Asâ-yı Mûsâ

প্রথম পয়েন্ট

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

পরকালে বিশ্বাস মানবজীবনের (ব্যক্তি জীবন ও সামাজিক জীবনের) মূলভিত্তি, সুখ-সমৃদ্ধি ও পূর্ণতার অপরিহার্য উপাদান। আমরা শত শত প্রমাণের মধ্যে কেবল চারটির দিকে ইঙ্গিত করব।

§2

প্রথম প্রমাণ : মানবজাতির প্রায় অর্ধাংশই হলো শিশুরা। তারা কেবল জান্নাতের কথা চিন্তা করেই তাদের কাছে ভয়াবহ ও বেদনাদায়ক মনে হওয়া মৃত্যু ও মৃত্যুবিচ্ছেদগুলো সহ্য করতে পারে। সেই জান্নাতের ধারণাই তাদের অত্যন্ত দুর্বল ও কোমল দেহে একটি আধ্যাত্মিক শক্তি জোগায়। যেসব শিশু সামান্য কারণেই কাঁদতে শুরু করে এবং যাদের কোমল মানসিক গঠন সামান্য কষ্টেও ভেঙে পড়ে, তারা সেই “জান্নাতের বিশ্বাস” দ্বারা একটি আশার আলো পায় এবং আনন্দে জীবনযাপন করে।

§3

উদাহরণস্বরূপ, সে ভাবে ও বলে, “আমার ছোটো ভাই অথবা বন্ধু মারা গেছে, কিন্তু সে এখন জান্নাতের একটি পাখি হয়ে গেছে। সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, আমাদের চেয়ে অনেক সুন্দরভাবে বসবাস করছে।” অন্যথায় তাদের চারপাশে সমবয়সি শিশু ও প্রাপ্তবয়স্কদের মৃত্যুর দৃশ্য বারবার তাদের দুর্বল দৃষ্টির সামনে এসে পড়বে, যা তাদের মানসিক ও আত্মিক প্রতিরোধশক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। ফলে শুধু তাদের চোখ নয়; তাদের আত্মা, হৃদয় ও বুদ্ধির মতো সমস্ত সূক্ষ্ম ইন্দ্রিয়ও ক্রমাগত কাঁদবে। এমন অবস্থায় তারা হয় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, নয়তো বিভ্রান্ত ও হতভাগ্য এক পাগল প্রাণীতে পরিণত হবে।

§4

দ্বিতীয় প্রমাণ : মানবজাতির অর্ধাংশ বৃদ্ধরা। তারা কেবল “পরকালীন জীবন”-এর বিশ্বাসের মাধ্যমেই তাদের নিকটে অবস্থিত কবরের মুখোমুখি হওয়া সহ্য করতে পারে। এবং তাদের অত্যন্ত প্রিয় জীবন, যা অচিরেই নিভে যাবে এবং তাদের সুন্দর দুনিয়া, যা শীঘ্রই বন্ধ হয়ে যাবে। তার প্রতিদানে কেবল সেই পরকালীন জীবনের আশা থেকেই সান্ত্বনা পেতে পারে।আর যারা মানসিকভাবে শিশুসদৃশ হয়ে পড়েছেন। অত্যন্ত সংবেদনশীল, সহজেই কষ্ট পেয়ে দুঃখিত হওয়া প্রকৃতির সেই প্রবীণ আত্মাগণ, তাদের আত্মা ও মেজাজে মৃত্যু ও বিলুপ্তি থেকে উৎপন্ন বেদনাদায়ক ও ভয়াবহ হতাশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে কেবল “চিরন্তন জীবনের আশা”।

§5

অন্যথায় সেই দয়ালু সম্মানিত ব্যক্তিরা, যারা হৃদয়ের প্রশান্তি ও শান্ত জীবনের কঠোর প্রয়োজনীয়তায় আছেন। সেই উদ্বিগ্ন পিতা ও মাতারা এমন এক আত্মিক আর্তনাদ ও হৃদয় কাঁপানো অস্থিরতা অনুভব করতেন যে, এ পৃথিবী তাদের কাছে অন্ধকারাচ্ছন্ন এক কারাগার হয়ে যেত এবং জীবন নিজেই কঠোর এক যন্ত্রণায় রূপ নিত।

§6

তৃতীয় প্রমাণ : মানুষের সামাজিক জীবনের মূল ভরকেন্দ্র হলো যুবকরা। তাদের তীব্র উত্তেজনাপূর্ণ অনুভূতি এবং সীমালঙ্ঘনকারী প্রবৃত্তি ও কামনা, যা অত্যন্ত অতিরঞ্জিত ও সীমাহীন, তাদেরকে সীমালঙ্ঘন, অন্যায় ও ধ্বংস থেকে নিবৃত্ত করে এবং সমাজজীবনের সুন্দর ও সুশৃঙ্খল প্রবাহ নিশ্চিত করে, কেবল “জাহান্নামের বিশ্বাস”।

§7

যদি সেই জাহান্নামের চিন্তা ও ভয় না থাকত, তবে “জোর যার মুল্লুক তার” নীতির অধীনে সেই মাতাল যুবকেরা নিজেদের হঠকারী কামনার অনুসরণে দুর্বল ও অসহায়দের ওপর ঝাঁপিয়ে পড়ত; দুনিয়াকে জাহান্নামে পরিণত করত এবং মানবতার মহত্ত্বকে সর্বনিম্ন স্তরের এক পশুত্বে নামিয়ে আনত।

§8

চতুর্থ প্রমাণ : মানবজাতির পার্থিব জীবনে সবচেয়ে সংগঠিত কেন্দ্র, সবচেয়ে মূল চালিকাশক্তি এবং দুনিয়ার সুখের জন্য একটি জান্নাত, এক আশ্রয়স্থল, এক নিরাপদ দুর্গ হলো পারিবারিক জীবন। প্রত্যেক মানুষের ঘর তার জন্য ছোটো একটি পৃথিবী। সেই ঘর ও পারিবারিক জীবনের প্রাণ ও সুখ কেবলই আন্তরিক, গম্ভীর ও বিশ্বস্ত সম্মান এবং সত্যিকারের, স্নেহময় ও আত্মত্যাগপূর্ণ দয়ার মাধ্যমে সম্ভব। এই সত্যিকারের সম্মান ও আন্তরিক দয়া তখনই হতে পারে, যখন মনে এই বিশ্বাস থাকে যে, আমাদের সম্পর্ক কেবল এই দুনিয়ার কয়েক দিনের নয়; বরং চিরস্থায়ী এক বন্ধুত্ব, অনন্ত এক সঙ্গ এবং সীমাহীন এক জীবনে পিতা-সন্তান, ভাই-বোন ও বন্ধুর মতো সম্পর্কের ধারাবাহিকতা থাকবে।

§9

উদাহরণস্বরূপ কেউ বলে “এই আমার স্ত্রী, চিরস্থায়ী এক জগতে, চিরন্তন জীবনে আমার অনন্ত জীবনসঙ্গিনী। এখন যদি সে বৃদ্ধ ও কুৎসিত হয়ে পড়ে, তাতে কিছু আসে যায় না। কারণ, তার চিরন্তন সৌন্দর্য আসবে। এমন এক অনন্ত বন্ধুত্বের মর্যাদার জন্য আমি তার জন্য যেকোনো আত্মত্যাগ ও দয়া করতে প্রস্তুত।” এই বিশ্বাসের কারণে সে তার বৃদ্ধ স্ত্রীকে সুন্দর এক হুরির মতো ভালোবাসা, স্নেহ ও দয়ায় সাড়া দিতে পারে।

§10

কিন্তু যদি সম্পর্কটি সাময়িক হয়; মাত্র অল্প কিছু সময়ের বাহ্যিক সঙ্গের পরেই যদি চিরস্থায়ী বিচ্ছেদ এসে পড়ে, তবে সেই বন্ধুত্ব অবশ্যই হবে খুবই বাহ্যিক, অস্থায়ী ও ভিত্তিহীন, পশুর মতো শুধু জৈবিক আকর্ষণের অর্থে। তখন সেই সম্পর্ক থেকে কেবল এক মিথ্যা দয়া ও কৃত্রিম সম্মান জন্ম নেবে। আর যেমন পশুদের মধ্যে দেখা যায়, অন্য স্বার্থ ও প্রবল প্রবৃত্তিগুলো সেই সম্মান ও দয়াকে পরাজিত করে দেয়। ফলে সেই “দুনিয়ার জান্নাত” জাহান্নামে পরিণত হয়।

§11

হাশরে ঈমানের শত শত ফলাফলের মধ্যে একটি ফল মানুষের সামাজিক জীবনের সঙ্গে সম্পর্কিত। এই একমাত্র ফলাফলের শত শত দিক ও উপকারিতার মধ্যে ওপরে বর্ণিত চারটি প্রমাণের সঙ্গে অন্যান্য দিক তুলনা করা হলে স্পষ্টভাবে বোঝা যায় যে, হাশরের সত্যতা ও তার বাস্তব সংঘটন মানবতার উচ্চতর সত্য ও সামগ্রিক প্রয়োজনের স্তরে অবধারিত ও নিশ্চিত।বরং মানুষের পেটের ক্ষুধার অস্তিত্ব যেমন খাদ্যের অস্তিত্বের প্রমাণ ও সাক্ষ্য বহন করে, হাশরের বাস্তবতার অস্তিত্ব তার চেয়েও স্পষ্ট এবং তার সত্যতা আরও শক্তভাবে ঘোষণা করে।

§12

আর যদি এই হাশরের সত্যতার ফলাফল মানবতা থেকে বিলুপ্ত হয়ে যায়, তবে সেই মহান, মূল্যবান ও প্রাণবন্ত মানবসত্তা, নোংরা জীবাণুর বাসা এক মৃতদেহে পরিণত হবে, এই বাস্তবতা প্রমাণিত হবে।

§13

মানবসমাজের পরিচালনা, নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সমাজতাত্ত্বিক, রাজনীতিবিদ ও নৈতিক শিক্ষকদের কান যেন ঝনঝন করে! তারা আসুক, দেখুক এই শূন্যতা তারা কী দিয়ে পূরণ করতে পারে? এই গভীর ক্ষত তারা কী দিয়ে নিরাময় করতে পারে?

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters