Ayetü'l-Kübra

সপ্তম রশ্মি (সর্বোচ্চ নিদর্শন - আয়াতুল কুবরা)

This section belongs to the major work Şualar · View complete Şualar (18 sections) →
উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

মানুষ সৃষ্টিজগতের অধিকাংশের ওপর মুখাপেক্ষী এবং তাদের সাথে সম্পৃক্ত। তার প্রয়োজন জগতের চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আকাঙ্ক্ষাসমূহ অনন্তকাল পর্যন্ত বিস্তৃত। মানুষ যেমন একটি ফুলকে পেতে চায়, তেমনই বিশাল বসন্তকেও পাওয়ার আকাঙ্ক্ষা রাখে। একটি বাগান পেতে যেমন কামনা করে, তেমনই চিরস্থায়ী জান্নাতকেও পাওয়ার আকাঙ্ক্ষা রাখে। অন্তরঙ্গ বন্ধুর সাক্ষাতের ইচ্ছা যেমন প্রবল, তেমনই জামিলে জুল জালাল তথা মহামহিম সৌন্দর্যময় সত্তার সাক্ষাতের ইচ্ছাও প্রবল থাকবে। কোনো গৃহে থাকা প্রিয় মানুষটির দেখা পেতে মানুষকে যেমন দরজা খুলতে হয়, তেমনিভাবে ইন্তেকাল করেছেন, এমন শতকরা নিরানব্বইজন প্রিয়জনের সাক্ষাৎ পেতে এবং তাদের চিরবিচ্ছেদ থেকে মুক্তি লাভের আশায় বিশাল দুনিয়ার দরজা বন্ধ করতে হয়। অদ্ভুত এক প্রদর্শনীকেন্দ্র আখিরাতের দরজা উন্মুক্ত করতে হয় এবং দুনিয়ার স্থানে আখিরাতকে প্রতিস্থাপন করবেন, এমন এক কাদিরে মুতলাকের দরবারে আশ্রয় গ্রহণ করতে মুখাপেক্ষী। অতএব, এমতাবস্থায় মানুষের প্রকৃত মাবুদ তিনিই হবেন, যার হাতে রয়েছে সবকিছুর নিয়ন্ত্রণ, সবকিছুর ভান্ডার এবং যিনি সবকিছুর পর্যবেক্ষক, সবখানে যিনি উপস্থিত, স্থান-কালের ঊর্ধ্বে, অক্ষমতা থেকে মুক্ত, ঘাটতি ও ত্রুটিবিচ্যুতি থেকে পবিত্র। তিনিই কাদিরে জুল জালাল, রাহিমে জুল জামাল এবং হাকিমে জুল কামাল। কারণ, মানুষের অশেষ অভাব শুধু অসীম ক্ষমতা ও সর্বময় জ্ঞানের অধিকারীই পূরণ করতে পারেন। অতএব, মাবুদ হওয়ার যোগ্য শুধু তিনিই। অতএব, হে মানুষ! তুমি যদি তাঁরই বান্দা হতে পারো, তাহলে সকল সৃষ্টিজীবের ওপর মর্যাদা লাভ করবে। যদি ইবাদত থেকে বিমুখ থাকো, তাহলে অক্ষম সৃষ্টিজীবের নিকৃষ্টতম বান্দা হবে। যদি আত্মকেন্দ্রিকতা ও নিজ ক্ষমতার ওপর ভরসা করে আল্লাহ তায়ালার ওপর তাওয়াক্কুল ও দুআকে ছেড়ে দাও এবং অহংকার ও কৃতিত্বের দাবি করো, তাহলে কল্যাণ ও সৃষ্টির দিক থেকে মৌমাছি ও পিপীলিকার চেয়েও নিম্নস্থানে অবস্থান করবে এবং মাকড়সা ও মাছি থেকে আরও দুর্বল হবে। মন্দ ও ধ্বংসের দিক থেকে পাহাড়ের চেয়ে বেশি ভারী বোঝা হবে এবং মহামারির চেয়েও বেশি ক্ষতির কারণ হবে। হে মানুষ! তোমার দুটি দিক রয়েছে।প্রথমত : সৃষ্টি, অস্তিত্ব, কল্যাণ, ইতিবাচকতা ও কর্মচঞ্চলতা।দ্বিতীয়ত : ধ্বংস, অনস্তিত্ব, অকল্যাণ ও নেতিবাচকতা। প্রথম দিক, তুমি মৌমাছি ও চড়ই পাখি থেকে নিম্নে। মাছি ও মাকড়সা থেকেও দুর্বল। দ্বিতীয় দিক, পাহাড় ও আসমান-জমিনকেও ছাড়িয়ে যেতে চাও। তারা যে ভার বহন করতে অনীহা ও অক্ষমতা প্রকাশ করছে, তা তুমি বহন করতে চাও। তাদের চেয়ে বিস্তৃত ও বড়ো কিছুকে তুমি ধারণ করতে চাও। কারণ, কল্যাণ ও সৃষ্টির ক্ষেত্রে তোমার হাত যতটুকু প্রসারিত হয় এবং তোমার শক্তিতে যতটুকু সম্ভব হয়, ততটুকুই তুমি করতে পারো। আর যদি অনিষ্ট ও ধ্বংস সাধন করো, তাহলে তোমার অনিষ্টতা ও ধ্বংসাত্মক কর্ম বিস্তৃত হয়ে যায় এবং ছড়িয়ে পড়ে। উদাহরণস্বরূপ, কুফর হলো অনিষ্ট ও ধ্বংস, বিনাশ করা ও অস্বীকার করা। কিন্তু একটি গুনাহই সৃষ্টিজগৎকে হেয় করে, ছোটো করে এবং সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করে এবং সমস্ত আসমাউল হুসনাকে হেয়জ্ঞান করে ও অস্বীকার করে। এমনিভাবে মানবতাকেও লাঞ্ছিত করে। এর কারণ হলো, এই সৃষ্টিসমূহের সুউচ্চ মর্যাদা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। প্রত্যেকটি সৃষ্টিই রব্বানি চিঠি সুবহানি আয়না ও ইলাহি কর্মচারী।কিন্তু কুফর এই সৃষ্টিসমূহকে দর্পণদারিত্ব, দায়িত্বের স্তর, অর্থবহতার স্তর থেকে অনর্থকতা ও অর্থহীনতার স্তরে নামিয়ে আনে। কুফর এই সৃষ্টিজগতের কোনো মূল্য ও মর্যাদা দেয় না। কারণ, কুফরের দৃষ্টিকোণ থেকে মনে হয় এই সৃষ্টিজগৎ বিনাশ হবে, ধ্বংস হবে, বিনাশ ও ধ্বংসে পৃথিবী তুচ্ছ ও মূল্যহীন হয়ে যাবে। এই সৃষ্টিজগতের অবস্থা এমন হবে যে, এর কোনো গুরুত্বই থাকবে না, কোনো অর্থই থাকবে না। আর কুফর তখনই আল্লাহকে না মানার ভান করে এবং একপর্যায়ে অস্বীকার করে বসে। যেই নামসমূহের নকশা, তাজাল্লি ও দীপ্তি, সৌন্দর্য সমস্ত সৃষ্টির মধ্যে প্রকাশ পায়। যার ফলে বলা হয় যে, মানুষ সৃষ্টির এমন প্রাজ্ঞিক ছন্দময় কাব্য, যা আল্লাহ তায়ালার সকল পবিত্র নামের তাজাল্লি ও দীপ্তি চমৎকারভাবে ঘোষণা করে।এই মানুষই আল্লাহ তায়ালার সর্বময় সুস্পষ্ট প্রকাশ অলৌকিক ক্ষমতা ঘোষণা করে, যেমনিভাবে একটি বীজ স্থায়ী সুপ্রতিষ্ঠিত বৃক্ষের ডালপালার ঘোষণা দেয়। মানুষের পৃথিবীর ওপর, পাহাড়-পর্বতের ওপর, আকাশমণ্ডলীর ওপর মর্যাদা রয়েছে। কারণ, মানুষের কাঁধে রয়েছে বিরাট আমানত, মানুষকে ফেরেশতাদের ওপর মর্যাদা দেওয়া হয়েছে, এমনভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে যে, মানুষ পৃথিবীর সম্মানিত খলিফা তথা আল্লাহ তায়ালার প্রতিনিধি হওয়ার যোগ্যতা লাভ করেছে। কিন্তু কুফর মানুষকে সুমহান মর্যাদা থেকে এত নিচে নামিয়ে ফেলেছে যে, মানুষকে যেকোনো সৃষ্টি থেকে নিম্ন ও নিকৃষ্ট বানিয়ে দিয়েছে। নশ্বর, অক্ষয়, দুর্বল ও নিঃস্ব বানিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, শিরক বা কুফর মানুষকে তো দ্রুত ক্ষয়িষ্ণু নিকৃষ্ট আকৃতির একেবারে নিম্নস্তরে নামিয়ে এনেছে। সারকথা নফসে আম্মারাহ ধ্বংস ও অনিষ্টের দিক থেকে অসংখ্য হত্যা করতে পারে, কিন্তু সৃষ্টি ও কল্যাণের ক্ষেত্রে তার ক্ষমতা খুবই সামান্য ও আংশিক। হ্যাঁ, একটি বাড়িকে এক দিনে ধসিয়ে দেওয়া যায়, কিন্তু ১০০ দিনেও নির্মাণ করা যায় না। অপরদিকে আত্মকেন্দ্রিকতাকে ত্যাগ করে যদি আল্লাহ তায়ালার নিকট কল্যাণ ও অস্তিত্ব কামনা করে এবং অনিষ্ট, ধ্বংস ও নফসের ওপর ভরসা করা থেকে বিরত থেকে ক্ষমা চেয়ে পরিপূর্ণ বান্দা হয়ে যায়, তাহলে يُبَدِّلُ اللّٰهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ এই আয়াতের রহস্য তার মাঝে প্রতিফলিত হবে। সীমাহীন অনিষ্ট সাধনের ক্ষমতা অসীম কল্যাণ সাধনের ক্ষমতায় রূপান্তরিত হবে। আহসানে তাকভিমে পৌঁছবে। আলায়ে ইল্লিয়িনে উন্নীত হবে। অতএব, হে উদাসীন মানুষ! আল্লাহ তায়ালার দয়া ও অনুগ্রহ লক্ষ করো। একটি গুনাহকে হাজারবার লেখা আর একটি সওয়াবকে একবার লেখা কিংবা না লেখা, এটাই ন্যায়বিচার হওয়া উচিত ছিল। কিন্তু একটি গুনাহকে একবারই লেখা হয়, আর একটি সওয়াবকে দশটি, কখনো সত্তরটি, কখনো সাতশতটি, কখনো সাত হাজারটিও লেখা হয়। এই রহস্য থেকে এটাও বুঝে নাও যে, ওই ভয়ংকর জাহান্নামে প্রবেশ করা মানুষের কৃতকর্মের ফল এবং এটাই ন্যায়বিচার। কিন্তু জান্নাতে প্রবেশ করা সম্পূর্ণ আল্লাহ তায়ালার দয়ার ওপরই নির্ভরশীল।

§2

মানুষকে সম্মান প্রদানের সাথে সাথে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। মানুষকে এই পৃথিবীর মেহমান ও কর্মচারী হিসেবে পাঠানো হয়েছে। তাকে অনেক গুরুত্বপূর্ণ সক্ষমতা প্রদান করা হয়েছে। ওই সক্ষমতা অনুযায়ী তাকে গুরুদায়িত্বও দেওয়া হয়েছে। সেই দায়িত্বের দিকে ধাবিত করার জন্য মানুষকে উৎসাহ প্রদান করা হয়েছে। আবার মানুষকে উৎসাহ দেওয়ার সাথে সাথে কঠোর ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে। রিসালায়ে নূরের অন্যান্য অংশে মানুষের দায়িত্ব ও ইবাদতের ভিত্তি সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছি, তা এখানে সংক্ষেপে তুলে ধরব, যাতে করে মানুষের নিকট তার সুন্দরতম অবয়বের গভীর রহস্য সুস্পষ্ট হয়। সৃষ্টিজগতে আগমনের পর থেকে মানুষ দুই ধরনের ইবাদত করছে। এক. স্রষ্টাকে না দেখে ইবাদত করা এবং তাঁর সৃষ্টিকে নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা। দুই. স্রষ্টাকে হাজির-নাজির মনে করে তাঁর ইবাদত করা এবং তাঁর নিকট দুআ করা। প্রথম দিক : সৃষ্টিজগতে দৃশ্যমান রুবুবিয়াতের সালতানাত সাথে সত্যায়ন করে পূর্ণতা ও সৌন্দর্যের প্রতি বিস্ময়ের সাথে দেখা। অতঃপর স্রষ্টার পবিত্র নামসমূহের কারুকার্যসমূহ অর্থাৎ তাঁর চমৎকার শিল্পসমূহকে একে অন্যের সতর্ক দৃষ্টির সামনে প্রদর্শন করে প্রচার ও ঘোষণা করা। তারপর আল্লাহ তায়ালার নামের আধ্যাত্মিক গোপন ভান্ডারের রত্নমালাকে গভীর উপলব্ধির মাধ্যমে পরিমাপ করা এবং অন্তরে এর মূল্য অনুভব করে মূল্যায়ন করা। তারপর কুদরতের কলমে লেখা চিঠি এই সৃষ্টির পাতাসমূহ আসমান ও জমিন নামক পৃষ্ঠাসমূহকে পর্যালোচনা করে সবিস্ময়ে চিন্তাভাবনা করা। তারপর সৃষ্টির সৌন্দর্য ও সূক্ষ্ম শিল্পকর্মকে বিবেচনার সাথে পর্যবেক্ষণ করে ফাতিরে জুল জামাল তথা সৌন্দর্যের অধিকারী সুমহান স্রষ্টার প্রতি ভালোবাসা পোষণ করা, সানেয়ে জুল কামাল সান্নিধ্যে উপস্থিত হওয়া এবং তাঁর সুদৃষ্টি লাভের আকাঙ্ক্ষা করা। দ্বিতীয় দিক : যা শিল্প থেকে শিল্পীর নিকট পৌঁছায়। এই উৎসুক দর্শক দেখতে পারে যে, একজন সানেয়ে জুল জালাল নিজ অলৌকিক শিল্পকর্ম দ্বারা নিজেকে পরিচিত করাতে ও জানাতে চায়। সেও ঈমান ও মারেফাতের দ্বারা সাড়া দেয়। তারপর দেখতে পায় যে, একজন রব্বে রহিম তাঁর রহমতের সুন্দর ফলসমূহ দিয়ে নিজেকে ভালোবাসিয়ে নিতে চান। সেও নিজ ভালোবাসা ঢেলে দিয়ে এবং ইবাদতকে বিশেষায়িত করে নিজেকে তাঁর নিকট প্রিয় করে তোলে। তারপর দেখতে পায় যে, একজন মহামহিম নিয়ামতদাতা জাগতিক ও আধ্যাত্মিক নিয়ামতের স্বাদ আস্বাদনের দ্বারা তাকে প্রতিপালন করছেন। সেও এর বিনিময়ে কাজ, অবস্থা ও ভাষার দ্বারা; এমনকি সম্ভব হলে সমস্ত অনুভূতি ও অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা তার শুকরিয়া, হামদ ও প্রশংসা করছে। অতঃপর দেখে যে, একজন মহামহিম সৌন্দর্যময় সত্তা, সৃষ্টির আয়নায় তাঁর বিশালতা, পূর্ণতা, পরাক্রমশীলতা ও সৌন্দর্যকে তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করছেন। আর তাঁর বান্দাও প্রত্যুত্তরে “আল্লাহু আকবার, সুবহান আল্লাহ” বলে নম্রতার সাথে বিস্ময় ও ভালোবাসা নিয়ে সিজদা করে। তারপর দেখে যে, গানিয়ে মুতলাক সর্বোচ্চ দানশীলতার মাঝে অসীম সম্পদ ও ভান্ডার দেখাচ্ছেন। প্রত্যুত্তরে তার বান্দাও চরম দারিদ্রের মাঝে সম্মান প্রদর্শন ও প্রশংসা জ্ঞাপন করে। তারপর দেখে যে, ওই ফাতিরে জুল জালাল ভূপৃষ্ঠকে একটি প্রদর্শনীকেন্দ্র বানিয়েছেন। সুপ্রাচীন মূল্যবান সৃষ্টিকর্ম সেখানে প্রদর্শন করছেন। তাঁর বান্দাও প্রত্যুত্তরে মাশাআল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে। বারাকাল্লাহ বলে নিজ পছন্দকে তুলে ধরেছে। ‘সুবহানাল্লাহ বলে বিস্ময় প্রকাশ করেছে। আল্লাহু আকবর বলে সপ্রশংস সাড়া দিয়েছে। তারপর দেখে যে, ওয়াহিদে আহাদ এই সৃষ্টিজগৎ নামক প্রাসাদে অনুকরণহীন, তাঁর বিশেষ সিল ও চিহ্ন দ্বারা, বিশেষ ফরমান দ্বারা সকল সৃষ্টিতে একত্বের সিল রেখে দিচ্ছেন, তাওহিদের নিদর্শনকে কারুকার্যখচিত করে দিচ্ছেন এবং জগতের সকল দিগন্তে ওয়াহদানিয়াতের পতাকা উত্তোলন করেছেন। রুবুবিয়াত ঘোষণা করছেন। তাঁর বান্দাও প্রত্যুত্তরে সত্যায়নের মাধ্যমে, ঈমান এনে, তাওহিদকে স্বীকার করে, দূরদৃষ্টি দিয়ে, সাক্ষ্য প্রদান করে এবং ইবাদতের মাধ্যমে সাড়া দিচ্ছে। এভাবেই বিভিন্ন ইবাদত এবং সুগভীর চিন্তাভাবনার দ্বারা মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়। মানুষ যে সুন্দরতম অবয়বের ওপর রয়েছে, তা প্রদর্শন করে। ঈমানের বরকতে আমানতের উপযোগী খলিফাতুল আরদ তথা ভূপৃষ্ঠের বিশ্বস্ত এক প্রতিনিধি হয়ে যায়। সুন্দরতম অবয়বে সৃষ্ট হওয়ার পর ইচ্ছাশক্তির অপব্যবহার করে নিকৃষ্টতম অবস্থানে ধাবিত হে উদাসীন মানুষ! আমাকে শ্রবণ করো। আমিও উদাসীনতার মাঝে তোমার মতো যৌবনের উন্মাদনায় দুনিয়াকে আকর্ষণীয় ও সুন্দর হিসেবে দেখেছিলাম। দেখতে দেখতে যৌবনের উন্মাদনা শেষে বাধ্যর্ক্যের প্রভাতে যখন জেগে উঠেছি, তখন এতদিন যেই আখিরাতবিমুখ দুনিয়াকে সুন্দর মনে করেছিলাম, সেই দুনিয়ার চেহারা অনেক কুৎসিত ও কদাকার মনে হচ্ছে। আর আখিরাতমুখী দুনিয়ার প্রকৃত রূপকে অনেক সুন্দর দেখাচ্ছে। এই বিষয়টিকে সতেরোতম কালিমার দ্বিতীয় মাকামে বিদ্যমান দুটি প্রকৃত ফলকের শিরোনামে বর্ণনা করেছি। সেখানে আবার দৃষ্টি বোলাও। প্রথম ফলক : পথভ্রষ্টদের মতো কিন্তু মাতাল না হয়ে উদাসীনতার পর্দায় অতীতে আমার দেখা উদাসীন লোকদের দুনিয়ার প্রকৃত রূপকে ফুটিয়ে তোলে। দ্বিতীয় ফলক : হিদায়াতের ওপর ও আল্লাহ তায়ালার সান্নিধ্যে অবস্থানকারীদের জগৎ এবং এর বাস্তবতার প্রতি ইঙ্গিত করে। ওই দুই ফলকের কোনোটিতেই কোনো কিছু পরিবর্তন করিনি। আগে যেভাবে লেখা হয়েছিল, সেভাবেই রেখে দিয়েছি। কবিতার সাদৃশ্য কিন্তু কবিতা নয়। سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ رَبِّ اش۟رَح۟ لٖى صَد۟رٖى ۝ وَيَسِّر۟ لٖٓى اَم۟رٖى ۝ وَاح۟لُل۟ عُق۟دَةً مِن۟ لِسَانٖى ۝ يَف۟قَهُوا قَو۟لٖى اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّم۟ عَلَى الذَّاتِ ال۟مُحَمَّدِيَّةِ اللَّطٖيفَةِ ال۟اَحَدِيَّةِ شَم۟سِ سَمَاءِ ال۟اَس۟رَارِ وَ مَظ۟هَرِ ال۟اَن۟وَارِ وَ مَر۟كَزِ مَدَارِ ال۟جَلَالِ وَ قُط۟بِ فَلَكِ ال۟جَمَالِ اَللّٰهُمَّ بِسِرِّهٖ لَدَي۟كَ وَ بِسَي۟رِهٖ اِلَي۟كَ اٰمِن۟ خَو۟فٖى وَ اَقِل۟ عُث۟رَتٖى وَ اَذ۟هِب۟ حُز۟نٖى وَ حِر۟صٖى وَ كُن۟ لٖى وَ خُذ۟نٖى اِلَي۟كَ مِنّٖى وَ ار۟زُق۟نِى ال۟فَنَاءَ عَنّٖى وَ لَا تَج۟عَل۟نٖى مَف۟تُونًا بِنَف۟سٖى مَح۟جُوبًا بِحِسّٖى وَاك۟شِف۟ لٖى عَن۟ كُلِّ سِرٍّ مَك۟تُومٍ يَا حَىُّ يَا قَيُّومُ يَا حَىُّ يَا قَيُّومُ يَا حَىُّ يَا قَيُّومُ وَ ار۟حَم۟نٖى وَار۟حَم۟ رُفَقَائٖى وَ ار۟حَم۟ اَه۟لَ ال۟اٖيمَانِ وَ ال۟قُر۟اٰنِ اٰمٖينَ يَا اَر۟حَمَ الرَّاحِمٖينَ وَ يَا اَك۟رَمَ ال۟اَك۟رَمٖينَ وَ اٰخِرُ دَع۟وٰيهُم۟ اَنِ ال۟حَم۟دُ لِلّٰهِ رَبِّ ال۟عَالَمٖينَ

§3

এই কালিমায় দুটি মাবহাস রয়েছে بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ لَقَد۟ خَلَق۟نَا ال۟اِن۟سَانَ فٖٓى اَح۟سَنِ تَق۟وٖيمٍ ۝ ثُمَّ رَدَد۟نَاهُ اَس۟فَلَ سَافِلٖينَ ۝ اِلَّا الَّذٖينَ اٰمَنُوا وَ عَمِلُوا الصَّالِحَاتِ

§4

ঈমানের হাজারো সৌন্দর্যের মধ্য থেকে কিছু সৌন্দর্য শুধু পাঁচটি পয়েন্টে তুলে ধরছি।

§5

মানুষ ঈমানের নূরের দ্বারা সর্বোচ্চ মর্যাদায় আলায়ে ইল্লিনে আরোহণ করে জান্নাতের উপযোগী হয়ে ওঠে। অন্যদিকে কুফরির অন্ধকারের দ্বারা আসফালায়ে সাফেলিনে পতিত হয়। জাহান্নামের উপযোগী হয়। কারণ, ঈমান মানুষকে সানেয়ে জুল জালাল সাথে সংযোগ তৈরি করে দেয়। ঈমান হচ্ছে একটি সংযোগ। তাহলে ঈমানের নূরের দ্বারাই মানুষের মাঝে আল্লাহ তায়ালার সৃষ্টিনৈপুণ্যের প্রকাশ পায় এবং আল্লাহ তায়ালার নামের নকশা বিকশিত হয়। আর সেই অনুযায়ী মানুষের মূল্য নির্ধারিত হয়। তবে কুফর আল্লাহ তায়ালার সাথে মানুষের সংযোগ ছিন্ন করে দেয়। ফলে রব্বানি সৃষ্টিনৈপুণ্য ঢাকা পড়ে যায়। তখন মানুষের মূল্য শুধু বস্তু হিসেবে নির্ধারিত হয়। আর বস্তু যেহেতু ক্ষণস্থায়ী, ক্ষয়িষ্ণু ও সাময়িক, তাই জন্তু-জানোয়ারের জীবনের মতো তার মূল্য শূন্যের কোটায় নেমে আসে। এই রহস্যকে একটি উদাহরণের মাধ্যমে বর্ণনা করব। উদাহরণস্বরূপ, মানুষের বানানো শিল্পকর্মের একেকটির মূল্য একেক রকম। কখনো সমান কখনো বেশি মূল্যবান। আবার কখনো পাঁচ পয়সার লোহায় পাঁচ টাকার শিল্প থাকে। কখনো কখনো একটি প্রত্নতাত্ত্বিক শিল্পকর্মের মূল্য কোটি টাকা হলেও এর উপাদানের মূল্য পাঁচ পয়সাও হয় না। এমনি এক প্রত্নতাত্ত্বিক শিল্পকে যদি প্রত্নতাত্ত্বিক জিনিসের বাজারে নিয়ে এর নিখুঁত শিল্পকে প্রদর্শন করে দক্ষ কোনো শিল্পীর সাথে সংযোগ করে দিয়ে শিল্পীকে স্মরণ করানো যায়, তাহলে তা কোটি টাকায় বিক্রি হবে। তবে সেটাকে যদি কামারের কাছে নেওয়া হয়, তাহলে তা লোহার মূল্যে পাঁচ পয়সায় বিক্রি হবে। ঠিক তেমনিভাবে মানুষও আল্লাহ তায়ালার এক প্রত্নতাত্ত্বিক শিল্পকর্ম আল্লাহ তায়ালার অলৌকিক ক্ষমতার এবং সূক্ষ্ম ও অমায়িক এক প্রকাশমাত্র। মানুষকে সকল আসমাউল হুসনা তথা সুন্দরতম নামের প্রতিফলনের আধার হিসেবে, আসমাউল হুসনার নকশার ধারক হিসেবে এবং সৃষ্টিজগতের ছোটো একটি নমুনা হিসেবে সৃষ্টি করেছেন। যদি ঈমানের নূর মানুষের মাঝে প্রবেশ করে, তাহলে তার ওপর প্রতিফলিত সকল অর্থবহ নকশা সেই আলোতে পড়া যায়। সচেতনতার সাথে মুমিন তা পড়ে এবং ওই ঈমানের সংযোগের দ্বারা পড়িয়ে নেয়। অর্থাৎ “আমি সানেয়ে জুল জালালের শিল্প ও সৃষ্টি। তাঁর দয়া ও রহমতের বেষ্টনীতে আমি বেষ্টিত।” এ কথা বলার মধ্য দিয়ে মানুষের মাঝে বিদ্যমান রব্বানি শিল্পকর্ম প্রকাশিত হয়। তাহলে শিল্পীর সাথে সংযোগ স্থাপন করে ঈমান। অর্থাৎ ঈমান মানুষের ভেতরের সকল শিল্পকর্মকে ফুটিয়ে তোলে। মানুষের মূল্য আল্লাহ তায়ালার ওই শিল্পকর্ম এবং অমুখাপেক্ষী আয়না অনুযায়ী নির্ধারিত হয়। অতএব, গুরুত্বহীন এই মানুষ সেই মাপকাঠি অনুযায়ী সৃষ্টির সেরা হিসেবে আল্লাহ তায়ালার সম্বোধনের শ্রোতা এবং জান্নাতের উপযোগী রব্বানি এক মেহমান। আর যদি সংযোগ বিচ্ছিন্নকারী কুফর মানুষের মাঝে প্রবেশ করে, তাহলে আল্লাহ তায়ালার অর্থবহ সকল নামের নকশা অন্ধকারে ঢাকা পড়ে যাবে। পড়া যাবে না। কারণ, শিল্পীকে ভুলে গেলে শিল্পীর সাথে সংশ্লিষ্ট আধ্যাত্মিক দিকগুলো বোঝা যায় না। সবকিছু মূল্যহীন ও অর্থহীন হয়ে যায়। ওই অর্থবহ সুউচ্চ শিল্প ও আধ্যাত্মিক সুউচ্চ নকশার অধিকাংশই ঢাকা পড়ে যায়। বাকি যা দেখা যায়, সেগুলো নিম্ন কিছু কারণ, প্রকৃতি ও দুর্ঘটনার সাথে সংযুক্ত হয়ে মূল্যহীন হয়ে যায়। প্রত্যেকটি অত্যুজ্জ্বল হীরা থেকে অনুজ্জ্বল কাচে পরিণত হয়। তখন এখানে শুধু বস্তুগত মূল্যই বিবেচ্য থাকে। বস্তুর উদ্দেশ্য এবং ফলাফল হচ্ছে প্রাণীদের মধ্যে সবচেয়ে অক্ষম এবং মুখাপেক্ষী ও দুঃখ-কষ্টে বেষ্টিত থেকে শুধু আংশিক ও ক্ষণস্থায়ী এক জীবন অতিবাহিত করবে। তারপর পচে-গলে নিঃশেষ হয়ে যাবে। এভাবেই কুফর মানুষের প্রকৃত বৈশিষ্ট্যকে ধ্বংস করে। তাকে হীরা থেকে কয়লায় পরিণত করে।

§6

ঈমান হচ্ছে নূর, যা মানুষকে আলোকিত করে। ওই নূর মানুষের ওপর লিখিত মাকতুবাতে সামাদানিয়াহকে পড়াচ্ছে। ঠিক তেমনিভাবে সৃষ্টিজগৎকেও আলোকিত করছে। অতীত ও ভবিষ্যৎকালকে অন্ধকার থেকে মুক্ত করছে। اَللّٰهُ وَلِيُّ الَّذِينَ اٰمَنُوا يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ اِلَى النُّورِ এই আয়াতে কারিমার তাৎপর্য প্রকাশ করে, এমন একটি ঘটনা আমি কাল্পনিকভাবে দেখতে পেলাম। নিম্নে তা বর্ণনা করছি। তা হলো, দুটি উঁচু পাহাড় মুখোমুখি অবস্থানে আছে। দুই পাহাড়ের মাঝে একটি সেতু রয়েছে। সেতুর নিচ দিয়ে গভীর একটি নদী বয়ে যাচ্ছে। আমি ওই সেতুর ওপর ছিলাম। পৃথিবীর চারদিক অন্ধকার ঢেকে ফেলেছে। আমি ডানে তাকালাম। সীমাহীন আঁধারের মাঝে বিশাল এক কবরস্থান দেখতে পেলাম। অর্থাৎ কল্পনা করলাম। তারপর বাঁ দিকে তাকালাম। দেখলাম, ভয়ংকর অন্ধকারের ঢেউয়ের মাঝে বিশাল ঝড়, ঝঞ্ঝা ও মুসিবত ধেয়ে আসছে। সেতুর নিচে তাকালাম। গভীর একটি গুহা দেখতে পেলাম।এই ভয়ংকর অন্ধকারে আমার নিকট নিভুনিভু আলোর একটি টর্চলাইট ছিল। আমি তা জ্বালালাম। অল্প আলোয় চারিদিকের অবস্থা দেখলাম। খুবই ভয়ংকর। সেতুর সামনে ও চারপাশে কুমির, সিংহ ও ভয়ংকর সব হিংস্র প্রাণী দেখতে পেলাম। মনে মনে বললাম “আমার যদি এই টর্চলাইটটি না থাকত, আর এই ভয়ংকর দৃশ্য না দেখতাম!” যেদিকেই আলো ফেলি, একই অবস্থা দেখতে পাই। বললাম, হায়! এই লাইটটি তো আমার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাগ করে লাইটটি ছুড়ে মারলাম। সাথে সাথে সেটি ভেঙে গেল। তখন মনে হলো যেন দুনিয়াকে আলো দানকারী বিরাট এক বৈদ্যুতিক বাতির সুইচ হাতে পেয়েছি। সুইচ অন করার সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হয়ে গেল। চারিদিক আলোয় আলোকিত হয়ে উঠল। সবকিছুর বাস্তবতা সুস্পষ্ট দেখা গেল। লক্ষ করলাম, আমার দেখা ওই সেতু হলো সুশৃঙ্খল এক জায়গায় সমতল ভূমিতে অবস্থিত এক মহাসড়ক। ডান দিকে দেখা বিশাল কবরস্থানের শেষ পর্যন্ত সবুজের সমারোহে আবৃত বাগানে নুরানি মানুষদের পরিচালনায় ইবাদত, খেদমত, সহবত ও জিকিরের মজলিস মনে হতে লাগল। বাঁ দিকের ঝঞ্ঝাময় ও শব্দবহুল মনে হওয়া গুহা ও চূড়াগুলোকে সৌন্দর্যমণ্ডিত, সুসজ্জিত ও আর্কষণীয় পাহাড়ের পেছনে বিশাল এক মেহমানখানা, দর্শনীয় স্থান ও অবকাশযাপন কেন্দ্র হিসেবে কল্পনায় দেখতে পেলাম। ওই ভয়ংকর হিংস্র প্রাণী ও কুমিরগুলোকে পোষ মানানো উট, ষাঁড়, ভেড়ী ও ছাগলের মতো গৃহপালিত জন্তু হিসেবে দেখতে পেলাম। আমি বললাম: اَلْحَمْدُ لِلّٰهِ عَلٰى نُورِ الْاِيمَانِ তারপর এই আয়াতে কারিমা পাঠ করলাম: اَللّٰهُ وَلِيُّ الَّذِينَ اٰمَنُوا يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ اِلَى النُّورِ কল্পনা শেষ হলো, জেগে উঠলাম। দুটি পাহাড় হচ্ছে জীবনের শুরু ও শেষ। অর্থাৎ পার্থিব জগৎ ও কবর জগৎ। সেতু হচ্ছে জীবনের পথ। ডান দিক হচ্ছে অতীত কাল, আর বাঁ দিক হচ্ছে ভবিষ্যৎ কাল। টর্চলাইটটি হলো আত্মকেন্দ্রিকতা ও আত্মনির্ভরতা তথা অহংকার। নিজেকে নিয়ে ব্যস্ত ও নিজ জ্ঞানে ভরসাকারী এবং আসমানি ওহির প্রতি কর্ণপাতে উদাসীন মানুষের আত্মকেন্দ্রিকতা। আর যেগুলোকে হিংস্র প্রাণী মনে হচ্ছিল, সেগুলো মূলত জগতের নানা ঘটনা ও অদ্ভুত সৃষ্টিজীব। অতএব, আত্মকেন্দ্রিকতায় বিশ্বাসী ও অহংকারে নিমজ্জিত ভ্রষ্টতা ও উদাসীনতার অন্ধকারে ডুবন্ত ব্যক্তির সাথে আমার অবস্থা তুলনীয়। টর্চলাইটের আলোর মতো ক্ষীণ এবং ভ্রষ্টতায় আবিষ্ট জ্ঞান দ্বারা অতীত সময়কে এক বিশাল কবরস্থানের আকারে এবং নিশ্চি‎‎হ্ন এক অন্ধকার হিসেবে দেখছে। ভবিষ্যৎকে ঝঞ্ঝাময় ও কাকতালীয় ভয়ংকর এক স্থান হিসেবে দেখাচ্ছে। হাকিমে রহিমের অনুগত কর্মচারী হওয়া সত্ত্বেও ঘটনা ও সৃষ্টিগুলোকে ক্ষতিকর প্রাণীর মতো দেখাচ্ছে। وَالَّذِينَ كَفَرُٓوا اَوْلِيَٓاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُمْ مِنَ النُّورِ اِلَى الظُّلُمَاتِ যদি ইলাহি হিদায়াত পায়, অন্তরে ঈমান প্রবেশ করে, নফসের ফেরাউনি মানসিকতা দূর হয় এবং কুরআনের কথা শোনে, তাহলে কল্পনায় আমার দ্বিতীয় অবস্থার মতো হবে। বিশ্বজগৎ চোখের সামনেই দিবালোকের ন্যায় উজ্জ্বল হয়ে উঠবে। আল্লাহ তায়ালার নূরে ভরে উঠবে। তখন বিশ্বজগৎ এই আয়াত পাঠ করে: اَللّٰهُ نُورُ السَّمٰوَاتِ وَالْاَرْضِ তখন মনে হয়, অতীত কাল বিশাল কোনো কবরস্থান নয়; বরং প্রত্যেক শতাব্দীতে একজন নবি কিংবা আউলিয়ার পরিচালনায় ইবাদতে মগ্ন পবিত্র আত্মাদের সমাজ। এই আত্মাগুলো জীবনের দায়িত্ব শেষ করে اَللّٰهُ اَكْبَرُ বলে সুমহান মর্যাদায় অধিষ্ঠিত এবং ভবিষ্যতের দিকে প্রস্থানকে অন্তর্চক্ষু দিয়ে দেখে। বাঁ দিকে তাকালে বারজাখ ও আখিরাত সম্পর্কিত পাহাড়সম কিছু পরিবর্তন দেখা যায়। এর পেছনে জান্নাত নামক বাগানে নির্মিত শান্তির প্রাসাদে রহমানের মেহমানদারিকে ঈমানি নূর দ্বারা লক্ষ করা যায়। ঝড়-ঝঞ্ঝা, ভূমিকম্প ও মহামারির মতো ঘটনাগুলোকে একেকটি অনুগত কর্মচারী হিসেবে মনে করে। বসন্তের ঝঞ্ঝা ও বৃষ্টির মতো ঘটনাকে বাহ্যিকভাবে রূঢ় মনে হলেও আধ্যাত্মিক দিক থেকে সেগুলোকে অনেক সূক্ষ্ম ও মনোরম প্রজ্ঞাপূর্ণ মনে হয়। এমনকি মৃত্যুকে চিরন্তন জীবনের শুরু এবং কবরকে চির শান্তির দরজা হিসেবে দেখে। অন্যান্য অবস্থাকে এভাবে তুলনা করে নাও। বাস্তবতাকে উপমার সাথে মিলাও।

§7

ঈমান হলো নূর ও শক্তি। হ্যাঁ, প্রকৃত ঈমানকে ধারণকারী ব্যক্তি বিশ্বজগৎকে চ্যালেঞ্জ করতে পারে এবং ঈমানের শক্তি অনুযায়ী বিভিন্ন ঘটনার দুঃখ-কষ্ট থেকে মুক্তি পেতে পারে। তাওয়াক্কালতু আলাল্লাহ বলে জীবন নামক জাহাজে ঘটনা-দুর্ঘটনার পাহাড়সম স্রোতের ভেতর দিয়ে পূর্ণ নিরাপত্তার সাথে পরিভ্রমণ করতে পারে। সমস্ত বোঝা কাদিরে মুতলাক সত্তার কুদরতি হাতে আমানত রাখে। দুনিয়া থেকে শান্তির সাথে প্রস্থান করে কবর জগতে গিয়ে আরাম করে। অতঃপর চিরস্থায়ী শান্তিতে প্রবেশের জন্য জান্নাতের দিকে ছুটে যায়। আর মানুষ যখন আল্লাহ তায়ালার ওপর ভরসা করা ছেড়ে দেয়, তখন দুনিয়ার বোঝা তাকে জান্নাতের দিকে নয়; বরং নিকৃষ্টতার অতল গহ্বরে টেনে নিয়ে যায়। ঈমান তাওহিদকে, তাওহিদ আত্মসমর্পণকে, আত্মসমর্পণ তাওয়াক্কুলকে, আর তাওয়াক্কুল উভয় জগতের সুখ ও সৌভাগ্যকে প্রয়োজনীয় করে তোলে। কিন্তু ভুল বুঝো না। তাওয়াক্কুল অর্থ উপায়-উপকরণকে সম্পূর্ণরূপে অস্বীকার করা নয়; বরং সেগুলোকে কুদরতি হাতের আবরণ হিসেবে জানা ও মানা। উপায়-উপকরণকে একধরনের কর্মের দুআ মনে করে ফলাফল শুধু আল্লাহ তায়ালার নিকট থেকে চাওয়া এবং শুধু আল্লাহ তায়ালার পক্ষ থেকেই আসবে, এ কথা বিশ্বাস করা। আর তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করাই হলো তাওয়াক্কুল। যে আল্লাহ তায়ালার ওপর তাওয়াক্কুল করে, আর যে তাওয়াক্কুল করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হলো: দুজন ব্যক্তি মাথায় ও পিঠে ভারী বোঝা নিয়ে বড়ো একটি জাহাজের টিকিট কাটল। একজন জাহাজে ওঠার সাথে সাথে বোঝা নিচে রেখে তার ওপর বসল। তারপর চারিদিকে স্বস্তির দৃষ্টি দিলো। আরেকজন বোকা ও অহংকারী। মাথার বোঝা নিচে নামায়নি। তাকে বলা হলো “ভারী বোঝা নিচে রেখে আরাম করো।” সে বলল “না, রাখব না। নষ্ট হয়ে যাবে। আমি শক্তিশালী। বোঝা মাথায় ও পিঠে বহন করব।” তাকে আবারও বলা হলো “যে জাহাজে আমরা ভ্রমণ করছি, তা অনেক নিরাপদ। এই বিশাল জাহাজ অনেক বেশি সংরক্ষক। মাথা ঘুরে বোঝাসহ সমুদ্রে পড়েও যেতে পারো। তা ছাড়া ধীরে ধীরে তুমি দুর্বলও হয়ে যাবে। তোমার এই কুঁজো পিঠ ও বুদ্ধিহীন মাথা এই বোঝা বহন করার ক্ষমতা হারাবে। এমনকি জাহাজের নাবিক যদি তোমাকে এই অবস্থায় দেখে, তাহলে তোমাকে পাগল বলে বিতাড়িত করবে। অথবা এ কথা বলতে পারে যে, এই নির্বোধ ও বিশ্বাসঘাতক আমাদের জাহাজকে কটাক্ষ করছে এবং আমাদের সাথে মশকরা করছে। একে বন্দি করো। এ কথা বলে বন্দি করার নির্দেশ দেবে। এতে তুমি সবার নিকট হাসির পাত্র হবে। দুর্বলতা ফুটিয়ে তোলা তোমার গর্ব, অক্ষমতা প্রদর্শন করা তোমার অহংকার, লৌকিকতা ও অপমানের দ্বারা সবার নিকট নিজেকে উপহাসের পাত্রে পরিণত করেছ। সবাই তোমাকে নিয়ে মজা করছে।” এ কথাগুলো বলার পর তার সুবুদ্ধির উদয় হলো। বোঝা নামিয়ে রেখে তার ওপর আরাম করে বসল এবং বলল, “আল্লাহ তোমার ওপর খুশি হোক। কষ্ট থেকে, জেলে যাওয়া থেকে এবং উপহাসের পাত্র হওয়া থেকে মুক্তি পেলাম।” অতএব, হে তাওয়াক্কুলহীন মানুষ! তুমিও এই ব্যক্তির মতো শুভবুদ্ধির পরিচয় দাও এবং তাওয়াক্কুল করো। যাতে বিশ্বজগতের নিকট ভিক্ষা করা থেকে, সকল ঘটনায় ভীত হওয়া থেকে, আত্মপ্রশংসা ও উপহাসের পাত্র হওয়া থেকে, আখিরাতের আজাব এবং দুনিয়ার জেলখানার কষ্ট থেকে মুক্তি পেতে পারো।

§8

ঈমান মানুষকে মানুষে পরিণত করে, এমনকি মানুষকে সুলতানে পরিণত করে। অতএব, মানুষের আসল দায়িত্ব হচ্ছে ঈমান আনা ও দুআ করা। কুফর মানুষকে অতি অক্ষম এক হিংস্র প্রাণীতে পরিণত করে। পৃথিবীতে প্রেরণের ক্ষেত্রে পশু ও মানুষের পার্থক্যের হাজারো প্রমাণের মধ্য থেকে এই বিষয়ে এটিও একটি সুস্পষ্ট দলিল। একটি অকাট্য প্রমাণও বটে। হ্যাঁ, মানবজগৎ ঈমানের নূর দ্বারা মনুষ্যত্ব লাভ করায় মানুষ ও পশুদের পৃথিবীতে প্রেরণের পার্থক্যগুলো সুস্পষ্ট হয়। কারণ, অন্যান্য প্রাণী যখন দুনিয়ায় আসে, তখন মনে হয় যেন অন্য জগতে পূর্ণতা লাভ করে, প্রয়োজন অনুযায়ী সক্ষমতা অর্জন করে জন্মলাভ করে, অর্থাৎ প্রেরণ করা হয়। হয় দুই ঘণ্টা, দুই দিন বা দুই মাস জীবনধারণের জন্য প্রয়োজনীয় সকল শর্ত, সৃষ্টিজগতের সাথে সম্পর্ক এবং জীবনধারণের নীতিমালা শিখে আসে। সক্ষমতার দিক থেকে দ্রুত পূর্ণতা লাভ করে। মানুষ বিশ বছরে জীবন সম্পর্কিত যে পরিমাণ সক্ষমতা ও যোগ্যতা অর্জন করে, চড়ই পাখি ও মৌমাছির মতো ছোট্ট প্রাণী তা বিশ দিনেই অর্জন করে। অর্থাৎ তাকে ইলহামের মাধ্যমে জানানো হয়। অতএব প্রাণীর আসল দায়িত্ব শিক্ষার দ্বারা পূর্ণতা লাভ করা নয়, জ্ঞান অর্জনের মাধ্যমে উন্নতি সাধন নয়, এমনকি অক্ষমতা প্রদর্শনের মাধ্যমে সাহায্য কামনা করা ও দুআ করাও নয়; বরং আসল দায়িত্ব হচ্ছে সাধ্য অনুযায়ী পরিশ্রম করা, প্রচেষ্টা চালানো এবং কাজের মাধ্যমে ইবাদত সম্পন্ন করা। পক্ষান্তরে মানুষ যখন দুনিয়াতে আসে, তখন জীবনধারণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অজ্ঞ থাকে এবং সবকিছু তাকে শিখে নিতে হয়। এমনকি বিশ বছরেও জীবনের বিভিন্ন দিক সম্পূর্ণরূপে শিখতে পারে না; বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিখতে হয়। অক্ষম ও দুর্বল হিসেবে পৃথিবীতে প্রেরণের ফলে দুই-এক বছরে শুধু উঠে দাঁড়াতে শেখে, পনেরো বছর বয়সে লাভ-ক্ষতি ও ভালো-মন্দ কিছুটা পার্থক্য করতে পারে। সমাজের সহযোগিতায় ভালোকে আঁকড়ে ধরতে এবং মন্দের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। অতএব, মানুষের স্বভাব প্রকৃতির কাজ হচ্ছে জ্ঞান অর্জনের মাধ্যমে পূর্ণতা লাভ করা এবং দুআ ও ইবাদত করা। অর্থাৎ কার দয়া ও অনুগ্রহে এমন হেকমতের পরিচালিত হচ্ছি? কার রহম ও করুণায় পরম মমতায় প্রতিপালিত হচ্ছি? কার দয়ায় এমনভাবে লালিত হচ্ছি, জীবন পরিচালিত হচ্ছে? তাঁকে জানাই হচ্ছে মানুষের আসল দায়িত্ব। হাজারো অভাবের একটিকেও যে মানুষ পূরণ করতে পারে না, সেই মানুষের কাজ হলো অভাব পূরণকারী সত্তার দরবারে নিজ অক্ষমতা ও দরিদ্রতার ভাষায় কাকুতিমিনতি করা এবং তাঁর নিকট চাওয়া ও দুআ করা। অর্থাৎ অক্ষমতা ও দরিদ্রতার ডানায় ভর করে ইবাদতের সর্বোচ্চ মর্যাদায় উড়ে বেড়ানো।সুতরাং মানুষ এই জগতে জ্ঞান ও দুআর মাধ্যমে পূর্ণতা লাভের উদ্দেশ্যে এসেছে। বৈশিষ্ট্য ও সক্ষমতা জ্ঞানের ওপর নির্ভরশীল। সকল বাস্তবিক জ্ঞানের ভিত্তি, উৎস, নূর ও রুহ হচ্ছে মারেফাতুল্লাহ তথা আল্লাহ তায়ালার পরিচিতি লাভ করা। আর আল্লাহ তায়ালার পরিচিতি লাভের আসল ভিত্তি হচ্ছে তাঁর প্রতি ঈমান আনা। মানুষ সীমাহীন অক্ষমতা এবং অশেষ বালা-মুসিবতে আক্রান্ত। অসংখ্য শত্রুর আক্রমণে পর্যুদস্ত, সীমাহীন দরিদ্রতায় ক্লিষ্ট, অভাবগ্রস্ত, অসংখ্য আকাঙ্ক্ষার আঁধার। তাই মানুষের স্বাভাবিক দায়িত্ব হচ্ছে ঈমান আনার পর দুআ করা। কেননা, দুআ হচ্ছে ইবাদতের মূল।শিশু যেমন তার সাধ্যের বাইরো কোনো ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ করার জন্য হয় কাঁদে অথবা চাইতে থাকে। অর্থাৎ হয় কর্মের দ্বারা অথবা মৌখিক অক্ষমতার ভাষায় দুআ করে। তারপর উদ্দেশ্য পূরণে সফল হয়। ঠিক তেমনিভাবে মানুষ প্রাণিজগতের মধ্যে কোমল, দুর্বল ও আদুরে শিশুর মতো। রহমানুর রহিমের দরবারে দুর্বলতা ও অক্ষমতা প্রকাশ করে কাঁদা অথবা দরিদ্রতা ও অভাবকে ওসিলা বানিয়ে দুআ করা দরকার, যাতে করে তার আকাঙ্ক্ষা পূরণ হয়। আয়ত্তাধীন হওয়ায় শুকরিয়া আদায় করা দরকার। অন্যথায় মাছির আক্রমণ থেকে বাঁচতে ফরিয়াদকারী বোকা ও দুষ্ট এক শিশুর মতো আয়ত্ত করা অসম্ভব, এমন কিছুকে আমি আমার শক্তি দ্বারা আয়ত্তাধীন করেছি এবং এর চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী অদ্ভুত কিছুকেও আয়ত্তাধীন করেছি। আমার চিন্তাভাবনা ও জ্ঞান দ্বারা তাদের অনুগত করে নিচ্ছি। এ কথা বলে নিয়ামত অস্বীকার করা যেমন মানুষের স্বভাববিরুদ্ধ, তেমনই সে কঠোর শাস্তিরও যোগ্য হয়।

§9

যেমনিভাবে ঈমানের দাবি হলো, মানুষ দুআ করুক, তেমনিভাবে মানুষের স্বভাব-প্রকৃতিও দুআ ও প্রার্থনার জন্য একান্ত আগ্রহী থাকে। তাই আল্লাহও মানুষকে এই আয়াতের মাধ্যমে একই বিষয়ের দিকে আহ্বান করছেন। দুআ না থাকলে তোমাদের কী মূল্য আছে? قُلْ مَا يَعْبَؤُا بِكُمْ رَبّي لَوْلَا دُعَٓاؤُ كُمْ আবার নির্দেশ দিচ্ছেন: اُدْعُوْنِي اَسْتَجِبْ لَكُمْ প্রশ্ন : তুমি যদি বলো, অনেকবারই তো দুআ করেছি; কিন্তু কবুল হচ্ছে না। অথচ আয়াত বলছে, প্রত্যেক দুআর জন্যই জবাব প্রদান করা হয়। উত্তর : জবাব দেওয়া আর কবুল করা ভিন্ন বিষয়। প্রত্যেক দুআর জন্য জবাব রয়েছে, কিন্তু দুআ কবুল করা এবং দুআয় যা চাওয়া হয়েছে, তা দেওয়া আল্লাহ তায়ালার হেকমতের সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ, অসুস্থ এক শিশু ডাক্তারকে ডেকে বলল “ডাক্তার ডাক্তার! আমার ওষুধ লাগবে।” ডাক্তার উত্তর দিলেন “বলো, কী চাও?” শিশুটি বলল, “আমাকে ওই ওষুধটি দিন।” ডাক্তার হয়তো তখন তাকে ওই ওষুধটিই দেবেন অথবা এরচেয়ে বেশি উপকারী অন্য কোনো ওষুধ দেবে। অথবা তাকে কোনো ওষুধই দেবেন না।আল্লাহ তায়ালা হাকিমে মুতলাক ও সর্বজ্ঞানী এবং তিনি হাজির-নাজির। তাই বান্দার দুআর জবাব দেন। বান্দার দুআর জবাব প্রদান করে নিজ উপস্থিতিকে বোঝান এবং নির্জনতা ও নিঃসঙ্গতা থেকে সৃষ্ট ভয়ভীতি দূর করে দেন। মানুষের প্রবৃত্তি পূজা ও উচ্চাভিলাষের পীড়াপীড়িতে নয়; বরং রব্বানি হেকমত ও প্রজ্ঞা অনুযায়ী বান্দা যা প্রত্যাশা করে, তিনি তা-ই দেন কিংবা আরও চমৎকার কিছু দেন অথবা কিছুই দেন না। দুআ হচ্ছে ইবাদত। আর ইবাদতের ফলাফল পরকালের সাথে সম্পৃক্ত। পার্থিব উদ্দেশ্য হচ্ছে ওই ধরনের দুআ ও ইবাদতের সময়। ওই উদ্দেশ্য ইবাদতের মূল লক্ষ্য-উদ্দেশ্য নয়। উদাহরণস্বরূপ, বৃষ্টি প্রার্থনার নামাজ ও দুআ হলো ইবাদত। অনাবৃষ্টি হচ্ছে ওই ইবাদতের সময়। এই ইবাদত ও দুআ বৃষ্টি আনার জন্য নয়। যদি বৃষ্টি আনা উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই দুআ ও ইবাদত বিশুদ্ধ না হওয়ায় কবুল হবে না। যেমনিভাবে সূর্যাস্তের সময় হলো মাগরিবের নামাজের সময় এবং সূর্য ও চন্দ্র গ্রহণের নামাজ সালাতুল কুসুফ ও সালাতুল খুসুফ নামে পরিচিত। এই দুই সময় ইবাদতের সময়। অর্থাৎ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের নামাজ রাত-দিনের নুরানি নিদর্শনের নেকাবে ঢাকা পড়ে যাওয়া আল্লাহ তায়ালার মহত্ত্বের ঘোষণা হওয়ায় আল্লাহ তাঁর বান্দাকে ওই সময়ে একধরনের ইবাদতের আহ্বান জানান। অন্যথায় গণকের হিসাব অনুযায়ী সুনির্দিষ্ট; চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের জন্য ওই নামাজ নয়। ঠিক তেমনিভাবে অনাবৃষ্টি ও খরা হলো বৃষ্টির জন্য নামাজের সময়। অবিরাম বালা-মুসিবতের আগমন এবং বিভিন্ন ক্ষতিকর বস্তুর আক্রমণ হলো দুআর কতগুলো বিশেষ সময়। মানুষ এই সময়গুলোতে তার নিজের অসহায়ত্বকে উপলব্ধি করে। দুআ ও কাকুতিমিনতি দ্বারা কাদিরে মুতলাকের দরবারে আশ্রয় গ্রহণ করে। যদি বারবার দুআ করা সত্ত্বেও বালা-মুসিবত দূর না হয়, তাহলে দুআ কবুল হয়নি। এ কথা বলা যাবে না; বরং বলতে হবে ‘দুআর সময় শেষ হয়ে যায়নি।’ আল্লাহ তায়ালার দয়া ও অনুগ্রহ বালা-মুসিবত দূর করে দিলে (নুরুন আলা নূর) দুআর সময় শেষ হবে। দুআ হচ্ছে ইবাদতের আসল রহস্য। আর ইবাদত বিশুদ্ধ নিয়তে শুধু আল্লাহ তায়ালার জন্যই হওয়া উচিত। নিজ অক্ষমতাকে প্রকাশ করে দুআর মাধ্যমে তাঁর নিকট আশ্রয় নেওয়া উচিত। আল্লাহ তায়ালার রুবুবিয়াত ও প্রভুত্বে হস্তক্ষেপ না করা উচিত। পরিচালনাকে তাঁর ওপর ছেড়ে দেওয়া এবং তাঁর হেকমতের ওপর আস্থা রাখা উচিত। কোনো অবস্থাতেই তাঁর রহমতকে কটাক্ষ করা যাবে না। হ্যাঁ, সুস্পষ্ট সকল আয়াতের ভাষ্য অনুযায়ী সুনির্দিষ্ট বিষয় হলো, প্রত্যেক সৃষ্টিরই নিজস্ব তাসবিহ, ইবাদত ও সিজদা রয়েছে। সৃষ্টিজগৎ থেকে ইলাহি দরবারে যাওয়া সবকিছুই দুআ। এক. সক্ষমতার ভাষায় দুআ : সমস্ত উদ্ভিদের দুআ এই প্রকারের অন্তর্ভুক্ত। প্রত্যেকটি উদ্ভিদ সক্ষমতার ভাষায় ফাইয়াজে মুতলাক তথা অসীম ও সীমাহীন বরকত ও সমৃদ্ধির অধিকারী আল্লাহ তায়ালার নিকট থেকে একটি আকৃতি চাচ্ছে এবং তাঁর নামের প্রতিফলনকে আবিষ্কার করে প্রদর্শনকারী হতে চাচ্ছে। দুই. স্বভাব-প্রকৃতির প্রয়োজনের ভাষায় দুআ : যে সকল প্রাণী জরুরি প্রয়োজন মেটাতে অক্ষম, সে সমস্ত জরুরি প্রয়োজন মেটানোর জন্য কৃত দুআই এই প্রকার দুআর অন্তর্ভুক্ত। প্রত্যেক প্রাণীর ওই স্বভাব-প্রকৃতির প্রয়োজনের ভাষায় অসীম দয়ালুর নিকট থেকে নিজ জীবনকে টিকিয়ে রাখার জন্য রিজিক হিসেবে একধরনের চাহিদা রয়েছে। তিন. উপায়হীনতার ভাষায় দুআ : প্রাণবিশিষ্ট উপায়হীন প্রাণীর প্রত্যেকেই সুনির্দিষ্টভাবে আত্মসমর্পণের মাধ্যমে দুআ করে। অজানা এক অভিভাবকের নিকট আশ্রয় গ্রহণ করে। দয়ালু রব্বে রহিমের দিকে ধাবিত হয়। এই তিন ধরনের দুআ কোনো প্রতিবন্ধকতা না থাকলে সর্বদাই কবুল হয়ে থাকে। চার. এই ধরনের দুআ সবচেয়ে প্রসিদ্ধ। আর সেটি হচ্ছে আমাদের দুআ। এটিও দুই ধরনের:এক. কর্ম ও কথায় করা দুআ; দুই. অন্তর ও ভাষায় সম্পাদিত দুআ। কর্ম ও কথায় করা দুআ : একটি উদাহরণ দেওয়া যাক উপায়-উপকরণের পেছনে ধাবিত হওয়াই হচ্ছে কর্ম ও অবস্থার ভাষায় দুআ। উপায়-উপকরণের সমন্বয় করা ফলাফলকে সৃষ্টি করার জন্য নয়; বরং ফলাফলকে অবস্থার ভাষায় আল্লাহ তায়ালার নিকট থেকে চাওয়ার জন্য তাঁর গ্রহণযোগ্য অবস্থায় অবস্থান করা। যেমন চাষাবাদ করা হচ্ছে রহমতের ভান্ডারের দরজায় কড়া নাড়া। কর্ম দ্বারা সম্পাদিত এই ধরনের দুআ জাওয়াদে মুতলাকের দিকেই ধাবিত হওয়ায় দুআ কবুলের সম্ভাবনা খুব বেশি। অন্তর ও ভাষায় সম্পাদিত দুআ : নিজের আয়ত্তাধীন নয়, এমন অনেক ইচ্ছা-আকাঙ্ক্ষাকে স্রষ্টার নিকট চাওয়াই হচ্ছে দুআ। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, সবচেয়ে সুন্দর লক্ষ্য ও সুমিষ্ট ফল হচ্ছে, দুআকারী ব্যক্তি উপলব্ধি করে যে, এমন একজন রয়েছেন; যিনি তার অন্তরের মাঝে বিরাজমান সকল আশা-আকাঙ্ক্ষা শ্রবণ করেন। সবকিছু তাঁর আয়ত্তাধীন। সকল আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দিতে পারেন। অক্ষমের প্রতি রহম করেন। দরিদ্রকে সাহায্য করেন। অতএব, হে অক্ষম মানুষ! হে দরিদ্র মানবসমাজ! দুআর মতো রহমতের ভান্ডারের চাবি এবং অশেষ এক শক্তির উৎস যিনি, তাঁকে হাতছাড়া করো না। তাকে আঁকড়ে ধরো। মানবতার সর্বোচ্চ শিখরে আলায়ে ইল্লিনে ওঠার চেষ্টা করো। সুলতানের মতো সমস্ত জগতের দুআকে নিজের দুআর মাঝে ধারণ করো। একজন পূর্ণাঙ্গ বান্দা ও সর্বসাধারণের প্রতিনিধির মতো বলো اِيَّاكَ نَسْتَعِيْنُ এবং বিশ্বজগতের সুন্দর এক অবয়ব হও।

§10

মানুষের শান্তি ও অভিযোগের পাঁচটি কারণ: সুন্দরতম অবয়বে মানুষ সৃষ্টি হওয়ায় এবং মানুষকে অনেক ক্ষেত্রে সক্ষমতা প্রদান করায় নিকৃষ্টতম অবস্থান আসফালে সাফেলিন থেকে সুমহান অবস্থানে আলায়ে ইল্লিয়িন অধিষ্ঠিত করায়, ফরশ থেকে আরশ পর্যন্ত এবং অণু-পরমাণু থেকে সূর্য পর্যন্ত সাজানো স্তর, ধাপ ও অবস্থানে অধিষ্ঠিত হতে পারে এবং অধঃপতনও হতে পারে, এমন এক পরীক্ষার ময়দানে তাকে নিক্ষেপ করা হয়েছে। সীমাহীন উত্থান-পতনের দিকে ধাবিত দুটি পথ তার সম্মুখে উন্মুক্ত করা হয়েছে এবং অলৌকিক ক্ষমতা, সৃষ্টির ফলাফল এবং অদ্ভুত এক শিল্পকর্ম হিসেবে তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। মানুষের এই ব্যাপক উত্থান-পতনের পাঁচটি কারণ নিম্নে তুলে ধরা হলো।

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters