(বর্তমানের আকর্ষণীয় ফিতনায় পতিত, কিন্তু এখনও বুদ্ধি লোপ পায়নি, এমন যুবকদের সাথে কথোপকথন)
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
İman ve Küfür Muvazeneleri
তেরোতম কালিমার দ্বিতীয় অধ্যায়
কিছু যুবক বর্তমানের প্রতারণামূলক ও আকর্ষণীয় বিনোদন ও কামনা-বাসনার আক্রমণের মুখে জিজ্ঞেস করল, “আমরা আমাদের আখিরাতকে কীভাবে রক্ষা করব?” তারা রিসালায়ে নূর থেকে সাহায্য চাইল। আমিও রিসালায়ে নূরের আধ্যাত্মিক ব্যক্তিত্বের পক্ষ থেকে তাদের বললাম:
কবর আছে; কেউই তা অস্বীকার করতে পারে না। প্রত্যেকে ইচ্ছায় বা অনিচ্ছায়, সেখানে প্রবেশ জন্য তিন ধরনের তিনটি পথ ছাড়া অন্য কোনো পথ নেই।
প্রথম পথ : ওই কবর ঈমানদার ব্যক্তিদের জন্য এই দুনিয়ার চেয়ে আরও সুন্দর এক জগতের দরজা।
দ্বিতীয় পথ : যারা আখিরাতকে স্বীকার করে কিন্তু অশ্লীলতা ও বিভ্রান্তির মধ্যে চলাফেরা করে, তাদের জন্য এটি চিরস্থায়ী কারাগারের দরজা; সব বন্ধুদের থেকে বিচ্ছিন্ন একান্ত একাকী কারাবাস। কারণ, সে যেমন দেখেছে, যেমন বিশ্বাস করেছে, তেমনভাবে আচরণ করেনি, তাই তার সঙ্গে সে অনুযায়ী আচরণ করা হবে।
তৃতীয় পথ : যারা আখিরাতে বিশ্বাস করে না, অর্থাৎ অবিশ্বাসী ও পথভ্রষ্ট, তাদের জন্য এটি চিরন্তন মৃত্যুদণ্ডের দরজা। অর্থাৎ এমন এক ফাঁসির মঞ্চ, যা নিজের সাথে তার সব প্রিয়জনদেরও ধ্বংস করবে। সে যেমন মনে করেছে, বাস্তবে তা-ই পাবে; তার শাস্তি হবে তার বিশ্বাসের অনুরূপ। এই শেষের দুটি অবস্থা এতই স্পষ্ট যেকোনো প্রমাণের প্রয়োজন নেই, চোখে দেখা যায়, বাস্তবে অনুভূত হয়।
যেহেতু মৃত্যুর সময় গোপন, তাই যেকোনো সময় মৃত্যু শির কেটে নেওয়ার জন্য আসতে পারে, এতে বৃদ্ধ-যুবক কোনো পার্থক্য নেই। অতএব এমন মহান ও ভয়ংকর এক বিষয় সর্বদা চোখের সামনে থাকা অবস্থায়, অসহায় মানুষ অবশ্যই চেষ্টা করবে, সেই চিরন্তন মৃত্যুদণ্ড থেকে, সেই অতল, সীমাহীন একাকী কারাবাস থেকে মুক্তির উপায় খুঁজতে এবং কবরের দরজাকে নিজের জন্য চিরন্তন জীবনের, চির সুখের, নূরের জগতের দিকে খুলে দেওয়া এক দরজায় পরিণত করতে।এই ঘটনা ওই মানুষের জন্য দুনিয়ার সমান বড়ো এক বিষয়।
এই নিশ্চিত সত্যটি, যখন এই তিনটি পথের মধ্যে বিদ্যমান এবং এই তিনটি পথও উল্লিখিত তিনটি বাস্তব সত্যের ওপর নির্ভর করে, এমন সংবাদ দিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার সত্যবাদী সংবাদদাতা, যাদের হাতে ছিল সত্যতার প্রমাণস্বরূপ মুজিযা এবং ওই নবিগণ যে সংবাদ দিয়েছেন, সেই একই সংবাদ আধ্যাত্মিক অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি ও প্রত্যক্ষ উপলব্ধির মাধ্যমে এক লক্ষ চব্বিশ হাজার আউলিয়া সত্যায়ন করেছেন, স্বাক্ষর করেছেন আর অসংখ্য মুহাক্কিক তাদের নিশ্চিত প্রমাণ দ্বারা ওই নবি ও আউলিয়াদের প্রদত্ত একই সংবাদকে বুদ্ধিগতভাবে ‘ইলমুল-ইয়াকিন’ পর্যায়ে প্রমাণ করেছেন। তারা নির্ভুল ও সর্বসম্মতভাবে জানিয়েছেন যে, “চিরন্তন মৃত্যুদণ্ড ও অনন্ত কারাবাস থেকে মুক্তি পেয়ে, শুধু ঈমান ও আনুগত্যের মাধ্যমে সেই পথকে চিরন্তন সুখের দিকে ফিরিয়ে নেওয়া নিরানব্বই ভাগ সম্ভব।”
এখন প্রশ্ন হলো, যদি মাত্র এক শতাংশ ধ্বংসের আশঙ্কা থাকা একটি বিপজ্জনক পথে না যাওয়ার জন্য একজন মাত্র সতর্ককারী ব্যক্তির কথাও মানুষ গুরুত্ব দেয় এবং যদি কেউ তার সেই সতর্কবার্তা না শুনে সেই পথে যায়, তবে বিনাশের আশঙ্কা থেকে উদ্ভূত মানসিক যন্ত্রণা তার খাওয়া-দাওয়ার রুচি পর্যন্ত নষ্ট করে দেয়।তাহলে এমন অবস্থায়, লক্ষ লক্ষ সত্যবাদী ও যাচাইকৃত সংবাদদাতা যখন শতভাগ নিশ্চিতভাবে জানাচ্ছেন যে, ভ্রান্তি ও পাপাচার সেই চোখের সামনে দৃশ্যমান কবরের ফাঁসির মঞ্চের এবং চিরন্তন একাকী কারাগারের অকাট্য কারণ হওয়ায়, ঈমান ও ইবাদত শতভাগ নিশ্চিতভাবে সেই ফাঁসির দড়ি সরিয়ে দেয়, কারাগারের দরজা বন্ধ করে দেয় এবং দৃশ্যমান সেই কবরকে এক চিরন্তন ধনভান্ডারের, চির সুখের প্রাসাদের দিকে খোলা দরজায় পরিণত করে দেয়। তারা যখন এমন সংবাদ দিচ্ছেন এবং তার নিদর্শন ও প্রমাণসমূহও দেখাচ্ছেন, তখন এমন বিস্ময়কর, ভয়ংকর ও ভয়াবহ বাস্তবতার সামনে দাঁড়ানো অসহায় মানুষ, বিশেষ করে মুসলমান যদি তার ঈমান ও ইবাদত না থাকে, তবে তাকে যদি সমগ্র দুনিয়ার রাজত্ব ও ভোগবিলাসও দেওয়া হয়, তবুও কি সেই মানুষ! যে প্রতি মুহূর্তে সেই কবরের ডাকের অপেক্ষায় আছে; তার সেই ভয়াবহ চিন্তা থেকে উৎপন্ন মানসিক যন্ত্রণাকে দূর করতে পারবে? আমি তোমাদেরই জিজ্ঞেস করছি।
যেহেতু বৃদ্ধাবস্থা, অসুস্থতা, বিপদ এবং সর্বত্র মৃত্যুর ঘটনাগুলো সেই ভয়ংকর যন্ত্রণাকে জাগিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়, তাই অবিশ্বাসী ও পাপাচারী ব্যক্তি যদি লাখো সুখ ও আনন্দও লাভ করে, তবুও তার অন্তরে এক আধ্যাত্মিক জাহান্নাম বাস করে এবং তাকে দগ্ধ করে। শুধু গভীর গাফিলতি সাময়িকভাবে তাকে তা অনুভব করতে দেয় না।
যেহেতু ঈমানদার ও আনুগত্যশীল ব্যক্তি নিজ চোখে দেখে যে, কবর তার জন্য এক চিরন্তন ধনভান্ডারের এক অনন্ত সুখের দিকে খোলা দরজা; আর সেই আগে থেকে নির্ধারিত নিয়তির লটারিতে কোটি কোটি স্বর্ণ ও হীরার পুরস্কার এনে দেবে এমন একটি টিকিটও তার হাতে পড়েছে, যা হলো ঈমানের সনদ।যে ব্যক্তি প্রতিনিয়ত “এসো, তোমার টিকিটটি নাও!” এই আহ্বানের অপেক্ষায় থাকে, তার সেই প্রতীক্ষা-অবস্থার অন্তর্গত গভীর, মৌলিক ও বাস্তব আধ্যাত্মিক আনন্দ ও স্বাদ এমন এক মহান আনন্দ যে, যদি তা দেহরূপে প্রকাশিত হতো এবং সেই বীজ এক গাছে পরিণত হতো, তবে সেই গাছ সেই মানুষের জন্য একটি বিশেষ জান্নাতের রূপ নিত। তবুও যদি সে মানুষ ওই মহান ও বিশাল আধ্যাত্মিক আনন্দকে পরিত্যাগ করে, যৌবনের তাড়নায় অগণিত দুঃখ-কষ্টে জর্জরিত বিষাক্ত মধুর মতো অশ্লীল ও কামনামুখর অস্থায়ী ও অবৈধ ভোগের ক্ষণস্থায়ী সুখকে বেছে নেয়, তবে সে নিকৃষ্ট প্রাণী থেকেও শতগুণ নিচে নেমে যায়।
সে বিদেশি অবিশ্বাসীদের মতোও হতে পারে না; কারণ যদি তারা কোনো এক নবিকে অস্বীকারও করে, তবু অন্য নবিদের চিনতে পারে। যদি নবিদের না-ও জানে, তবুও তারা আল্লাহকে চিনতে পারে। আর যদি তারা আল্লাহকেও না জানে, তবুও তাদের মাঝে নৈতিকতার উপযোগী কিছু সুন্দর গুণাবলি থাকতে পারে। কিন্তু একজন মুসলমান, নবিদেরকে তাঁদের রবকে এবং সমস্ত সৌন্দর্য ও পূর্ণতার ধারণাসমূহ মুহাম্মাদে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমেই জানে। অতএব, যে তার প্রশিক্ষণ ত্যাগ করে, তার শৃঙ্খল থেকে বিচ্ছিন্ন হয়, সে আর কোনো নবি চিনবে না, আল্লাহকেও চিনবে না এবং তার আত্মার মধ্যে সুন্দর গুণাবলি রক্ষা করার মতো কোনো ভিত্তিও জানতে পারবে না। কারণ, নবিদের মধ্যে সর্বশেষ এবং সবচেয়ে মহান নবি হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যার ধর্ম ও আহ্বান সমগ্র মানবজাতির উদ্দেশ্যে প্রেরিত। আর মুজিযা ও ধর্মব্যবস্থার দিক থেকে তিনি মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ। মানবজাতিকে সকল সত্য বিষয়ে শিক্ষা দিয়েছেন এবং চৌদ্দ শতাব্দী ধরে উজ্জ্বলভাবে তা প্রমাণ করেছেন।সুতরাং যে ব্যক্তি মানবজাতির গৌরবের উৎস এমন মহান ব্যক্তির মৌলিক শিক্ষা এবং ধর্মীয় নীতিমালা পরিত্যাগ করে, সে নিঃসন্দেহে কোনো দিক থেকেই নূর বা পূর্ণতা পাবে না; বরং সে সম্পূর্ণরূপে অধঃপতনের শিকার হবে।
অতএব হে দুনিয়াবি জীবনে ভোগবিলাসে আসক্ত এবং ভবিষ্যতের চিন্তায় নিজ ভবিষ্যৎ ও জীবনকে নিরাপদ করতে পরিশ্রমরত অসহায় মানুষগণ! যদি তোমরা দুনিয়ার আনন্দ, স্বাদ, সুখ ও প্রশান্তি চাও, তবে বৈধ সীমার ভেতরে থাকা আনন্দে সন্তুষ্ট থাকো। কারণ, সেই বৈধ আনন্দই তোমাদের সুখের জন্য যথেষ্ট। অবৈধ ও নিষিদ্ধ সীমার বাইরে আনন্দের মধ্যে হাজার যন্ত্রণা লুকানো। এ কথা তোমরা পূর্ববর্তী ব্যাখ্যা থেকে নিশ্চয়ই বুঝেছ।
যদি অতীত, অর্থাৎ অতিবাহিত সময়ের ঘটনাগুলো, যেমনিভাবে আজকাল সিনেমায় বর্তমানের মতো প্রদর্শন করা হয়। তেমনই ভবিষ্যতের ঘটনাগুলোও, উদাহরণস্বরূপ পঞ্চাশ বছর পরের অবস্থা একটি সিনেমার পর্দায় দেখানো যেত, তবে অবৈধ ভোগবিলাসে মত্ত মানুষজন তাদের আনন্দদায়ক বিষয়গুলোকে প্রচণ্ডভাবে ঘৃণা করত এবং কান্না করত।
অতএব, যে ব্যক্তি দুনিয়া ও আখিরাতে চিরন্তন ও স্থায়ী আনন্দ কামনা করে, তার উচিত ঈমানের পরিধির ভেতরে হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা ও শৃঙ্খলাকে নিজের দিশারিরূপে গ্রহণ করা।

