İman ve Küfür Muvazeneleri

রিসালায়ে নূরের তুলনাগুলোর মধ্য থেকে তেরোতম কালিমার দ্বিতীয় মাকামের হাশিয়া

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

بِاس۟مِهٖ سُب۟حَانَهُ

§2

রিসালায়ে নূরের ভেতরে যে সত্যিকারের সান্ত্বনা ও প্রশান্তি রয়েছে, বন্দিদের জন্য তা অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে যারা যৌবনের আঘাত পেয়ে, সতেজ ও মিষ্টি জীবনকাল বন্দিশালায় কাটাচ্ছে, তাদের জন্য নূরসমূহ রুটির মতোই অপরিহার্য।

§3

হ্যাঁ, যৌবনের উন্মত্ততা বুদ্ধির চেয়ে অনুভূতির কথাই বেশি শোনে। আর অনুভূতি ও কামনা-বাসনা অন্ধ; তা ফলাফল দেখতে পায় না। স্বল্প সময়ের নগদ আনন্দকে, ভবিষ্যতের সীমাহীন আনন্দের ওপর অগ্রাধিকার দেয়। এক মিনিটের প্রতিশোধের নেশায় মানুষ হত্যা করে, এরপর আশি হাজার ঘণ্টা কারাবাসের যন্ত্রণা ভোগ করে। এক ঘণ্টার লালসাপূর্ণ ভোগের ফলে হাজার দিন কারাবাসে শত্রুর আশঙ্কা ও ভয়জনিত বেদনা ও দুশ্চিন্তায় জীবনের সুখ ধ্বংস হয়ে যায়।

§4

এই উদাহরণগুলোর অনুপাতে, অসহায় যুবকদের আরও বহু বিপদ আছে, যার ফলে তারা মধুর জীবনকে তিক্ত ও করুণ জীবনে পরিণত করে ফেলে।

§5

বিশেষ করে উত্তর দিকের এক বিশাল রাষ্ট্র যৌবনের কামনা-বাসনাকে ব্যবহার করে এই যুগকে ফিতনার ঝড়ে কাঁপিয়ে তুলছে। কারণ, ফলাফল দেখতে না পারা অন্ধ অনুভূতির প্রভাবে চলা যুবকদেরকে সম্মানিত লোকদের সুন্দরী কন্যা এবং স্ত্রীদের অবাধে ব্যবহার করতে দেয়; বরং গোসলখানায় নারী-পুরুষের একত্রে নগ্ন হয়ে প্রবেশের অনুমতি দিয়ে, অশ্লীলতা ও ব্যভিচারকে উৎসাহিত করে। একইভাবে বেপরোয়া দরিদ্র লোকদের জন্য ধনীদের সম্পদকে বৈধ ঘোষণা করে, যার ফলে সমস্ত মানবজাতি এই ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছে।

§6

অতএব, এই যুগে মুসলিম ও তুর্কি যুবকদের উচিত, বীরত্বের পরিচয় দেওয়া এবং দুই দিক থেকে আক্রমণকারী এই বিপদের বিরুদ্ধে রিসালায়ে নূরের ঈমানের ফলসমূহ এবং যুবকদের পথ নির্দেশিকার মতো ধারালো তরবারি দিয়ে প্রতিরোধ করা। অন্যথায় সেই অসহায় যুবক, তার ভবিষ্যৎ, সুখী জীবন এবং পরকালীন আনন্দ ও চিরন্তন জীবন সবকিছুকেই শাস্তি ও যন্ত্রণায় রূপান্তর করে ধ্বংস করবে এবং অপব্যবহার ও লালসার কারণে হাসপাতালে। অনুভূতির অপব্যবহারে কারাগারে প্রবেশ করো। তারপর বৃদ্ধ বয়সে হায় আফসোস বলে চিৎকার করবে, অনুতাপ ও আফসোসে বৃদ্ধাবস্থায় অনেক কাঁদবে হবে।

§7

কিন্তু যদি সে কুরআনি শিক্ষায় গঠিত চরিত্র এবং নূরের সত্যসমূহ দ্বারা নিজেকে রক্ষা করে, তবে সে হবে সম্পূর্ণ এক বীর যুবক, সুযোগ্য ও পূর্ণাঙ্গ মানুষ, সুখী মুসলমান এবং অন্যান্য সৃষ্টিজীবের সুলতানে পরিণত হবে।

§8

হ্যাঁ, যদি কোনো যুবক, কারাগারে প্রতিদিনের চব্বিশ ঘণ্টা জীবনের এক ঘণ্টা পাঁচ ওয়াক্ত নামাজে ব্যয় করে এবং যেমন কারাগার অনেক গুনাহ থেকে তাকে রোধ করে; তেমনই সে যদি ওই বিপদের কারণ হওয়া অপরাধ থেকে তাওবা করে এবং অন্য ক্ষতিকর ও যন্ত্রণাদায়ক গুনাহ থেকে বিরত থাকে, তবে তার জীবনে, তার ভবিষ্যতে, তার স্বদেশ ও জাতির জন্য তার আত্মীয়স্বজনদের উপকারী হিসেবে গণ্য হবে।আর সেই দশ-পনেরো বছরব্যাপী ক্ষণস্থায়ী যৌবনের বিনিময়ে সে অর্জন করবে চিরন্তন ও উজ্জ্বল যৌবন। এবং এই বিষয়টি সম্পর্কে কুরআনুল মুজিযুল বয়ানসহ সমস্ত আসমানি কিতাব ও সহিফাসমূহ সুসংবাদ দিয়েছে।

§9

হ্যাঁ, যদি সেই মিষ্টি ও সুন্দর যৌবনের নিয়ামতের প্রতি দৃঢ়তা ও আনুগত্যের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে, তবে সেই যৌবন বৃদ্ধি পায়, চিরস্থায়ী হয়ে যায় এবং আনন্দে ভরে ওঠে। অন্যথায় তা বিপদে পরিণত হয়, দুঃখ, উদ্বেগ ও দুঃস্বপ্নে পরিপূর্ণ হয়ে নষ্ট হয়ে যায়। এবং আত্মীয়স্বজনের, নিজ দেশের এবং জাতির জন্য ক্ষতিকর এক ভবঘুরে উন্মাদে পরিণত হয়। যদি কোনো বন্দি অন্যায়ভাবে দণ্ডপ্রাপ্ত হয়, তবে ফরজ নামাজ আদায় করার শর্তে তার প্রতিটি ঘণ্টা এক দিনের ইবাদতের সমান হয়ে যায়।

§10

তখন সেই কারাবাস তার জন্য এক নির্জন ইবাদতের স্থান হয়ে দাঁড়ায় এবং সে তখন গণ্য হতে পারে প্রাচীন যুগের সেই নির্জন নেককার বান্দাদের মধ্যে, যারা গুহায় প্রবেশ করে একান্তে ইবাদত করত।

§11

আর যদি সে হয় দরিদ্র, বৃদ্ধ, অসুস্থ, অথবা ঈমানের হাকিকতসমূহের প্রতি আগ্রহী, তবে ফরজ আদায় ও তাওবা করার শর্তে, তার প্রতিটি ঘণ্টা বিশ ঘণ্টা ইবাদতের সমান হয়ে যায়। এবং সেই কারাগার তার জন্য হয়ে ওঠে একটি বিশ্রামাগার, একটি স্নেহপরায়ণ বন্ধুর ভালোবাসার ঘর, একটি শিক্ষাগৃহ এবং একটি পাঠশালা।সে তখন কারাগারে অবস্থান করেই বাইরের অশান্ত, পাপের আক্রমণে ভরা অবাধ জীবনের তুলনায় অধিক শান্তি অনুভব করতে পারে। তখন সে কারাগার থেকে পূর্ণ নৈতিক শিক্ষা গ্রহণ করে। আর বেরিয়ে এসে একজন খুনি বা প্রতিশোধপরায়ণ নয়; বরং তাওবাকারী, অভিজ্ঞ, শিক্ষিত, সমাজের জন্য উপকারী এক মানুষ হয়ে ওঠে।

§12

এমনকি দেনিজলি কারাগারে বন্দিদের মধ্যে অল্প সময়ের মধ্যেই রিসালায়ে নূর থেকে অসাধারণ নৈতিক শিক্ষা গ্রহণকারীদের দেখে কিছু সচেতন ব্যক্তি বলেছেন, “তাদেরকে সংশোধনের জন্য পনেরো বছর জেলে রাখার চেয়ে যদি তারা পনেরো সপ্তাহ রিসালায়ে নূরের পাঠ গ্রহণ করে, তবে তা তাদের আরও গভীরভাবে সংশোধন করবে।”

§13

যেহেতু মৃত্যু চিরন্তন এবং মৃত্যুর সময়ও গোপন, তাই যেকোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। আর যেহেতু কবর কখনো শূন্য থাকে না; একের পর এক কাফেলা সেখানে প্রবেশ করে অদৃশ্য হয়ে যায়। মৃত্যু ঈমানদারদের কাছে চিরন্তন ধ্বংসের সমার্থক নয়; বরং তা আল্লাহর অশেষ দয়া ও করুণায় মুক্তির ঘোষণাপত্রে রূপ নেয়, এ সত্য কুরআনের দলিল দ্বারা প্রতিষ্ঠিত। কিন্তু অবিশ্বাস ও লালসার বশবর্তী মানুষের জন্য মৃত্যু যেন এক চিরস্থায়ী মৃত্যুদণ্ড। যেখানে সে তার সকল প্রিয় বস্তু ও আপন অস্তিত্ব থেকে অন্তহীন বিচ্ছেদের অন্ধকারে নিক্ষিপ্ত হয়।

§14

তাই এতে সন্দেহের কোনো সুযোগ নেই যে, সত্যিকারের সৌভাগ্যবান সেই মানুষ, যে ধৈর্য ধরে কৃতজ্ঞ থাকে, কারাবাসের সময়কে কাজে লাগিয়ে রিসালায়ে নূর পড়ে এবং দৃঢ় মনোভাব নিয়ে ঈমান ও কুরআনের খেদমতে নিজেকে নিয়োজিত করে।

§15

হে ভোগবিলাসে মগ্ন মানব! পঁচাত্তর বছরের দীর্ঘজীবনে অগণিত অভিজ্ঞতা ও সুস্পষ্ট প্রমাণের মাধ্যমে আমি নিশ্চিত জ্ঞান লাভ করেছি।

§16

বাস্তব আনন্দ, বেদনামুক্ত সুখ, অশ্রুহীন উল্লাস এবং জীবনের সত্যিকার পরিতৃপ্তি কেবল ঈমানের ভেতরেই নিহিত; আর তা ঈমানের হাকিকাতসমূহেই সন্ধান পাওয়া যায়। অন্যথা দুনিয়ার আনন্দের আবরণেও লুকিয়ে থাকে বহু বিষাদ। যেন একটি আঙুল দিয়ে দশটি চড় মারার মতো, সে ভোগবিলাস শেষ পর্যন্ত জীবনের আনন্দ ছিনিয়ে নেয়।

§17

হে কারাগারের বিপদে পড়া অসহায় মানুষরা! তোমাদের দুনিয়াটা যখন কাঁদছে এবং জীবন তিক্ত হয়ে গেছে, তখন অন্তত চেষ্টা করো, তোমাদের পরকাল যেন না কাঁদে। বরং চিরন্তন জীবন যেন হাসে, আনন্দে ভরে ওঠে। তাই কারাবাসের সময়কে ভালোভাবে কাজে লাগাও। যেমন কঠিন অবস্থায় শত্রুর সামনে এক ঘণ্টা প্রহরা কখনো এক বছরের ইবাদতের সমান হয়ে যায়, তেমনই এখন তোমাদের প্রতিটি কষ্টের মধ্যকার ইবাদতের ঘণ্টা বরকতের মাধ্যমে বহু ঘণ্টার সমান হয়ে ওঠে এবং এই কষ্টগুলোই পরিণামে রহমতে বদলে যায়।

§18

بِاس۟مِهٖ سُب۟حَانَهُ

§19

اَلسَّلَامُ عَلَي۟كُم۟ وَ رَح۟مَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهُ

§20

প্রিয় ও সত্যনিষ্ঠ ভাইগণ,

§21

আমি কারাগারে বিপদগ্রস্তদের এবং তাদের জন্য অনুগ্রহপূর্ণ ও বিশ্বস্তভাবে বাইরে থেকে আসা খাদ্যদ্রব্যের তত্ত্বাবধান ও সহায়তা করা ব্যক্তিদের উদ্দেশ্যে তিনটি পয়েন্টে শক্তিশালী এক সান্ত্বনা ব্যাখ্যা করব।

§22

প্রথম পয়েন্ট : কারাগারে অতিবাহিত জীবনের দিনগুলো, প্রতিটি দিন এমন দশটি দিনের সমান ইবাদতের সওয়াব অর্জন করতে পারে এবং ওই ক্ষণস্থায়ী সময়গুলো তাদের ফলাফলের দিক থেকে আধ্যাত্মিকভাবে চিরস্থায়ী সময়ে রূপান্তরিত হতে পারে এবং পাঁচ-দশ বছরের শাস্তি, লক্ষ লক্ষ বছরের চিরস্থায়ী কারাবাস থেকে মুক্তির একটি মাধ্যম হয়ে উঠতে পারে।

§23

অতএব, ঈমানদারদের জন্য এই মহামূল্যবান ও অসীম লাভের শর্ত হলো, ফরজ নামাজ আদায় করা, কারাবাসের কারণ যে গুনাহ, তা থেকে তাওবা করা এবং সবর ও শোকরের ভেতরে থাকা। কারণ কারাগার নিজেই বহু গুনাহের বাধা; সে গুনাহের অবকাশ দেয় না।

§24

দ্বিতীয় পয়েন্ট : যেমন আনন্দের অবসান কষ্টের কারণ, তেমনই দুঃখের অবসানও একপ্রকার আনন্দ। প্রত্যেকেই যদি অতীতের সুখ- শান্তিময় দিনগুলোকে স্মরণ করে, তাহলে তার অন্তরে অনুশোচনা ও আফসোসের মানসিক বেদনা জাগে; সে বলে, “হায়!” কিন্তু অতীতের দুঃখ-কষ্ট-বিপদের দিনগুলোকে স্মরণ করলে তাদের অবসান থেকে এক আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করে এবং বলে, “আলহামদুলিল্লাহ, শোকর; ওই বিপদ চলে গেছে, কিন্তু তার সওয়াব রেখে গেছে।” এবং অন্তর প্রশান্ত হয়। অতএব, এক ঘণ্টার অস্থায়ী কষ্ট, রুহে এক স্থায়ী আধ্যাত্মিক আনন্দ রেখে যায়; আর এক ঘণ্টার আনন্দ, তার বিপরীতে বেদনা রেখে যায়৷

§25

যেহেতু বাস্তবতা এই এবং যেহেতু অতীতের বিপদ ও কষ্টের সময়গুলো তাদের যন্ত্রণাসহ ইতোমধ্যে বিলুপ্ত ও অস্তিত্বহীন, আর ভবিষ্যতের বিপদ-দুঃখের দিনগুলোও এখনও নেই, অতএব অস্তিত্বহীন জিনিস থেকে কষ্ট আসতে পারে না। যেমন, কেউ যদি আজ থেকে কয়েক দিন পরে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হওয়ার আশঙ্কায় আজ থেকেই লাগাতার রুটি খায় ও পানি পান করে, এটি কত বড়ো পাগলামি!

§26

ঠিক সেই রকমভাবেই অতীত ও ভবিষ্যতের দুঃখময় সময়গুলো, যেগুলো আসলে নেই, বিলুপ্ত ও অস্তিত্বহীন, এখন স্মরণ করে অস্থিরতা প্রকাশ করা এবং নিজের ত্রুটিপূর্ণ নফসকে একপাশে রেখে, আল্লাহর কাছে অভিযোগ জানানোর মতো করে “হায় আফসোস” বলা নিছকই বোকামি। যদি সে ব্যক্তি সবরের শক্তিকে ডান-বাম দিকে অর্থাৎ অতীত ও ভবিষ্যতের দিকে বণ্টন না করে; বরং বর্তমান সময় ও দিনের ওপর কেন্দ্রীভূত করে রাখে, তাহলে সেই শক্তি সম্পূর্ণরূপে যথেষ্ট হয়ে যায়। কষ্ট তখন দশ ভাগের এক ভাগে নেমে আসে।

§27

এমনকি অভিযোগ যেন না হয়, আমি এই তৃতীয় মাদরাসায়ে ইউসুফিয়া কয়েক দিনের মধ্যেই, আমার সমগ্র জীবনে কখনো না দেখা জাগতিক ও আধ্যাত্মিক দুঃখ-কষ্ট ও রোগব্যাধির বিপদে ছিলাম। বিশেষ করে (রিসালায়ে নূরের খেদমত) থেকে বঞ্চিত থাকার কারণে যে মনোবেদনা ও আত্মিক চাপ আমাকে পিষে ফেলেছিল, ঠিক সেই সময়ে আল্লাহর অনুগ্রহ আমাকে এই উল্লিখিত সত্যটি দেখিয়ে দিলো।তখন আমি নিজের কষ্টকর অসুস্থতা ও কারাবাসে সন্তুষ্ট হলাম। কারণ, আমার মতো কবরের দরজায় দাঁড়িয়ে থাকা এক অসহায় মানুষের জন্য, যে একটি ঘণ্টা গাফিলতিতে (অলসতায়) হারিয়ে যেতে পারত, সে ঘণ্টাটিকে দশটি ইবাদতের ঘণ্টার সমান করে তোলার সুযোগ এক বিশাল লাভ বলে আমি শোকরের সাথে কৃতজ্ঞ হলাম৷

§28

তৃতীয় পয়েন্ট : কারাবন্দিদের প্রতি করুণাময় সেবার মাধ্যমে সাহায্য করা, তাদের প্রয়োজনীয় রিজিক তাদের হাতে তুলে দেওয়া এবং আধ্যাত্মিক ক্ষতে সান্ত্বনার মলম লাগানো, এইসব কাজের মধ্যে অতি সামান্য আমলেই বিশাল সওয়াব ও উপার্জন আছে। বাইরে থেকে আসা খাবার তাদের হাতে পৌঁছে দেওয়া, সে খাবারের সমানই সওয়াব হিসেবে ওই রক্ষী ও তার সাথে ভেতরে ও বাইরে কাজ করা সকলের নেকি বা সওয়াবের খাতায় একটি সাদাকার সমতুল্য সওয়াব হিসেবে লিপিবদ্ধ হয়।বিশেষত যদি ওই বন্দি বিপদগ্রস্ত, বৃদ্ধ, রোগী, দরিদ্র অথবা অপরিচিত একাকী ব্যক্তি হয়, তাহলে ওই আধ্যাত্মিক সাদাকার সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়৷

§29

এই মহামূল্যবান সওয়াব লাভের প্রথম শর্ত হলো, ফরজ নামাজ আদায় করা, যাতে ওই সেবা একান্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।আরেকটি শর্ত হলো, সত্যনিষ্ঠা, দয়া, আনন্দ সহকারে এবং অন্যের ওপর অনুগ্রহ দেখানোর ভঙ্গি ছাড়া তাদের সহায়তায় এগিয়ে আসা।

§30

بِاس۟مِهٖ سُب۟حَانَهُ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ

§31

اَلسَّلَامُ عَلَي۟كُم۟ وَ رَح۟مَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهُ اَبَدًا دَائِمًا

§32

হে আমার কারাগারের সাথি ও দ্বীনি ভাইয়েরা,

§33

তোমাদের দুনিয়া আখিরাতের শাস্তি থেকে মুক্ত করবে, এমন এক বাস্তবতা আমার অন্তরে উদয় হয়েছে।

§34

সেই সত্য হলো নিম্নরূপ, উদাহরণস্বরূপ কেউ একজন আরেকজনের ভাই বা আত্মীয়কে হত্যা করেছে। এক মিনিটের প্রতিশোধের আনন্দে ঘটানো একটি হত্যাকাণ্ড পরবর্তী লক্ষ লক্ষ মিনিট ধরে অন্তরের দুঃখ এবং কারাবাসের কষ্ট ভোগ করায়। অন্যদিকে নিহত ব্যক্তির আত্মীয়রাও প্রতিশোধের চিন্তা এবং সামনে শত্রুর কল্পনা করার কারণে জীবনের আনন্দ ও জীবিকার স্বাদ হারায়। তারা ক্রমাগত ভয় ও রাগের যন্ত্রণা ভোগ করে। এর একটিমাত্র সমাধান আছে, আর সেটি হলো কুরআনের নির্দেশিত এবং হক ও হাকিকত, করণীয় ও মানবতা ও ইসলাম যা আদেশ ও উৎসাহ দিয়েছে, সমঝোতা ও মীমাংসা।

§35

হ্যাঁ, বাস্তব ও কল্যাণকর হলো শান্তি। কারণ, মৃত্যুর সময় নির্দিষ্ট; তা পরিবর্তন হয় না। যে নিহত হয়েছে, সে নিশ্চিতভাবেই মৃত্যুর সময় এলে আর বেশি বাঁচত না। আর যে হত্যাকারী, সে শুধু ওই ইলাহি সিদ্ধান্তের মাধ্যম হয়েছে। যদি মীমাংসা না হয়, তাহলে উভয় পক্ষ সব সময় ভয় ও প্রতিশোধের কষ্ট ভোগ করবে। এই কারণেই ইসলাম বলেছে, “তিন দিনের বেশি একজন মুমিন আরেক মুমিনের সাথে রাগ করে থাকতে পারবে না।” যদি সেই হত্যাকাণ্ড কোনো বিদ্বেষ, ঘৃণা বা প্রতিহিংসা থেকে না আসে এবং কোনো মুনাফিক ব্যক্তি ওই বিবাদের কারণ হয়ে থাকে, তাহলে দ্রুত মীমাংসা করা অপরিহার্য। অন্যথায় একটি ছোটো বিপদ এক বৃহৎ ও দীর্ঘস্থায়ী বিপদে পরিণত হবে।যদি তারা মীমাংসা করে এবং হত্যাকারী তাওবা করে এবং নিহতের জন্য নিয়মিত দুআ করে, তাহলে উভয় পক্ষই সুফল লাভ করবে এবং ভ্রাতৃত্বের সম্পর্ক পুনরুদ্ধার করবে। একজন হারানো ভাইয়ের পরিবর্তে সে অনেক দ্বীনদার ভাই পাবে। আল্লাহর ইচ্ছা ও কদর-ই ইলাহিয়ার প্রতি আত্মসমর্পণ করে নিজের শত্রুকে ক্ষমা করে দেয়, বিশেষত যেহেতু তারা রিসালায়ে নূরের দারস শুনেছে, তাদের জন্য এটি অবশ্যই প্রয়োজনীয়।

§36

তাদের মধ্যে যেসব রাগ ও অভিমান আছে, সেগুলো সম্পূর্ণভাবে ত্যাগ করুক। এটি প্রয়োজনীয় তাদের ব্যক্তিগত ও সাধারণ শান্তি ও উপকারের জন্য এবং নূরের পরিধির ভ্রাতৃত্ব রক্ষার জন্য।

§37

যেমন : দেনিজলি কারাগারে আগে যারা পরস্পরের শত্রু ছিল, তারা রিসালায়ে নূরের দারসের মাধ্যমে ভাইয়ে পরিণত হয়েছিল। এবং তারা আমাদের মুক্তির কারণ একটি হয়েছিল৷ এমনকি নাস্তিক ও ভবঘুরে লোকেরাও ওই বন্দিদের সম্পর্কে বলেছিল, “মাশাআল্লাহ, বারাকাল্লাহ!” এবং ওই বন্দিরা সত্যিকারের প্রশান্তির নিশ্বাস নিতে পেরেছিল।আমি এখানে দেখেছি যে, একজনের কারণে শতজন কষ্ট করছে এবং একসাথে মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছে না। এটি তাদের প্রতি অন্যায়৷ একজন সাহসী ও বিবেকবান মুমিন, নিজের ভুল বা স্বার্থের কারণে ঈমানদারদের ক্ষতি করবে না। আর যদি কখনো ভুলবশত করে ফেলে, তবে অবিলম্বে তাওবা করা তার জন্য কর্তব্য।

§38

بِاس۟مِهٖ سُب۟حَانَهُ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ

§39

হে প্রিয় নতুন ভাইয়েরা এবং প্রাক্তন বন্দিরা,

§40

আমার অন্তরে নিশ্চিতভাবে প্রতীয়মান হয়েছে যে, আমাদের এখানে আগমনের ইলাহি অনুগ্রহের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ কারণ তোমরাই। অর্থাৎ নূরের সান্ত্বনা ও ঈমানের হাকিকতের মাধ্যমে তোমাদের এই কারাগারের বিপদের কষ্ট ও দুনিয়ার বহু ক্ষতি থেকে অর্থহীন দুঃখ ও হতাশার মাঝে বৃথা বিলীন হয়ে যাওয়া জীবন থেকে এবং দুনিয়ার মতোই আখিরাতের কান্না থেকে রক্ষা করে পূর্ণ সান্ত্বনা ও প্রশান্তি দেওয়াই উদ্দেশ্য।

§41

যেহেতু বাস্তবতা এটি, তোমাদেরও উচিত দেনিজলি কারাগারের বন্দিগণ ও নূরের ছাত্রদের মতো পরস্পর ভাই হয়ে থাকা। তোমরা দেখছ যে, তোমাদের মধ্যে যেন ছুরি প্রবেশ না করে এবং একে অপরের ওপর আক্রমণ না করার জন্য বাইরে থেকে আসা সমস্ত জিনিস, খাবার, রুটি ও সুপ পর্যন্ত পরীক্ষা করা হচ্ছে। তোমাদের প্রতি বিশ্বস্তভাবে সেবা করা প্রহরীরা অনেক কষ্ট করছে। এমনকি তোমরা একসাথে মুক্ত বাতাসেও বের হচ্ছ না, যেন তোমরা হিংস্র জন্তুর মতো একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়বে।

§42

এখন তোমাদের মতো স্বভাবজাত বীরত্বের অধিকারী নতুন সাথিরা এই যুগে এক মহান আধ্যাত্মিক বীরত্বের সাথে সমাজকে বলুক, “আমাদের হাতে শুধু ছুরি নয়, যদি রাইফেল ও রিভলবারও দেওয়া হয়, এমনকি আদেশও দেওয়া হয়, তবুও আমরা এই অসহায় ও আমাদের মতোই বিপদগ্রস্ত ভাইদের একটুও আঘাত করব না। আগে আমাদের মধ্যে শত শত্রুতা ও বিদ্বেষ থাকলেও আমরা সেগুলো ক্ষমা করেছি এবং তাদের হৃদয় না ভাঙতে সচেষ্ট থাকব। কুরআন, ঈমান, ইসলামি ভ্রাতৃত্বের এবং আমাদের কল্যাণের আদেশ ও দিকনির্দেশনার অধীনে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” এই সিদ্ধান্ত ও ঘোষণা দিয়ে এই কারাগারকে একটি পবিত্র দারসখানায় পরিণত করো।

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters