Lem'alar

The Fourteenth Gleam

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

চৌদ্দতম লামআর দ্বিতীয় মাকাম بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ এর হাজারো রহস্যের মধ্যে ছয়টি গোপন রহস্য সম্পর্কে আলোচনা। সতর্কতা : “বিসমিল্লাহ”-এর রহমত সম্পর্কিত এক উজ্জ্বল নূর আমার দুর্বল ও সীমিত বুদ্ধির কাছে দূর থেকে ঝলমল করে দেখা দিলো। আমি সেই নূরকে নিজের জন্য নোট আকারে সংরক্ষণ করতে চাইলাম।আমি ইচ্ছা করেছিলাম, বিশ-ত্রিশটি রহস্যের মাধ্যমে সেই নূরের চারপাশে এক বৃত্ত তৈরি করে তাকে বন্দি ও সংরক্ষণ করতে। কিন্তু দুর্ভাগ্যবশত আপাতত আমি সেই উদ্দেশ্যে সম্পূর্ণ সফল হতে পারিনি। বিশ-ত্রিশটি রহস্যের পরিবর্তে পাঁচ-ছয়টিতে এসে দাঁড়াল। যখন আমি “হে মানুষ!” বলেছি, তখন আমি নিজেকেই সম্বোধন করেছি। এই পাঠ আমার নিজের নফসের জন্য; তবে যেহেতু আমার সাথে আত্মিকভাবে সম্পর্কযুক্ত এবং আমার নফসের চেয়ে সচেতন কিছু ভাইদের জন্যও উপকারী হতে পারে, এই উদ্দেশ্যে আমি এটিকে চৌদ্দতম লামআর দ্বিতীয় মাকাম হিসেবে আমার গভীর চিন্তাশীল ভাইদের সত্যায়নের জন্য পেশ করছি। এই দারস বিবেকের চেয়ে অন্তরের দিকে বেশি দৃষ্টি দেয়; প্রমাণের চেয়ে স্বাদ ও অনুভবের দিকে বেশি দৃষ্টি দেয়। بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ قَالَت۟ يَٓا اَيُّهَا ال۟مَلَؤُا اِنّٖٓى اُل۟قِىَ اِلَىَّ كِتَابٌ كَرٖيمٌ ۝ اِنَّهُ مِن۟ سُلَي۟مٰنَ وَ اِنَّهُ بِس۟مِ اللّٰهِ الرَّح۟مٰنِ الرَّحٖيمِ এই মাকামে কয়েকটি গোপন রহস্য উল্লেখ করা হবে।

§2

আমি “বিসমিল্লাহির রহমানির রহিম”-এর একটি প্রতিফলন এভাবে দেখেছি।কায়েনাতের মুখমণ্ডলে, পৃথিবীর মুখমণ্ডলে এবং মানুষের মুখমণ্ডলে এমন তিনটি রুবুবিয়াতের সিক্কা তথা সিলমোহর (অর্থাৎ আল্লাহ তায়ালার প্রভুত্ব ও তত্ত্বাবধানের তিনটি সিলমোহর) আছে, যেগুলো একে অপরের মধ্যে অন্তর্নিহিত এবং একে অপরের প্রতিরূপ প্রদর্শন করে। প্রথমটি হলো, সমগ্র কায়েনাতের ব্যবস্থাপনায় যে পারস্পরিক সাহায্য, নির্ভরতা ও একে অপরের ডাকে সাড়া দেওয়া বিদ্যমান, সেগুলো থেকে যে উলুহিয়াতের সর্ববৃহৎ সিলমোহর, সেটি প্রকাশিতই হয় بِسْمِ اللّٰهِ -এর দিকে ইঙ্গিত করে। দ্বিতীয় রহস্য : পৃথিবীর মুখমণ্ডলে উদ্ভিদ ও প্রাণীর পরিচালনা, লালনপালন ও ব্যবস্থাপনার মধ্যে যে সমন্বয়, সামঞ্জস্য, শৃঙ্খলা, ঐক্য, কোমলতা ও দয়ার প্রকাশ দেখা যায়, তা আল্লাহ তায়ালার মহান রহমতের সিলমোহরকে প্রকাশ করে। এই রহমতের প্রতিচ্ছবিকেبِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ ইঙ্গিত করে। এরপর মানুষের বিস্তৃত বৈশিষ্ট্যের মুখমণ্ডলে আল্লাহ তায়ালার করুণা, সহানুভূতি ও সূক্ষ্ম দয়ার প্রতিফলনে এক উচ্চমর্যাদার রহিমিয়াতের সিলমোহর প্রকাশ পায়, যার প্রতি بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ এর الرَّحِيمِ শব্দটি ইঙ্গিত করে। অতএব بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ সমগ্র সৃষ্টিজগতের পৃষ্ঠায় লেখা এক উজ্জ্বল নুরানি পঙ্‌ক্তি। এটি আল্লাহ তায়ালার আহাদিয়াতের তিনটি সিলমোহরের পবিত্র উপাধি, শক্তিশালী বন্ধন ও দীপ্ত রেখা। অর্থাৎ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ আকাশ থেকে নেমে সৃষ্টির ফলস্বরূপ ক্ষুদ্র প্রতিরূপ মানুষে এসে শেষ হয়। এটি পৃথিবীকে আরশের সঙ্গে যুক্ত করে এবং মানুষের জন্য আরশের দিকে আরোহণের পথ হয়ে যায়।

§3

কুরআনে মুজিযুল বয়ান, অসংখ্য সৃষ্টির মধ্যে আল্লাহ তায়ালার ওয়হিদিয়াত প্রকাশে মানুষের চিন্তাকে বিভ্রান্ত না করতে সর্বদা সেই ওয়াহিদিয়াতের ভেতরে আহাদিয়াতের প্রতিফলন দেখায়। অর্থাৎ সূর্য তার আলো দিয়ে অসংখ্য বস্তুকে আচ্ছাদিত করে। কিন্তু সূর্যের মূল সত্তাকে বোঝার জন্য বিস্তৃত কল্পনা ও সর্বব্যাপী দৃষ্টি প্রয়োজন। তাই সূর্য নিজেকে ভুলিয়ে না দিতে প্রতিটি উজ্জ্বল বস্তুর মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখায়। প্রতিটি উজ্জ্বল বস্তু তার সামর্থ্য অনুযায়ী সূর্যের আলো, তাপ ও রঙের প্রতিফলন প্রদর্শন করে। সূর্যের আলো ও তাপ তার প্রতিটি রশ্মির মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে। তেমনই وَلِلّٰهِ الْمَثَلُ الْاَعْلٰى আল্লাহ তায়ালার আহাদিয়াত ও সামাদিয়াতে ইলাহিয়া এমন যে, প্রতিটি জিনিসে; বিশেষ করে জীবন্ত সৃষ্টিতে এবং সর্বোত্তমভাবে মানুষের সত্তার আয়নায় তাঁর সমস্ত নামের এক অনন্য প্রতিফলন প্রকাশ পায়। এবং ওহাদিয়াতের দৃষ্টিকোণ থেকে তাঁর প্রতিটি নাম সমস্ত সৃষ্টির সঙ্গে সম্পর্কিত এবং তাদের পরিবেষ্টন করে।সুতরাং ওহাদিয়াতের বিস্তৃতি প্রকাশে যেন মানুষের মন হারিয়ে না যায় এবং হৃদয় যেন আল্লাহ তায়ালার পবিত্র সত্তাকে ভুলে না যায়, এই জন্য কুরআন সর্বদা সেই ওহাদিয়াতের ভেতরে থাকা আহাদিয়াতের সিলমোহরকে সামনে আনে। আর সেই সিলমোহরের তিনটি গুরুত্বপূর্ণ বন্ধনকে প্রকাশ করে যে বাক্য, তা হলো— بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

§4

এই অসীম মহাবিশ্বকে জীবন্ত ও আনন্দময় করে তুলেছে, প্রত্যক্ষভাবে দেখা যায় যে, এটি আল্লাহ তায়ালার রহমত। এই অন্ধকারাচ্ছন্ন সৃষ্টিজগৎকে আলোকিত করেছে; স্পষ্টভাবে দেখা যায়, এটিও রহমত।অসীম প্রয়োজন ও চাহিদার ভেতরে ঘুরে বেড়ানো সকল সৃষ্টিকে প্রতিপালন ও শিক্ষা দিচ্ছে, নিঃসন্দেহে রহমতই। যেমনিভাবে একটি গাছের সমস্ত অংশ তার ফলে কেন্দ্রীভূত থাকে, তেমনই সমগ্র সৃষ্টিজগৎকেই মানুষের দিকে মুখ করে রেখেছে, তাকে লক্ষ্য বানিয়েছে, তাকে সাহায্যে উৎসাহিত করেছে, এটিও রহমতের প্রকাশ। এই সীমাহীন মহাশূন্য ও শূন্য জগৎকে পূর্ণ করেছে, আলোকিত করেছে, প্রাণবন্ত করেছে, প্রত্যক্ষভাবে দেখা যায়, এটিও রহমত এবং এই নশ্বর মানুষকে চিরস্থায়ী জীবনের জন্য মনোনীত করেছে, তাকে অনন্ত ও চিরসত্তার অধিকারী আল্লাহ তায়ালার সামনে কথা বলার ও বন্ধুত্ব করার যোগ্য করে তুলেছে, এটিও নিঃসন্দেহে রহমত। হে মানুষ! যখন রহমত এমন শক্তিশালী, আকর্ষণীয়, প্রিয় ও সাহায্যকারী এক বাস্তবতা, তবে বলো بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ এবং ওই রহমতের বাস্তবতাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো! তাতে তুমি চরম একাকিত্ব ও অসীম প্রয়োজনের যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবে।তুমি চিরন্তন ও অনন্ত সুলতানের সিংহাসনের নিকটে পৌঁছে যাবে এবং সেই রহমতের সুপারিশ দয়া ও আলোয় ওই সুলতানের শ্রোতা, ঘনিষ্ঠ ও প্রিয় বন্ধু হয়ে যাবে। নিশ্চয়ই সৃষ্টিজগতের সকল প্রকার জিনিসকে প্রজ্ঞা ও শৃঙ্খলার পরিসরে মানুষের চারপাশে জড়ো করা, তার প্রয়োজন পূরণের জন্য নিখুঁত ব্যবস্থা এবং যত্নের মাধ্যমে কাজ করানো, এটি নিঃসন্দেহে দুই অবস্থার একটিই হতে পারে : হয়তো মহাবিশ্বের প্রতিটি সৃষ্টিই নিজের থেকে মানুষকে চিনে, তাকে মান্য করে, তার সেবায় ছুটে আসে; কিন্তু এটি সম্পূর্ণভাবে যুক্তির পরিপন্থি এবং অনেক অসম্ভবতার জন্ম দেয়। কারণ, এমন হলে দুর্বল ও অসহায় মানুষের ভেতরে এক পরম শক্তিশালী সুলতানের কুদরত থাকতে হবে যা অসম্ভব। অথবা একমাত্র সঠিক ব্যাখ্যা হলো, এই সমগ্র মহাবিশ্বের পর্দার আড়ালে কাদিরে মুতলাক তথা সর্বশক্তিমান আল্লাহ তায়ালার জ্ঞান ও আদেশেই এই সহযোগিতা সংঘটিত হচ্ছে। অতএব, সৃষ্টিজগতের প্রকারভেদ মানুষকে নিজে থেকে চেনে না; বরং এগুলো হলো সেই মহান সত্তার চিহ্ন; যিনি মানুষকে জানেন, চিনেন এবং তাদের প্রতি অনন্ত দয়া করেন।হে মানুষ! তোমার বিবেক কাজে লাগাও। এটা কি আদৌ সম্ভব যে, সমস্ত সৃষ্টির প্রকারভেদে তোমার দিকে সাহায্যের হাত প্রসারিত করছে, তোমার প্রয়োজনগুলোর জবাবে জি, লাব্বাইক বলে সাড়া দিচ্ছে, যাতে জুল জালালের ইচ্ছায় এগুলো বাস্তবায়িত হচ্ছে; সেই মহামহিম সত্তা তোমাকে জানবেন না, চিনবেন না দেখবেন না? যেহেতু তিনি তোমাকে জানেন এবং তাঁর রহমতের মাধ্যমে তা প্রকাশও করেন, তুমিও তাঁকে চিনো এবং শ্রদ্ধার সঙ্গে তাঁকে চিনে নেওয়ার সাক্ষ্য দাও। নিশ্চয়ই বুঝে নাও যে, তোমার মতো একদম দুর্বল, সম্পূর্ণ অক্ষম, পরম দরিদ্র, ক্ষণস্থায়ী ও ক্ষুদ্র এক সৃষ্টির জন্য সমগ্র মহাবিশ্বকে তোমার সেবায় নিয়োজিত করা এবং তোমার সাহায্যে পাঠানো এ এক বাস্তব সত্য যা প্রজ্ঞা, দয়া, জ্ঞান ও শক্তিতে পরিপূর্ণ রহমতের প্রতিফলন। অতএব, এমন এক মহান রহমত তোমার কাছ থেকে সর্বব্যাপী ও নিষ্কলুষ কৃতজ্ঞতা, আন্তরিক ও নির্মল শ্রদ্ধা দাবি করে। আর সেই খাঁটি কৃতজ্ঞতা ও পবিত্র শ্রদ্ধার উপস্থাপক ও প্রতীক হলো بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ এটি তোমার জন্য ওই রহমতে পৌঁছানোর এক মাধ্যম হোক এবং ওই পরম দয়ালুর দরবারে তোমার জন্য এক শাফায়াতকারী হয়ে দাঁড়াক। নিশ্চয়ই রহমতের অস্তিত্ব ও বাস্তবতা সূর্যের মতো স্পষ্ট। যেমনিভাবে একটি কাপড়ের নকশা চারদিক থেকে আসা অসংখ্য সুতার সুন্দর বিন্যাস ও অবস্থান দ্বারা গঠিত হয়, তেমনিভাবে সমগ্র সৃষ্টির বিশাল পরিসরে আল্লাহ তায়ালার হাজারো নামের আলোকরশ্মি একত্র হয়ে মহাবিশ্বের মুখমণ্ডলে রহমতের এক অনন্য সিলমোহর, দয়ার এক সূক্ষ্ম নকশা এবং যত্ন ও অনুগ্রহের এক উজ্জ্বল প্রতীক বুনে চলছে, যা সূর্যের চেয়েও উজ্জ্বলভাবে তার অস্তিত্বকে বুদ্ধির সামনে প্রকাশ করছে। তিনি সেই সত্তা, যিনি সূর্য ও চাঁদকে, উপাদান ও খনিজকে, উদ্ভিদ ও প্রাণিকুলকে সেই মহান নকশার সুতার মতো তাঁর হাজারো নামের আলোকচ্ছটায় সুশৃঙ্খল করেছেন; জীবনকে তাদের মাধ্যমে সেবার অধীন করেছেন; উদ্ভিদ ও প্রাণিজগতে থাকা সকল মায়েদের মধুর ও আত্মত্যাগময় মমতার মাধ্যমে নিজের রহমত প্রকাশ করেছেন; সকল জীবন্ত সত্তাকে মানবজীবনের সেবায় নিয়োজিত করেছেন এবং এইভাবে ঐশ্বরিক প্রভুত্বের এক অপরূপ ও মধুর মহান নকশা এবং মানুষের গুরুত্ব প্রদর্শন করেছেন। এমন পরম সৌন্দর্যের অধিকারী ও দয়াময় আল্লাহ (যিনি সম্পূর্ণ অমুখাপেক্ষী ও নির্ভরহীন) নিজের রহমতকে চরম প্রয়োজনের মধ্যে থাকা জীবজগৎ ও মানুষের জন্য এক গ্রহণযোগ্য শাফায়াতকারী বানিয়েছেন। হে মানুষ! যদি তুমি প্রকৃত মানুষ হও, তাহলে বলো— بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ এবং সেই মহান শাফায়াতকারীকে খুঁজে নাও! নিশ্চয়ই পৃথিবীতে চার লক্ষেরও বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণিকুলকে কাউকেই ভুলে না গিয়ে যথাসময়ে পূর্ণ শৃঙ্খলা, প্রজ্ঞা ও দয়ার সঙ্গে পরিচালনা ও লালনপালন করছেন যিনি এবং পৃথিবীর মুখমণ্ডলের আহাদিয়াতের সিলমোহর স্থাপন করেছেন, তিনি নিঃসন্দেহে প্রত্যক্ষভাবে রহমত।এবং এই রহমতের অস্তিত্ব পৃথিবীর মুখমণ্ডলে বিদ্যমান প্রতিটি সৃষ্টির অস্তিত্বের মতোই নিশ্চিত; এমনকি প্রতিটি সৃষ্টির সংখ্যার সমান পরিমাণ প্রমাণ রয়েছে তার বাস্তবতার। যেমনিভাবে পৃথিবীর মুখমণ্ডলে রহমতের এক সিলমোহর ও আহাদিয়াতের নিদর্শন রয়েছে, তেমনই মানুষের আধ্যাত্মিক সত্তার মুখমণ্ডলেও এক রহমতের সিলমোহর আছে, যা পৃথিবীর সিলমোহরের চেয়ে, এমনকি সমগ্র কায়েনাতের মহান রহমতের সিলমোহরের চেয়েও কম নয়। এটি যেন এমন এক কেন্দ্রবিন্দু, যেখানে আল্লাহ তায়ালার হাজারো নামের প্রতিফলন একত্রে সংযুক্ত হয়ে জ্বলে ওঠে। হে মানুষ! এটা কি আদৌ সম্ভব যে, যিনি তোমাকে এই মুখমণ্ডল দিয়েছেন এবং এতে এমন এক রহমতের সিল ও আহাদিয়াতের চিহ্ন স্থাপন করেছেন, তিনি তোমাকে অবহেলিত ও উদ্দেশ্যহীনভাবে ফেলে রাখবেন? তিনি কি তোমাকে গুরুত্বহীন করে তুলবেন, তোমার কর্মের দিকে মনোযোগ দেবেন না? তিনি কি তোমার দিকে মুখ করে থাকা সমগ্র মহাবিশ্বকে উদ্দেশ্যহীন ও অর্থহীন করে তুলবেন? তিনি কি এই সৃষ্টির বিশাল বৃক্ষকে এমন একটি গাছ বানাবেন, যার ফল নষ্ট, পচা ও অর্থহীন? না কখনোই না! তিনি এমন এক সত্তা, যার রহমত এত স্পষ্ট যে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই এবং যার প্রজ্ঞা সূর্যের আলোয় উদ্ভাসিত, তা অস্বীকার করা অসম্ভব। হে মানুষ! জেনে রাখো, ওই রহমতের আরশে পৌঁছানোর জন্য একটি মিরাজ আছে, আর সেই মিরাজ হলো بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ এই মিরাজ কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝতে চাইলে কুরআনুল হাকিমের ১১৪টি সূরার সূচনায় তাকাও; সব পবিত্র গ্রন্থের শুরুতেও তাকাও এবং বরকতময় সব কাজের সূচনাতেও দেখো। “বিসমিল্লাহ”-এর মহিমা ও মর্যাদার সবচেয়ে শক্তিশালী প্রমাণ হলো, ইমাম শাফেয়ি (রহিমাহুল্লাহ) এবং তাঁর মতো বহু মহান মুজতাহিদ বলেছেন “বিসমিল্লাহ” একটিমাত্র আয়াত হওয়া সত্ত্বেও এটি কুরআনে ১১৪ বার অবতীর্ণ হয়েছে।

§5

অসীম বহুত্ব ও বৈচিত্র্যের মধ্যে আল্লাহ তায়ালার ওয়াহিদিয়াতের প্রকাশ, اِيَّاكَ نَعْبُدُবাক্যটি বলতে সবার জন্য যথেষ্ট নয়; চিন্তা ছড়িয়ে যায়, মন বিভ্রান্ত হয়।সমগ্র একত্বের মধ্যে ওই, যাতে আহাদকে উপলব্ধি করে اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِينُবলার জন্য মানুষের অন্তরে প্রায় পৃথিবীর পরিসরের মতো বিস্তৃত একটি হৃদয় থাকা প্রয়োজন। এই রহস্যের ভিত্তিতে, যেমনিভাবে আল্লাহ প্রতিটি ক্ষুদ্র জিনিসে স্পষ্টভাবে তাঁর আহাদিয়াতের সিলমোহর প্রদর্শন করেন, তেমনই প্রতিটি প্রজাতি ও সৃষ্টির ধরনেও ওই আহাদিয়াতের সিল দেখিয়ে দেন; আর রহমানিয়াতের সিলমোহরের ভেতরে ওই আহাদিয়াতের সিলমোহর স্থাপন করেন, যাতে সবাই কষ্ট ছাড়া সহজেই প্রত্যেক স্তরে ও পর্যায়েاِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِينُবলতে পারে; অর্থাৎ সরাসরি আল্লাহ তায়ালার পবিত্র সত্তাকে উদ্দেশ করে সম্বোধন করতে পারে।এই মহান রহস্য প্রকাশ করার জন্যই কুরআনুল হাকিম বিশ্বব্রহ্মাণ্ডের বৃহত্তম পরিসর, যেমন : আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে কথা বলার সময় হঠাৎ সবচেয়ে ক্ষুদ্র পরিসর, এমনকি মানুষের সৃষ্টির মতো সূক্ষ্ম বিষয়ের দিকে মনোযোগ দেয়। যাতে সেই মহান একত্বের মাঝে আল্লাহ তায়ালার আহাদিয়াতের স্পষ্ট সিলমোহর দেখা যায়, চিন্তা বিভ্রান্ত না হয়, হৃদয় নিমজ্জিত না হয় এবং আত্মা সরাসরি তার মাবুদকে খোঁজে পায়। উদাহরণস্বরূপ, কুরআনের এই আয়াতে তা মহাজ্ঞানের সঙ্গে প্রকাশিত হয়েছে: وَمِنْ اٰيَاتِهِ خَلْقُ السَّمٰوَاتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ اَلْسِنَتِكُمْ وَاَلْوَانِكُمْ এই আয়াতটি অত্যন্ত অলৌকিকভাবে সেই গভীর সত্যকে প্রকাশ করে যে, মহান সৃষ্টির মধ্যে যেমন একত্ব আছে, তেমনই ক্ষুদ্রতম কণাতেও ওই একত্বের চিহ্ন স্পষ্টভাবে বিদ্যমান। নিশ্চয়ই অসংখ্য সৃষ্টির মধ্যে এবং সীমাহীন বহুত্বের ভেতরে আল্লাহ তায়ালার একত্বের সিলমোহর বহু স্তরবিশিষ্ট এবং পরস্পর অন্তর্ভুক্ত বৃত্তের মতো, সবচেয়ে বড়ো সিল থেকে শুরু করে ক্ষুদ্রতম সিল পর্যন্ত বিভিন্ন প্রকার ও স্তরে বিদ্যমান।কিন্তু সেই একত্ব তথা ওয়াহদাত যতই মহান হোক না কেন, তা এখনও বহুত্বের ভেতরে একটি একত্ব মাত্র। এটি আল্লাহ তায়ালার সাথে সম্পূর্ণ ও প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনের জন্য যথেষ্ট নয়।তাই সেই একত্বের পর্দার পেছনে আহাদিয়াতের সিলমোহর থাকা আবশ্যক, যাতে বহুত্বের চিন্তা মনে না আসে এবং সরাসরি আল্লাহ তায়ালার পবিত্র সত্তার দিকে হৃদয়ের পথ খুলে যায়। আর মানুষের দৃষ্টি ওই আহাদিয়াতের সিলমোহরের দিকে ফিরিয়ে আনা ও হৃদয়গুলোকে আকর্ষণ করার জন্য ওই সিলের ওপরে অত্যন্ত আকর্ষণীয় এক নকশা, উজ্জ্বল এক আলো, মধুর এক স্বাদ, মনোমুগ্ধকর এক সৌন্দর্য এবং শক্তিশালী এক সত্য স্থাপন করা হয়েছে। আর সেটিই হলো রহমতের সিল এবং রহিমিয়াতের ছাপ। হ্যাঁ, সেই রহমতের শক্তিই এমন যে, তা সমস্ত জ্ঞানসম্পন্ন সত্তার দৃষ্টি আকর্ষণ করে, তাদের টেনে নেয়, আহাদিয়াতের সিলমোহরে পৌঁছে দেয় এবং তাদের একমাত্র এক আল্লাহ তায়ালার সত্তাকে চিনতে সাহায্য করে। এর ফলেই মানুষ اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِينُ -এর প্রকৃত ও প্রত্যক্ষ সম্বোধনের মর্যাদায় পৌঁছে যায়। সুতরাং بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ যেহেতু সূরা ফাতিহার সারসংক্ষেপ এবং সমগ্র কুরআনের সারনির্যাস, তাই এটি এই বিশাল রহস্যের শিরোনাম ও অনুবাদক হয়েছে। যে ব্যক্তি এই শিরোনামটি ধারণ করে, সে রহমতের স্তরগুলোতে ভ্রমণ করতে পারে; আর যে ব্যক্তি এই অনুবাদকে উচ্চারণ করে, সে রহমতের রহস্য জানতে পারে এবং আল্লাহ তায়ালার দয়ার ও স্নেহের আলো প্রত্যক্ষ করতে পারে।

§6

একটি হাদিসে এসেছে: اِنَّ اللّٰهَ خَلَقَ ال۟اِن۟سَانَ عَلٰى صُورَةِ الرَّح۟مٰنِ – اَو۟ كَمَا قَالَ – اِنَّ اللّٰهَ خَلَقَ الْاِنْسَانَ عَلٰى صُورَةِ الرَّحْمٰنِ আও কামা ক্বলা, এই হাদিসটি কিছু সুফি বা তরিকতের লোক এমনভাবে ব্যাখ্যা করেছেন, যা ঈমানের মূল আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি তাদের মধ্যে কিছু আশিক-মাশুক প্রকৃতির লোক মানুষের আধ্যাত্মিক চেহারাকে “রহমানের আকৃতি” হিসেবে কল্পনা করেছেন। তবে ভালোবাসায় মগ্ন সেই আহলে ইশক তথা তরিকত পন্থিদের অধিকাংশের মধ্যে আল্লাহ তায়ালার প্রেমে সম্পূর্ণ ডুবে যাওয়া ও ভুল বোঝায় তাদের বাস্তবতার বিপরীত ধারণা হয়তো কিছুটা ক্ষমার যোগ্য। কিন্তু যাদের বুদ্ধি ও বিবেক সুস্থ, তারা চিন্তাগতভাবে এমন ব্যাখ্যা গ্রহণ করতে পারে না। গ্রহণ করলে তারা ভুল করবে। নিশ্চয়ই, যিনি সমগ্র মহাবিশ্বকে একটি প্রাসাদ বা গৃহের মতো সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন, যিনি নক্ষত্রগুলোকে সূক্ষ্ম কণার মতো জ্ঞান ও সহজতার সঙ্গে ঘোরান ও নিয়ন্ত্রণ করেন, যিনি পরমাণুগুলোকে সুশৃঙ্খল কর্মচারীর মতো কাজে নিয়োজিত করেন, সেই পবিত্র ও মহান আল্লাহ তায়ালার কোনো অংশীদার, সমকক্ষ, বিরোধী বা তুলনীয় কেউ নেই। لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ এই আয়াতের রহস্য অনুযায়ী আল্লাহ তায়ালার কোনো আকার-আকৃতি, তুলনা, রূপ, প্রতিরূপ বা সাদৃশ্য কল্পনা করা যায় না। তবে, وَلَهُ الْمَثَلُ الْاَعْلٰى فِي السَّمٰوَاتِ وَالْاَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ এই আয়াতের ইঙ্গিত অনুযায়ী, উদাহরণ ও রূপক কেবল তাঁর কর্মকাণ্ড, গুণাবলি ও নামসমূহ বোঝাতে ব্যবহার করা যায়; তাঁর সত্তা বোঝাতে নয়। অতএব, এই হাদিসের একটি গভীর উদ্দেশ্য হলো, মানুষ এমন এক আকৃতিতে সৃষ্টি হয়েছে, যা “রহমান” নামের প্রতিফলন সম্পূর্ণভাবে প্রকাশ করে। আগেই যেমন ব্যাখ্যা করা হয়েছে, মহাবিশ্বের মুখমণ্ডলে আল্লাহ তায়ালার হাজারো নামের নূরে যে “রহমান” নামের জ্যোতি প্রকাশিত, পৃথিবীর পৃষ্ঠতলেও আল্লাহ তায়ালার অসীম প্রভুত্বের মাধ্যমে যে “রহমান” নামের প্রকাশ দেখা যায়, তেমনই মানুষের বিস্তৃত সত্তার মধ্যেও ছোটো আকারে পৃথিবীর ও মহাবিশ্বের মুখের মতোই সেই “রহমান” নামের পূর্ণ প্রতিফলন দেখা যায়। এর মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ তায়ালার করুণা ও দয়ার প্রতীক রহমান ও রহিম নামগুলোর প্রতিফলন হিসেবে জীবন্ত সত্তাগুলো (বিশেষত মানুষ) এমন স্পষ্ট ও নিশ্চিতভাবে আল্লাহ তায়ালার প্রতি ইঙ্গিত করে, যেমনিভাবে সূর্যের প্রতিবিম্ব ধারণকারী একটি আয়না সূর্যের অস্তিত্ব ও আলোর স্পষ্ট প্রমাণ দেয়। যখন উজ্জ্বল এক আয়না সম্পর্কে বলা হয় “এই আয়নায় সূর্য আছে”; এর অর্থ, সূর্যের প্রতিচ্ছবি ও আলোর পরিপূর্ণতা সেখানে প্রতিফলিত হয়েছে। ঠিক তেমনই “মানুষের মধ্যে রহমানের আকৃতি আছে” এই কথাটিও মানুষের সত্তায় আল্লাহ তায়ালার নামগুলোর প্রতিফলনের পূর্ণতা ও আল্লাহ তায়ালার সঙ্গে গভীর সম্পর্কের প্রতি ইঙ্গিত করে। আর ওয়াহদাতুল উজুদ ধারার সংযত অংশের লোকেরা “লা মাউজুদা ইল্লা হু” বলেছেন এই বাস্তবতার ওপর ভিত্তি করেই।তাদের এই উক্তি আল্লাহ তায়ালার নামসমূহের প্রতিফলনের স্পষ্টতা ও সত্তার গভীর সম্পর্কের এক উপাধিমাত্র। اَللّٰهُمَّ يَا رَح۟مٰنُ يَا رَحٖيمُ بِحَقِّ بِس۟مِ اللّٰهِ الرَّح۟مٰنِ الرَّحٖيمِ اِر۟حَم۟نَا كَمَا يَلٖيقُ بِرَحٖيمِيَّتِكَ وَ فَهِّم۟نَا اَس۟رَارَ بِس۟مِ اللّٰهِ الرَّح۟مٰنِ الرَّحٖيمِ كَمَا يَلٖيقُ بِرَح۟مَانِيَّتِكَ اٰمٖينَ

§7

হে সীমাহীন অক্ষমতা ও অন্তহীন দারিদ্র্যের ভেতরে ঘুরে বেড়ানো অসহায় মানুষ! রহমত কত মূল্যবান এক মাধ্যম এবং কত গ্রহণযোগ্য এক সুপারিশকারী, তা বুঝতে চাইলে এই সত্যটি গভীরভাবে উপলব্ধি করো :এই রহমত এমন এক সুলতানে জুল জালালের সঙ্গে সম্পর্কের সেতু, যার সৈন্যবাহিনীতে তারকারাজি ও পরমাণু একত্রে, নিখুঁত শৃঙ্খলা ও আনুগত্যের সঙ্গে, নিঃশব্দে সেবা করছে। সেই অনন্তকালীন ও চিরন্তন সুলতান স্বয়ংসম্পূর্ণ; তিনি এমন গানিয়ে আলাল ইতলাক; যিনি কোনো দিক থেকেই সৃষ্টির ওপর নির্ভরশীল নন। সমস্ত সৃষ্টি তাঁর আদেশ ও শাসনের অধীন; তাঁর জ্যোতি ও মহিমার সামনে তারা চূড়ান্ত আনুগত্য ও বিনয়ের মধ্যে রয়েছে। কিন্তু হে মানুষ! এই রহমতই তোমাকে ওই মহান সুলতানের দরবারে পৌঁছে দেয়, তাকে তোমার প্রিয় বন্ধু বানায়, তোমাকে তাঁর সামনে কথা বলার যোগ্য বান্দা করে তোলে।তুমি যেমন সূর্যের কাছে পৌঁছতে পারো না, তার থেকে অনেক দূরে আছ, তবুও সূর্যের আলো তোমার হাতে পৌঁছায় তোমার আয়নার মাধ্যমে, ঠিক তেমনিভাবে আমরাও সেই চিরন্তন ও চির জ্যোতির্ময় সূর্যের কাছে অসীম দূরত্বে আছি, তবে তাঁর রহমতের আলো আমাদের নিকটে এনে দেয়, তাঁকে আমাদের কাছে পরিচিত করে তোলে। অতএব, হে মানুষ! যে এই রহমতকে খুঁজে পায়, সে অনন্ত ও অসীম এক নূরের খনি লাভ করে। আর সেই খনি লাভ করার পথ হলো ওই রহমতের সবচেয়ে উজ্জ্বল প্রতিফলন, সেই রহমতের জীবন্ত প্রতিনিধি ও সবচেয়ে প্রাঞ্জল ভাষা; যিনি “রহমাতুল্লিল আলামিন” উপাধিতে কুরআনে পরিচিত, তিনি হলেন রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাঁর সুন্নত এবং তাঁর অনুসরণ এই রহমতে পৌঁছানোর সঠিক মাধ্যম। আর ওই রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি পৌঁছানোর মাধ্যম হলো সালাওয়াত সালাওয়াতের অর্থই হলো রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু জীবন্ত রহমতের প্রতিরূপ, তাঁর জন্য রহমতের দুআ করা অর্থাৎ সালাওয়াত পাঠ করা হলো, রহমতে পৌঁছানোর এক সেতু। অতএব, সালাওয়াত-কে তোমার জন্য রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে যাওয়ার মাধ্যম বানাও, আর তাঁকেই বানাও রহমানের রহমতের দরবারে পৌঁছানোর মাধ্যম। সারা উম্মতের অসংখ্য ও অবিরাম সালাওয়াতসমূহ এই সত্যের জ্বলন্ত প্রমাণ, যে রহমত কত মূল্যবান এক ঐশী উপহার এবং তার পরিসর কত বিস্তৃত ও সীমাহীন! সারসংক্ষেপে বলা যায়, রহমতের ভান্ডারের সবচেয়ে মূল্যবান হীরা এবং সেই ভান্ডারের দরজার রক্ষক হলেন হজরত আহমদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।আর সেই রহমতের খনি খুলে দেওয়ার প্রথম চাবি হলো بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ এবং সবচেয়ে সহজ চাবি হলো “সালাওয়াত” তথা দরুদ। اَللّٰهُمَّ بِحَقِّ اَس۟رَارِ بِس۟مِ اللّٰهِ الرَّح۟مٰنِ الرَّحٖيمِ صَلِّ وَ سَلِّم۟ عَلٰى مَن۟ اَر۟سَل۟تَهُ رَح۟مَةً لِل۟عَالَمٖينَ كَمَا يَلٖيقُ بِرَح۟مَتِكَ وَ بِحُر۟مَتِهٖ وَ عَلٰى اٰلِهٖ وَ اَص۟حَابِهٖ اَج۟مَعٖينَ وَ ار۟حَم۟نَا رَح۟مَةً تُغ۟نٖينَا بِهَا عَن۟ رَح۟مَةِ مَن۟ سِوَاكَ مِن۟ خَل۟قِكَ اٰمٖينَ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters