মিতব্যয়িতা মিতব্যয়িতা, তুষ্টি, অপচয় ও অব্যয় সম্পর্কে بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ كُلُوا وَ اش۟رَبُوا وَ لَا تُس۟رِفُوا এই আয়াতটি মিত্যয়িতার ক্ষেত্রে সুস্পষ্ট আদেশ এবং অপচয়ের ক্ষেত্রে প্রকাশ্য নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এক অতি গুরুত্বপূর্ণ প্রাজ্ঞিক শিক্ষা দান করছে। এই বিষয়ে সাতটি সূক্ষ্মার্থ নিচে আলোচনা করা হলো—
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
Lem'alar
The Nineteenth Gleam
খালিকে রহিম মানবজাতিকে অসংখ্য নিয়ামত দান করেছেন। এর বিনিময়ে তিনি বান্দার কাছ থেকে শুকরিয়া প্রত্যাশা করেন। আর অপচয় হলো শুকরিয়ার বিপরীত। এর দ্বারা নিয়ামতকে অসম্মান করা হয়, যা বান্দার জন্য ক্ষতিকর। অপরদিকে মিতব্যয়িতার দ্বারা নিয়ামতকে সম্মান প্রদর্শন করা সম্ভব। যা বান্দার জন্য খুবই লাভজনক এক ব্যবসা। হ্যাঁ, মিতব্যয়িতা হলো আধ্যাত্মিক এক শুকরিয়া জ্ঞাপন, নিয়ামতের মাঝে বিদ্যমান আল্লাহর রহমতের প্রতি সম্মান প্রদর্শন, বরকত লাভের সুনির্দিষ্ট এক মাধ্যম, শারীরিকভাবে সংযমী হওয়ার মাধ্যমে সুস্থ থাকার উপায়, ভিক্ষাবৃত্তির কশাঘাত থেকে মুক্তি ও সম্মান লাভের ওসিলা, বাহ্যিকভাবে স্বাদহীন মনে হলেও নিয়ামতের স্বাদ আস্বাদনের শক্তিশালী বাহন এবং প্রকৃত স্বাদ অনুভব করার মজবুত উপায়।অপরদিকে অপচয় যেহেতু উল্লিখিত রহস্যগুলোর পরিপন্থি তাই তা মানবজীবনে ভয়ংকর বিপর্যয় বয়ে আনে।
ফাতিরে হাকিম মানবদেহকে পরিপূর্ণ একটি রাজপ্রাসাদ এবং সুশৃঙ্খল একটি শহরের মতো করে সৃষ্টি করেছেন। মানুষের মুখের স্বাদেন্দ্রিয়কে দারোয়ানের মতো আর রক্তপ্রণালি ও স্নায়ুতন্ত্রকে টেলিফোন ও টেলিগ্রাফের তারের মতো করে বানিয়েছেন। যার মাধ্যমে শরীরের কেন্দ্রস্থল তথা পাকস্থলীর সাথে আস্বাদনশক্তির যোগাযোগব্যবস্থা গড়ে ওঠে। মুখে আসা বস্তু সম্পর্কে ওই স্নায়ুতন্ত্রের সাহায্যে তৎক্ষণাৎ পাকস্থলীকে খবর প্রদান করে। শরীর ও পাকস্থলীর জন্য অপ্রয়োজনীয় হলে নিষিদ্ধ বলে বের করে দেয়। কখনো কখনো শরীরের জন্য উপকারহীন হওয়ার সাথে সাথে তা যদি ক্ষতিকর ও পীড়াদায়ক হয়, তবে তাৎক্ষণিকভাবে বাইরে নিক্ষেপ করে। যেহেতু মুখের আস্বাদনশক্তি হচ্ছে নগণ্য দারোয়ানতুল্য, আর পাকস্থলী হলো শরীরের প্রশাসনিক কর্মকাণ্ডের পরিচালক ও নিয়ন্ত্রক সেহেতু প্রাসাদে অথবা শহরে আগত এবং প্রাসাদের মালিকের কাছে পাঠানো কোনো উপহারের মূল্য একশো গুণ হলে দারোয়ানের জন্য বখশিশ হিসেবে পাঁচ গুণ যথেষ্ট, এর বেশি নয়। বেশি দিলে দারোয়ান অহংকারী হয়ে দায়িত্বে অবহেলা করে এবং অতিরিক্ত বখশিশ প্রদানকারী বিদ্রোহীদের প্রাসাদে প্রবেশের সুযোগ করে দেয়। এই তাৎপর্যের ভিত্তিতে এখানে দুটি লোকমার মাধ্যমে তুলনা করা যাক। একটি লোকমা পনির ও ডিমের মতো পুষ্টিকর খাবার, যার মূল্য এক টাকা। অপর লোকমাটি খুবই উন্নতমানের মিষ্টি, যার মূল্য দশ টাকা। মুখে নেওয়ার আগে এ দুটি লোকমার মধ্যে বাহ্যিকভাবে কোনো পার্থক্য নেই। খাদ্যনালিতে প্রবেশের পরে শরীরের পুষ্টি জোগানোর ক্ষেত্রেও কোনো পার্থক্য নেই। উভয়টিই বরং সমান। কখনো কখনো এক টাকা মূল্যের পনির আরও বেশি পুষ্টি জোগায়। এক্ষেত্রে শুধু মুখের স্বাদ আস্বাদনের দিক থেকে আধা মিনিটের পার্থক্য রয়েছে। এই আধা মিনিটের আনন্দের জন্য এক টাকার বদলে দশ টাকার খাদ্য গ্রহণ করা কতটুকু অর্থহীন ও ক্ষতিকর এক অপচয় হবে, তা সহজেই তুলনা করা যায়।এভাবেই প্রাসাদের মালিকের জন্য আসা এক টাকার উপহারের ক্ষেত্রে দারোয়ানকে নয় গুণ বেশি বখশিশ প্রদান তাকে উদ্বেলিত করে এবং সে নিজ দায়িত্ব ভুলে নিজেকে মালিক মনে করতে শুরু করে। যার থেকে বেশি বখশিশ এবং স্বাদ পায়, তাকেই ভেতরে প্রবেশ করায়। ফলে বিদ্রোহ বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে ভেতরের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ওই উত্তাপ কমানো এবং ওই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মালিক তখন ডাক্তার ডাকতে বাধ্য হয়। এমতাবস্থায় মিতব্যয়িতা ও তুষ্টি হলো আল্লাহর প্রজ্ঞার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি আচরণ, যা আস্বাদনশক্তিকে দেহের দারোয়ান হিসেবে বিবেচনা করে, সে অনুযায়ী বখশিশ দেয়। অপরদিকে অপচয় হলো ওই হিকমতের বিপরীত আচরণ, যে কারণে অতি দ্রুত শাস্তির সম্মুখীন হতে হয়, পেটের সমস্যা দেখা দেয়, খাদ্য গ্রহণের প্রকৃত রুচি লোপ পায়। অতঃপর রকমারি খাবার দিয়ে এক কৃত্রিম ও মিথ্যা রুচি তৈরি করে খেতে হয়, যা পরবর্তী সময়ে বদহজমের কারণ হয় এবং অসুস্থ করে।
পূর্বে উল্লিখিত দ্বিতীয় সূক্ষ্ম অর্থে বলেছি যে, ‘আস্বাদনশক্তি দারোয়ানস্বরূপ’। হ্যাঁ যারা উদাসীনতায় নিমজ্জিত এবং রুহানি উন্নতি সাধন করেনি, আর যারা শুকরিয়া আদায়ের ব্যাপারে উদাসীন, তাদের ক্ষেত্রে দারোয়ানের মতো। এ কারণে শুধু স্বাদ আস্বাদনের জন্য অপচয় করা এবং এক গুণের পরিবর্তে দশ গুণ বেশি মূল্য প্রদান করা উচিত নয়। কিন্তু প্রকৃত শুকরিয়া আদায়কারী ও বাস্তববাদী এবং পরিচ্ছন্ন অন্তরের অধিকারীদের স্বাদানুভূতিগুলো ষষ্ঠ কালিমায় যেভাবে উল্লেখ করা হয়েছে, তার মতো আল্লাহর রহমতের রন্ধনশালার পর্যবেক্ষক ও পরিদর্শকের ন্যায় দায়িত্ব পালন করে। ওই আস্বাদনশক্তির দায়িত্ব হচ্ছে খাদ্যের সমসংখ্যক পরিমাপকের দ্বারা নানা ধরনের আল্লাহর নিয়ামতকে জানা, চেনা এবং আধ্যাত্মিক শুকরিয়া হিসেবে শরীর ও পাকস্থলীকে সংবাদ প্রদান করা। এদিক থেকে চিন্তা করলে আস্বাদনশক্তির শুধু জাগতিক শরীরের সাথে সম্পর্ক নেই; বরং অন্তর ও বুদ্ধির সাথে সম্পর্কের দিক থেকে পাকস্থলীর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব ও অবস্থান আছে। অপব্যয় না করা, শুধু শুকরিয়ার দায়িত্ব আদায় করা, বিভিন্ন ধরনের নিয়ামতকে অনুধাবন করে চিনতে পারা, হালাল পথে থাকা এবং আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে ভিক্ষাবৃত্তিকে ওসিলা না করার শর্তে স্বাদ গ্রহণ করা যেতে পারে। শুকরিয়ার জন্য ওই আস্বাদনশক্তিকে ধারণকারী জিহ্বা সুস্বাদু খাবারগুলো পছন্দ করতে পারে। এই বাস্তবতাকে ইঙ্গিত করে এমন একটি ঘটনা এবং আবদুল কাদের জিলানি রহ.-এর কারামত হচ্ছে—একদা হজরত আবদুল কাদির জিলানির তত্ত্বাবধানে পুত্রবৎসল এক বৃদ্ধার একমাত্র পুত্র ছিল। ওই সম্মানিত বৃদ্ধা একদিন পুত্রের কাছে গেল এবং দেখল যে, তার পুত্র এক টুকরো শুকনো কালো রুটি খাচ্ছে। ওই সাধনার কারণে দুর্বল অবস্থা দেখে মাতৃস্নেহ জাগ্রত হলো এবং তাকে পীড়া দিলো। এরপর আবদুল কাদির জিলানির কাছে অভিযোগ করার জন্য গেল। দেখল যে, হজরত আবদুল কাদের জিলানি মুরগির রোস্ট খাচ্ছেন। পুত্রস্নেহের কারণে বলল, ‘হে ওস্তাদ! আমার ছেলে না খেয়ে মরে যাচ্ছে আর আপনি মুরগি খাচ্ছেন?’ হজরত জিলানি মুরগিকে বললেন, ‘কুম বিইযনিল্লাহ। অর্থাৎ আল্লাহর হুকুমে জীবিত হও।’ তারপর ওই রান্না করা মুরগির হাড়গুলো একত্র হয়ে সত্যিকার মুরগিরূপে রান্নার পাত্র থেকে বের হয়ে গেল। এ ঘটনা খুবই বিশ্বাসযোগ্য। হজরত জিলানির এই কারামত খুবই বিখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিদের বর্ণনার দ্বারা সর্বসম্মতভাবে স্বীকৃত হয়েছে। হজরত আবদুল কাদের জিলানি রহ. বললেন, ‘যখন তোমার ছেলে এই পর্যায়ে উন্নীত হবে, তখন সেও মুরগি খেতে পারবে।’ অর্থাৎ হজরত আবদুল কাদের জিলানির ওই কথাটির মর্মার্থ হচ্ছে, যখন তোমার ছেলের রুহ দেহের ওপর, অন্তর নফসের ওপর এবং বিবেক-বুদ্ধি পাকস্থলীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং শুকরিয়ার জন্য স্বাদ গ্রহণ করতে চাইবে, তখন সুস্বাদু খাবার খেতে পারবে।
لَا يَعُوْلُ مَنِ اقْتَصَدَ এর হাদিসটি থেকেও বোঝা যায় যে, মিতব্যয়ী ব্যক্তি জীবিকা নির্বাহের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় না। প্রকৃতপক্ষে মিতব্যয়িতা হলো বরকত লাভের এবং সুন্দরভাবে জীবনযাপনের সুনিশ্চিত এক মাধ্যম, যা অসংখ্য সুস্পষ্ট দলিলের দ্বারা প্রমাণিত। এক্ষেত্রে আমি আমার নিজের দেখা এবং আমার সহকর্মী ও সাথিদের সাক্ষীর আলোকে বলছি যে, মিতব্যয়িতার মাধ্যমে আমরা আমাদের বরকতকে দশ গুণ বৃদ্ধি পেতে দেখেছি। এমনকি নয় বছর আগে ‘বুরদুর’ অঞ্চলে ‘এখন ৩০’ বছর আমার সাথে নির্বাসিত নেতৃস্থানীয়দের একাংশ আমাকে জাকাতদানে উদ্যোগী হয়, যাতে আমি অভাব ও দুর্দশায় পতিত না হই। ওই ধনী নেতৃস্থানীয়দের বললাম, ‘আমার অর্থ খুব কম হলেও মিতব্যয়িতা ও তুষ্টতায় অভ্যস্ত হওয়ায় আমি তোমাদের চেয়েও ধনী।’ বারবার পীড়াপীড়ি করা সত্ত্বেও তাদের দান ফিরিয়ে দিয়েছি। আশ্চর্যের বিষয় হলো, যারা আমাকে জাকাত দিতে চেয়েছিল, তারা মিতব্যয়ী না হওয়ার কারণে দুই বছর পরে ঋণ গ্রহণে বাধ্য হয়েছিল। আলহামদুলিল্লাহ, এ ঘটনার সাত বছর পরেও মিতব্যয়িতার বরকতে ওই স্বল্প পরিমাণ অর্থই আমার জন্য যথেষ্ট হলো। আমাকে না অপদস্থ হতে হয়েছে, আর না আল্লাহ ব্যতীত অন্য কারও মুখাপেক্ষী হতে হয়েছে। মানুষের মুখাপেক্ষী না হওয়ার যে নীতি আমার জীবনে ছিল, তা থেকেও দূরে সরে আসতে হয়নি৷ হ্যাঁ, অমিতব্যয়ী ব্যক্তি লাঞ্ছনা, বঞ্চনার শিকার আর দারিদ্র্যতায় পতিত হয়ে অন্যের কাছে হাত পাততে বাধ্য হয়। এই সময়ে অপচয় করে যে সম্পদ ব্যয় করা হয়, তার বিনিময়ে অনেক উচ্চমূল্য পরিশোধ করতে হয়। আর এই মূল্য অর্জনের জন্য কখনো ব্যক্তিত্ব, ঘুস গ্রহণ, সততা ও সম্মান বিলিয়ে দিতে হয়, কখনো-বা দ্বীনের মৌলিক বিষয়গুলোকেও বিকিয়ে দিতে হয়। অর্থাৎ আধ্যাত্মিক একশো টাকার ক্ষতি করে পার্থিব একশো পয়সার সম্পদ গ্রহণ করতে হয় ৷ যদি মিতব্যয়ী হয়ে অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়তার মাঝে সীমিত এবং সীমাবদ্ধ থেকে ব্যয় করে, তাহলে— اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِين وَمَا مِنْ دَٓابَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا সুস্পষ্টভাবে এই আয়াত দুটির বর্ণনানুযায়ী বেঁচে থাকার জন্য অপ্রত্যাশিতভাবে রিজিক লাভ করবে। কারণ, উক্ত আয়াত দুটি এ ব্যাপারে নিশ্চয়তা প্রদান করে। রিজিক দুই ধরনের : একটি হচ্ছে মৌলিক রিজিক, যার মাধ্যমে জীবনধারণ করা হয়। এই আয়াতের বর্ণনা অনুযায়ী ওই রিজিক সকল চাহিদার নিশ্চয়তা প্রদানকারী আল্লাহর হাতে ন্যস্ত। মানুষ যদি ইচ্ছা ও চাহিদার অপব্যবহার না করে, তাহলে ওই প্রয়োজনীয় রিজিক কোনো না কোনোভাবে লাভ করতে পারে। এজন্য দ্বীন, চরিত্র ও ইজ্জত কোনোটাকেই বিসর্জন দিতে বাধ্য হতে হয় না ৷ দ্বিতীয়টি হলো রূপক রিজিক। অপব্যবহারের মাধ্যমে অপ্রয়োজনীয় চাহিদাকে প্রয়োজনীয় চাহিদার মতো মনে করে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এ থেকে বেরিয়ে আসতে পারে না। এই রিজিক আল্লাহ প্রদত্ত নিশ্চয়তার মাঝে না থাকাতে সেটিকে অর্জন করা বিশেষত বর্তমান সময়ে খুবই ব্যয়বহুল। ইজ্জতকে বিক্রি, নীচতাকে গ্রহণ, নীচ লোকের পায়ে চুম্বন এবং চিরস্থায়ী জীবনের নুরসদৃশ দ্বীনের পবিত্র বিষয়গুলোকে বিকিয়ে দেওয়ার মাধ্যমে ওই বরকতহীন খারাপ জিনিসগুলো গ্রহণ করা হয়। অভাব ও দীনতার সময় ক্ষুধার্ত ও অভাবীদের দুঃখ-কষ্ট সমগোত্রীয়দের প্রতি সমবেদনার দ্বারা বিবেকবানরাও অনুভব করে। আর অনুভূত এই দুঃখ-কষ্ট অবৈধ আয়ের দ্বারা অর্জিত স্বাদগুলোকে পীড়াদায়ক করে তোলে। এই আজব সময়ে সন্দেহযুক্ত সম্পদকে খুবই দরকারি সময়ে যতটুকু না হলেও নয়, ততটুকু নেওয়া উচিত। কারণ : اِنَّ الضَّرُورَةَ تُقَدَّرُ بِقَدْرِهَا প্রয়োজনগুলোকে প্রয়োজন অনুযায়ী সীমিত রাখতে হয়।এই নীতি মোতাবেক জীবন রক্ষার জন্য যতটুকু প্রয়োজন হারাম সম্পদ ততটুকু ব্যবহার করা যেতে পারে, এর বেশি নয়। হ্যাঁ, উপায়হীন মানুষ মুর্দার গোশত উদরপূর্তি করে খেতে পারে না; বরং জীবন বাঁচাতে যতটুকু দরকার, ততটুকু খেতে পারে। শত শত ক্ষুধার্ত মানুষের সামনে পূর্ণ পরিতৃপ্তিতে বেশি খাওয়া যায় না। মিতব্যয়িতা যে ইজ্জত, সম্মান ও পরিপূর্ণতা দান করে, সেরূপ একটি ঘটনা— দুনিয়াতে দানশীল হিসেবে খ্যাত হাতেম তাঈ একবার বিশাল এক ভোজসভার আয়োজন করেছিলেন। অতিথিদের প্রচুর উপহার প্রদান করার সময় মরুভূমিতে ভ্রমণে বের হলেন। দেখলেন যে, একজন বৃদ্ধ গরিব লোক কাঁটাযুক্ত ঝোপঝাড়ের বোঝা কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে। লোকটির শরীর নুয়ে পড়ছিল, রক্তক্ষরণ হচ্ছিল। হাতেম তাকে বললেন, ‘হাতেম তাঈ উপহারসহ একটি ভোজসভার আয়োজন করেছে, তুমি ওখানে যাও, পাঁচ পয়সার ওই ঝোপঝাড়ের বোঝার পরিবর্তে পাঁচশত পয়সা গ্রহণ করো।’ ওই মিতব্যয়ী বৃদ্ধ বলল, ‘আমি সম্মানের সাথে এই কাঁটাযুক্ত বোঝা তুলব এবং বহন করব, তবুও হাতেম তাঈয়ের দান গ্রহণ করে তার কাছে ঋণী থাকব না।’ এরপর কোনো একবার হাতেম তাঈকে প্রশ্ন করা হলো, ‘তোমার চেয়ে সাহসী ও ইজ্জতের অধিকারী কাউকে কী পেয়েছ?’ উত্তরে বললেন- ‘ওই সাহারা মরুভূমিতে সাক্ষাৎ পাওয়া মিতব্যয়ী বৃদ্ধ আমার চেয়ে বেশি উদার, সম্মান ও ইজ্জতের অধিকারী।’
মহান আল্লাহ পরিপূর্ণ দয়া ও অনুগ্রহের একমাত্র মালিক হওয়ায় তিনি তাঁর অতি দরিদ্র ব্যক্তিকে সর্বাধিক ধনীর মতো এবং নগণ্য প্রজাকেও বাদশার মতো নিয়ামতের স্বাদ আস্বাদনের অনুভূতি দান করেন। হ্যাঁ, মিতব্যয়ী কোনো দরিদ্র ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় এক টুকরো শুকনো রুটি গ্রহণ করে ওই মিতব্যয়িতা ও পরিপূর্ণ ক্ষুধার কারণে যে স্বাদ আস্বাদন করতে পারে, অপচয়কারী কোনো বাদশাহ বা ধনী লোক ক্ষুধাহীন অবস্থায় সুস্বাদু পোলাও-কোরমা খেয়ে অপচয় থেকে আসা একঘেয়েমি ও ভুক্ততা থেকে আসা রুচিহীনতার কারণে ওই খাবার থেকে সেই স্বাদ গ্রহণ করতে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অপচয় ও অপব্যয়কারীদের কেউ কেউ মিতব্যয়ীদের কৃপণ বলে অপবাদ দেয়। এটা কোনোভাবেই মিতব্যয়ীরাই হলো প্রকৃত সম্মান ও মহত্ত্বের অধিকারী। আর অপচয়, অপব্যয়কারীদের বাহ্যিক ঔদ্ধত্যের আড়ালের প্রকৃত রূপ হলো কৃপণতা, হীনতা ও তুচ্ছতা। ‘ইসপারতা’র জেলে বসে এই রিসালা লেখার সময় আমার কক্ষেই সংঘটিত একটি ঘটনা উল্লেখ করছি, যা উপরিউক্ত বাস্তবতাকে সত্যায়ন করে— আমাকে আমার এক ছাত্র তিন কেজির মতো মধু হাদিয়া হিসেবে গ্রহণ করতে খুবই পীড়াপীড়ি করল। কিন্তু হাদিয়া গ্রহণ ছিল আমার জীবনের নীতি ও আদর্শের বিপরীত। আমি আমার নীতি ধরে রাখার প্রয়োজনীয়তা বর্ণনার যত চেষ্টাই করলাম, সব ব্যর্থ হলো। অবশেষে আমার কক্ষে যে তিন ভাই ছিল, তারা মিতব্যয়িতার সাথে শাবান ও রমজান মাসে ত্রিশ-চল্লিশ দিন খেতে পারবে আর এভাবে দানকারীও সওয়াব অর্জন করবে। ওই ভাইয়েরাও স্বাদহীন দিনযাপন করা থেকে মুক্তি পাবে। এই নিয়তে আমি তাদেরকে হাদিয়া গ্রহণ করার অনুমতি দিলাম।এ ছাড়া আগের থেকেই আমার কাছে সোয়া এক কেজি মধু ছিল। আমার ওই তিন সাথি সত্যিকার অর্থেই আদর্শবান ছিল। তারা মিতব্যয়িতার মূল্যও যথার্থরূপে বুঝত। তবে পরস্পরকে মেহমানদারি করানো, অন্যকে সম্মান দেখানো এবং অন্যকে নিজের ওপর প্রাধান্য দেওয়ার মতো কিছু মহৎ গুণের বাস্তবায়ন করতে গিয়ে ক্ষণিকের জন্য মিতব্যয়িতাকে ভুলে গেল। তিন রাতের মধ্যেই তিন কেজি মধু শেষ করে ফেলল। আমি মুচকি হেসে বললাম, ‘ত্রিশ-চল্লিশ দিন খাওয়ার জন্য তোমাদেরকে ওই মধু নিতে বলেছিলাম, তোমরা ত্রিশ দিনকে তিন দিনে নামিয়ে আনলে! তোমাদের খাবার উপভোগ্য হোক।’ কিন্তু আমার ওই সোয়া এক কেজি মধুকে আমি পরিমিত ব্যবহার করার কারণে পুরো শাবান ও রমজান মাসে তা থেকে খেতে পেরেছি এবং আল্লাহর অশেষ শুকরিয়া যে, ওই ভাইদেরকেও ইফতারের সময় এক চামচ করে দিতে পেরেছি। উপরন্তু তা আমার জন্য প্রচুর সওয়াব অর্জনেরও ওসিলা হয়েছে। যারা আমার এই অবস্থা দেখেছে, তারা হয়তো আমাকে কৃপণ ভেবেছে। আর সাথিদের তিন দিনের মধু খাওয়ার ওই অবস্থাকে হয়তো মহত্ত্ব ও উদারতা মনে করেছে। কিন্তু বাস্তবতার নিরিখে দেখলাম যে, আমার ওই বাহ্যিক কৃপণতার অন্তরালে সুমহান ইজ্জত, প্রচুর বরকত এবং অসংখ্য সওয়ার নিহিত রয়েছে। আর ওই বাহ্যিক মহত্ত্ব ও অপব্যয় যদি পরিত্যাগ না করা হয়, তাহলে এগুলোর আড়ালে থাকে মুখাপেক্ষিতা, দরিদ্রতা এবং অন্যের দ্বারস্থ হওয়ার মতো খারাপ গুণাবলি, যা কৃপণতা থেকেও নিকৃষ্ট।
মিতব্যয়িতা ও কৃপণতা বাহ্যিকভাবে একই রকম দেখালেও এই দুইয়ের মাঝে বিস্তর তফাত রয়েছে। যেমন, বিনয় বাহ্যিক দৃষ্টিতে নীচতার মতো মনে হলেও প্রকৃতপক্ষে তা এ ধরনের খারাপ গুণাবলি থেকে সম্পূর্ণ ভিন্ন এবং সম্মানজনক একটি বৈশিষ্ট্য। আবার বাহ্যিকভাবে একরকম মনে হলেও গাম্ভীর্য অহংকারের মতো খারাপ বৈশিষ্ট্য থেকে আলাদা এবং প্রশংসনীয় একটি গুণ ৷ ঠিক এগুলোর মতো মিতব্যয়িতা ও কৃপণতাকে আপাতদৃষ্টিতে সাদৃশ্যপূর্ণ মিতব্যয়িতা মনে হলেও এদের মাঝে আদৌ কোনো সম্পর্ক নেই। কেননা, এটি হলো নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর অন্যতম এবং বিশ্বজগৎকে সুশৃঙ্খলভাবে সৃষ্টির মাঝে নিহিত আল্লাহর হিকমতের সাথে সামঞ্জস্যপূর্ণ সুউচ্চ গুণাবলির অন্যতম। অপরদিকে কৃপণতা হলো দরিদ্রতা, নীচতা, কৃপণতা, লোভ ও লালসা মিশ্রিত একটি বিষয়। এই সত্যকে সমর্থনকারী একটি ঘটনাসাতজন বিখ্যাত আবদুল্লাহ নামধারী সাহাবিদের মধ্যে অন্যতম, নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খলিফা ফারুকে আজম হজরত উমর (রা.)-এর বড়ো ছেলে ও গুরুত্বপূর্ণ সহকারী, আলিম সাহাবিদের মধ্যে অন্যতম সম্মানিত ব্যক্তি হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) একদিন বাজারে কেনাকাটা করার সময় চল্লিশ পয়সার জন্য খুব দর-কষাকষি করছিলেন। উদ্দেশ্য ছিল, ব্যবসা-বাণিজ্যের মৌলিক ভিত্তি তথা আস্থা ও সততার সংরক্ষণ এবং মিতব্যয়িতা সাধন। অন্য একজন সাহাবি তা দেখে ফেললেন। সম্মানিত খলিফা হজরত উমর (রা.)-এর ছেলের সামান্য চল্লিশ পয়সার জন্য চরণ দর-কষাকষিকে তার নিকট খুবই আশ্চর্যজনক কৃপণতা মনে হলো। তিনি বিষয়টি মেনে নিতে পারলেন না। প্রকৃত অবস্থা জানার জন্য ঈমান আবদুল্লাহ ইবনে উমর (রা.)-এর বাড়ি পর্যন্ত তাঁর পিছু নিলেন। দেখলেন যে, তিনি বাড়িতে প্রবেশ করার কিছুক্ষণ পর দরজায় একজন দরিদ্র লোকের আগমন ঘটল। ইবনে উমর (রা.) তার সাথে কিছু আলাপচারিতার পর তাকে হাসিমুখে বিদায় দিলেন। অল্পক্ষণ পর বাড়ির দ্বিতীয় দরজা দিয়ে বের হওয়ার সময় অন্য আরেকজন দরিদ্রকে দেখেন। তিনি তাকেও আলাপচারিতার পর অনুরূপভাবে বিদায় দিলেন। বিষয়টি দূর থেকে পর্যবেক্ষণকারী ওই সাহাবির কৌতূহলকে আরও বাড়িয়ে দিলো। তিনি দ্রুত ওই দরিদ্র লোক দুটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘ইমাম আবদুল্লাহ তোমাদের সাথে কী করলেন?’ উত্তরে তারা বলল, ‘তিনি আমাদেরকে একটি করে স্বর্ণমুদ্রা দান করলেন ৷’ সাহাবি অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ! চিন্তা করলেন, বাজারের মধ্যে চল্লিশ পয়সার জন্য যিনি এত দর-কষাকষি করলেন, তিনি বাড়িতে এসে সবার আড়ালে তার থেকেও দুইশত গুণ বেশি মূল্যের স্বর্ণমুদ্রা সন্তুষ্টচিত্তে দান করলেন! অতঃপর তিনি তাঁর কৌতূহলকে পুরোপুরি প্রশমিত করার জন্য হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.)-এর কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, ‘হে ইমাম! আপনি বাজারে এক রকম আচরণ করলেন, আর বাড়িতে করলেন অন্যরকম। এই দুর্বোধ্য বিষয়ের সমাধান দিন।’জবাবে তিনি বললেন, ‘বাজারের ওই আচরণের কারণ ছিল, ব্যবসা-বাণিজ্যের মৌলিক ভিত্তি তথা আস্থা ও সততার সংরক্ষণ, মিতব্যয়িতা সাধন ও বিচক্ষণতার বাস্তবায়ন। এটা কৃপণতা বা নীচতা ছিল না। আর বাড়িতে যা ঘটেছে, তা ছিল অন্তরের মমত্ববোধ, রুহের পরিপূর্ণতার অবস্থা। ওটা যেমন কৃপণতা নয়, এটাও তেমন অপচয় নয়।’ ইমামে আজম আবু হানিফা (রহ.) এই গভীর তাৎপর্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন—لَا اِسْرَافَ فِى الْخَيْرِ كَمَا لَا خَيْرَ فِى الْاِسْرَافِ ‘উপযুক্ত ক্ষেত্রে দান-সাদাকায় যেমন অপচয় নেই, তেমনই অপচয়ের মাঝেও কোনো কল্যাণ নেই।’
অপব্যয় লোভের কারণ হয়। লোভ তিনটি ফলাফল বয়ে আনে। লোভের প্রথম ফলাফল : তুষ্টিহীনতা। তুষ্টিহীনতা কাজকর্মের প্রতি অনীহা সৃষ্টি করে। শুকরিয়ার পরিবর্তে অভিযোগ করায়, অলসতা নিয়ে আসে। বৈধ, হালাল, কম পরিমাণ সম্পদকে ত্যাগ করে হারাম ও সহজলভ্য সম্পদের খোঁজ করে এবং ওই পথে সম্মান ও মর্যাদাকে বিলিয়ে দেয়। লোভের দ্বিতীয় ফলাফল : বঞ্চনা ও ক্ষতি। লক্ষ্যচ্যুত ও তাচ্ছিল্যতার মুখোমুখি হয়ে সাবলীলতা ও সহায়তা থেকে বঞ্চিত হয়। اَلْحَرِيصُ خَائِبٌ خَاِسرٌ অর্থাৎ ‘লোভ, ক্ষতি এবং বিফলতার কারণ’ এই প্রবাদকে সত্য প্রতিপন্ন করে। লোভ ও তুষ্টতার প্রভাব প্রাণিজগতেও একই নিয়মে ব্যাপকভাবে প্রতিফলিত হয়। উদাহরণস্বরূপ রিজিকের মুখাপেক্ষী গাছপালার স্বভাবগত তুষ্টতা ওই রিজিককে নিজেদের দিকে ধাবিত করায়। অন্যদিকে প্রাণীদের মাঝের লোভ তাদেরকে রিজিকের সন্ধানে কষ্ট ও অপ্রাপ্তির মাঝে ছোটাছুটি করায়। আর এভাবেই লোভের বিশাল ক্ষতি এবং তুষ্টতার ব্যাপক উপকারিতা প্ৰকাশ পায়। দুর্বল সকল বাচ্চার অবস্থার ভাষার মাধ্যমে প্রকাশিত তুষ্টতার প্রতিফল হিসেবে দুধের মতো সুন্দর একটি খাদ্য অপ্রত্যাশিত একটি জায়গা থেকে পাওয়া এবং প্রাণীদের লোভের কারণে নিম্নমানের নোংরা রিজিকসমূহে আক্রমণ আলোচ্য বিষয়কে স্পষ্টভাবে প্রমাণ করে। মোটাতাজা মাছগুলোর তুষ্টতার কারণে পরিপূর্ণ রিজিকপ্রাপ্তি এবং শিয়াল ও বানরের মতো বুদ্ধিমান প্রাণীদের লোভাতুর হয়ে রিজিকের অন্বেষণে ছোটা সত্ত্বেও যথেষ্ট পরিমাণ না পাওয়ার কারণে নির্জীব ও দুর্বল হওয়াটাও প্রমাণ করে যে, লোভ কী পরিমাণ কষ্টের এবং তুষ্টতা কী পরিমাণ আরামের কারণ। লোভ, সুদ ও শঠতার মাধ্যমে অবৈধ পন্থায় ইহুদি জাতির শুধু বাঁচার জন্য নিম্নমানের ও সাধারণ রিজিক লাভ অপরদিকে মরুভূমিতে অবস্থানরত অর্থাৎ বেদুইনদের তুষ্টতার কারণে সম্মানের সাথে বসবাস এবং পর্যাপ্ত রিজিক লাভ করাটাও আলোচ্য বিষয়টিকে প্রমাণ করে। অনেক আলিম ও সাহিত্যিকের বুদ্ধিমত্তা থেকে সৃষ্ট লোভের কারণে দারিদ্র্যে পতিত হওয়া এবং বোকা ও সামর্থ্যহীনদের স্বভাবগত তুষ্টতার মাধ্যমে ধনী হওয়া সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, হালাল রিজিক অসহায়ত্ব ও দরিদ্রতা অনুযায়ী আসে, আধিপত্য ও ইচ্ছার ভিত্তিতে নয়। এমনকি ওই হালাল রিজিক আধিপত্য ও ইচ্ছার সাথে ব্যস্তানুপাতিক। কারণ, শিশুদের শক্তি-সামর্থ্য ও চাহিদা বৃদ্ধির সাথে সাথে রিজিক কমে আসে, দূরে চলে যায়, কঠিন হয়ে যায়। اَلْقَنَاعَةُ كَنْزٌ لَا يَفْنٰى হাদিসটির তাৎপর্যানুযায়ী তুষ্টতা হচ্ছে সুন্দর জীবিকার এবং শান্তিপূর্ণ জীবনের উৎস। লোভ হচ্ছে ক্ষতি ও দরিদ্রতার আধার। লোভের তৃতীয় ফলাফল : লোভ ইখলাসকে ধ্বংস করে, আখিরাতের আমলকে বিনষ্ট করে। কারণ, কোনো মুত্তাকির মাঝে লোভ থাকলে সে নিজের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়। নিজের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণকারী কোনো ব্যক্তি পরিপূর্ণ ইখলাস লাভ করতে পারে না। এই প্রতিফলটি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ আকর্ষণকারী। মোটকথা, অপচয় অতুষ্টি নিয়ে আসে, অতুষ্টি কর্মের প্রতি অনীহা সৃষ্টি করে অলসতা নিয়ে আসে। জীবনের প্রতি অভিযোগের দরজা খুলে দেয়, অনবরত অভিযোগ করায়। ইখলাসকে ধ্বংস করে, রিয়া ও লৌকিকতার দরজা খুলে দেয়। সম্মানকে বিনষ্ট করে, ভিক্ষাবৃত্তির পথ দেখিয়ে দেয়। মিতব্যয়িতা তুষ্টতা নিয়ে আসে, عَزَّ مَنْ قَنَعَ ذَلَّ مَنْ طَمَعَ এই হাদিসের তাৎপর্য অনুযায়ী তুষ্টতা সম্মান নিয়ে আসে, কর্মে সাহস জোগায়। ইচ্ছা ও আগ্রহ বাড়িয়ে দেয়, কাজে প্রেরণা জোগায়। উদাহরণস্বরূপ, সারাদিন কাজ করল। সন্ধ্যায় প্রাপ্ত স্বল্প পারিশ্রমিকের প্রতি তুষ্ট থাকার কারণে দ্বিতীয় দিন আবার কাজ করে। অন্যদিকে অপচয়কারী সন্তুষ্ট না হওয়ার কারণে দ্বিতীয় দিন কাজ করে না। কাজ করলেও অনাগ্রহের সাথে করে। মিতব্যয়িতা থেকে আসা তুষ্টতা শুকরিয়ার দরজা উন্মুক্ত করে, অভিযোগের দরজা বন্ধ করে দেয়। জীবনের সর্বাবস্থায় শুকরিয়া আদায় করে। তুষ্ট থাকায় কারও মুখাপেক্ষী হয় না, কারও অনুগ্রহও খোঁজে না। ইখলাসের দরজা খুলে যায়, লোকদেখানোর দরজা বন্ধ হয়ে যায় ৷ অমিতব্যয়িতা ও অপচয়ের ভয়ংকর ক্ষতিগুলো ব্যাপকভাবে পর্যবেক্ষণ করেছি। আর তা হলো— আমি নয় বছর আগে বরকতময় একটি শহরে গিয়েছিলাম। শীতের কারণে ওই শহরের প্রাচুর্যের উৎস দেখতে পাইনি। আল্লাহ তাঁর প্রতি রহমত বর্ষণ করুক। ওই এলাকার মুফতি কয়েকবার আমাকে বলল, ‘আমাদের জনগণ গরিব’। এই কথাটি আমাকে ব্যথিত করল। পাঁচ-ছয় বছর পর্যন্ত সর্বক্ষণ ওই শহরের মানুষের জন্য ব্যথা অনুভব করতাম। আট বছর পর গ্রীষ্মকালে আবারও ওই শহরে গেলাম। বাগানগুলোর দিকে তাকালাম এবং মরহুম মুফতির কথা মনে হলো তখন। সুবহানাল্লাহ বললাম। এই বাগানগুলোর শস্য শহরের চাহিদার চেয়েও অনেক বেশি। এই শহরের মানুষের অনেক ধনীই হওয়ার কথা চিন্তা করে বিস্মিত হলাম। আমার সাথে ধোঁকাবাজি করেনি এবং বাস্তবতাকে বোঝার ক্ষেত্রে আমার এক স্মৃতির পথপ্রদর্শনের দ্বারা বুঝলাম, অমিতব্যয়িতা ও অপচয়ের কারণে বরকত ওঠে যাওয়ায় এত বেশি ধনসম্পদের উৎস থাকা সত্ত্বেও মরহুম মুফতি ‘জনগণ গরিব’ বলেছিলেন। অভিজ্ঞতার আলোকে বলছি, জাকাত প্রদান ও মিতব্যয়িতা যেমন সম্পদে বরকত নিয়ে আসে, তেমনই জাকাত প্রদান না করায় এবং অপচয় করায় যে বরকত ওঠে যায়, তা অসংখ্য ঘটনা দ্বারা প্রমাণিত। ইসলামিক দার্শনিকদের প্লেটো এবং চিকিৎসকদের নেতা এবং দার্শনিকদের ওস্তাদ বিখ্যাত প্রতিভাবান আবু আলি ইবনে সিনা শুধু চিকিৎসাবিজ্ঞানের দিক থেকে كُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا আয়াতটি নিম্নলিখিতভাবে তাফসির করেছেন। বলেছেন— : جَمَع۟تُ الطِّبَّ فِى ال۟بَي۟تَي۟نِ جَم۟عًا وَ حُس۟نُ ال۟قَو۟لِ فٖى قَص۟رِ ال۟كَلَامِ فَقَلِّل۟ اِن۟ اَكَل۟تَ وَ بَع۟دَ اَك۟لٍ تَجَنَّب۟ وَ الشِّفَاءُ فِى ال۟اِن۟هِضَامِ وَ لَي۟سَ عَلَى النُّفُوسِ اَشَدُّ حَالًا مِن۟ اِد۟خَالِ الطَّعَامِ عَلَى الطَّعَامِ অর্থাৎ কথার সৌন্দর্য সংক্ষেপতায়; চিকিৎসাবিদ্যাকে দুই লাইনে ব্যাখ্যা করব—খাওয়ার সময় কম খাও। খাওয়ার পর চার-পাঁচ ঘণ্টা আর কিছু খেয়ো না। আরোগ্যতা হজমের মধ্যে অর্থাৎ সহজে যাতে হজম হয়, সে পরিমাণ খাও। নিজের ও পাকস্থলীর সবচেয়ে কঠিন ও ক্লান্তিকর অবস্থা হচ্ছে বেশি করে খাওয়া। বিস্ময়কর ও শিক্ষণীয় যথার্থতা তিনজন ছাত্রসহ পাঁচ-ছয়জন লেখকের আলাদা আলাদা জায়গায়, পরস্পর থেকে দূরে অবস্থান করেও পৃথক পৃথক সংস্করণের পাতা থেকে ‘আলিফ’ সমূহের কথা চিন্তা না করে ভিন্ন ভিন্ন ক্যালিওগ্রাফির দ্বারা লিখিত প্রতিটি পাতার তালিকাসমূহের সংখ্যা ৫১, দুআসহ ৫৩। যা কি না মিতব্যয়িতা রিসালার সংকলন ও প্রকাশনা তারিখ খ্রিষ্টীয় ৫১ এবং হিজরি ৫৩ সালের সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। নিঃসন্দেহে এটি কোনো কাকতালীয় বিষয় নয়। মিত্যয়িতার মাঝে বিদ্যমান বরকতের কারামত আকারে প্রকাশের ইঙ্গিত বহন করে। তাই বর্তমান বছর ‘মিতব্যয়িতার বছর’ হিসেবে গণ্য হওয়ার যোগ্য। হ্যাঁ, সময় মিতব্যয়িতার কেরামতকে দুই বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে চারদিকে ক্ষুধা, ধ্বংস আর অপচয়ের কারণে সকলকে মিতব্যয়ী হতে বাধ্য করে প্রকাশ করেছে। سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

