রমজান মুবারকের রোজা আল্লাহ তায়ালার নিয়ামতসমূহের প্রতি কৃতজ্ঞতার সঙ্গে সম্পর্কিত।
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
İman ve Küfür Muvazeneleri
দ্বিতীয় নুকতা
এই দিক থেকে এর বহু হিকমতের মধ্যে একটি হিকমত হলো এই যে, প্রথম কালিমাতে যেমন বলা হয়েছে, একজন বাদশার রান্নাঘর থেকে কোনো পরিবেশক যে খাবার নিয়ে আসে, তার একটি মূল্য থাকে। পরিবেশককে বখশিশ দেওয়া হলেও সেই অতি মূল্যবান খাবারকে তুচ্ছ মনে করে প্রকৃত দাতাকে চিনতে না পারা চরম নির্বুদ্ধিতা।ঠিক তেমনই আল্লাহ তায়ালা অসংখ্য প্রকারের নিয়ামত মানবজাতির জন্য পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন এবং এর বিনিময়ে তিনি সেই নিয়ামতগুলোর মূল্য হিসেবে শুকরিয়া কামনা করেন। সেই নিয়ামতগুলোর বাহ্যিক কারণ ও মাধ্যমসমূহ পরিবেশকের ন্যায়। মানুষ তাদেরকে মূল্য প্রদান করে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে; এমনকি অনেক সময় তারা যার যোগ্য নয়, এমন অতিরিক্ত সম্মান ও কৃতজ্ঞতাও জানায়। অথচ প্রকৃত নিয়ামতদাতা মুনিমে হাকিকি আল্লাহ তায়ালা সেসব মাধ্যমের চেয়েও অসীমভাবে অধিক কৃতজ্ঞতার যোগ্য।
আল্লাহ তায়ালার প্রতি প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ হয় এইভাবে—নিয়ামতগুলোকে সরাসরি তাঁর পক্ষ থেকেই প্রাপ্ত বলে জানা, সেই নিয়ামতগুলোর প্রকৃত মূল্য উপলব্ধি করা এবং নিজের প্রয়োজন ও মুখাপেক্ষিতাকে সেই নিয়ামতের সামনে অনুভব করার দ্বারা।
এই কারণেই রমজান শরিফের রোজা প্রকৃত, খাঁটি, মহিমান্বিত ও সর্বজনীন কৃতজ্ঞতার এক চাবিকাঠি। কারণ, অন্যান্য সময়ে যখন অধিকাংশ মানুষ বাধ্যতামূলক অবস্থায় থাকে না, তখন তারা প্রকৃত ক্ষুধা অনুভব না করায় বহু নিয়ামতের মূল্য উপলব্ধি করতে পারে না। পেটভরা মানুষের কাছে (বিশেষ করে সে যদি ধনী হয়) এক টুকরো শুকনো রুটির মধ্যকার নিয়ামতের মর্যাদা উপলব্ধি করা যায় না।কিন্তু ইফতারের সময় সেই শুকনো রুটিই একজন মুমিনের দৃষ্টিতে কতটা মূল্যবান এক ইলাহি নিয়ামত, তা তার স্বাদ গ্রহণের শক্তিই সাক্ষ্য দেয়। বাদশাহ থেকে শুরু করে সর্বাধিক দরিদ্র ব্যক্তি পর্যন্ত সবাই রমজান শরিফে নিয়ামতের এই মূল্য উপলব্ধি করে এক আধ্যাত্মিক কৃতজ্ঞতার মর্যাদা লাভ করে।আরও একটি দিক হলো দিনের বেলায় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকার মাধ্যমে মানুষ উপলব্ধি করে, ‘এই নিয়ামতগুলো আমার মালিকানাধীন নয়। এগুলো ভোগ করার ক্ষেত্রে আমি স্বাধীন নই। সুতরাং এগুলো অন্য কারও সম্পদ ও দান। আমি তাঁর আদেশের অপেক্ষায় আছি।’ এই উপলব্ধির মাধ্যমে সে নিয়ামতকে সত্যিকার অর্থে নিয়ামত হিসেবে চিনে নেয় এবং এক আধ্যাত্মিক কৃতজ্ঞতা আদায় করে।
এভাবেই রোজা বহু দিক থেকে মানুষের প্রকৃত মানবিক দায়িত্ব—শুকরিয়া আদায়ের এক মূল চাবিকাঠিতে পরিণত হয়।

