İman ve Küfür Muvazeneleri

দ্বিতীয় কারণ :

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

মানুষের দুটি দিক রয়েছে।প্রথমত, আমিত্ব তথা আত্মকেন্দ্রিকতা যা পার্থিব জীবনের প্রতি দৃষ্টিপাত করে। দ্বিতীয়ত, ইবাদত যা সরাসরি চিরস্থায়ী জীবনের প্রতি দৃষ্টিপাত করে।

§2

প্রথম দিক অনুযায়ী মানুষ এমন এক উপায়হীন সৃষ্টিজীব, যার মূলধন হচ্ছে ইচ্ছাশক্তির দিক থেকে একটি চুলের ন্যায় সামান্য ক্ষমতা ও ইচ্ছাশক্তি। ক্ষমতার দিক থেকে দুর্বল এক ক্ষমতা। জীবনের দিক থেকে দ্রুত নিভে যাওয়া এক আলোকরশ্মি। আয়ুর দিক থেকে দ্রুত ফুরিয়ে যাওয়া সময় ও জীবন। অস্তিত্বের দিক থেকে দ্রুত বিকৃত হয়ে যাওয়া ছোট্ট এক দেহ।

§3

সৃষ্টিজগতের বিভিন্ন স্তরে ছড়ানো অসংখ্য প্রজাতির মধ্যে মানুষ দুর্বল এক সদস্য। আর দ্বিতীয় দিক অনুযায়ী অর্থাৎ ইবাদতমুখী হওয়া এবং অক্ষমতা ও দারিদ্রের দিক থেকে ব্যাপক প্রশস্ততা ও অনেক গুরুত্ব রয়েছে। কারণ, ফাতিরে হাকিম স্রষ্টা মানুষের আধ্যাত্মিক স্বভাবের মাঝে বিশাল অক্ষমতা ও সীমাহীন দরিদ্রতা অন্তর্ভুক্ত করেছেন। যাতে করে মানুষ কাদিরে রহিম দয়াময় সর্বশক্তিমান এবং অশেষ সম্পদের অধিকারী গানিয়ে কারিমের একক সত্তার প্রতিফলনকে ধারণ করার সুবৃহৎ আয়নায় পরিণত হতে পারে।

§4

হ্যাঁ, মানুষকে তুলনা করা হয় একটি বীজের সাথে। আল্লাহ তায়ালার কুদরতে যেই বীজকে আধ্যাত্মিক ও গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ দেওয়া হয়েছে এবং তাকদির থেকে প্রাপ্ত সূক্ষ্ম অগ্রিম পরিকল্পনা প্রদান করা হয়েছে। যাতে করে বীজটি মাটির নিচে পরিশ্রম করে সংকীর্ণ জগৎ থেকে বের হয়ে উন্মুক্ত বাতাসের জগতে প্রবেশ করতে পারে। স্রষ্টার নিকট সক্ষমতার ভাষায় একটি বৃক্ষ হওয়ার ইচ্ছা প্রকাশ করে নিজের উপযোগী পূর্ণতা লাভ করতে পারে।

§5

বীজটি যদি নিজ মন্দ স্বভাব দোষে তাকে প্রদত্ত আধ্যাত্মিক অঙ্গপ্রত্যঙ্গসমূহের মাধ্যমে মাটির নিচে কিছু ক্ষতিকর উপাদানকে আকর্ষণ করে, তাহলে সেই বীজটি সংকীর্ণ পরিসরে স্বল্প সময়ে নষ্ট হয়ে যাবে।

§6

فَالِقُ الْحَبِّ وَالنَّوٰى যদি ওই বীজ এই আয়াতের বর্ণনা অনুযায়ী সৃষ্টিসংক্রান্ত আল্লাহ তায়ালার নিয়মকানুন মেনে চলে, নিজ আধ্যাত্মিক অঙ্গপ্রত্যঙ্গের সুন্দর ব্যবহার করে, তাহলে মাটির নিচে সংকীর্ণ জগৎ থেকে বের হয়ে ফলবান বিশাল এক বৃক্ষে পরিণত হয়ে তার ক্ষুদ্রতম আংশিক বাস্তবতা এবং আধ্যাত্মিক আত্মা বিশাল সামগ্রিক বাস্তবতার রূপ ধারণ করবে।

§7

ঠিক তেমনিভাবে আল্লাহ তায়ালার কুদরতে প্রাপ্ত মানব বৈশিষ্ট্যে গুরত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ প্রদান করা হয়েছে এবং তাকদির থেকে অগ্রিম প্রোগ্রাম প্রদান করা হয়েছে। মানুষ যদি এই সংকীর্ণ ভূপৃষ্ঠের পার্থিব জীবন নামক মাটির নিচে সামান্য স্বাদ উপভোগের জন্য নফস ও প্রবৃত্তির পেছনে নিজের আধ্যাত্মিক অঙ্গপ্রত্যঙ্গসমূহকে ব্যবহার করে, তাহলে ওই নষ্ট বীজের মতো স্বল্প আয়ুর জীবনে সংকীর্ণ স্থানে দুঃখ-দুর্দশায় পচে-গলে নষ্ট হবে। আর আখিরাতের দায়দায়িত্ব হতভাগা রুহের ওপর চাপিয়ে দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবে।

§8

যদি সে ওই সক্ষমতার বীজকে ইসলামের পানি এবং ঈমানের আলো দ্বারা ইবাদতের মাটির নিচে প্রতিপালন করে এবং কুরআনের নির্দেশ মেনে চলে, সেই আধ্যাত্মিক অঙ্গপ্রত্যঙ্গ সমূহকে প্রকৃত লক্ষ্য-উদ্দেশ্যে ধাবিত করে, তাহলে তা অবশ্যই উপমাজগৎ ও কবরজগতে ডালপালা ও শাখা-প্রশাখা বিস্তার করবে। আখিরাত ও জান্নাতে সীমাহীন পূর্ণতা ও নিয়ামতসমূহকে পাওয়ার কারণ হবে। চিরস্থায়ী বৃক্ষ ও চিরন্তন বাস্তবতার অঙ্গপ্রত্যঙ্গ ধারণকারী মূল্যবান এক বীজে এবং আকর্ষণীয় এক যন্ত্রে রূপান্তরিত হবে। সৃষ্টিজগৎ নামক বৃক্ষের মুবারক ও নুরানি এক ফলে পরিণত হবে।

§9

হ্যাঁ, বাস্তবিক উন্নয়ন হলো মানুষকে প্রদত্ত কলব, সূক্ষ্ম অনুভূতি, রুহ, বিবেক-বুদ্ধি এমনকি কল্পনা ও অন্যান্য ইন্দ্রিয়কে অনন্ত-অসীম জীবনের অভিমুখী করে প্রত্যেকটিকে উপযোগী নির্ধারিত ইবাদতের দায়িত্বে মগ্ন রাখা। এতেই তার উন্নতি, অন্যথায় তার উন্নতি নয়। পথভ্রষ্টরা উন্নতি বলতে যা বোঝায়, আসলে তা উন্নতি নয়। পার্থিব জীবনের সকল স্বাদ উপভোগ করা এবং সব ধরনের আনন্দ; এমনকি সবচেয়ে নোংরা আনন্দকেও উপভোগ করা এবং সকল সূক্ষ্ম অনুভূতি, কলব ও বিবেককে নফসে আম্মারার অনুগত করা। এগুলো উন্নতি নয়; বরং তা অধোগতি ও চরম অধঃপতন। এই বাস্তবতাকে একটি কাল্পনিক ঘটনায় দেখতে পেলাম। একটি উদাহরণ দিয়ে বিষয়টাকে বিশ্লেষণ করা যাক।

§10

উদাহরণ : বড়ো একটি শহরে প্রবেশ করলাম। দেখলাম যে, ওই শহরে বড়ো বড়ো প্রাসাদ রয়েছে। কিছু প্রাসাদের ফটকের দিকে তাকালাম। আমোদ-প্রমোদে মত্ত আলোকোজ্জ্বল থিয়েটারের মতো সকলেরই দৃষ্টি আকর্ষণ করবে এবং সকলকেই আনন্দ দেয়, এমন আকর্ষণ ছিল। লক্ষ করলাম, ওই প্রাসাদের প্রধান তত্ত্বাবধায়ক ফটকের সামনে এসে কুকুর নিয়ে খেলা করছে। অন্যদেরও খেলতে সাহায্য করছে। নারীরা অপরিচিত যুবকদের সঙ্গে খোশগল্পে মত্ত। যুবতি মেয়েরা শিশুদের খেলাধুলায় সহযোগিতা করছে। খেলার আয়োজনে ব্যস্ত প্রহরীকে দেখে মনে হচ্ছে, এই লোকটিই সকলের নেতা। তবে একটু পরেই বুঝতে পারলাম যে, ওই প্রাসাদের ভেতরটা একেবারেই ফাঁকা। প্রাসাদের গুরুত্বপূর্ণ কাজকর্ম অবহেলিত অবস্থায় পড়ে আছে। চারিত্রিক অধঃপতনের কারণে প্রধান ফটকে এই বিপরীত দৃশ্য দেখা যাচ্ছে।

§11

তারপর আরেকটি প্রাসাদ দেখলাম। ফটকের সামনে কৃতজ্ঞ একটি কুকুরকে শুয়ে থাকতে দেখলাম এবং রুক্ষ ও রূঢ় এবং শান্ত ও গম্ভীর একজন প্রহরীকেও দেখতে পেলাম। পরিস্থিতি নিরানন্দ ও গম্ভীর। কৌতূহল বোধ করলাম যে, দুই প্রাসাদের দৃশ্য দু-রকম কেন? ভেতরে ঢুকে দেখলাম যে, দ্বিতীয় প্রাসাদের ভেতরটা বেশ আনন্দমুখর। প্রাসাদের বিভিন্ন রুমে সকল সদস্য নিজ নিজ কাজ ও দায়িত্বে ব্যস্ত। প্রথম তলার সদস্যরা প্রাসাদের প্রশাসন ও পরিচালনার কাজে ব্যস্ত। ওপরতলায় মেয়ে ও শিশুরা পড়াশোনা করছে। এর ওপরের তলার নারীরা খুব সূক্ষ্ম ও নিপুণ শিল্পকর্মে এবং সুন্দর নকশার কাজে লিপ্ত। সবার ওপরে প্রধান তত্ত্বাবধায়ক বাদশার সাথে যোগাযোগের মাধ্যমে জনগণের শান্তি নিশ্চিত করতে এবং নিজের পূর্ণতা ও উন্নয়নের জন্য বিশেষ ও সুউচ্চ দায়িত্ব পালন করতে দেখলাম। তারা আমাকে দেখতে না পাওয়ায় আমাকে ভেতরে প্রবেশ করতে নিষেধ করেনি। আমি ঘুরে ঘুরে দেখতে থাকলাম।

§12

সবকিছু দেখে বের হয়ে এলাম। ওই শহরের চারিদিকে এই দুই ধরনের প্রাসাদ রয়েছে। এগুলো দেখে খোঁজখবর নিলাম লোকেরা বলল ‘ওই আনন্দমুখর ফটক ও ভেতরে ফাঁকা প্রাসাদসমূহ নেতৃস্থানীয় কাফির ও পথভ্রষ্ট লোকদের। অন্যান্য প্রাসাদ চরিত্রবান নেতৃস্থানীয় মুসলমানদের।’তারপর অদূরে একটি প্রাসাদ দেখতে পেলাম। এটির ওপর ‘সাঈদ’ নাম লেখা। কৌতূহল বোধ করলাম, খুব ভালোভাবে লক্ষ করলাম। এর ফটকে আমার ছবি দেখতে পেলাম। বিস্ময়ে, আনন্দে চিৎকার দিয়ে উঠলাম। এক চিৎকারে জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে পেলাম। জেগে উঠলাম।

§13

এখন ওই কাল্পনিক ঘটনাকে আমি তোমার জন্য ব্যাখ্যা করব। আল্লাহ কল্যাণকর করুক।

§14

ব্যাখ্যাটি হচ্ছে, ওই শহরটি হচ্ছে মানুষের সামাজিক জীবন ও মানবসভ্যতার শহর। আর ওই প্রাসাদসমূহের প্রতিটি হলো একেকজন মানুষ। ওই প্রাসাদের অধিবাসী হচ্ছে মানুষের মাঝে বিদ্যমান চোখ, কান, অন্তর, অনুভূতি, রুহ ও বিবেকের মতো বিভিন্ন ইন্দ্রিয় এবং নফস জৈবিক চাহিদাশক্তি ও ক্রোধশক্তির মতো প্রবৃত্তি। প্রত্যেক মানুষের প্রতিটি সূক্ষ্ম অনুভূতির ভিন্ন ভিন্ন ইবাদতের দায়িত্ব রয়েছে, ভিন্ন ভিন্ন স্বাদ ও যন্ত্রণা রয়েছে। নফস ও খায়েশ, জৈবিক চাহিদা ও ক্রোধ শক্তি প্রহরী ও কুকুরের ভূমিকা পালন করছে। অতএব, ওই সুউচ্চ সূক্ষ্ম অনুভূতি নফস ও খায়েশের অধীনস্থ করা এবং আসল দায়িত্বকে ভুলিয়ে দেওয়া অবশ্যই চরম অধঃপতন; উন্নয়ন নয়। অন্যান্য দিক তুমি নিজেই ব্যাখ্যা করতে পারবে।

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters