হাশরের সত্যতার অসীম প্রমাণের মধ্যে, ঈমানের অন্যান্য স্তম্ভসমূহের সাক্ষ্য থেকে উদ্ভূত একটি প্রমাণকে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করা হয়েছে।
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
Asâ-yı Mûsâ
দ্বিতীয় পয়েন্ট
এভাবে হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের প্রমাণস্বরূপ (নবুয়তের) সমস্ত মুজিযা সমস্ত নবুওয়তের নিদর্শন এবং তাঁর সত্যতার সকল যুক্তি একত্রে হাশরের বাস্তব সত্যতার প্রমাণ বহন করে এবং তাকে প্রমাণিত করে।কারণ, এই মহান ব্যক্তির সমস্ত জীবনে তাঁর সমস্ত দাবি এক বিন্দুতে কেন্দ্রীভূত হাশর ও একত্ববাদ এবং সকল নবিকে সমর্থনকারী ও তাঁদের দ্বারা সমর্থিত সমস্ত মুজিযা ও প্রমাণ একই সত্যের সাক্ষ্য দেয়।
তদ্রূপ, وَبِرُسُلِهِ শব্দ থেকে উদ্ভূত সাক্ষ্য এবং তার পরিপূরক হিসেবে وَكُتُبِهِ শব্দ থেকে আসা সাক্ষ্য, উভয়ই একই সত্যকে স্পষ্টতার চূড়ান্ত পর্যায়ে প্রমাণ করে।
অর্থাৎ প্রথমেই “কুরআন-ই মুজিযুল বয়ান”-এর সত্যতার প্রমাণস্বরূপ এর সমস্ত মুজিযা, প্রমাণ ও বাস্তবতাগুলো একত্রে হাশরের সত্যতা এবং তার বাস্তব সংঘটনের প্রমাণ বহন করে। কারণ, কুরআনের প্রায় এক-তৃতীয়াংশ অংশই হাশর সম্পর্কিত এবং এর অধিকাংশ ছোটো ছোটো সূরার শুরুতেই অত্যন্ত শক্তিশালী হাশরসংক্রান্ত আয়াত রয়েছে। প্রকাশ্যভাবে ও ইঙ্গিতের মাধ্যমে হাজার হাজার আয়াত সেই একই সত্যের সংবাদ দেয়, প্রমাণ করে এবং প্রদর্শন করে। উদাহরণস্বরূপ:
❀ اِذَا الشَّمْسُ كُوِّرَتْ ❀ يَٓا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَىْءٌ عَظ۪يمٌ ❀ اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ❀ اِذَا السَّمَٓاءُ انْفَطَرَتْ ❀ اِذَا السَّمَٓاءُ انْشَقَّتْ ❀ عَمَّ يَتَسَٓاءَلُونَ ❀ هَلْ أَتٰيكَ حَد۪يثُ الْغَاشِيَةِ
এর মতো প্রায় ত্রিশ-চল্লিশটি সূরার শুরুতেই সম্পূর্ণ নিশ্চিতভাবে ঘোষণা করা হয়েছে যে, হাশরের সত্যতা সমগ্র সৃষ্টিজগতের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সত্য। এ ছাড়াও অন্যান্য অসংখ্য আয়াতও সেই সত্যের বিভিন্ন রকম প্রমাণ উপস্থাপন করে এবং মনকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করে।
তাহলে ভাবো তো, যে কিতাবের একটিমাত্র আয়াতের একটি ইঙ্গিতই আমাদের চোখের সামনে ইসলামি বিদ্যার অসংখ্য বৈজ্ঞানিক ও মহাজাগতিক বাস্তবতা প্রকাশ করছে, এমন হাজার হাজার সাক্ষ্য ও ঘোষণা, যা সূর্যের মতো প্রকাশ্য, সেই কিতাবের হাশর সম্পর্কিত ঈমানের দাবি কি কখনো মিথ্যা হতে পারে? সূর্যের অস্তিত্ব অস্বীকার করার চেয়েও বরং সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের অস্তিত্ব অস্বীকার করার মতোই অসম্ভব নয় কি? এটি শতগুণ অসম্ভব ও সম্পূর্ণ ভিত্তিহীন নয় কি?
আর ভাবো, যদি কোনো সুলতান একটিমাত্র ইঙ্গিতই মিথ্যা প্রমাণ না হতে দেওয়ার জন্য কোনো সেনাবাহিনীকে যুদ্ধে নামিয়ে দেয়, তবে সেই মহিমান্বিত ও মর্যাদাবান রাজাধিরাজের হাজার হাজার বাণী, প্রতিশ্রুতি ও সতর্কবার্তাগুলো মিথ্যা প্রমাণ করা কি কোনোভাবে সম্ভব? এটি কি বাস্তবতার পরিপন্থি নয়?
আরও ভাবো আধ্যাত্মিক সুলতান, যিনি তেরো শতাব্দী ধরে, অবিরত অসংখ্য আত্মা, বুদ্ধি, হৃদয় ও নফসকে সত্য ও ন্যায়ের পথে শিক্ষা দিয়েছেন, পরিচালনা করেছেন, শাসন করেছেন, তার একটিমাত্র ইঙ্গিতই যদি এমন এক মহান সত্যকে প্রমাণ করার জন্য যথেষ্ট হয়, তবে তিনি যখন হাজারো স্পষ্ট বক্তব্যের মাধ্যমে সেই হাশরের সত্যতাকে ঘোষণা ও প্রমাণ করেছেন, তখন সেই সত্যকে অস্বীকারকারী নির্বোধ ও অজ্ঞ ব্যক্তির জন্য জাহান্নামের শাস্তি কি ন্যায্য নয়? এটি কি ন্যায়বিচারেরই প্রকাশ নয়?
আরও যে সমস্ত আসমানি পুস্তক ও পবিত্র কিতাব; যেগুলো নিজ নিজ যুগ ও সময়ে প্রভাব বিস্তার করেছে, সেসব সমস্ত যুগ ও সময়ের জন্য শাসনকারী মহাগ্রন্থ কুরআনের বিশদ, ব্যাখ্যামূলক ও বারবার পুনরাবৃত্তি করা হাশর সত্যের বক্তব্যকে নিজ নিজ যুগে সংক্ষিপ্ত, অপ্রকাশিত ও সারগর্ভ ভাষায়, কিন্তু শক্তিশালী ভঙ্গিতে ঘোষণা ও প্রমাণ করেছে। তাদের এই ঘোষণা ও স্বীকৃতিগুলো কুরআনের দাবিকে হাজারো সিলমোহর ও স্বাক্ষর দিয়ে সত্য প্রমাণ করে।
এই আলোচনার পরিপ্রেক্ষিতে মোনাজাত রিসালার শেষাংশ اِيمَانٌ بِالْيَوْمِ الْاٰخِرِঈমানের এই স্তম্ভের প্রতি অন্যান্য স্তম্ভের বিশেষত রাসূলগণ ও কিতাবসমূহের সাক্ষ্যকে মোনাজাত আকারে তুলে ধরা হয়েছে। অতি শক্তিশালী ও সংক্ষিপ্ত এবং সকল অমূলক ধারণাকে দূরীভূতকারী হাশরের এই দলিলটি আলোচ্য বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক হওয়ায় এখানে হুবহু তুলে ধরা হলো এভাবে বলা হয়েছে, মোনাজাতে :
হে রব্বে রহিম! তোমার প্রিয়নবি হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা দ্বারা এবং মহান কুরআনের পাঠের মাধ্যমে আমি বুঝেছি যে, তোমার মহা গ্রন্থ কুরআন ও রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে সমস্ত পবিত্র কিতাবসমূহ এবং সকল নবিগণ ঐকমত্যের ভিত্তিতে সাক্ষ্য দেন যে, এই দুনিয়ায় ও সর্বত্র তোমার জালাল এবং জামাল নামের যেসব প্রতিফলন আমরা দেখতে পাই, সেগুলো আরও উজ্জ্বল ও পূর্ণভাবে চিরস্থায়ী পরকালীন জগতে অব্যাহত থাকবে। এবং এই ক্ষণস্থায়ী পার্থিব জীবনে যেসব দয়াময় অনুগ্রহের প্রকাশ আমরা দেখি ও অনুভব করি, তোমার সেই অনুগ্রহসমূহ চিরস্থায়ী সুখের আবাসে আরও দীপ্তিময় ও অবিরামভাবে প্রকাশ পাবে। এবং এই অল্প পার্থিব জীবনে তোমার সেই নাম ও অনুগ্রহসমূহকে প্রেম ও সান্নিধ্যের সঙ্গে উপভোগ করা তোমার অনুরাগী বান্দাগণ, চিরস্থায়ীতেও তোমার সঙ্গ ও নৈকট্যে থাকবে।
এ বিষয়ে সকল নবি ও পবিত্র কিতাবসমূহ ঐকমত্যের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ পেশ করে।আরও তোমার অসংখ্য স্পষ্ট মুজিযা ও দৃঢ় আয়াতসমূহের ভিত্তিতে, তোমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তোমার মহান কুরআনসহ সব নবি, যারা নুরানি রুহের অধিকারী, সব অলি যারা নুরানি রুহের অধিকারী কুতুব ও নেতা, সব সিদ্দিক ও সত্যবাদী, যারা জ্ঞানের আলো ও অন্তর্দৃষ্টির উৎস, তারা সবাই সাক্ষ্য দেন ও ঘোষণা করেন যে, তোমার সমস্ত আসমানি পুস্তকসমূহে এবং পবিত্র কিতাবসমূহে তুমি যে হাজারো প্রতিশ্রুতি ও সতর্কতা বারবার ঘোষণা করেছ, সেইসব প্রতিশ্রুতি ও সতর্কতা যেমন সত্য, তেমনই তোমার কুদরত, রহমত, ইনায়েত, হিকমত, জালাল ও জামাল, এসব পবিত্র গুণাবলি পরকালের অস্তিত্ব দাবি করে।আর তারা তোমার রুবুবিয়াতের মহিমা ও রুবুবিয়াতের সালতানাত মর্যাদার ওপর নির্ভর করে সাক্ষ্য দেয় যে, তাদের অসংখ্য আত্মিক অভিজ্ঞতা ও প্রত্যক্ষ দর্শন দ্বারা, তাদের ইলমাল ইয়াকিন, আইনুল ইয়াকিন ও হাক্কুল ইয়াকিন স্তরের ঈমান দ্বারা, তারা মানুষকে চিরন্তন সুখের জীবনের সুসংবাদ দিচ্ছে।তারা ঘোষণা করে, পথভ্রষ্টদের জন্য রয়েছে জাহান্নাম, আর সুপথপ্রাপ্তদের জন্য রয়েছে জান্নাত। তারা দৃঢ়ভাবে ঈমান এনে সাক্ষ্য দেয় এবং ঘোষণা করে।
হে কাদিরে হাকিম! হে রহমানুর রাহিম, হে সাদিকুল ওয়াদিল কারিম! সম্মান মহত্ত্ব ও পরাক্রমের অধিকারী হে কাহ্হারে জুল জালাল! তুমি কি কখনো তোমার এসব সত্যবাদী বন্ধুদের, তোমার প্রতিশ্রুতিগুলোকে এবং তোমার এত গৌরবময় সিফাত ও গুণাবলিকে মিথ্যা প্রমাণ করবে? তুমি কি কখনো তোমার রুবুবিয়াতের রাজত্ব নিশ্চিত দাবিগুলো অস্বীকার করবে? তুমি কি কখনো তোমার প্রিয় সেই অসংখ্য গ্রহণযোগ্য বান্দার যারা তোমার প্রতি ঈমান ও আনুগত্যের মাধ্যমে নিজেদের তোমার প্রিয় করে তুলেছে। তাদের সেই অসংখ্য দুআ ও আবেদন, যেগুলো আখিরাতের দিকে মুখ করে আছে, সেগুলো প্রত্যাখ্যান করবে? তুমি কি কখনো সেই পথভ্রষ্ট ও অবিশ্বাসীদের, যারা অবিশ্বাস ও বিদ্রোহের মাধ্যমে তোমার প্রতিশ্রুতিকে অস্বীকার করে, তোমার মহান মর্যাদাকে আঘাত করে, তোমার উলুহিয়াতের গৌরব ও করুণার কোমলতাকে স্পর্শ করে, তাদেরকে সমর্থন করবে? তুমি এর থেকে শতগুণ ঊর্ধ্বে এবং সম্পূর্ণভাবে পবিত্র ও মুক্ত! এমন সীমাহীন অন্যায় ও চরম কদর্যতার ধারণা থেকেও তুমি অনন্ত দূরে। তোমার সীমাহীন ন্যায়, সৌন্দর্য ও সীমাহীন করুণাকে আমরা সীমাহীনভাবে মহিমান্বিত ও পবিত্রতা ঘোষণা করি।
আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে ঈমান এনেছি যে, তোমার সেই অসংখ্য সত্যনিষ্ঠ দূতগণ এবং তোমার রাজত্বের সেই অসংখ্য সত্য প্রচারক নবি, অলি, আসফি ও সিদ্দিকগণ তাদের ইলমাল ইয়াকিন, আইনুল ইয়াকিন ও হাক্কুল ইয়াকিন স্তরের জ্ঞানে, তোমার পরকালের রহমতের ভান্ডারসমূহ, চিরস্থায়ী জগতের অনুগ্রহের ধনভান্ডারসমূহ এবং দারুস্-সাআদাতে সম্পূর্ণরূপে প্রকাশিত তোমার সুন্দর নামগুলোর বিস্ময়কর প্রতিফলনসমূহের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন, সেগুলো সত্য ও বাস্তব। তাদের নির্দেশনা সঠিক ও বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাদের সুসংবাদগুলো সত্য এবং বাস্তবেই সংঘটিত হবে।আর তারা সমস্ত সত্যের উৎস, সূর্য ও রক্ষক “হক” নামের সর্বোচ্চ এক নূরের প্রতিফলন যে হাশরের মহান বাস্তবতা, সেটিতে বিশ্বাস স্থাপন করে এবং তোমার আদেশে তোমার বান্দাদের হকের পথে শিক্ষা দেয়, সেই সত্যকে সত্যরূপে শিক্ষা ও প্রচার করে।
হে আমাদের রব! তাদের এই শিক্ষা ও দাওয়াতের মর্যাদা ও সম্মানের বিনিময়ে আমাদের ও রিসালে-ই নূরের ছাত্রদের পরিপূর্ণ ঈমান ও সুন্দর সমাপ্তি দান করো। আমাদেরকে তাদের সুপারিশের যোগ্য করো, আমিন!
যেমন কুরআনের এবং সব আসমানি কিতাবের সত্যতার প্রমাণকারী সব দলিল ও প্রমাণ এবং হাবিবুল্লাহ ও সব নবির নবুয়ত প্রমাণকারী সব মুজিযা ও যুক্তি অবশেষে তাদের সবচেয়ে বড়ো দাবি আখিরাতের অস্তিত্বের দিকেই নির্দেশ করে, তেমনই আল্লাহর অস্তিত্ব ও একত্বের সাক্ষ্যদানকারী সব প্রমাণ ও দলিল রুবুবিয়াত ও উলুহিয়াতের সর্বোচ্চ প্রকাশস্থল ও কেন্দ্র চির সুখের আবাস ও চিরস্থায়ী জগতের অস্তিত্বের দিকেও স্পষ্টভাবে সাক্ষ্য দেয়। কারণ, যেমন পরবর্তী স্থানে বিশদভাবে প্রমাণ করা হবে।
আল্লাহর অস্তিত্ব যেমন নিশ্চিত, তেমনই তাঁর সব গুণাবলি, অধিকাংশ নাম, রুবুবিয়াত, উলুহিয়াত, রহমত, হিকমত, আদালত এসব গুণাবলি অপরিহার্যভাবে আখিরাতকে দাবি করে, চিরস্থায়ী এক জগতের অস্তিত্বকে অপরিহার্য করে তোলে এবং পুরস্কার ও শাস্তির বাস্তবতা নিশ্চিত করার জন্য হাশর ও পুনর্জাগরণকেও অপরিহার্য করে তোলে। অতএব, যেহেতু এক অনাদি ও অনন্ত আল্লাহ আছেন, তাই তাঁর চিরস্থায়ী রাজত্বের কেন্দ্র হিসেবে এক আখিরাতের জগৎও আছে।
এবং যেহেতু এই বিশ্বে ও জীবজগতে অপরিসীম জাঁকজমকপূর্ণ, জ্ঞানপূর্ণ ও দয়াময় এক শাসনব্যবস্থা বিদ্যমান, অবশ্যই এমন এক চিরস্থায়ী সুখের আবাস থাকবে, যা সেই শাসনের জাঁকজমককে অপমান থেকে, প্রজ্ঞাকে অর্থহীনতা থেকে এবং দয়াকে অকৃতজ্ঞতা থেকে রক্ষা করবে।
আর যেহেতু আমরা চোখে দেখি অসংখ্য অনুগ্রহ, দয়া, উদারতা ও করুণা। এগুলো পর্দার আড়ালে থাকা এক দয়ালু, রহমানুর রহিম সত্তার উপস্থিতি সমস্ত জাগ্রত বুদ্ধি ও জীবিত হৃদয়কে দেখিয়ে দেয়, তাহলে অবশ্যই এমন এক চিরন্তন জীবন থাকবে, যেখানে অনুগ্রহ উপহাসে পরিণত হবে না, দয়া প্রতারণা হবে না, অনুগ্রহ শত্রুতা হবে না, দয়া শাস্তি হবে না, উদারতা অপমান হবে না; বরং সেখানে অনুগ্রহ প্রকৃত অনুগ্রহ হবে, নিয়ামত প্রকৃত নিয়ামত হবে। এমন এক চিরস্থায়ী জগৎ অবশ্যই থাকবে এবং বাস্তবে হবে।
আর যেহেতু বসন্তে আমরা দেখি পৃথিবীর ক্ষুদ্র পৃষ্ঠায় কোনো ভুল ছাড়াই শক্তির কলম একসঙ্গে শত-সহস্র জীবনের বই লেখে এবং ক্লান্ত না হয়ে কাজ করে; আর সেই কলমের মালিক বারবার প্রতিশ্রুতি দিয়েছেন “এই সংকীর্ণ ও জটিল দুনিয়ার পৃষ্ঠায় লিখিত এই বসন্তের বইয়ের চেয়ে অনেক সহজভাবে এক বিস্তৃত ও চিরস্থায়ী জগতে আমি এক সুন্দর ও অবিনশ্বর কিতাব লিখব এবং তোমাদের তা পড়াব।” সমস্ত আসমানি আদেশে সেই বইয়ের ঘোষণা রয়েছে। অতএব নিশ্চয়ই সেই কিতাবের মূল ইতোমধ্যে লেখা হয়েছে, পুনরুত্থান ও পুনর্জীবনের মাধ্যমে তার পরিশিষ্টও লেখা হবে এবং সমস্ত মানুষের আমলনামা সেখানে সংরক্ষিত থাকবে।
আর যেহেতু এই পৃথিবী অসংখ্য সৃষ্টির আবাসস্থল, অবিরত পরিবর্তনশীল শত শত জীব প্রজাতির জন্মস্থান, কারখানা, প্রদর্শনী ও সমাবেশস্থল। এই কারণে সমগ্র সৃষ্টিজগতের হৃদয়, কেন্দ্র, সারাংশ, ফলাফল ও সৃষ্টির উদ্দেশ্য হিসেবে অপরিসীম মর্যাদার অধিকারী; এর ক্ষুদ্রতা সত্ত্বেও তা বিশাল আকাশমণ্ডলের সমান ওজন পেয়েছে। আসমানি ফরমানগুলোতে সর্বদা বলা হয়েছে: رَبُّ السَّمٰوَاتِ وَالْاَرْضِ
আর যেহেতু এই পৃথিবী তার প্রতিটি স্থানে শাসনকারী, অধিকাংশ সৃষ্টির ওপর কর্তৃত্বকারী, অধিকাংশ জীবকে নিজের চারপাশে সমবেত করা এক মানবজাতিকে ধারণ করছে। যারা তাদের প্রবৃত্তি ও প্রয়োজনের নিয়ম অনুযায়ী সৃষ্টিজগতের অসংখ্য কীর্তিকে সুন্দরভাবে বিন্যস্ত, প্রদর্শিত ও অলংকৃত করেছে এবং এমন বিস্ময়করভাবে শিল্পের নানা রকম নকশা একত্রে সংরক্ষণ করেছে যে, তা শুধু মানুষ ও জিন নয়; বরং আকাশবাসী ও সমগ্র সৃষ্টিজগতের মনোযোগ, প্রশংসা ও সৃষ্টিকর্তার সন্তুষ্টি আকর্ষণ করে। ফলে মানবজাতি এই মর্যাদার কারণে এই সৃষ্টিজগতের সৃষ্টির উদ্দেশ্য, সর্বোচ্চ ফলাফল, সর্বাধিক মূল্যবান ফল এবং পৃথিবীর প্রতিনিধি, এটি তাদের জ্ঞান ও শিল্পের মাধ্যমেও প্রমাণিত। এবং মানবজাতি যারা অবাধ্যতা ও অবিশ্বাস সত্ত্বেও সৃষ্টিকৌশলের সৌন্দর্য দুনিয়ায় প্রদর্শন করছে, তারা এখানে অস্থায়ীভাবে অবকাশ পাচ্ছে, তাদের শাস্তি বিলম্বিত হচ্ছে। কারণ, তারা সৃষ্টিকর্তার এই শিল্পের পরিচয় প্রকাশের দায়িত্ব পালন করছে।
আর যেহেতু এমন প্রকৃতির মানবজাতি স্বভাব ও সৃষ্টির দিক থেকে অত্যন্ত দুর্বল ও অক্ষম; চরম দুর্বলতা ও অভাবের সঙ্গে সঙ্গে অসীম প্রয়োজন ও কষ্টভোগ থাকা সত্ত্বেও তার সমস্ত শক্তি ও ইচ্ছার সীমার অনেক ঊর্ধ্বে থেকে, বিশাল পৃথিবীকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যে, মানবজাতির প্রয়োজনীয় প্রত্যেক প্রকার খনিজের জন্য পৃথিবীকে এক বিশাল ভান্ডার, প্রত্যেক প্রকার খাদ্যের জন্য এক ভরপুর গুদামঘর এবং মানুষের রুচি ও আনন্দের উপযোগী প্রতিটি বস্তুতে পরিপূর্ণ এক বিপণি বিতানরূপে সাজানো হয়েছে।এমন এক শক্তিশালী, প্রজ্ঞাময় ও দয়াময় শাসক আছেন। যিনি এই মানবজাতির প্রতি দৃষ্টি রাখছেন, তাদের লালন করছেন, তাদের প্রয়োজনীয় জিনিস দিচ্ছেন, যা তারা চায়, তা দান করছেন।
আর যেহেতু এই সত্যিকার রব মানুষকে ভালোবাসেন, মানুষকেও নিজের প্রেমে অভ্যস্ত করেন; তিনি চিরস্থায়ী তথা বাকি, তাঁর চিরস্থায়ী জগৎসমূহও আছে; তিনি ন্যায়ের সঙ্গে সব কাজ পরিচালনা করেন, প্রজ্ঞার সঙ্গে সবকিছু সম্পন্ন করেন। এবং এই ক্ষণস্থায়ী পার্থিব জীবনে, এই স্বল্প মানবজীবনে, এই অস্থায়ী ও নশ্বর পৃথিবীতে সেই হাকিমে আজালি রাজকীয় জাঁকজমক ও চিরস্থায়ী শাসনব্যবস্থা সম্পূর্ণভাবে প্রতিফলিত হতে পারে না।
আর মানবজাতির ভেতরে ঘটে যাওয়া অসংখ্য বড়ো বড়ো অন্যায়, অবাধ্যতা, যা সৃষ্টিজগতের শৃঙ্খলা, ন্যায় ও ভারসাম্য এবং সৌন্দর্যের পরিপন্থি। যেমনিভাবে তারা তাদের পরম উপকারীর প্রতি অকৃতজ্ঞতা, যিনি দয়াপূর্ণভাবে তাদের লালন করেন। তাঁর প্রতি অবমাননা, অস্বীকার ও অবিশ্বাস প্রদর্শন করে, তবুও এই দুনিয়ায় কোনো শাস্তি পায় না; অত্যাচারী জালিমরা স্বাচ্ছন্দ্যে জীবন কাটায়, আর অসহায় মজলুমরা দুঃখ-কষ্টে জীবন পার করে। কিন্তু সমগ্র সৃষ্টিজগতে যার প্রভাব দৃশ্যমান, সেই পরম ন্যায়বিচারের প্রকৃতি এমন যে, যদি পুনরুত্থান না ঘটে, তবে সেই জালিম ও মজলুম উভয়ের মৃত্যুর মধ্যে সমতা তাঁর ঐশ্বরিক ন্যায়বিচারের সম্পূর্ণ বিপরীত হবে; এটি ন্যায়বিচারের স্বভাবের পরিপন্থি, এমন সমতাকে তিনি কখনো মেনে নিতে পারে না।
আর যেহেতু সৃষ্টিজগতের মালিক সৃষ্টির মধ্য থেকে পৃথিবীকে নির্বাচন করেছেন এবং পৃথিবী থেকে মানবজাতিকে বেছে নিয়ে তাদেরকে এক মহান পদমর্যাদা ও গুরুত্ব দান করেছেন; তেমনই মানবজাতির মধ্য থেকেও যারা তাঁর রুবুবিয়াতের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, যারা ঈমান ও আত্মসমর্পণের মাধ্যমে নিজেদের প্রিয় করে তুলেছে, তাদের মধ্য থেকে সত্যিকারের মানুষদের বেছে নিয়েছেন, তাদের নবি, অলি, আসফিয়া বানিয়েছেন; তাদেরকে বন্ধু ও কথোপকথনের সঙ্গী করেছেন; তাদেরকে মুজিযা ও সাফল্যের মাধ্যমে সম্মানিত করেছেন; আর তাদের শত্রুদেরকে আসমানি চপেটায়াতের মাধ্যমে শাস্তি দেন।
এই সম্মানিত ও প্রিয় বন্ধুদের মধ্য থেকে তাদের ইমাম ও গৌরব হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বেছে নিয়েছেন; যিনি পৃথিবীর অর্ধাংশকে এবং মানবজাতির এক-পঞ্চমাংশকে দীর্ঘ শতাব্দী ধরে তাঁর নূরে নূরান্বিত করেছেন। যেন সমগ্র সৃষ্টি তাঁর জন্যই সৃষ্টি হয়েছে; সমস্ত উদ্দেশ্য তাঁর মাধ্যমেই, তাঁর ধর্ম ও কুরআনের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
এবং সেই মহামূল্যবান নবি, যিনি এমন অসীম মর্যাদার অধিকারী, যিনি অসীম সময় ধরে বেঁচে থেকে তাঁর অসংখ্য খেদমতের প্রতিদান পেতে যোগ্য ছিলেন, তাঁকে শুধু তেষট্টি বছরের একটি স্বল্প ও কষ্টময় জীবন প্রদান করা হয়েছে, যা সংগ্রাম ও ত্যাগে পরিপূর্ণ ছিল।অবশ্যই কোনো দিক থেকে, কোনো সম্ভাবনা, কোনো সামর্থ্য আছে কি যে সেই মহামানব, তাঁর সব সাথি ও প্রিয় বন্ধুদের সঙ্গে পুনরুত্থিত হবেন না, আর এখনও আত্মিকভাবে জীবিত ও প্রাণবান নন? তারা কি চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে? হাজারবার না, কখনোই না! হ্যাঁ, সমগ্র সৃষ্টিজগৎ ও বিশ্বজগতের বাস্তবতা ঘোষণা করছে যে, তাঁর পুনরুত্থান হবে এবং সমগ্র সৃষ্টি-বাস্তবতা তাঁর জীবনের দাবি করে, মহাবিশ্বের মালিকের কাছে তাঁর চিরন্তন জীবনের আবেদন জানায়।
আর যেহেতু “সপ্তম শুয়া” ‘‘আয়াতুল কুবরা” রিসালাতে প্রত্যেকটি পর্বতের মতো শক্তিশালী তেত্রিশটি বৃহৎ ঐকমত্য প্রমাণ করেছে যে, এই বিশ্বজগৎ এক হাতের সৃষ্টি এবং এটি একমাত্র এক সত্তারই মালিকানা। এবং সেই মহান সত্তার ঐক্য ও একত্ব, যা ইলাহি পূর্ণতার কেন্দ্র, তা এমন স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে যে, ঐক্য ও একত্বের মাধ্যমে সমগ্র সৃষ্টিজগৎ সেই একক সত্তার আদেশ মান্যকারী সৈনিক, তাঁর অধীনস্থ কর্মচারীর অবস্থায় পরিণত হয়েছে। এবং আখিরাত আগমনের মাধ্যমে ইলাহি পূর্ণতা পতন থেকে, পূর্ণ ন্যায়বিচার উপহাসজনক অন্যায় থেকে, সর্বব্যাপী প্রজ্ঞা অর্থহীনতা থেকে, অসীম দয়া নিষ্ঠুর শাস্তি থেকে এবং মহিমময় শক্তি অপমানজনক দুর্বলতা থেকে মুক্তি পাবে এবং পবিত্রতা অর্জন করবে।
অতএব নিশ্চিতভাবে, সম্পূর্ণভাবে এবং নিঃসন্দেহে আল্লাহর প্রতি ঈমানের শত শত সূক্ষ্ম রহস্যের মধ্যে, এই ছয়টি বাস্তবতার প্রয়োজনীয়তার ফলে কিয়ামত সংঘটিত হবে, হাশর ও নশর হবে, পুরস্কার ও শাস্তির চিরস্থায়ী আবাস খুলে যাবে। যাতে পৃথিবীর সেই অপরিসীম গুরুত্ব ও কেন্দ্রবিন্দু হওয়া বাস্তবায়িত হয়, মানুষের মর্যাদা ও মূল্য প্রমাণিত হয় এবং পৃথিবী ও মানবজাতির স্রষ্টা ও প্রতিপালক পরম প্রজ্ঞাময় শাসকের ন্যায়, প্রজ্ঞা, দয়া ও রাজত্ব স্থাপিত হয়; আর সেই চিরস্থায়ী রবের প্রিয় ও প্রকৃত বন্ধুদের অন্তহীন ক্ষতি থেকে মুক্তি দেওয়া হয়; এবং সেই বন্ধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক সম্মানিত; যিনি সমগ্র বিশ্বকে আনন্দ ও কৃতজ্ঞতায় পূর্ণ করেছেন, তাঁর পবিত্র খেদমতের প্রতিদান দেখানো হয়;এবং সেই চিরন্তন সুলতানের পূর্ণতা, অপূর্ণতা ও ত্রুটি থেকে, তাঁর ক্ষমতা দুর্বলতা থেকে, তাঁর প্রজ্ঞা অর্থহীনতা থেকে, তাঁর ন্যায়-অন্যায় থেকে মুক্ত ও পবিত্র ঘোষণা করা হয়।
সারসংক্ষেপ যেহেতু আল্লাহ আছেন, তাই নিশ্চয়ই আখিরাতও আছে।
এবং যেমন ওপরে বর্ণিত তিনটি ঈমানের স্তম্ভ, তাদের সমস্ত প্রমাণ দ্বারা হাশরের বাস্তবতাকে সমর্থন ও সাক্ষ্য দেয়, তেমনই:
وَبِمَلٰئِكَتِهِ وَبِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ مِنَ اللّٰهِ تَعَالٰى
এই দুই ঈমানের রুকনও হাশরকে আবশ্যক করে এবং শক্তভাবে চিরস্থায়ী জগতের সাক্ষ্য দেয়।
কারণ, ফেরেশতাদের অস্তিত্ব ও তাঁদের দাসত্বমূলক কাজকে প্রমাণকারী সমস্ত যুক্তি, অসংখ্য প্রত্যক্ষ অভিজ্ঞতা ও যোগাযোগ আত্মার জগৎ, অদৃশ্য জগৎ, চিরস্থায়ী জগৎ এবং ভবিষ্যতে মানুষ ও জিন দ্বারা পূর্ণ হতে যাওয়া চির সুখ-দুঃখের আবাস, জান্নাত ও জাহান্নামের অস্তিত্বের প্রমাণ দেয়।কারণ ফেরেশতারা আল্লাহর অনুমতিতে এসব জগৎ দেখতে পারে, তাতে প্রবেশ করতে পারে; এবং যেমন হজরত জিবরাইল (আ.)-এর মতো মানুষের সঙ্গে সাক্ষাৎকারী সকল ঘনিষ্ঠ ফেরেশতারা একমত হয়ে সাক্ষ্য দেয় যে, এসব জগৎ সত্যিই বিদ্যমান, তারা সেখানে ভ্রমণ করে, সেবা করে। যেমন আমরা চোখে না দেখেও আমেরিকা মহাদেশের অস্তিত্ব নিশ্চিত জানি সেখানে থেকে আগতদের সংবাদ দ্বারা, তেমনই শতগুণ পারস্পরিক সাক্ষ্যবিশিষ্ট ফেরেশতাদের বর্ণনা দ্বারা চিরস্থায়ী জগৎ, আখিরাত, জান্নাত ও জাহান্নামের অস্তিত্বেও আমরা একই নিশ্চিত বিশ্বাসে ঈমান আনব এবং আমরা তেমনই ঈমান আনি।
ছাব্বিশতম কালিমার “রিসালে-ই কদর” নামে পরিচিত “ঈমান-ই বিল কদর” রুকনকে প্রমাণকারী সব যুক্তি অবশ্যই হাশর, আমলনামার প্রকাশ এবং মহান ন্যায়বিচারের দাঁড়িপাল্লায় আমলসমূহের ওজন নির্ধারণের প্রমাণ দেয়। কারণ, আমাদের চোখের সামনে প্রতিনিয়ত প্রত্যেক বস্তুর তাকদির নির্দিষ্টভাবে ব্যবস্থা ও ভারসাম্যের ফলকে লেখা হচ্ছে; প্রত্যেক জীবের জীবনের ইতিহাস তার স্মৃতিতে, বীজে, বা অন্য নকশা-ফলকে সংরক্ষিত হচ্ছে; প্রত্যেক আত্মা, বিশেষত মানুষের আমলনামা লাওহে মাহফুজে লিপিবদ্ধ করা হচ্ছে। এমন সর্বব্যাপী তাকদির, জ্ঞানসমৃদ্ধ পরিকল্পনা, সূক্ষ্ম রেকর্ড ও সযত্ন সংরক্ষণ শুধু এক মহাবিচারালয়েই চূড়ান্ত বিচার ও চিরস্থায়ী পুরস্কার ও শাস্তির জন্যই হতে পারে।অন্যথায় এই সূক্ষ্ম ও নিখুঁত নথিভুক্তি ও সংরক্ষণ সম্পূর্ণ অর্থহীন, উদ্দেশ্যহীন ও বাস্তবতার পরিপন্থি হয়ে পড়বে। আর যদি পুনরুত্থান না ঘটে, তবে তাকদিরের কলমে লেখা এই বিশ্বব্রহ্মাণ্ডের বইয়ের সমস্ত অর্থ নষ্ট হবে, যা কখনো সম্ভব নয়। এমন ধারণা পুরো সৃষ্টিজগতের অস্তিত্ব অস্বীকার করার মতোই অসম্ভব; বরং পাগলামির সমান।
সারমর্ম ঈমানের পাঁচটি স্তম্ভ (সব প্রমাণসহ) পুনরুত্থানের সত্যতা, বাস্তবতা ও চিরস্থায়ী আবাস প্রতিষ্ঠায় সাক্ষ্য দেয়, দাবি করে এবং তা নিশ্চিতভাবে চায়।
এবং হাশরের এই মহাসত্যের মহত্ত্বের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, এমনই মহিমান্বিত ও অবিচল স্তম্ভ ও প্রমাণ রয়েছে যে, কুরআনুল কারিমের প্রায় এক-তৃতীয়াংশ অংশই হাশর ও আখিরাত নিয়ে; এবং কুরআন তার সমস্ত সত্যের ভিত্তি ও মূলনীতি হিসেবে সেটিকেই গ্রহণ করেছে এবং সমস্ত কিছু সেই ভিত্তির ওপর স্থাপন করেছে।
(Mukaddime nihayet buldu.)
* * *

