İman ve Küfür Muvazeneleri

প্রথম কারণ :

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

মানুষ সৃষ্টিজগতের অধিকাংশের ওপর মুখাপেক্ষী এবং তাদের সাথে সম্পৃক্ত। তার প্রয়োজন জগতের চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আকাঙ্ক্ষাসমূহ অনন্তকাল পর্যন্ত বিস্তৃত। মানুষ যেমন একটি ফুলকে পেতে চায়, তেমনই বিশাল বসন্তকেও পাওয়ার আকাঙ্ক্ষা রাখে। একটি বাগান পেতে যেমন কামনা করে, তেমনই চিরস্থায়ী জান্নাতকেও পাওয়ার আকাঙ্ক্ষা রাখে। অন্তরঙ্গ বন্ধুর সাক্ষাতের ইচ্ছা যেমন প্রবল, তেমনই জামিলে জুল জালাল তথা মহামহিম সৌন্দর্যময় সত্তার সাক্ষাতের ইচ্ছাও প্রবল থাকবে। কোনো গৃহে থাকা প্রিয় মানুষটির দেখা পেতে মানুষকে যেমন দরজা খুলতে হয়, তেমনিভাবে ইন্তেকাল করেছেন, এমন শতকরা নিরানব্বইজন প্রিয়জনের সাক্ষাৎ পেতে এবং তাদের চিরবিচ্ছেদ থেকে মুক্তি লাভের আশায় বিশাল দুনিয়ার দরজা বন্ধ করতে হয়। অদ্ভুত এক প্রদর্শনীকেন্দ্র আখিরাতের দরজা উন্মুক্ত করতে হয় এবং দুনিয়ার স্থানে আখিরাতকে প্রতিস্থাপন করবেন, এমন এক কাদিরে মুতলাকের দরবারে আশ্রয় গ্রহণ করতে মুখাপেক্ষী।

§2

অতএব, এমতাবস্থায় মানুষের প্রকৃত মাবুদ তিনিই হবেন, যার হাতে রয়েছে সবকিছুর নিয়ন্ত্রণ, সবকিছুর ভান্ডার এবং যিনি সবকিছুর পর্যবেক্ষক, সবখানে যিনি উপস্থিত, স্থান-কালের ঊর্ধ্বে, অক্ষমতা থেকে মুক্ত, ঘাটতি ও ত্রুটিবিচ্যুতি থেকে পবিত্র। তিনিই কাদিরে জুল জালাল, রাহিমে জুল জামাল এবং হাকিমে জুল কামাল। কারণ, মানুষের অশেষ অভাব শুধু অসীম ক্ষমতা ও সর্বময় জ্ঞানের অধিকারীই পূরণ করতে পারেন। অতএব, মাবুদ হওয়ার যোগ্য শুধু তিনিই।

§3

অতএব, হে মানুষ! তুমি যদি তাঁরই বান্দা হতে পারো, তাহলে সকল সৃষ্টিজীবের ওপর মর্যাদা লাভ করবে। যদি ইবাদত থেকে বিমুখ থাকো, তাহলে অক্ষম সৃষ্টিজীবের নিকৃষ্টতম বান্দা হবে। যদি আত্মকেন্দ্রিকতা ও নিজ ক্ষমতার ওপর ভরসা করে আল্লাহ তায়ালার ওপর তাওয়াক্কুল ও দুআকে ছেড়ে দাও এবং অহংকার ও কৃতিত্বের দাবি করো, তাহলে কল্যাণ ও সৃষ্টির দিক থেকে মৌমাছি ও পিপীলিকার চেয়েও নিম্নস্থানে অবস্থান করবে এবং মাকড়সা ও মাছি থেকে আরও দুর্বল হবে। মন্দ ও ধ্বংসের দিক থেকে পাহাড়ের চেয়ে বেশি ভারী বোঝা হবে এবং মহামারির চেয়েও বেশি ক্ষতির কারণ হবে।

§4

হে মানুষ! তোমার দুটি দিক রয়েছে।প্রথমত : সৃষ্টি, অস্তিত্ব, কল্যাণ, ইতিবাচকতা ও কর্মচঞ্চলতা।দ্বিতীয়ত : ধ্বংস, অনস্তিত্ব, অকল্যাণ ও নেতিবাচকতা। প্রথম দিক, তুমি মৌমাছি ও চড়ই পাখি থেকে নিম্নে। মাছি ও মাকড়সা থেকেও দুর্বল। দ্বিতীয় দিক, পাহাড় ও আসমান-জমিনকেও ছাড়িয়ে যেতে চাও। তারা যে ভার বহন করতে অনীহা ও অক্ষমতা প্রকাশ করছে, তা তুমি বহন করতে চাও। তাদের চেয়ে বিস্তৃত ও বড়ো কিছুকে তুমি ধারণ করতে চাও। কারণ, কল্যাণ ও সৃষ্টির ক্ষেত্রে তোমার হাত যতটুকু প্রসারিত হয় এবং তোমার শক্তিতে যতটুকু সম্ভব হয়, ততটুকুই তুমি করতে পারো। আর যদি অনিষ্ট ও ধ্বংস সাধন করো, তাহলে তোমার অনিষ্টতা ও ধ্বংসাত্মক কর্ম বিস্তৃত হয়ে যায় এবং ছড়িয়ে পড়ে।

§5

উদাহরণস্বরূপ, কুফর হলো অনিষ্ট ও ধ্বংস, বিনাশ করা ও অস্বীকার করা। কিন্তু একটি গুনাহই সৃষ্টিজগৎকে হেয় করে, ছোটো করে এবং সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করে এবং সমস্ত আসমাউল হুসনাকে হেয়জ্ঞান করে ও অস্বীকার করে। এমনিভাবে মানবতাকেও লাঞ্ছিত করে। এর কারণ হলো, এই সৃষ্টিসমূহের সুউচ্চ মর্যাদা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। প্রত্যেকটি সৃষ্টিই রব্বানি চিঠি সুবহানি আয়না ও ইলাহি কর্মচারী।কিন্তু কুফর এই সৃষ্টিসমূহকে দর্পণদারিত্ব, দায়িত্বের স্তর, অর্থবহতার স্তর থেকে অনর্থকতা ও অর্থহীনতার স্তরে নামিয়ে আনে। কুফর এই সৃষ্টিজগতের কোনো মূল্য ও মর্যাদা দেয় না। কারণ, কুফরের দৃষ্টিকোণ থেকে মনে হয় এই সৃষ্টিজগৎ বিনাশ হবে, ধ্বংস হবে, বিনাশ ও ধ্বংসে পৃথিবী তুচ্ছ ও মূল্যহীন হয়ে যাবে। এই সৃষ্টিজগতের অবস্থা এমন হবে যে, এর কোনো গুরুত্বই থাকবে না, কোনো অর্থই থাকবে না। আর কুফর তখনই আল্লাহকে না মানার ভান করে এবং একপর্যায়ে অস্বীকার করে বসে। যেই নামসমূহের নকশা, তাজাল্লি ও দীপ্তি, সৌন্দর্য সমস্ত সৃষ্টির মধ্যে প্রকাশ পায়। যার ফলে বলা হয় যে, মানুষ সৃষ্টির এমন প্রাজ্ঞিক ছন্দময় কাব্য, যা আল্লাহ তায়ালার সকল পবিত্র নামের তাজাল্লি ও দীপ্তি চমৎকারভাবে ঘোষণা করে।এই মানুষই আল্লাহ তায়ালার সর্বময় সুস্পষ্ট প্রকাশ অলৌকিক ক্ষমতা ঘোষণা করে, যেমনিভাবে একটি বীজ স্থায়ী সুপ্রতিষ্ঠিত বৃক্ষের ডালপালার ঘোষণা দেয়। মানুষের পৃথিবীর ওপর, পাহাড়-পর্বতের ওপর, আকাশমণ্ডলীর ওপর মর্যাদা রয়েছে। কারণ, মানুষের কাঁধে রয়েছে বিরাট আমানত, মানুষকে ফেরেশতাদের ওপর মর্যাদা দেওয়া হয়েছে, এমনভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে যে, মানুষ পৃথিবীর সম্মানিত খলিফা তথা আল্লাহ তায়ালার প্রতিনিধি হওয়ার যোগ্যতা লাভ করেছে। কিন্তু কুফর মানুষকে সুমহান মর্যাদা থেকে এত নিচে নামিয়ে ফেলেছে যে, মানুষকে যেকোনো সৃষ্টি থেকে নিম্ন ও নিকৃষ্ট বানিয়ে দিয়েছে। নশ্বর, অক্ষয়, দুর্বল ও নিঃস্ব বানিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, শিরক বা কুফর মানুষকে তো দ্রুত ক্ষয়িষ্ণু নিকৃষ্ট আকৃতির একেবারে নিম্নস্তরে নামিয়ে এনেছে।

§6

সারকথা নফসে আম্মারাহ ধ্বংস ও অনিষ্টের দিক থেকে অসংখ্য হত্যা করতে পারে, কিন্তু সৃষ্টি ও কল্যাণের ক্ষেত্রে তার ক্ষমতা খুবই সামান্য ও আংশিক। হ্যাঁ, একটি বাড়িকে এক দিনে ধসিয়ে দেওয়া যায়, কিন্তু ১০০ দিনেও নির্মাণ করা যায় না। অপরদিকে আত্মকেন্দ্রিকতাকে ত্যাগ করে যদি আল্লাহ তায়ালার নিকট কল্যাণ ও অস্তিত্ব কামনা করে এবং অনিষ্ট, ধ্বংস ও নফসের ওপর ভরসা করা থেকে বিরত থেকে ক্ষমা চেয়ে পরিপূর্ণ বান্দা হয়ে যায়, তাহলে يُبَدِّلُ اللّٰهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ এই আয়াতের রহস্য তার মাঝে প্রতিফলিত হবে। সীমাহীন অনিষ্ট সাধনের ক্ষমতা অসীম কল্যাণ সাধনের ক্ষমতায় রূপান্তরিত হবে। আহসানে তাকভিমে পৌঁছবে। আলায়ে ইল্লিয়িনে উন্নীত হবে।

§7

অতএব, হে উদাসীন মানুষ! আল্লাহ তায়ালার দয়া ও অনুগ্রহ লক্ষ করো। একটি গুনাহকে হাজারবার লেখা আর একটি সওয়াবকে একবার লেখা কিংবা না লেখা, এটাই ন্যায়বিচার হওয়া উচিত ছিল। কিন্তু একটি গুনাহকে একবারই লেখা হয়, আর একটি সওয়াবকে দশটি, কখনো সত্তরটি, কখনো সাতশতটি, কখনো সাত হাজারটিও লেখা হয়। এই রহস্য থেকে এটাও বুঝে নাও যে, ওই ভয়ংকর জাহান্নামে প্রবেশ করা মানুষের কৃতকর্মের ফল এবং এটাই ন্যায়বিচার। কিন্তু জান্নাতে প্রবেশ করা সম্পূর্ণ আল্লাহ তায়ালার দয়ার ওপরই নির্ভরশীল।

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters