ঈমান হচ্ছে নূর, যা মানুষকে আলোকিত করে। ওই নূর মানুষের ওপর লিখিত মাকতুবাতে সামাদানিয়াহকে পড়াচ্ছে। ঠিক তেমনিভাবে সৃষ্টিজগৎকেও আলোকিত করছে। অতীত ও ভবিষ্যৎকালকে অন্ধকার থেকে মুক্ত করছে। اَللّٰهُ وَلِيُّ الَّذِينَ اٰمَنُوا يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ اِلَى النُّورِ এই আয়াতে কারিমার তাৎপর্য প্রকাশ করে, এমন একটি ঘটনা আমি কাল্পনিকভাবে দেখতে পেলাম। নিম্নে তা বর্ণনা করছি। তা হলো,
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
İman ve Küfür Muvazeneleri
দ্বিতীয় পয়েন্ট :
দুটি উঁচু পাহাড় মুখোমুখি অবস্থানে আছে। দুই পাহাড়ের মাঝে একটি সেতু রয়েছে। সেতুর নিচ দিয়ে গভীর একটি নদী বয়ে যাচ্ছে। আমি ওই সেতুর ওপর ছিলাম। পৃথিবীর চারদিক অন্ধকার ঢেকে ফেলেছে। আমি ডানে তাকালাম। সীমাহীন আঁধারের মাঝে বিশাল এক কবরস্থান দেখতে পেলাম। অর্থাৎ কল্পনা করলাম। তারপর বাঁ দিকে তাকালাম। দেখলাম, ভয়ংকর অন্ধকারের ঢেউয়ের মাঝে বিশাল ঝড়, ঝঞ্ঝা ও মুসিবত ধেয়ে আসছে। সেতুর নিচে তাকালাম। গভীর একটি গুহা দেখতে পেলাম।এই ভয়ংকর অন্ধকারে আমার নিকট নিভুনিভু আলোর একটি টর্চলাইট ছিল। আমি তা জ্বালালাম। অল্প আলোয় চারিদিকের অবস্থা দেখলাম। খুবই ভয়ংকর। সেতুর সামনে ও চারপাশে কুমির, সিংহ ও ভয়ংকর সব হিংস্র প্রাণী দেখতে পেলাম। মনে মনে বললাম “আমার যদি এই টর্চলাইটটি না থাকত, আর এই ভয়ংকর দৃশ্য না দেখতাম!” যেদিকেই আলো ফেলি, একই অবস্থা দেখতে পাই। বললাম, হায়! এই লাইটটি তো আমার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাগ করে লাইটটি ছুড়ে মারলাম। সাথে সাথে সেটি ভেঙে গেল। তখন মনে হলো যেন দুনিয়াকে আলো দানকারী বিরাট এক বৈদ্যুতিক বাতির সুইচ হাতে পেয়েছি। সুইচ অন করার সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হয়ে গেল। চারিদিক আলোয় আলোকিত হয়ে উঠল। সবকিছুর বাস্তবতা সুস্পষ্ট দেখা গেল।
লক্ষ করলাম, আমার দেখা ওই সেতু হলো সুশৃঙ্খল এক জায়গায় সমতল ভূমিতে অবস্থিত এক মহাসড়ক। ডান দিকে দেখা বিশাল কবরস্থানের শেষ পর্যন্ত সবুজের সমারোহে আবৃত বাগানে নুরানি মানুষদের পরিচালনায় ইবাদত, খেদমত, সহবত ও জিকিরের মজলিস মনে হতে লাগল। বাঁ দিকের ঝঞ্ঝাময় ও শব্দবহুল মনে হওয়া গুহা ও চূড়াগুলোকে সৌন্দর্যমণ্ডিত, সুসজ্জিত ও আর্কষণীয় পাহাড়ের পেছনে বিশাল এক মেহমানখানা, দর্শনীয় স্থান ও অবকাশযাপন কেন্দ্র হিসেবে কল্পনায় দেখতে পেলাম। ওই ভয়ংকর হিংস্র প্রাণী ও কুমিরগুলোকে পোষ মানানো উট, ষাঁড়, ভেড়ী ও ছাগলের মতো গৃহপালিত জন্তু হিসেবে দেখতে পেলাম। আমি বললাম: اَلْحَمْدُ لِلّٰهِ عَلٰى نُورِ الْاِيمَانِ তারপর এই আয়াতে কারিমা পাঠ করলাম: اَللّٰهُ وَلِيُّ الَّذِينَ اٰمَنُوا يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ اِلَى النُّورِ
কল্পনা শেষ হলো, জেগে উঠলাম। দুটি পাহাড় হচ্ছে জীবনের শুরু ও শেষ। অর্থাৎ পার্থিব জগৎ ও কবর জগৎ। সেতু হচ্ছে জীবনের পথ। ডান দিক হচ্ছে অতীত কাল, আর বাঁ দিক হচ্ছে ভবিষ্যৎ কাল। টর্চলাইটটি হলো আত্মকেন্দ্রিকতা ও আত্মনির্ভরতা তথা অহংকার। নিজেকে নিয়ে ব্যস্ত ও নিজ জ্ঞানে ভরসাকারী এবং আসমানি ওহির প্রতি কর্ণপাতে উদাসীন মানুষের আত্মকেন্দ্রিকতা। আর যেগুলোকে হিংস্র প্রাণী মনে হচ্ছিল, সেগুলো মূলত জগতের নানা ঘটনা ও অদ্ভুত সৃষ্টিজীব।
অতএব, আত্মকেন্দ্রিকতায় বিশ্বাসী ও অহংকারে নিমজ্জিত ভ্রষ্টতা ও উদাসীনতার অন্ধকারে ডুবন্ত ব্যক্তির সাথে আমার অবস্থা তুলনীয়। টর্চলাইটের আলোর মতো ক্ষীণ এবং ভ্রষ্টতায় আবিষ্ট জ্ঞান দ্বারা অতীত সময়কে এক বিশাল কবরস্থানের আকারে এবং নিশ্চিহ্ন এক অন্ধকার হিসেবে দেখছে। ভবিষ্যৎকে ঝঞ্ঝাময় ও কাকতালীয় ভয়ংকর এক স্থান হিসেবে দেখাচ্ছে। হাকিমে রহিমের অনুগত কর্মচারী হওয়া সত্ত্বেও ঘটনা ও সৃষ্টিগুলোকে ক্ষতিকর প্রাণীর মতো দেখাচ্ছে। وَالَّذِينَ كَفَرُٓوا اَوْلِيَٓاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُمْ مِنَ النُّورِ اِلَى الظُّلُمَاتِ
যদি ইলাহি হিদায়াত পায়, অন্তরে ঈমান প্রবেশ করে, নফসের ফেরাউনি মানসিকতা দূর হয় এবং কুরআনের কথা শোনে, তাহলে কল্পনায় আমার দ্বিতীয় অবস্থার মতো হবে। বিশ্বজগৎ চোখের সামনেই দিবালোকের ন্যায় উজ্জ্বল হয়ে উঠবে। আল্লাহ তায়ালার নূরে ভরে উঠবে। তখন বিশ্বজগৎ এই আয়াত পাঠ করে: اَللّٰهُ نُورُ السَّمٰوَاتِ وَالْاَرْضِ তখন মনে হয়, অতীত কাল বিশাল কোনো কবরস্থান নয়; বরং প্রত্যেক শতাব্দীতে একজন নবি কিংবা আউলিয়ার পরিচালনায় ইবাদতে মগ্ন পবিত্র আত্মাদের সমাজ। এই আত্মাগুলো জীবনের দায়িত্ব শেষ করে اَللّٰهُ اَكْبَرُ বলে সুমহান মর্যাদায় অধিষ্ঠিত এবং ভবিষ্যতের দিকে প্রস্থানকে অন্তর্চক্ষু দিয়ে দেখে। বাঁ দিকে তাকালে বারজাখ ও আখিরাত সম্পর্কিত পাহাড়সম কিছু পরিবর্তন দেখা যায়। এর পেছনে জান্নাত নামক বাগানে নির্মিত শান্তির প্রাসাদে রহমানের মেহমানদারিকে ঈমানি নূর দ্বারা লক্ষ করা যায়। ঝড়-ঝঞ্ঝা, ভূমিকম্প ও মহামারির মতো ঘটনাগুলোকে একেকটি অনুগত কর্মচারী হিসেবে মনে করে। বসন্তের ঝঞ্ঝা ও বৃষ্টির মতো ঘটনাকে বাহ্যিকভাবে রূঢ় মনে হলেও আধ্যাত্মিক দিক থেকে সেগুলোকে অনেক সূক্ষ্ম ও মনোরম প্রজ্ঞাপূর্ণ মনে হয়। এমনকি মৃত্যুকে চিরন্তন জীবনের শুরু এবং কবরকে চির শান্তির দরজা হিসেবে দেখে। অন্যান্য অবস্থাকে এভাবে তুলনা করে নাও। বাস্তবতাকে উপমার সাথে মিলাও।

