İman ve Küfür Muvazeneleri

চতুর্থ কারণ :

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

মানুষ এই সৃষ্টিজগতে অতি সহজেই প্রভাবিত হয়, এমন এক আদুরে শিশুর মতো। তার দুর্বলতায় বিরাট এক শক্তি রয়েছে এবং অক্ষমতায় মহান এক কুদরত রয়েছে। কেননা, ওই দুর্বলতায় বিদ্যমান শক্তি এবং অক্ষমতায় বিদ্যমান কুদরতের কারণে সকল সৃষ্টিকে তার অধীনস্থ করা হয়েছে। মানুষ যদি নিজ দুর্বলতাকে উপলব্ধি করে ভাষা, অবস্থা ও আচার-আচরণ দ্বারা দুআ করে এবং নিজ অক্ষমতাকে জেনে সাহায্য চায়, তাহলে ওই অধীনতার শুকরিয়া আদায় করার সাথে সাথে এমনভাবে নিজ লক্ষ্যে পৌঁছায়, উদ্দেশ্যসমূহ সফল হয়, যার শত ভাগের এক ভাগও নিজ ক্ষমতায় করা সম্ভব ছিল না। লিসানেহাল তথা অবস্থার ভাষায় করা দুআর দ্বারা পূরণ হওয়া আকাঙ্ক্ষাকে কখনো কখনো ভুলক্রমে নিজ ক্ষমতার ফল মনে করে। উদাহরণ, মুরগির বাচ্চার দুর্বলতায় বিদ্যমান শক্তি মুরগিকে সিংহের ওপর আক্রমণে উদ্বুদ্ধ করে। সদ্য জন্ম নেওয়া সিংহের বাচ্চা ওই হিংস্র প্রাণী ও অভুক্ত সিংহকে নিজের অধীনস্থ করে, সিংহকে অভুক্ত রেখে নিজের পেটের ক্ষুধা নিবারণ করে। দুর্বলতায় বিদ্যমান শক্তিকে লক্ষ করো এবং রহমতের প্রতিফলন উপভোগ করো;

§2

যেমনিভাবে আদরের শিশু কান্নার দ্বারা, চাওয়ার দ্বারা কিংবা নিজ দুর্বল অবস্থা প্রকাশের দ্বারা নিজ চাহিদা সফলভাবে পূর্ণ করে। এমন শক্তিশালী লোক তার অধীনস্থ হয়, যার নিজ শক্তির হাজারগুণ বেশি ব্যয় করেও ওই শিশু তার চাহিদার হাজার ভাগের এক ভাগ অর্জন করতে পারে না। অর্থাৎ শিশু তার দুর্বলতা ও অক্ষমতা দ্বারা অপরের মমতা ও ভালোবাসা আকৃষ্ট করে তার ছোটো আঙুল দিয়ে বীরদেরও বশীভূত করে থাকে। এখন যদি এই শিশু ওই স্নেহ-ভালোবাসা অস্বীকার করে এবং ওই ভালোবাসাকে অভিযুক্ত করে নির্বোধের মতো গর্ব করে বলে যে, আমি তো নিজ শক্তিতে তাদের আমার অধীন করেছি, তাহলে অবশ্যই তাকে থাপ্পড় খেতে হবে। এমনিভাবে মানুষও যদি স্রষ্টার রহমতকে অস্বীকার করে, হেকমতের বিরুদ্ধে অভিযোগ তোলে, নিয়ামতকে অস্বীকার করে কারুনের মতো বলে, اِنَّمَٓا اُوْتِيْتُهُ عَلٰى عِلْمٍ —আমি আমার নিজ জ্ঞান ও শক্তি দিয়ে অর্জন করেছি, তাহলে তো সে অবশ্যই নিজেকে থাপ্পড়ের মুখোমুখি করবে।

§3

অতএব, মানুষের সবকিছুর ওপর দৃশ্যমান কতৃর্ত্ব, মানবসমাজের উন্নতি লাভ এবং সভ্যতার পূর্ণতা-আকর্ষণ দিয়ে নয়, বিজয় দিয়ে নয়, এমনকি সংগ্রাম করেও নয়; বরং তার দুর্বলতার জন্য এগুলো তার অধীনস্থ করা হয়েছে। তার অক্ষমতার জন্য তাকে সহযোগিতা করা হয়েছে। তার দরিদ্রতার জন্য তাকে এসব অনুগ্রহ হিসেবে দান করা হয়েছে। তার অজ্ঞতার জন্য তাকে ইলহামের মাধ্যমে জানানো হয়েছে যে, তার প্রয়োজনের কারণেই তাকে এগুলো দিয়ে অনুগ্রহ করা হয়েছে।

§4

এই কর্তৃত্বের কারণ শক্তি ও জ্ঞাননির্ভর ক্ষমতা নয়; বরং মমতা ও রব্বানি করুণা এবং দয়া ও ইলাহি হেকমতের কারণে বস্তুকে মানুষের বশীভূত করা হয়েছে। হ্যাঁ, চোখবিহীন বিচ্ছু এবং পা-বিহীন সাপের মতো ক্ষতিকর কীটপতঙ্গের নিকট পরাজিত মানুষকে ছোটো পোকা থেকে রেশমি পোশাক পরিধান করাল এবং বিষাক্ত কীট থেকে পান করানো মানুষের ক্ষমতার বাইরে বরং তার অত্যধিক দুর্বলতার ফল হিসেবে প্রদত্ত রব্বানি অধীনস্থতা এবং রহমানি অনুগ্রহ।

§5

হে মানুষ! বাস্তবতা যেহেতু এমনই তাই অহংকার ও আমিত্ব ছেড়ে দাও। ইলাহি দরবারে নিজ অক্ষমতা ও দুর্বলতা নিবেদনের ভাষায় এবং দরিদ্রতা ও প্রয়োজনীয়তাকে অনুশোচনা ও দুআর ভাষায় ঘোষণা করো। তুমি যে তাঁর অক্ষম বান্দা, সেটা প্রকাশ করো এবং বলো, حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيلُ “তারপর সমুন্নত মর্যাদায় উন্নীত হয়ে যাও।”

§6

আবার বলো না যে ‘আমি কিছুই না। আমার এমন কী গুরুত্ব আছে যে, একজন প্রজ্ঞাময় সত্তা কর্তৃক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সৃষ্টিজগৎ আমার অধীন করা হবে। আমার নিকট থেকে সার্বিক শুকরিয়া চাওয়া হবে?’ এর কারণ হলো, তুমি সত্যিকার অর্থেই নফস;

§7

আকার-আকৃতির দিক থেকে কিছুই না। কিন্তু দায়িত্ব ও মর্যাদার দিক থেকে তুমি এই ঐশ্বর্যময় সৃষ্টিজগতের সচেতন এক দর্শক। এই প্রজ্ঞাময় সৃষ্টির অলৌকিক বক্তা এবং জগৎগ্রন্থের সূক্ষ্মদর্শী পাঠক। এই প্রশংসাকারী সৃষ্টির আশ্চর্যতম এক পর্যবেক্ষক এবং ইবাদতরত শৈল্পিক সৃষ্টির সম্মানিত একজন নেতা।

§8

হে মানুষ! তোমার গুল্মলতার মতো দেহ ও পাশবিক নফসের দিক থেকে তুমি ছোটো এক অংশ, নগণ্য এক ক্ষুদ্রাংশ, দুর্বল এক সৃষ্টি, অক্ষম এক প্রাণী। যার কারণে সকল দ্রুত ও ধেয়ে চলা ভয়ংকর সৃষ্টির ঢেউয়ের মাঝে আন্দোলিত হয়ে ছুটে চলছ। কিন্তু আল্লাহ তায়ালার ভালোবাসায় ঈমানের নূরে আলোকিত। ইসলামি প্রশিক্ষণে পূর্ণতা লাভ করে মানবতার দিক থেকে তুমি আবদিয়াতের মাঝে একজন বাদশাহ এবং তোমার ক্ষুদ্রতার সমগ্রতা আছে, ক্ষুদ্রতার মাঝেই তুমি এক জগৎ। নগণ্য হয়েও তোমার মর্যাদা মহান। তুমি এমনই এক পর্যবেক্ষক যে, তুমি বলতে পারো, “আমার রব্বে রাহিম দুনিয়াকে আমার জন্য ঘর বানিয়েছেন। চন্দ্র সূর্যকে আমার ওই ঘরের প্রদীপ বানিয়েছেন। বসন্তকে গোলাপ ফুলের একটি গুচ্ছে পরিণত করেছেন। গ্রীষ্মকে নিয়ামতের দস্তরখানা বানিয়েছেন। প্রাণীদের আমার সেবক বানিয়েছেন। উদ্ভিদকে ওই ঘরের সজ্জিত বিন্যস্ত ও উপকারী বানিয়েছেন।”

§9

সারকথা তুমি যদি নফস ও শয়তানের কথা শোনো, তাহলে আসফালে সাফেলিনে পতিত হবে। আর যদি মহাসত্য কুরআনের কথা শোনো, তাহলে আলায়ে ইল্লিয়িনে আরোহণ করতে পারবে। সৃষ্টিজগতের এক সুন্দরতম অবয়বে রূপলাভ করবে।

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters