İman ve Küfür Muvazeneleri

তৃতীয় কারণ :

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

মানুষ কর্ম ও শারীরিক শ্রমের দিক থেকে দুর্বল প্রাণী এবং অক্ষম সৃষ্টির মতো। সেই দিক থেকে মানুষের কতৃর্ত্ব ও মালিকানার পরিধি এতটাই সংকীর্ণ যে, হাত বাড়ালেই নাগাল পাওয়া যায়। এমনকি মানুষের হাতে যে পোষা প্রাণীর লাগাম দেওয়া হয়েছে, তা মানুষের দুর্বলতা, অক্ষমতা ও অলসতার দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তাদেরকে তাদের সমগোত্রীয় বন্য পশুদের সাথে তুলনা করলে ব্যাপক ব্যবধান পরিলক্ষিত হয়। (গৃহপালিত ছাগল-ষাঁড়, অপরদিকে বন্য ছাগল-ষাঁড়)

§2

কিন্তু মানুষ গ্রহণ করা, দুআ করা এবং আবেদন নিবেদনের দিক থেকে এই পৃথিবীতে সম্মানিত এক পথিক। দয়াময় ও কারিম সত্তার এমন মেহমান, যার জন্য অসীম রহমতের ভান্ডার উন্মুক্ত করে দিয়েছেন। অসংখ্য চমৎকার শিল্প ও সেবকদের তার অনুগত করে দিয়েছেন। ওই মেহমানের অবকাশযাপন, গভীর দর্শন এবং উপকৃত হওয়ার জন্য এমন এক গোলাকার সুবিশাল অঞ্চল তৈরি করেছেন, যার ব্যাসার্ধ চোখের দৃষ্টিসীমা কিংবা কল্পনার সর্বশেষ সীমানা পর্যন্ত।

§3

মানুষ যদি অহংকার ও আত্মকেন্দ্রিকতার ওপর নির্ভর করে এবং পার্থিব জীবনকে লক্ষ্য-উদ্দেশ্য বানিয়ে জীবিকা উপার্জনের দুশ্চিন্তায় ক্ষণস্থায়ী কিছু স্বাদ উপভোগের জন্য পরিশ্রম করে, তাহলে এই সংকীর্ণ বৃত্তের মাঝে সে শ্বাসরুদ্ধ হয়ে যাবে। অঙ্গপ্রত্যঙ্গ, উপকরণ ও সূক্ষ্ম অনুভূতি তাকে অভিযুক্ত করে হাশরের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে এবং বাদী হবে।

§4

যদি নিজেকে মেহমান মনে করে এবং যেই করিম সত্তার মেহমান, সেই সত্তার অনুমোদিত সীমানায় জীবনের মূলধন ব্যয় করে এবং এই প্রশস্ত বৃত্তে চিরস্থায়ী জীবনের জন্য সুন্দরভাবে পরিশ্রম করে, তাহলে সে স্বস্তি পেয়ে বিশ্রাম করবে এবং সর্বোচ্চ মর্যাদায় পৌঁছতে পারবে। আর তখন দেহের অঙ্গপ্রত্যঙ্গ তার প্রতি সন্তুষ্ট হয়ে আখিরাতে তার পক্ষে সাক্ষ্য প্রদান করবে।

§5

হ্যাঁ, মানুষের সামঞ্জস্যপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ গুরুত্বহীন এই পার্থিব জীবনের জন্য নয়; বরং গুরুত্বপূর্ণ অনন্ত-অসীম জীবনের জন্য প্রদান করা হয়েছে। কারণ, মানুষ ও পশুকে তুলনা করলে দেখতে পাই যে, মানুষ অঙ্গপ্রত্যঙ্গ ও অন্যান্য দিক থেকে অনেক সমৃদ্ধ। শতগুণ বেশি সমৃদ্ধ, তবে মানুষ পার্থিব স্বাদ গ্রহণ এবং পশুর মতো জীবনধারণের ক্ষেত্রে শতগুণ পিছিয়ে। কারণ, স্বাদ উপভোগে হাজারো কষ্ট রয়েছে। অতীতের দুঃখ-কষ্ট ও ভবিষ্যতের শঙ্কা এবং প্রতিটি স্বাদের বিলুপ্তি থেকে উদ্ভূত কষ্ট তার আনন্দকে চুরমার করে দেয়। স্বাদের মাঝেও কষ্টের চিহ্ন রেখে যায়। কিন্তু পশু সে রকম নয়। কষ্টহীন এক স্বাদ আস্বাদন করে, বিষণ্ণতামুক্ত আনন্দ উপভোগ করে, না অতীতের বেদনা তাকে ব্যথিত করে, না ভবিষ্যতের শঙ্কা তাকে শঙ্কিত করে, স্বাচ্ছন্দ্যে বসবাস করে। স্রষ্টার শুকরিয়া আদায় করে।

§6

অতএব, যে মানুষকে আহসানে তাকজিমরূপে সৃষ্টি করা হয়েছে, সেই মানুষ যদি শুধু পার্থিব জীবন নিয়েই ব্যস্ত হয়ে পড়ে, তাহলে মূলধনের ক্ষেত্রে পশুর চেয়ে শতগুণ উন্নত হওয়া সত্ত্বেও মানুষ চড়ই পাখির চেয়েও শতগুণ নিম্নস্তরে পতিত হয়। রিসালায়ে নূর-এর অন্য অংশে একটা উপমার মাধ্যমে এই বাস্তবতাকে তুলে ধরেছিলাম। প্রাসঙ্গিক হওয়ায় এখানে আবার উল্লেখ করছি। তা হচ্ছে এক ব্যক্তি তার একজন কর্মচারীকে দশটি স্বর্ণমুদ্রা দিয়ে নির্দেশ দিলেন, ‘বিশেষ ধরনের কাপড় দিয়ে একটি পোশাক বানাবে।’ আরেকজন কর্মচারীকে ১ হাজার স্বর্ণমুদ্রা ও একটি নির্দেশিকা সংবলিত কাগজ দিয়ে বাজারে পাঠালেন।

§7

প্রথমজন দশটি স্বর্ণমুদ্রা দিয়ে সুন্দর কাপড়ের চমৎকার একটি পোশাক কিনল। দ্বিতীয়জন বোকামি করে আগের খাদেমকে অনুকরণ করল এবং পকেটে রাখা নির্দেশিকা না পড়েই দোকানদারকে এক হাজার স্বর্ণমুদ্রা প্রদান করে একটি পোশাক চাইল। প্রতারক দোকানদারও সবচেয়ে নিম্নমানের পোশাক তাকে দিলো। এই দুর্ভাগা কর্মচারী মনিবের সম্মুখে উপস্থিত হলো। তাকে কঠোর ভাষায় সতর্ক করা হলো এবং কঠিন শাস্তি দেওয়া হলো। সাধারণ সচেতন যে কেউ বুঝতে পারবে যে, দ্বিতীয় কর্মচারীকে দেওয়া এক হাজার স্বর্ণমুদ্রা একটি পোশাক কেনার জন্য নয়; বরং তা খুবই গুরুত্বপূর্ণ এক ব্যবসার জন্য প্রদান করা হয়েছে।

§8

ঠিক একইভাবে মানুষের মাঝে বিদ্যমান আধ্যাত্মিক অঙ্গপ্রত্যঙ্গ ও সূক্ষ্ম অনুভূতি সকল প্রাণীর তুলনায় শতগুণে উন্নত। উদাহরণ সৌন্দর্যের সকল ধাপের পার্থক্যকারী মানুষের চোখ, খাবারের নানা ধরনের বিশেষ স্বাদ আস্বাদনকারী জিহ্বা, বাস্তবতার সকল সূক্ষ্ম বিষয়ের অনুভবকারী বিবেক-বুদ্ধি এবং সব ধরনের পূর্ণতার প্রতি অতিমাত্রায় আগ্রহী মানুষের অন্তর এগুলোর মতো অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ও অন্যান্য অংশের মর্যাদা কোথায়। আর প্রাণীর সাধারণ দুই-একটি ধাপ পেরোনো অঙ্গপ্রত্যঙ্গের মর্যাদা কোথায়। শুধু এতটুকু পার্থক্য যে, পশু নিজ বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করে, যা ওই পশুর জন্য বিশেষ এক অঙ্গ উন্মোচিত করা হয়েছে, কিন্তু এই উন্মোচন তার জন্যই বিশিষ্ট করা হয়েছে।

§9

অঙ্গপ্রত্যঙ্গের দিক থেকে মানুষের সমৃদ্ধ হওয়ার রহস্য হলো যে, বিবেক ও চিন্তাশক্তির কারণে মানুষের অনুভূতি অতিমাত্রায় প্রকাশ পায় এবং বিস্তৃতি লাভ করে। অধিক প্রয়োজনের কারণে মানুষের মাঝে নানা ধরনের অনুভূতির সৃষ্টি হয় এবং সতর্কতা অনুযায়ী বিভিন্ন আকার ধারণ করে। তার স্বভাবের ব্যাপকতার কারণে অসংখ্য উদ্দেশ্যের পেছনে ধাবিত আকাঙ্ক্ষার আধারে পরিণত হয়। অসংখ্য স্বভাবজাত দায়িত্ব থাকায় অঙ্গপ্রত্যঙ্গ ও অনুভূতি অতিমাত্রায় বিস্তৃতি লাভ করে। সব ধরনের ইবাদত পালনে সক্ষম, এমন এক স্বভাব দিয়ে মানুষকে সৃষ্টি করায় সকল পূর্ণতার বীজকে ধারণ করতে পারে।

§10

অঙ্গপ্রত্যঙ্গের সমৃদ্ধি ও পুঁজির বহুমুখিতা অবশ্যই গুরুত্বহীন ও ক্ষণস্থায়ী এই পার্থিব জীবন লাভ করার জন্য প্রদান করা হয়নি; বরং মানুষের আসল দায়িত্ব হচ্ছে, অসংখ্য লক্ষ্যের দিকে ধাবিত দায়িত্বগুলো সম্পাদন করে নিজ অসহায়ত্ব, দারিদ্র্য ও দোষত্রুটিকে ইবাদত আকারে তুলে ধরা। সার্বিক দৃষ্টির দ্বারা সৃষ্টির প্রশংসা ও গুণকীর্তনকে পর্যবেক্ষণ করে সাক্ষ্য প্রদান করা। নিয়ামতের মাঝে বিরাজমান পরম করুণাময় আল্লাহ তায়ালার সাহায্যকে লক্ষ করে শুকরিয়া আদায় করা এবং শিল্পের মাঝে রব্বানি কুদরতের মুজিযাকে অবলোকন করে শিক্ষা গ্রহণের মাধ্যমে ধ্যান করা।

§11

হে দুনিয়াপূজারি! পার্থিব জীবনে আসক্ত এবং সুন্দরতম অবয়বের মূল রহস্য থেকে উদাসীন মানুষ একটি উপমাসদৃশ ঘটনার মধ্যে পার্থিব জীবনের প্রকৃত রূপকে পুরাতন সাঈদ দেখেছে, যা তাকে নতুন সাঈদে পরিণত করেছে। ঘটনাটি শোনো:

§12

আমি এক পথিক। দীর্ঘ পথ পাড়ি দিচ্ছি। অর্থাৎ আমাকে পাঠানো হচ্ছে। আমার মনিব আমার জন্য বরাদ্দকৃত ৬০টি স্বর্ণমুদ্রা থেকে ধাপে ধাপে অল্প অল্প করে দিচ্ছিলেন। আমিও খরচ করতে করতে এক বিনোদনকেন্দ্রে এসে উপস্থিত হলাম। এখানে এক রাতেই দশটি স্বর্ণমুদ্রা জুয়া খেলে, ফুর্তি করে ও খ্যাতি অর্জনের পেছনে ব্যয় করে ফেললাম। সকালে দেখি, আমার হাতে কোনো টাকা নেই। কোনো ব্যবসাও করতে পারলাম না। গন্তব্যে যাওয়ার কোনো জিনিসপত্রও ক্রয় করতে পারলাম না। ওই টাকা আমাকে দিয়ে গেল শুধু কষ্ট ও গুনাহ এবং আনন্দ-ফুর্তির ক্ষত ও বেদনা।

§13

আমি যখন দুঃখময় পরিস্থিতির মুখোমুখি, তখন হঠাৎ ওখানে এক ব্যক্তি উপস্থিত হয়ে আমাকে বললেন, ‘তুমি তো তোমার সব মূলধন নষ্ট করে ফেলেছ। গন্তব্যেও তোমাকে খালি হাতে যেতে হবে। এখন তো তুমি থাপ্পড় খাওয়ার যোগ্য। কিন্তু তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো, তাহলে তাওবার দরজা খোলা রয়েছে। এরপর অবশিষ্ট পনেরোটি স্বর্ণমুদ্রা যখন তোমার হাতে আসবে তখন তার অর্ধেক দুঃসময়ের জন্য রেখে দেবে। অর্থাৎ যেখানে যাবে, সেখানকার জন্য দরকারি কিছু কিনে নিয়ো। দেখলাম, আমার মন তা মানছে না। সেই লোকটি বললেন, ‘তিন ভাগের এক ভাগ?’ এতেও আমার মন সায় দিচ্ছে না। অতঃপর বললেন, ‘চার ভাগের এক ভাগ?’ এবারও দেখলাম, আমর নফস যে অভ্যাসে অতিমাত্রায় অভ্যস্ত, সেটাকে ত্যাগ করতে পারছে না। তিনি প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে মুখ ফিরিয়ে চলে গেলেন।

§14

হঠাৎ আমার মানসিক অবস্থার পরিবর্তন হলো। দেখলাম, আমি সুড়ঙ্গের ভেতর দিয়ে দ্রুতগতির চলন্ত এক ট্রেনে অবস্থান করছি। চিন্তিত হলাম, কিন্তু কোনো দিকে পালানোর উপায় নেই। মনোমুগ্ধকর আকর্ষণীয় ফুল ও সুস্বাদু ফল ট্রেনের দুই দিকেই দেখা যাচ্ছিল। আমিও নির্বোধ নবাগতের মতো সেগুলো ধরতে হাত বাড়ালাম; ফুলগুলো ছেঁড়ার জন্য এবং ফলগুলো নেওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু ওই ফুল ও ফল কাঁটাযুক্ত ছিল। এগুলো বিঁধে যাওয়াতে আমার হাত রক্তাক্ত হলো। ট্রেন ছেড়ে দেওয়ায় আমার হাত ক্ষতবিক্ষত হলো। এসব আমার জন্য খুবই কষ্টের ছিল। হঠাৎ ট্রেনের একজন কর্মচারী বলল “আমাকে পাঁচ পয়সা দাও, তোমাকে ওই ফুল ও ফল যত বেশি চাও দেবো। ক্ষতবিক্ষত হওয়া হাতের কারণে পাঁচ পয়সার পরিবর্তে একশ পয়সার ক্ষতির সম্মুখীন হচ্ছ। সেইসঙ্গে আবার শাস্তিও আছে। অনুমতি ছাড়া তুমি এগুলো ছিঁড়তে পারবে না।”

§15

দুশ্চিন্তার কারণে সুড়ঙ্গ কখন শেষ হবে দেখার জন্য মাথা বের করে সামনে তাকালাম। দেখলাম, সুড়ঙ্গের গেটের সামনে অনেকগুলো গর্ত। লম্বা ট্রেন থেকে ওই গর্তে মানুষকে ফেলে দেওয়া হচ্ছে। আমার জন্য উপযোগী একটা গর্ত দেখতে পেলাম। দুই দিকে দুটি সমাধিফলক লাগানো হয়েছে। কৌতূহল নিয়ে মনোযোগ দিয়ে দেখলাম। ওই সমাধিফলকে বড়ো অক্ষরে ‘সাঈদ’ লেখা দেখতে পেলাম। ব্যথা ও বিস্ময়ে বলে উঠলাম, “হায়!”যে লোকটি আমাকে কিছুক্ষণ পূর্বে উপদেশ দিয়েছিলেন, তার কণ্ঠস্বর শুনতে পেলাম। বললেন, “তোমার কি শুভবুদ্ধির উদয় হয়েছে?” বললাম “হ্যাঁ, হয়েছে। কিন্তু আমার আর কোনো শক্তি নেই। উপায়ও নেই।” বললেন, “তাওবা করো। আল্লাহ তায়ালার ওপর ভরসা করো।” বললাম “আচ্ছা, ঠিক আছে, করলাম।”

§16

জেগে উঠে দেখি, “পুরান সাঈদ” হারিয়ে গিয়েছে। নিজেকে নতুন সাঈদ হিসেবে দেখতে পেলাম।

§17

ওই কল্পনায় সংঘটিত ঘটনার কিছু অংশ আমি ব্যাখ্যা করব। আল্লাহ ঘটনাটিকে কল্যাণময় করুক। ঘটনার অন্যান্য দিক তুমি ব্যাখ্যা করে নিয়ো।

§18

ওই যাত্রা হচ্ছে রুহের জগৎ থেকে মায়ের গর্ভে, যৌবন থেকে বার্ধক্যে, কবর থেকে বারজাখে, বারজাখ থেকে হাশরে। অতঃপর পুলসিরাত পার হয়ে চিরস্থায়িত্বের দিকে গমন। ওই ৬০টি স্বর্ণমুদ্রা হচ্ছে ৬০ বছরের আয়ু। আর এই ঘটনাকে যখন অবলোকন করি, তখন আমার বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর হবে। কোনো নিশ্চয়তা নেই। কিন্তু বাকি পনেরো বছরের অর্ধেক সময় আখিরাতের কাজে ব্যয় করার জন্য কুরআনে হাকিমের একনিষ্ঠ এক ছাত্র আমাকে পথ দেখালেন। আমার জন্য ওই আনন্দের স্থান হচ্ছে ইস্তাম্বুল। ওই ট্রেন হচ্ছে সময়। প্রতিটি বছর হচ্ছে একেকটি বগি। ওই সুড়ঙ্গ হচ্ছে পার্থিব জীবন। ওই কাঁটাযুক্ত ফুল ও ফল হচ্ছে অবৈধ ভোগবিলাস ও নিষিদ্ধ আনন্দ-ফুর্তি যেখানে প্রথম সাক্ষাতেই বিচ্ছিন্নতার ব্যথা অন্তরকে বেদনাময় করে তুলেছে। সমাপ্তি থেকে উদ্ভূত কষ্ট ছিন্নবিচ্ছিন্ন করে দিচ্ছে; এমনকি শাস্তিও পোহাতে হচ্ছে। ট্রেনের কর্মচারী বলেছিল “আমাকে পাঁচ পয়সা দাও। ওইগুলো থেকে যে পরিমাণ চাও, তোমাকে এনে দেবো।” এ কথার অর্থ হচ্ছে, মানুষ হালাল সীমানার মাঝে অবস্থান করে বৈধ পরিশ্রমের দ্বারা যে স্বাদ ও আনন্দ উপভোগ করে, তা তার আনন্দের জন্য যথেষ্ট। হারামে জড়ানোর কোনো প্রয়োজন নেই। বাকি অংশটুকু তুমি ব্যাখ্যা করো

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters