের মহত্তম প্রতিফলনকে বৃহৎ এক ক্ষেত্রে দেখতে চাও, তবে এই উদাহরণটি বিবেচনা করো ধরা যাক, একটি সেনাবাহিনীতে চারশত ভিন্ন ভিন্ন জাতি বা গোষ্ঠী রয়েছে। প্রত্যেক গোষ্ঠীর পছন্দের পোশাক আলাদা, খাদ্যরুচি আলাদা, স্বভাব অনুযায়ী ব্যবহারযোগ্য অস্ত্র আলাদা এবং তাদের শরীরের প্রকৃতি অনুযায়ী ওষুধও আলাদা। তবুও সেই চারশত গোষ্ঠী পৃথক পৃথক দলে বিভক্ত নয়; বরং একে অপরের সাথে মিশ্রিত অবস্থায় রয়েছে। এ অবস্থায় যদি এমন এক রাজা থাকে, যিনি অসাধারণ দয়া ও করুণায়, অতুলনীয় ক্ষমতা ও জ্ঞানে, সর্বব্যাপী প্রজ্ঞা ও ন্যায়বিচারে, কোনো সহায়ক ছাড়াই তাদের প্রত্যেককে ভুল না করে, ভুলে না গিয়ে, নিজ হাতে যথাযথ পোশাক, রসদ, ওষুধ এবং অস্ত্র সরবরাহ করেন, তবে তুমি বুঝবে; সেই রাজা কত মহান ক্ষমতাশালী, দয়ালু, ন্যায়পরায়ণ ও উদার। কারণ, যদি একটি ব্যাটালিয়নে মাত্র দশটি জাতির মানুষও থাকে, তাদের প্রত্যেককে নিজ নিজ রুচি ও প্রয়োজন অনুযায়ী সাজানো খুবই কঠিন হয়। তাই বাধ্য হয়ে তাদের একধরনের পোশাক ও সরঞ্জামে সীমাবদ্ধ রাখতে হয়। তেমনই করে যদি তুমি আল্লাহ তায়ালার “আদল” ও “হিকমত”-এর ভেতরে “হক” ও “রহমানুর রহিম” নামের তাজাল্লি ও প্রতিফলন দেখতে চাও, তবে বসন্ত ঋতুতে পৃথিবীর ভূপৃষ্ঠে দৃষ্টিপাত করো। দেখো, সেখানে কত মহিমান্বিত এক সেনাবাহিনী স্থাপিত, যা চার লক্ষ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী জাতি থেকে গঠিত, যেন প্রতিটি জাতি নিজ নিজ তাঁবুতে অবস্থান করছে। যদিও তারা একে অপরের সঙ্গে মিশ্রিত, তবুও প্রত্যেকের পোশাক আলাদা, খাদ্য ভিন্ন, অস্ত্র আলাদা, জীবনধারা পৃথক, শিক্ষা ও নির্দেশনাও আলাদা, এমনকি তাদের মৃত্যুও ভিন্ন ভিন্ন।তারা নিজেদের এই প্রয়োজনীয়তাগুলো সংগ্রহ করার কোনো ক্ষমতা রাখে না, এমনকি চাওয়ার মতো ভাষাও তাদের নেই। তবুও দেখো, কেমন করে আল্লাহ তায়ালার “হিকমত” ও “আদল”-এর পরিসরে, পরিমিতি ও শৃঙ্খলার মধ্যে “হক”, “রহমান”, “রাজ্জাক”, “রহিম” ও “কারিম” নামগুলোর প্রতিফলন প্রকাশ পায়।তিনি তাদের প্রত্যেককে বিভ্রান্ত না হয়ে, ভুলে না গিয়ে, গুলিয়ে না ফেলে লালনপালন, ব্যবস্থাপনা ও পরিচালনা করছেন। এ দৃশ্য দেখো, গভীরভাবে অনুভব করো। এমন আশ্চর্য ও সর্বব্যাপী শৃঙ্খলা ও পরিমিতির মধ্যে সম্পন্ন এই কর্মে অন্য কারও হাত কি প্রবেশ করতে পারে? ওয়াহিদে আহাদ, হাকিমে মুতলাক, কাদিরে কুল্লিশাই ছাড়া সূক্ষ্ম সৃষ্টি, এই নিখুঁত পরিকল্পনা, প্রতিপালন ও পরিচালনায় আর কে হস্তক্ষেপ করতে পারে? কোনো কারণ বা মাধ্যম কি এতে হস্তক্ষেপ করা বা প্রভাব ফেলতে সক্ষম? চতুর্থ নুকতা : তুমি বলছ, আমার খাবারসমূহের প্রতি, আমার নফসের প্রতি, আমার সঙ্গী ও পিতা-মাতার প্রতি, আমার সন্তানদের ও বন্ধুদের প্রতি, আউলিয়া ও নবিদের প্রতি, সুন্দর জিনিসের, বসন্তের ও দুনিয়ার প্রতি সম্পর্কিত বিভিন্ন রকম ভালোবাসাগুলো যদি কুরআনের আদেশ করা পদ্ধতিতে হয়, তাহলে এর ফল ও উপকারিতা কী? উত্তর : সব ফলাফল বিস্তারিতভাবে বর্ণনা করতে হলে বিশাল এক গ্রন্থের প্রয়োজন হবে। এখন আপাতত সংক্ষেপে এক-দুটি ফলের দিকে ইঙ্গিত করা হবে। প্রথমে দুনিয়াতে তাত্ক্ষণিক ফলাফলগুলো বলা হবে। তারপর আখিরাতে প্রকাশ পাবে এমন ফলাফলগুলো উল্লেখ করা হবে।যেমন : আগেই যেমন বলা হয়েছে, গাফিল ও দুনিয়ামুখী লোকদের এবং নফসের পক্ষ থেকে হওয়া ভালোবাসাগুলোর দুনিয়াতে বিপদ, দুঃখ ও কষ্ট অনেক বেশি থাকে। আনন্দ, স্বাদ ও শান্তি খুবই অল্প। উদাহরণস্বরূপ স্নেহ-মমতা, অক্ষমতার কারণে কষ্টদায়ক বিপদে পরিণত হয়। ভালোবাসা, বিচ্ছেদের কারণে যন্ত্রণাময় রূপ নেয়। স্বাদ বা আনন্দ, বিচ্ছেদের কারণে বিষাক্ত এক বস্তুতে পরিণত হয়। আর আখিরাতে হলে, যেহেতু এগুলো আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য নয়, তাহলে এগুলো হয় ফলহীন, নয়তো শাস্তিস্বরূপ হয়। (যদি হারামে জড়িয়ে পড়ে থাকে।) প্রশ্ন : নবি ও আউলিয়াদের প্রতি ভালোবাসা কীভাবে নিষ্ফল হতে পারে? উত্তর : যেমন ত্রিত্ববাদীদের ঈসা আলাইহিস সালামের প্রতি এবং রাফেজিদের হজরত আলি রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসা নিষ্ফল হয়েছে। যদি ওই ভালোবাসাগুলো কুরআনের দিগ্নির্দেশনা অনুযায়ী এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য ও রহমানের প্রতি ভালোবাসার নামে হয়, তাহলে সে ভালোবাসার দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সুন্দর ফলাফল রয়েছে। দুনিয়াতে এর ফল হলো, মিষ্টি খাবার ও সুন্দর ফলের প্রতি ভালোবাসা, দুঃখহীন এক নিয়ামত ও কৃতজ্ঞতার স্বরূপ এক আনন্দে পরিণত হয়। নিজ নফসের প্রতি ভালোবাসা মানে হলো, তার প্রতি দয়া করা, তাকে উত্তম আখলাকে গড়ে তোলা এবং ক্ষতিকর বাসনা থেকে বিরত রাখা। তখন নফস তোমার ওপর আর চড়ে বসবে না, তোমাকে প্রবৃত্তির দাস বন্দি না; বরং তুমি নফসের ওপর কর্তৃত্ব অর্জন করবে, তাকে প্রবৃত্তির দিকে নয়, হিদায়াতের পথে চালিত করবে। জীবনসঙ্গিনীর প্রতি ভালোবাসা যদি তার সুন্দর চরিত্র, মমতার ভান্ডার ও আল্লাহ তায়ালার রহমতের উপহার হওয়ার ভিত্তিতে স্থাপিত হয়, তবে তুমি যদি তার প্রতি আন্তরিক ভালোবাসা ও দয়া প্রদর্শন করো, সেও তোমার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করবে। তোমরা বয়সে বৃদ্ধ হওয়ার সাথে সাথে সেই অবস্থা আরও দৃঢ় হবে এবং সুখীভাবে জীবন অতিবাহিত করবে। কিন্তু যদি সৌন্দর্যের প্রতি নফসানি আকর্ষণ থেকে ভালোবাসা হয়, তাহলে সেই ভালোবাসা দ্রুত নষ্ট হয়ে যায় এবং পারস্পরিক আচরণের সৌন্দর্যও নষ্ট করে ফেলে। পিতা-মাতার প্রতি ভালোবাসা, যেহেতু তা আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য হয়, তাই তা একই সঙ্গে ইবাদতও বটে। এবং তারা বৃদ্ধ, তুমি তাদের প্রতি আরও বেশি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করবে। সর্বোচ্চ অনুভূতি ও পুরুষোচিত এক আন্তরিকতায়, তাদের দীর্ঘায়ু কামনা করবে, তাদের বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে দুআ করবে, যাতে তাদের মাধ্যমে আরও বেশি সওয়াব অর্জন করতে পারে। এই নিয়তে তাদের হাত শ্রদ্ধার সাথে চুম্বন করো, এক মহিমান্বিত আত্মিক আনন্দ লাভ করবে।কিন্তু যদি সেই ভালোবাসা নফসানি এবং দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে হয়, তবে বয়সে উপনীত হলে তাদের বৃদ্ধ তোমার কাছে বোঝা মনে হবে, তখন সবচেয়ে নীচ ও ঘৃণ্য এক অনুভূতিতে তাদের অস্তিত্ব ভারী মনে করা, এমনকি জীবনদাতা ওই সম্মানিত ব্যক্তিদের মৃত্যুকামনা করা। এটি এক ভয়াবহ, দুঃখময় ও আত্মিক যন্ত্রণা।সন্তানদের প্রতি ভালোবাসা হলো, আল্লাহ তায়ালা তোমার তত্ত্বাবধান ও লালনপালনের জন্য যেসব স্নেহময়, আপনজনসদৃশ সৃষ্টিকে তোমার হাতে অর্পণ করেছেন, তাদের ভালোবাসা। এটি এক সুখময় ভালোবাসা, এক নিয়ামত। এতে তুমি না তাদের বিপদে অতিরিক্ত কষ্ট পাও, না তাদের মৃত্যুর কারণে হতাশার আর্তনাদ করো। কারণ পূর্বেই বলা হয়েছে, তাদের সৃষ্টিকর্তা যেমন হাকিম, তেমনই রহিম। তাই তুমি বলো, তাদের জন্য মৃত্যু আসলে একধরনের সুখ। আর তোমার দৃষ্টিতে তাদের তোমাকে দানকারী আল্লাহ তায়ালার রহমতকে স্মরণ করে বিচ্ছেদের কষ্ট থেকে মুক্তি পাও। বন্ধুদের প্রতি ভালোবাসা যদি “আল্লাহ তায়ালার জন্য” হয়, তবে সেই বন্ধুদের বিচ্ছেদ, এমনকি মৃত্যু পর্যন্ত তোমাদের আত্মিক বন্ধন ও ভ্রাতৃত্বকে বাধাগ্রস্ত করতে পারে না। তুমি সেই আধ্যাত্মিক ভালোবাসা ও রুহানি সংযোগ থেকে উপকৃত হতে থাকো এবং সাক্ষাতের আনন্দ চিরস্থায়ী হয়। কিন্তু যদি “আল্লাহ তায়ালার জন্য” না হয়, তবে এক দিনের সাক্ষাতের আনন্দ শত দিনের বিচ্ছেদের দুঃখ ডেকে আনে। নবি ও আউলিয়াদের প্রতি ভালোবাসা এমন এক ভালোবাসা, যার ফলে গাফিল মানুষের চোখে অন্ধকার ও ভয়াবহ বলে মনে হওয়া বারজাখের জগৎ, ওই নুরানি ব্যক্তিদের অস্তিত্বের আলোয় আলোকিত এক শান্তিময় নিবাসরূপে প্রতীয়মান হয়। তাই সেই জগতে যাওয়া আতঙ্কের বিষয় হয় না; বরং সেখানে যাওয়ার প্রতি এক আকর্ষণ ও আকুলতা জন্মায়। এতে পার্থিব জীবনের আনন্দও নষ্ট হয় না। কিন্তু যদি সেই ভালোবাসা গাফিল মানুষের বা সভ্যতার পূজারিদের বিখ্যাত ব্যক্তিদের প্রতি সাধারণ ভালোবাসার মতো হয়, তবে সেই পরিপূর্ণ মানুষদের বিচ্ছেদ, ফানি হয়ে যাওয়া এবং অতীত নামক মহাকবরস্থানে মিশে যাওয়ার ভাবনা, জীবনের দুঃখের সাথে আরও গভীর কষ্ট যোগ করে, তখন মানুষ ভাবে “এত মহান ব্যক্তিরাও যেহেতু কবরস্থানে মিশে যায়, আমিও একদিন সেখানে যাব।” এমন চিন্তায় সে কবরস্থানের দিকে উদ্বেগভরা দৃষ্টিতে তাকায় এবং গভীর দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু ঈমানের আলো দিয়ে দেখলে, ওই মহান ব্যক্তিরা তাদের দেহরূপী পোশাক অতীতে ফেলে রেখে ভবিষ্যতের এক অপেক্ষাগৃহ বারজাখ জগতে পরম প্রশান্তিতে অবস্থান করছেন, এমন চিন্তা জন্মায়। তখন কবরস্থান তার কাছে ভয়ানক নয়; বরং সান্ত্বনাদায়ক ও পরিচিত এক জগৎ হয়ে ওঠে। আর সুন্দর জিনিসের প্রতি ভালোবাসা যদি তাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে হয়। অর্থাৎ “কী সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে” এই অনুভূতিতে হয়, তবে সেই ভালোবাসা এক মধুর চিন্তা ও গভীর তাফাক্কুরে রূপ নেয়। এই ভালোবাসা মানুষের সৌন্দর্যপ্রিয়তা ও রূপানুরাগের দৃষ্টিকে আরও উচ্চ, আরও পবিত্র এবং হাজার গুণ সুন্দর সৌন্দর্যের ভান্ডারের দিকে উন্মুক্ত করে।কারণ, ওই সুন্দর সৃষ্ট বস্তুগুলো মানুষকে আল্লাহ তায়ালার কর্মসমূহের সৌন্দর্যের দিকে নিয়ে যায়; সেখান থেকে তাঁর নামসমূহের সৌন্দর্যে, তারপর তাঁর গুণাবলির সৌন্দর্যে এবং শেষ পর্যন্ত মহান ও অতুলনীয় সত্তার অপরিসীম সৌন্দর্যের দিকে হৃদয়ে একটি পথ খুলে দেয়। এভাবে এই ধরনের ভালোবাসা একদিকে আনন্দদায়ক, অন্যদিকে ইবাদতস্বরূপ এবং একই সঙ্গে গভীর তাফাক্কুর। যৌবনের প্রতি ভালোবাসা যদি আল্লাহ তায়ালার দানকৃত এক সুন্দর নিয়ামত হিসেবে হয়, তবে নিশ্চয়ই তুমি সেই যৌবনকে ইবাদতে ব্যয় করবে; নষ্ট আমোদ-প্রমোদে ডুবিয়ে তাকে ধ্বংস করবে না। সুতরাং ওই যৌবনে অর্জিত ইবাদতগুলোই তোমার ক্ষণস্থায়ী যৌবনের চিরস্থায়ী ফল হিসেবে পরিণত হবে।যখন তুমি বার্ধক্যে উপনীত হবে, তখন সেই যৌবনে করা সৎকর্ম ও ইবাদতের ফল তোমার হাতে থাকবে; আর যৌবনের ক্ষতি ও উচ্ছৃঙ্খলতা থেকে মুক্তি পাবে। একই সঙ্গে তুমি চিন্তা করবে যে, বার্ধক্যে তুমি আরও বেশি ইবাদতের তাওফিক ও আল্লাহ তায়ালার রহমতের যোগ্যতা অর্জন করেছ।গাফিল মানুষের মতো তুমি কয়েক বছরের ক্ষণস্থায়ী যৌবনের আনন্দের বিনিময়ে পঞ্চাশ বছর পরে “হায়! আমার যৌবন চলে গেছে” বলে আফসোস করবে না, যেমনিভাবে গাফিল এক ব্যক্তি কাঁদতে কাঁদতে বলেছিল: لَي۟تَ الشَّبَابَ يَعُودُ يَو۟مًا فَاُخ۟بِرَهُ بِمَا فَعَلَ ال۟مَشٖيبُ “হায়! যদি একদিন আমার যৌবন ফিরে আসত, তাহলে আমি তাকে জানাতাম যে, বার্ধক্য আমার সাথে কী আচরণ করেছে।” বসন্তের মতো অলংকৃত সৌন্দর্যময় প্রদর্শনীগুলোর প্রতি ভালোবাসা যদি আল্লাহ তায়ালার সৃষ্ট শিল্পকর্মের দর্শনের দৃষ্টিকোণ থেকে হয়, তবে বসন্ত চলে গেলেও সেই দর্শনের আনন্দ নষ্ট হয় না। কারণ, বসন্ত এক সোনালি অলংকৃত চিঠির মতো, যার অর্থ ও সৌন্দর্য তুমি সব সময়ই ভাবনার মাধ্যমে দেখতে পারো। তোমার কল্পনা আর সময়, দুটোই সিনেমার ফিতার মতো তোমাকে সেই দর্শনের আনন্দ অবিরামভাবে অনুভব করিয়ে যায় এবং বসন্তের অর্থ ও সৌন্দর্যকে তোমার জন্য বারবার নবীন করে তোলে। তখন তোমার ভালোবাসা দুঃখময় বা ক্ষণস্থায়ী হয় না; বরং তা আনন্দদায়ক ও শান্তিময় হয়। দুনিয়ার প্রতি ভালোবাসা যদি আল্লাহ তায়ালার জন্য হয়, তবে দুনিয়ার ভয়াবহ সৃষ্টি তোমার কাছে স্নেহশীল বন্ধুরূপে প্রতীয়মান হয়। কারণ, তুমি যদি দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র মনে করে ভালোবাসো, তবে দুনিয়ার প্রতিটি জিনিস থেকেই আখিরাতের জন্য উপকারী একেকটি পুঁজি ও ফল লাভ করতে পারবে। তখন না বিপদ তোমাকে ভীত করে, না বিচ্ছেদ ও ক্ষয় তোমাকে কষ্ট দেয়; বরং তুমি পূর্ণ প্রশান্তিতে সেই অতিথিশালারূপী দুনিয়াতে নির্দিষ্ট সময়ের জীবন অতিবাহিত করবে।কিন্তু যদি গাফিল লোকদের মতো দুনিয়াকে ভালোবাসো, তবে আমরা তোমাকে শতবার বলেছি যে, তুমি কষ্টদায়ক, ভারী, দম বন্ধ করা ও বিনাশের মুখে পতিত এক ফলহীন ভালোবাসার মধ্যে ডুবে যাবে। দেখো, কিছু প্রিয় জিনিসের প্রতি ভালোবাসা যদি কুরআনের দিকনির্দেশিত পথে হয়, তবে আমরা শতভাগ সৌন্দর্য থেকে শুধু এক ভাগ সৌন্দর্যকে উপস্থাপন করেছি। কিন্তু কুরআনের নির্দেশিত পথে না হলে শতভাগের এক ভাগ ক্ষতির ইশারা করেছি। এখন তুমি যদি এই প্রিয় ভালোবাসাগুলোর আখিরাতের জগতে, কুরআনুল হাকিমের স্পষ্ট আয়াতগুলোর ফলাফল শুনতে ও বুঝতে চাও, তবে আমরা এখন ওই বৈধ ভালোবাসাগুলোর পারলৌকিক ফলাফলকে একটি ভূমিকাসহ নয়টি “ইশারাতে”-এর মাধ্যমে শতভাগ থেকে একটিকে সংক্ষেপে তুলে ধরব। ভূমিকা আল্লাহ তায়ালা তাঁর মহিমান্বিত উলুহিয়াতের জ্যোতিতে, সুন্দর রহমতের অনুগ্রহে, মহান রুবুবিয়াতের কর্তৃত্বে, উদার করুণা ও দয়ার সৌন্দর্যে, অপরিসীম শক্তি ও সূক্ষ্ম প্রজ্ঞার নিপুণতায় এই ক্ষুদ্র মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে, তাকে অসংখ্য অনুভূতি, ইন্দ্রিয়, অঙ্গপ্রত্যঙ্গ, যন্ত্র, নানা প্রকারের আধ্যাত্মিক গুণ ও সূক্ষ্ম মনোভাব দ্বারা সজ্জিত ও অলংকৃত করেছেন। এত সবকিছু তিনি এজন্য দিয়েছেন, যাতে মানুষ এই বহু রকমের যন্ত্র ও ইন্দ্রিয়ের মাধ্যমে তাঁর অসংখ্য নিয়ামতের বিভিন্ন ধরন, দানের প্রকারভেদ এবং রহমতের স্তরসমূহ অনুভব করতে, চিনতে, স্বাদ নিতে ও উপলব্ধি করতে পারে। আরও যাতে মানুষ আল্লাহ তায়ালার হাজারো নামের সীমাহীন প্রকাশ ও সৌন্দর্যকে ওই ইন্দ্রিয়সমূহের মাধ্যমে চিনতে, পরিমাপ করতে এবং ভালোবাসতে পারে। মানুষের শরীরে থাকা অসংখ্য অঙ্গপ্রত্যঙ্গ ও শক্তির প্রত্যেকটির আলাদা আলাদা দায়িত্ব, ইবাদত, আনন্দ, কষ্ট, কাজ এবং প্রতিদান রয়েছে। যেমন : চোখের কাজ হলো দৃশ্যমান জগতের সৌন্দর্য দেখা এবং আল্লাহ তায়ালার ক্ষমতার বিস্ময়কর নিদর্শনসমূহ পর্যবেক্ষণ করা। তার দায়িত্ব হলো চিন্তাশীল দৃষ্টিতে সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানানো। দেখার আনন্দ ও কষ্ট সবারই জানা ও ব্যাখ্যার প্রয়োজন নেই। কানের কাজ হলো বিভিন্ন ধরনের শব্দ ও মধুর সুর শুনে আল্লাহ তায়ালার রহমতের কোমল সৌন্দর্য অনুভব করা। এরও নিজস্ব ইবাদত, আনন্দ ও প্রতিদান রয়েছে। ঘ্রাণশক্তি নানা সুগন্ধির মাধ্যমে আল্লাহ তায়ালার রহমতের সূক্ষ্ম সৌন্দর্য অনুভব করে। এরও একটি নিজস্ব কৃতজ্ঞতার দায়িত্ব ও আনন্দ আছে, নিশ্চয়ই প্রতিদানও রয়েছে। জিহ্বার স্বাদ গ্রহণ শক্তি নানা খাবারের স্বাদ বুঝে আধ্যাত্মিক কৃতজ্ঞতার সঙ্গে দায়িত্ব পালন করে ইত্যাদি। এইভাবে মানুষের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ এবং হৃদয়, বুদ্ধি ও আত্মার মতো গুরুত্বপূর্ণ সূক্ষ্ম ক্ষমতাগুলোরও আলাদা আলাদা দায়িত্ব, আনন্দ ও কষ্ট রয়েছে।অতএব, আল্লাহ তায়ালা, যিনি পরম প্রজ্ঞাময় ও সর্বশক্তিমান, মানুষকে যে অসংখ্য অঙ্গপ্রত্যঙ্গ ও ইন্দ্রিয়ের ব্যবহার করিয়েছেন, অবশ্যই তিনি প্রতিটি ইন্দ্রিয়ের জন্য উপযুক্ত প্রতিদান প্রদান করবেন। পূর্বে বর্ণিত সেই বহু প্রকারের ভালোবাসার পার্থিব ফলাফল মানুষ নিজের বিবেকের মাধ্যমে অনুভব করে এবং সঠিক অন্তর্দৃষ্টির দ্বারা তার সত্যতা প্রমাণিত হয়।আর পরকালের ফলাফলসমূহ তাদের অস্তিত্ব ও বাস্তবতা নিশ্চিতভাবে “দশম কালিমা”-এর বারোটি হাকিকত এবং “উনত্রিশতম কালিমা”-এর ছয়টি মৌলিক আলোচনার মাধ্যমে প্রমাণিত হয়েছে। বিস্তারিতভাবে তা আবার কুরআনুল হাকিমের স্পষ্ট আয়াতের ব্যাখ্যা, ইঙ্গিত ও ইশারাগুলো নিঃসন্দেহে সুদৃঢ়। অতএব আরও দীর্ঘ প্রমাণের প্রয়োজন নেই। কারণ, অন্য কালিমাগুলোতে, বিশেষ করে জান্নাত সম্পর্কিত “আটাশতম কালিমা”-এর আরবি দ্বিতীয় অধ্যায়ে এবং “উনত্রিশতম কালিমা”এতে অনেক প্রমাণ উপস্থাপিত হয়েছে। اَصْدَقُ الْكَلَامِ وَاَبْلَغُ النِّظَامِ كَلَامُ اللّٰهِ الْمَلِكِ الْعَزِيزِ الْعَلَّامِ প্রথম ইশারা : সুস্বাদু খাবার ও মনোরম ফলের প্রতি কৃতজ্ঞচিত্তে বৈধ ভালোবাসার আখিরাতের ফলাফল হলো, কুরআনের স্পষ্ট ঘোষণা অনুসারে, জান্নাতের উপযোগী করে প্রস্তুতকৃত সুস্বাদু খাবার ও সুন্দর ফলসমূহ। এবং সেই ফল ও খাবারের প্রতি আকুল ভালোবাসা। এমনকি দুনিয়ায় কোনো ফল খাওয়ার পর যদি তুমি “আলহামদুলিল্লাহ” বলো, সেই কৃতজ্ঞতার শব্দ জান্নাতে এক ফলরূপে রূপান্তরিত হয়ে তোমার সামনে উপস্থাপিত হবে। এখানে তুমি ফল খাও, আর সেখানে “আলহামদুলিল্লাহ” খাবে। কারণ, তুমি সেই নিয়ামত ও খাদ্যের মধ্যে আল্লাহ তায়ালার অনুগ্রহ ও রহমানের স্নেহ অনুভব করেছিলে। তাই ওই আধ্যাত্মিক কৃতজ্ঞতার স্বাদ জান্নাতে এক অতুলনীয় সুস্বাদু খাদ্যরূপে তোমাকে দান করা হবে। যা হাদিসের স্পষ্ট বর্ণনা, কুরআনের ইঙ্গিত এবং আল্লাহ তায়ালার হিকমত ও রহমতের আবশ্যকতার দ্বারা নিশ্চিতভাবে প্রমাণিত। দ্বিতীয় ইশারা : দুনিয়ায় বৈধ সীমার মধ্যে নিজের নফসকে ভালোবাসা, অর্থাৎ তার সৌন্দর্যের জন্য নয়; বরং তার ত্রুটিগুলো দেখে তা সংশোধন করার দয়া ও মমতার কারণে তাকে শিষ্টাচারে গড়ে তোলা এবং সৎপথে চালিত করার ফলাফল হলো আল্লাহ তায়ালা সেই নফসের উপযুক্ত প্রিয় জিনিসগুলো জান্নাতে প্রদান করবেন। যেহেতু সেই নফস দুনিয়ায় নিজের ইচ্ছা ও প্রবৃত্তিকে আল্লাহ তায়ালার রাস্তায় সুন্দরভাবে ব্যবহার করেছে; নিজের ইন্দ্রিয় ও অঙ্গপ্রতঙ্গসমূহকে সঠিকভাবে কাজে লাগিয়েছে, তাহলে কারিম-ই মুতলাক আল্লাহ তায়ালা, ওই দুনিয়ার বৈধ ও ইবাদতনিষ্ঠ ভালোবাসার প্রতিদান হিসেবে, জান্নাতে তাকে জান্নাতের সত্তর প্রকার অলংকার ও সৌন্দর্যের নমুনাস্বরূপ সত্তর রকমের পোশাক পরিয়ে দেবেন। নফসের প্রতিটি অনুভূতিকে তৃপ্ত ও আনন্দিত করার জন্য সত্তর প্রকারের সৌন্দর্যে তার দেহকে সজ্জিত করবেন। এবং প্রতিটি সৌন্দর্য, যেন আত্মাসম্পন্ন ক্ষুদ্র একেকটি জান্নাত, সেরূপ রূপে হুরিদের দান করবেন। এ কথা বহু কুরআনি আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত ও বর্ণিত হয়েছে। আর দুনিয়ায় যৌবনের প্রতি ভালোবাসা, অর্থাৎ ইবাদতের মধ্যে যৌবনের শক্তি ব্যয় করার ফলাফল হলো জান্নাতে চিরস্থায়ী এক যৌবন। তৃতীয় ইশারা : জীবনসঙ্গিনীর প্রতি বৈধ সীমার মধ্যে অর্থাৎ তার কোমল মমতা, সুন্দর চরিত্র ও উত্তম স্বভাবের কারণে আন্তরিক ভালোবাসা পোষণ করা এবং তাকে অবাধ্যতা ও অন্য পাপ থেকে রক্ষা করার পরিণতি হলো, পরম দয়ালু আল্লাহ সেই জীবনসঙ্গিনীকে জান্নাতে হুরিদের থেকেও অধিক সুন্দর, অধিক অলংকৃত ও অধিক আকর্ষণীয় রূপে তাকে প্রদান করবেন। সেই দারুস-সাআদাহতে তিনি তাকে এমন এক চিরস্থায়ী জীবনসঙ্গিনী হিসেবে দান করবেন, যে তার সাথে দুনিয়ার পুরোনো স্মৃতিগুলো আনন্দের সাথে স্মরণ করবে, অতীতের সুখময় স্মৃতিগুলো পারস্পরিকভাবে আলোচনা করবে এবং চিরদিনের জন্য আন্তরিক, কোমল, অনন্তসঙ্গী, ভালোবাসার ও প্রিয়তম সাথি হিসেবে থাকবে এবং আল্লাহ তায়ালা যেহেতু এই প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই তিনি তা অবশ্যম্ভাবীভাবে পূর্ণ করবেন। চতুর্থ ইশারা : পিতা-মাতা ও সন্তানদের প্রতি বৈধ ভালোবাসার ফলাফল হলো, কুরআনের স্পষ্ট বাণী অনুসারে, পরম দয়ালু ও সর্বাধিক করুণাময় আল্লাহ তায়ালা (তাদের মর্যাদা ও অবস্থান ভিন্ন হলেও) সেই সুখী পরিবারকে জান্নাতে বিশুদ্ধ ও নিখাদ এক সান্নিধ্যের আনন্দ দান করবেন। তিনি তাদের জান্নাতের উপযুক্ত সুন্দর আচার-আচরণের রূপে চিরস্থায়ী সাক্ষাৎ ও মিলনের অনন্ত সুখ প্রদান করবেন।আর যারা পনেরো বছর বয়সে পৌঁছার আগেই, অর্থাৎ বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ করেছে, তাদেরকে কুরআনে وِلْدَانٌ مُخَلَّدُونَ বলে বর্ণনা করা হয়েছে। সেই শিশুদের জান্নাতে অত্যন্ত সুশোভিত, স্নেহময় ও আকর্ষণীয়রূপে তাদের পিতা-মাতার কোলে ফিরিয়ে দেওয়া হবে। এতে তাদের সন্তানস্নেহ বা পিতৃ-মাতৃসুলভ মমতা পূর্ণ তৃপ্তি পাবে এবং সেই চিরন্তন আনন্দ ও ভালোবাসার স্বাদ তারা উপভোগ করবে। কারণ শিশুরা যেহেতু বালেগ হয়নি, তখন তারা জান্নাতে চিরকাল প্রিয় ও স্নেহময় শিশু হিসেবেই থাকবে। দুনিয়ার প্রতিটি আনন্দদায়ক জিনিসের সর্বোত্তম রূপ জান্নাতে থাকবে; কিন্তু একটি বিষয় অত্যন্ত মিষ্টি ও হৃদয়গ্রাহী সন্তানস্নেহ, অর্থাৎ নিজের সন্তানকে ভালোবাসা ও আদর করার আনন্দ। যেহেতু জান্নাতে প্রজনন নেই, তাই অনেকে মনে করত এই আনন্দ জান্নাতে থাকবে না।কিন্তু এই আয়াত প্রমাণ দেখাচ্ছে যে, ওই আনন্দও জান্নাতে থাকবে; বরং আরও অধিক মধুর ও সুন্দররূপে থাকবে। অতএব, যাদের সন্তানরা বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য এটি এক বিশাল শুভ সংবাদ। পঞ্চম ইশারা : দুনিয়ায় اَلْحُبُّ فِي اللّٰهِ নীতির ভিত্তিতে সৎ বন্ধুদের প্রতি ভালোবাসার ফলাফল হলো, কুরআনের বাণী অনুসারে জান্নাতে তারা একে অপরের মুখোমুখি সাজানো সোনালি আসনে عَلٰى سُرُرٍ مُتَقَابِلِينَ বসে থাকবে। সেখানে তারা আনন্দদায়ক, কোমল, সুন্দর ও মধুর ভঙ্গিতে দুনিয়ার স্মৃতি ও অতীত জীবনের ঘটনাগুলো একে অপরকে বলবে, আনন্দ করবে; কোনো বিচ্ছেদের কষ্ট থাকবে না, থাকবে নিখাদ ভালোবাসা ও সুখময় সান্নিধ্যের আনন্দ। এটি কুরআনের ঘোষণার মাধ্যমে নিশ্চিতভাবে প্রমাণিত।ষষ্ঠ ইশারা : নবি ও আউলিয়াদের প্রতি কুরআনের নির্দেশিত পদ্ধতিতে ভালোবাসার ফলাফল হলো, সেই নবি ও আউলিয়াদের সুপারিশ থেকে বারজাখে ও হাশরে উপকৃত হওয়ার পাশাপাশি, তাদের উচ্চমর্যাদা ও আধ্যাত্মিক ফয়েজ থেকে ভালোবাসার মাধ্যমে অংশীদার হওয়া।নিশ্চয়ই হাদিসের এই গোপন সত্য অনুযায়ী اَلْمَرْءُ مَعَ مَنْ اَحَبَّসাধারণ একজন মানুষও, যে মহান ব্যক্তিকে আন্তরিকভাবে ভালোবাসে, তার অনুগামী হিসেবে সেই মহান ব্যক্তির উচ্চমর্যাদার সান্নিধ্য লাভ করতে পারে। সপ্তম ইশারা : সুন্দর জিনিস ও বসন্তের প্রতি বৈধ ভালোবাসা, অর্থাৎ “কী সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে” এই দৃষ্টিভঙ্গিতে তাকানোর ভালোবাসার ফলাফল হলো, সেই দৃশ্যমান সৃষ্টির সৌন্দর্যের আড়ালে থাকা কাজগুলোর নিখুঁত শৃঙ্খলা ও সৌন্দর্য উপলব্ধি করা; আর কাজগুলোর এই সৌন্দর্যের আড়ালে থাকা আল্লাহ তায়ালার সুন্দর নামগুলোর ঝলক দেখা; সেই নামগুলোর পেছনে তাঁর গুণাবলির প্রকাশ উপলব্ধি করা এবং এইভাবে ধাপে ধাপে ভালোবাসার মাধ্যমে সৃষ্ট সৌন্দর্যের অন্তরালে থাকা প্রকৃত সৌন্দর্য (আল্লাহ তায়ালার নাম ও গুণের অনন্ত জ্যোতি) চিনে ফেলা।এই ভালোবাসার চূড়ান্ত প্রতিদান হলো, চিরস্থায়ী জগতে সেই সুন্দর সৃষ্ট বস্তুগুলোর তুলনায় হাজার গুণ বেশি সুন্দররূপে আল্লাহ তায়ালার নামগুলোর ঝলক ও গুণাবলির সৌন্দর্যকে জান্নাতে প্রত্যক্ষ করা। এমনকি ইমাম-ই রব্বানি (রহিমাহুল্লাহ) বলেছেন।“জান্নাতের সৌন্দর্য ও সূক্ষ্ম আনন্দসমূহ আসলে আল্লাহ তায়ালার নামগুলোর ঝলকেরই রূপায়ণ।” চিন্তা করো, গভীরভাবে ভাবো! অষ্টম ইশারা : পার্থিব জগতের প্রতি তোমার বৈধ ভালোবাসা অর্থাৎ আখিরাতের শস্যক্ষেত্র এবং আসমাউল হুসনার তাজাল্লির আয়না পৃথিবীর চমৎকার দুটি দিক নিয়ে চিন্তাভাবনা করে পার্থিব জগৎকে ভালোবাসলে এর পরকালীন ফলাফল হিসেবে দেখতে পাবে যে, অচিরেই তোমাকে সমগ্র পৃথিবীসম জান্নাত দান করা হবে। তা কখনোই ধ্বংস হবে না; বরং চিরস্থায়ী অবিনশ্বর থাকবে। সেই জান্নাতের আয়নার মধ্যে আসমাউল হুসনার তাজাল্লি সুস্পষ্ট ও চমৎকারভাবে তোমার সামনে প্রকাশ করা হবে। এরই কিছু কিছু ক্ষীণ ছায়া তুমি পৃথিবীতে দেখতে পাও। পৃথিবী আখিরাতের শস্যক্ষেত্র এই হিসেবে পার্থিব জগৎকে ভালোবাসা অর্থাৎ পৃথিবী চারাগাছ বপন করার ছোট্ট একটি নার্সারি, যেই চারাগাছ আখিরাতে শিষ ছড়াবে এবং ফলবান হবে। এই হিসেবে পার্থিব জগৎকে ভালোবাসার ফলস্বরূপ দেখতে পাবে যে, এই ভালোবাসা সমগ্র পৃথিবীসম জান্নাতের ফলে পরিণত হবে, যার মধ্যে মানুষের পার্থিব সকল অনুভূতি ও ইন্দ্রিয় ছোটো ছোটো বীজের ন্যায় পূর্ণাঙ্গভাবে বিকশিত হবে এবং বর্ধিত হবে। এর মধ্যে সকল স্বাদ (আনন্দ ও পূর্ণতা) যোগ্যতার ধারক হিসেবে প্রাকৃতিক যোগ্যতার বীজগুলো শিষ ছড়াবে। এই ফলাফল আল্লাহর ব্যাপক রহমত এবং তাঁর নিরঙ্কুশ হেকমতের চাহিদা অনুযায়ী প্রমাণিত। এমনিভাবে এটা হাদিসের ভাষ্য এবং কুরআনুল কারিমের ইশারা অনুযায়ী প্রমাণিত।পার্থিব জগৎকে ভালোবাসার নিন্দিত দিক তথা যেই ভালোবাসা সকল গুনাহ ও ভুলের মূল, সেটার জন্য তুমি যেহেতু পার্থিব জগৎকে ভালোবাসো না; বরং তোমার ভালোবাসা পৃথিবীর অপর দুটি দিক তথা আখিরাত ও আসমাউল হুসনার অভিমুখী। এই দুটি কারণেই তুমি পার্থিব জগতের সাথে ভালোবাসার বন্ধন গড়ে তুলেছ এবং ইবাদতের নিয়তে সেই দুটি দিককে বর্ধিত করেছ, যেন তুমি পার্থিব জগতের মাধ্যমে ইবাদত করছ, সেহেতু আবশ্যক হলো, এই পার্থিব জগতের মাধ্যমে অর্জিত সওয়াবও সমগ্র পৃথিবী থেকে বিরাট ব্যাপক হবে। আর এটাই রহমতে ইলাহিয়াহ ও হেকমতে ইলাহিয়াহর চাহিদা অনুযায়ী হবে। আখিরাতকে ভালোবাসার দ্বারা, পার্থিব জগৎ আখিরাতের শস্যক্ষেত্র হওয়ার দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে ভালোবাসার দ্বারা এবং পার্থিব জগৎ আসমাউল হুসনার প্রকাশের আয়না হওয়ার দ্বারা যেহেতু এই ভালোবাসা অর্জিত হয়েছে, তাই কোনো সন্দেহ নেই এই ভালোবাসার বিনিময়ে পার্থিব পৃথিবী সমান জান্নাত প্রদান করা হবে। প্রশ্ন : এত বিশাল ও শূন্য এক জান্নাতের উপকার কী? উত্তর : যদি সম্ভব হতো তুমি কল্পনার গতিতে পৃথিবীর চারদিক ও গ্রহ নক্ষত্রগুলোতে বিচরণ করতে পারতে, তাহলে বলতে, “সমস্ত জগৎই আমার।” ফেরেশতা, মানুষ বা প্রাণীদের অংশগ্রহণ তোমার এই হুকুমকে ভঙ্গ করত না।তেমনিভাবে, সেই জান্নাতও সম্পূর্ণরূপে ভর্তি হলেও তুমি বলতে পারতে, “এই জান্নাত আমার।” হাদিসে বর্ণিত হয়েছে যে, কিছু জান্নাতবাসীকে “পাঁচশত বছরের জান্নাত” দেওয়া হবে। এই গোপন অর্থটি “আটাশতম কালিমায়” এবং “ইখলাস রিসালায়” বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। নবম ইশারা : ঈমান ও আল্লাহ তায়ালার প্রতি ভালোবাসার ফলাফল হলো, আবিষ্কার ও গভীর চিন্তার পথের আহলে কাশফ ও তাহকিকের ঐকমত্যের ভিত্তিতে প্রমাণিত যে, দুনিয়ার হাজার বছরের সুখী জীবনও জান্নাত জীবনের এক ঘণ্টার সমান নয়। আর জান্নাতের জীবনের হাজার বছরও আল্লাহ তায়ালার পরম পবিত্র, মহিমান্বিত, সৌন্দর্য ও পরিপূর্ণতার অধিকারী সত্তার এক ঘণ্টার দর্শনের সমান নয়। যেমন, কেউ হজরত সুলায়মান (আ.)-এর মহিমময় পরিপূর্ণতাকে দেখার প্রতি আকুল হয়, আবার কেউ হজরত ইউসুফ (আ.)-এর অতুলনীয় সৌন্দর্য দর্শনের প্রতি আকাঙ্ক্ষা পোষণ করে। এমন অনুভূতি প্রত্যেক মানুষই নিজের অন্তরে অনুভব করে। তাহলে চিন্তা করো, দুনিয়ার সমস্ত সৌন্দর্য ও পরিপূর্ণতার তুলনায় হাজার গুণ উচ্চতর জান্নাতের সমস্ত সৌন্দর্য ও পূর্ণতার উৎস সেই মহান সত্তা তথা আল্লাহ তায়ালার সৌন্দর্য ও পরিপূর্ণতার এক ঝলক দেখা কতটা আকর্ষণীয়, কতটা কাম্য ও হৃদয়-আকুল করা হবে! اَللّٰهُمَّ ار۟زُق۟نَا فِى الدُّن۟يَا حُبَّكَ وَ حُبَّ مَا يُقَرِّبُنَا اِلَي۟كَ وَ ال۟اِس۟تِقَامَةَ كَمَا اَمَر۟تَ وَ فِى ال۟اٰخِرَةِ رَح۟مَتَكَ وَ رُؤ۟يَتَكَ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّم۟ عَلٰى مَن۟ اَر۟سَل۟تَهُ رَح۟مَةً لِل۟عَالَمٖينَ وَ عَلٰى اٰلِهٖ وَ صَح۟بِهٖ اَج۟مَعٖينَ اٰمٖينَ Tenbih Şu sözün âhirinde uzun tafsilatı uzun görme; ehemmiyetine nisbeten kısadır, daha uzun ister. Bütün Sözlerde konuşan ben değilim. Belki işarat-ı Kur’aniye namına hakikattir. Hakikat ise hak söyler, doğru konuşur. Eğer yanlış bir şey gördünüz, muhakkak biliniz ki haberim olmadan fikrim karışmış, karıştırmış, yanlış etmiş.
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
Sözler
The Thirty-Second Word
উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus

