İman ve Küfür Muvazeneleri

চতুর্থ পয়েন্ট :

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

ঈমান মানুষকে মানুষে পরিণত করে, এমনকি মানুষকে সুলতানে পরিণত করে। অতএব, মানুষের আসল দায়িত্ব হচ্ছে ঈমান আনা ও দুআ করা। কুফর মানুষকে অতি অক্ষম এক হিংস্র প্রাণীতে পরিণত করে।

§2

পৃথিবীতে প্রেরণের ক্ষেত্রে পশু ও মানুষের পার্থক্যের হাজারো প্রমাণের মধ্য থেকে এই বিষয়ে এটিও একটি সুস্পষ্ট দলিল। একটি অকাট্য প্রমাণও বটে। হ্যাঁ, মানবজগৎ ঈমানের নূর দ্বারা মনুষ্যত্ব লাভ করায় মানুষ ও পশুদের পৃথিবীতে প্রেরণের পার্থক্যগুলো সুস্পষ্ট হয়। কারণ, অন্যান্য প্রাণী যখন দুনিয়ায় আসে, তখন মনে হয় যেন অন্য জগতে পূর্ণতা লাভ করে, প্রয়োজন অনুযায়ী সক্ষমতা অর্জন করে জন্মলাভ করে, অর্থাৎ প্রেরণ করা হয়। হয় দুই ঘণ্টা, দুই দিন বা দুই মাস জীবনধারণের জন্য প্রয়োজনীয় সকল শর্ত, সৃষ্টিজগতের সাথে সম্পর্ক এবং জীবনধারণের নীতিমালা শিখে আসে। সক্ষমতার দিক থেকে দ্রুত পূর্ণতা লাভ করে। মানুষ বিশ বছরে জীবন সম্পর্কিত যে পরিমাণ সক্ষমতা ও যোগ্যতা অর্জন করে, চড়ই পাখি ও মৌমাছির মতো ছোট্ট প্রাণী তা বিশ দিনেই অর্জন করে।

§3

অর্থাৎ তাকে ইলহামের মাধ্যমে জানানো হয়। অতএব প্রাণীর আসল দায়িত্ব শিক্ষার দ্বারা পূর্ণতা লাভ করা নয়, জ্ঞান অর্জনের মাধ্যমে উন্নতি সাধন নয়, এমনকি অক্ষমতা প্রদর্শনের মাধ্যমে সাহায্য কামনা করা ও দুআ করাও নয়; বরং আসল দায়িত্ব হচ্ছে সাধ্য অনুযায়ী পরিশ্রম করা, প্রচেষ্টা চালানো এবং কাজের মাধ্যমে ইবাদত সম্পন্ন করা।

§4

পক্ষান্তরে মানুষ যখন দুনিয়াতে আসে, তখন জীবনধারণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অজ্ঞ থাকে এবং সবকিছু তাকে শিখে নিতে হয়। এমনকি বিশ বছরেও জীবনের বিভিন্ন দিক সম্পূর্ণরূপে শিখতে পারে না; বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিখতে হয়। অক্ষম ও দুর্বল হিসেবে পৃথিবীতে প্রেরণের ফলে দুই-এক বছরে শুধু উঠে দাঁড়াতে শেখে, পনেরো বছর বয়সে লাভ-ক্ষতি ও ভালো-মন্দ কিছুটা পার্থক্য করতে পারে। সমাজের সহযোগিতায় ভালোকে আঁকড়ে ধরতে এবং মন্দের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে।

§5

অতএব, মানুষের স্বভাব প্রকৃতির কাজ হচ্ছে জ্ঞান অর্জনের মাধ্যমে পূর্ণতা লাভ করা এবং দুআ ও ইবাদত করা। অর্থাৎ কার দয়া ও অনুগ্রহে এমন হেকমতের পরিচালিত হচ্ছি? কার রহম ও করুণায় পরম মমতায় প্রতিপালিত হচ্ছি? কার দয়ায় এমনভাবে লালিত হচ্ছি, জীবন পরিচালিত হচ্ছে? তাঁকে জানাই হচ্ছে মানুষের আসল দায়িত্ব। হাজারো অভাবের একটিকেও যে মানুষ পূরণ করতে পারে না, সেই মানুষের কাজ হলো অভাব পূরণকারী সত্তার দরবারে নিজ অক্ষমতা ও দরিদ্রতার ভাষায় কাকুতিমিনতি করা এবং তাঁর নিকট চাওয়া ও দুআ করা।

§6

অর্থাৎ অক্ষমতা ও দরিদ্রতার ডানায় ভর করে ইবাদতের সর্বোচ্চ মর্যাদায় উড়ে বেড়ানো।সুতরাং মানুষ এই জগতে জ্ঞান ও দুআর মাধ্যমে পূর্ণতা লাভের উদ্দেশ্যে এসেছে। বৈশিষ্ট্য ও সক্ষমতা জ্ঞানের ওপর নির্ভরশীল। সকল বাস্তবিক জ্ঞানের ভিত্তি, উৎস, নূর ও রুহ হচ্ছে মারেফাতুল্লাহ তথা আল্লাহ তায়ালার পরিচিতি লাভ করা। আর আল্লাহ তায়ালার পরিচিতি লাভের আসল ভিত্তি হচ্ছে তাঁর প্রতি ঈমান আনা।

§7

মানুষ সীমাহীন অক্ষমতা এবং অশেষ বালা-মুসিবতে আক্রান্ত। অসংখ্য শত্রুর আক্রমণে পর্যুদস্ত, সীমাহীন দরিদ্রতায় ক্লিষ্ট, অভাবগ্রস্ত, অসংখ্য আকাঙ্ক্ষার আঁধার। তাই মানুষের স্বাভাবিক দায়িত্ব হচ্ছে ঈমান আনার পর দুআ করা। কেননা, দুআ হচ্ছে ইবাদতের মূল।শিশু যেমন তার সাধ্যের বাইরো কোনো ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ করার জন্য হয় কাঁদে অথবা চাইতে থাকে। অর্থাৎ হয় কর্মের দ্বারা অথবা মৌখিক অক্ষমতার ভাষায় দুআ করে। তারপর উদ্দেশ্য পূরণে সফল হয়। ঠিক তেমনিভাবে মানুষ প্রাণিজগতের মধ্যে কোমল, দুর্বল ও আদুরে শিশুর মতো। রহমানুর রহিমের দরবারে দুর্বলতা ও অক্ষমতা প্রকাশ করে কাঁদা অথবা দরিদ্রতা ও অভাবকে ওসিলা বানিয়ে দুআ করা দরকার, যাতে করে তার আকাঙ্ক্ষা পূরণ হয়। আয়ত্তাধীন হওয়ায় শুকরিয়া আদায় করা দরকার। অন্যথায় মাছির আক্রমণ থেকে বাঁচতে ফরিয়াদকারী বোকা ও দুষ্ট এক শিশুর মতো আয়ত্ত করা অসম্ভব, এমন কিছুকে আমি আমার শক্তি দ্বারা আয়ত্তাধীন করেছি এবং এর চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী অদ্ভুত কিছুকেও আয়ত্তাধীন করেছি। আমার চিন্তাভাবনা ও জ্ঞান দ্বারা তাদের অনুগত করে নিচ্ছি। এ কথা বলে নিয়ামত অস্বীকার করা যেমন মানুষের স্বভাববিরুদ্ধ, তেমনই সে কঠোর শাস্তিরও যোগ্য হয়।

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters