بِاس۟مِهٖ سُب۟حَانَهُ এই দ্বিতীয় বাবটি ‘আলহামদুলিল্লাহ’ সম্পর্কে [‘দ্বিতীয় বাব’ নামে অভিহিত এই ক্ষুদ্র রিসালাটিতে মানুষকে ‘আলহামদুলিল্লাহ’ বলাতে যে ঈমান ভূমিকা রাখে, তার অসীম উপকার ও নূরসমূহের মধ্য থেকে কেবল নয়টি বিষয় বর্ণনা করা হবে।] بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
Şualar
Second Chapter of the Twenty-Ninth Gleam
প্রথমে দুটি বিষয় স্মরণ করিয়ে দেওয়া হবে— ১. দর্শন এমন এক কালো চশমা, যা সবকিছুকে কুৎসিত ও ভয়ংকর করে দেখায়। আর ঈমান? এক স্বচ্ছ, পরিষ্কার ও নুরানি চশমা, যা সবকিছুকে সুন্দর ও আপন করে দেখায়। ২. সমস্ত সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত, প্রত্যেক কিছুর সঙ্গে একপ্রকার লেনদেনকারী এবং নিজেকে ঘিরে রাখা বিষয়গুলোর সঙ্গে কথা ও অর্থের দিক থেকে সাক্ষাৎ, সংলাপ ও প্রতিবেশিত্বে স্বভাবগতভাবে বাধ্য মানুষের ডান, বাম, সামনে, পেছনে, নিচে ও ওপরে—এই ছয়টি দিক রয়েছে। মানুষ যখন এই উল্লিখিত দুই চশমা চোখে পরে, তখন সে উল্লিখিত দিকসমূহে বিদ্যমান সৃষ্টিজগৎ ও অবস্থাসমূহকে প্রত্যক্ষ করতে পারে। ডান দিকএই দিক দ্বারা উদ্দেশ্য হলো অতীত কাল। সুতরাং দর্শনের চশমা দিয়ে ডান দিকে তাকালে অতীতের দেশ এমন একরূপে দেখা যায়, যেন সেখানে কিয়ামত সংঘটিত হয়েছে; সবকিছু উলটপালট হয়ে গেছে; অন্ধকারাচ্ছন্ন, ভয়াবহ এক বিশাল কবরস্থানের ন্যায় প্রতীয়মান হয়। এই দৃষ্টিতে মানুষ যে প্রবল আতঙ্ক, ভীতি ও হতাশার সম্মুখীন হয়, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঈমানের চশমা দিয়ে সেই দিকের দিকে তাকালে বাস্তবে যদিও সেই দেশকে উলটপালট অবস্থায়ই দেখা যায়, তবুও সেখানে প্রাণনাশ নেই; বরং বোঝা যায় যে, তার অধিবাসী ও বাসিন্দারা আরও সুন্দর, নুরানি এক জগতে স্থানান্তরিত হয়েছে। আর সেই কবর ও গহ্বরগুলোকে নুরানি এক জগতে প্রবেশের জন্য খনন করা ভূগর্ভস্থ সুড়ঙ্গরূপে কল্পনা করা হবে। অতএব, ঈমান মানুষকে যে আনন্দ, প্রশান্তি, নিশ্চিন্ততা ও অন্তরের প্রশস্ততা দান করে, তা এমন এক নিয়ামত, যা মানুষকে হাজার হাজারবার ‘আলহামদুলিল্লাহ’ বলাতে বাধ্য করে। বাম দিকঅর্থাৎ ভবিষ্যৎ কালের দিকে দর্শনের চশমা দিয়ে তাকালে তা আমাদের পচিয়ে দেবে, সাপ ও বিচ্ছুকে আমাদের ভক্ষণ করাবে এবং ধ্বংস করবে—এমন অন্ধকারাচ্ছন্ন, ভয়ংকর, এক বিশাল কবররূপে দেখা যায়। কিন্তু ঈমানের চশমা দিয়ে তাকালে তা পরম করুণাময়, পরম দয়ালু স্রষ্টা খালিক-ই রহমান-ই রহিম মানুষের জন্য যে নানাবিধ সুস্বাদু ও খাদ্য ও পানীয় প্রস্তুত করে রেখেছেন, তার পাত্রস্বরূপ এক মায়েদা ও এক রহমানি দস্তরখানা হিসেবে প্রতীয়মান হয়। আর হাজার হাজারবার ‘আলহামদুলিল্লাহ’ পাঠ করিয়ে তা পুনরাবৃত্ত করায়। ওপরের দিকঅর্থাৎ যে ব্যক্তি দর্শনের মাধ্যমে আসমানের দিকে তাকায়, সে এই অসীম শূন্যতায় কোটি কোটি নক্ষত্র ও গ্রহের (যেন ঘোড়দৌড় বা সামরিক কুচকাওয়াজের ন্যায়) অতি দ্রুত ও বিচিত্র গতিবিধি দেখে প্রবল আতঙ্ক, ভীতি ও ভয় অনুভব করে। কিন্তু ঈমানদার ব্যক্তি যখন তাকায়, তখন সে দেখে যে, এই বিস্ময়কর ও অদ্ভুত কৌশলসমূহ এক সেনাপতির নির্দেশে তত্ত্বাবধানের অধীনে সম্পন্ন হচ্ছে। আর আসমান জগৎকে শোভিতকারী সেই নক্ষত্রগুলো আমাদের জন্য আলোকোজ্জ্বল প্রদীপের ন্যায়। তখন সেই ঘোড়দৌড়ে ভয় ও আতঙ্ক নয়; বরং আপনতা ও ভালোবাসা অনুভূত হয়।এভাবে আসমান জগৎকে যেভাবে চিত্রিত করে ঈমানের এই নিয়ামতের জন্য নিঃসন্দেহে হাজার হাজার ‘আলহামদুলিল্লাহ’ বলা খুবই কম। নিচের দিকঅর্থাৎ যে ব্যক্তি দর্শনের চোখ দিয়ে পৃথিবীর জগতের দিকে তাকায়, সে পৃথিবীকে দেখে—সূর্যের চারদিকে লাগামহীন, মালিকবিহীনভাবে ঘুরে বেড়ানো এক ভবঘুরে জন্তুর ন্যায়; অথবা ভাঙা তক্তাওয়ালা, নাবিকহীন এক নৌকার মতো। ফলে সে ভয়, আতঙ্ক ও উদ্বেগে পতিত হয়। কিন্তু ঈমানের দৃষ্টিতে তাকালে পৃথিবীকে এক রহমানি জাহাজ হিসেবে দেখে, যা আল্লাহর নির্দেশ ও পরিচালনায় সমস্ত খাদ্য, পানীয় ও পরিধেয়সহ মানবজাতিকে ভ্রমণ ও অবকাশের জন্য সূর্যের চারদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আর ঈমান থেকে উৎসারিত এই মহান নিয়ামতের জন্য সে বড়ো বড়ো ‘আলহামদুলিল্লাহ’ উচ্চারণ করতে শুরু করে। সামনের দিক একজন দার্শনিক ব্যক্তি এই দিকের দিকে তাকালে দেখে—সমস্ত জীবিত সৃষ্টি, মানুষ হোক বা পশু, দলবদ্ধভাবে প্রচণ্ড গতিতে সেই দিকে অগ্রসর হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ অস্তিত্বহীনতার দিকে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। সে নিজেও যে সেই পথেরই যাত্রী—এ কথা জানার ফলে দুঃখ ও বেদনায় প্রায় উন্মাদ হয়ে পড়ে। কিন্তু ঈমানের দৃষ্টিতে তাকানো একজন মুমিন বোঝে যে, মানুষদের সেই দিকে গমন ও যাত্রা অস্তিত্বহীনতার জগতে নয়; বরং যাযাবরদের মতো এক চারণভূমি থেকে আরেক চারণভূমিতে স্থানান্তর। আর তা হলো—ক্ষণস্থায়ী গন্তব্য থেকে চিরস্থায়ী গন্তব্যে, সেবার খামার থেকে পারিশ্রমিকের পরিসরে, কষ্টের দেশ থেকে রহমতের দেশে হিজরত। অতএব, সে এই দিককে সন্তুষ্টচিত্তে গ্রহণ করে। যাত্রাপথে মৃত্যু ও কবরের মতো যে কষ্টসমূহ দেখা যায়, তা প্রকৃতপক্ষে সুখের ফল। কেননা, নুরানি জগতে পৌঁছার পথ কবরের মধ্য দিয়েই যায়, আর সর্বোচ্চ সুখসমূহ আসে বড়ো ও বেদনাদায়ক বিপর্যয়ের পর। যেমন : হজরত ইউসুফ (আ.) মিশরের আজিজ হওয়ার মতো এক মহাসুখে উপনীত হয়েছেন কেবল ভাইদের দ্বারা কূপে নিক্ষিপ্ত হওয়া এবং জুলাইখার অপবাদে কারাগারে নিক্ষিপ্ত হওয়ার পথ অতিক্রম করে। অনুরূপভাবে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আগত শিশু, সেই সংকীর্ণ সুড়ঙ্গে ভোগ করা চাপা ও ক্লান্তিকর কষ্টের পরেই দুনিয়ার সুখ লাভ করে। পেছনের দিক অর্থাৎ পেছনে আগতদের দিকে যদি দর্শনের দৃষ্টিতে তাকানো হয়, তবে প্রশ্ন জাগে—‘এরা কোথা থেকে এসে কোথায় যাচ্ছে? এবং কী উদ্দেশ্যে দুনিয়ার এসেছে?’ এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। ফলে মানুষ বিস্ময় ও সংশয়ের যন্ত্রণায় আবদ্ধ থাকে। কিন্তু ঈমানের নূরের চশমা দিয়ে তাকালে সে বুঝতে পারে যে, মানুষরা চিরন্তন সুলতানের পক্ষ থেকে প্রেরিত পর্যবেক্ষক; তারা কায়েনাতের প্রদর্শনীতে প্রদর্শিত অদ্ভুত ও আশ্চর্য ক্ষমতার মুজিযাসমূহ দেখার ও অধ্যয়নের জন্য এসেছে। আর এই মুজিযাসমূহের মূল্যমান ও মহত্ত্ব যতটা তারা উপলব্ধি করে এবং চিরন্তন সুলতানের মহিমার প্রতি যতটা দলিল সংগ্রহ করে, ততটাই তারা মর্যাদা ও নম্বর অর্জন করে। অতঃপর আবার সেই চিরন্তন সুলতানের রাজ্যে প্রত্যাবর্তন করে।এই উপলব্ধির নিয়ামত দানকারী ঈমানের জন্য সে ‘আলহামদুলিল্লাহ’ বলে। উল্লিখিত অন্ধকারসমূহ দূরকারী ঈমানের নিয়ামতের জন্য বলা ‘আলহামদুলিল্লাহ’ নিজেই যেহেতু একটি নিয়ামত, তাই তার জন্যও আবার একটি হামদ প্রয়োজন। সেই দ্বিতীয় হামদের জন্য তৃতীয় একটি হামদ, তৃতীয়টির জন্য চতুর্থ একটি হামদ প্রয়োজন। وَهَلُمَّ جَرًّا অতএব, একটিমাত্র হামদ থেকে জন্ম নেওয়া হামদসমূহ দ্বারা গঠিত এক অসীম হামদের শৃঙ্খলা অস্তিত্ব লাভ করে।
ছয় দিককে আলোকিতকারী ঈমানের নিয়ামতের জন্যও ‘আলহামদুলিল্লাহ’ বলা অপরিহার্য। কারণ, ঈমান যেমন ছয় দিকের অন্ধকার দূর করে বিপদ অপসারণের শ্রেণিভুক্ত এক মহানিয়ামত, তেমনই সেই ছয় দিককে আলোকিত করার দিক থেকে উপকার অর্জনের শ্রেণিভুক্ত দ্বিতীয় এক বড়ো নিয়ামতও বটে। অতএব মানুষ যেহেতু স্বভাবগতভাবে এক সামাজিক ও সভ্য সত্তা, সে ছয় দিকের অন্তর্ভুক্ত সমস্ত সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত হয়। আর ঈমানের নিয়ামতের মাধ্যমে মানুষের পক্ষে সেই ছয় দিকের প্রত্যেকটি থেকে উপকার লাভ করা সম্ভব হয়। এই কারণে فَاَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللّٰهِ এই মহিমান্বিত আয়াতের রহস্য অনুযায়ী ছয় দিকের যেকোনো একদিক থেকেই মানুষ আলোকিত হয়। এমনকি একজন ঈমানদার মানুষের জন্য দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত বিস্তৃত এক আধ্যাত্মিক জীবনকাল রয়েছে। আর এই আধ্যাত্মিক জীবন, এজেল থেকে আবাদ পর্যন্ত বিস্তৃত এক জীবনের নুর থেকে সাহায্য ও শক্তি লাভ করে। আরও ছয় দিককে আলোকিতকারী ঈমানের বদৌলতে মানুষের এই সংকীর্ণ সময় ও স্থান, এক বিস্তৃত ও প্রশস্ত জগতে রূপান্তরিত হয়। এই বিশাল জগৎ তখন একজন মানুষের ঘরের মতো হয়ে যায়। অতীত ও ভবিষ্যৎ সময় মানুষের রুহ ও হৃদয়ের জন্য বর্তমান সময়ের মর্যাদা লাভ করে। তাদের মধ্যকার দূরত্ব বিলুপ্ত হয়ে যায়।
ঈমানের মধ্যে ইস্তিনাদ ও ইস্তিমদাদ, নির্ভরতা ও আশ্রয় এই দুই মূল কেন্দ্র বিদ্যমান থাকার কারণেও ‘আলহামদুলিল্লাহ’ বলা অপরিহার্য। হ্যাঁ, মানবজাতি নিজের অক্ষমতা এবং শত্রুর আধিক্যের কারণে এমন এক নির্ভরতার কেন্দ্রের মুখাপেক্ষী, যেখানে আশ্রয় নিয়ে সে শত্রুদের প্রতিহত করতে পারে। আবার প্রয়োজনের প্রাচুর্য ও দারিদ্র্যের তীব্রতার কারণে এমন এক আশ্রয়ের কেন্দ্রেরও মুখাপেক্ষী, যার সাহায্যে সে নিজের প্রয়োজনসমূহ পূরণ করতে পারে। হে মানুষ, তোমার নির্ভরতার কেন্দ্র একমাত্র ও একমাত্র আল্লাহর প্রতি ঈমান।আর তোমার রুহ ও বিবেকের ইস্তিমদাদের কেন্দ্র একমাত্র আখিরাতের প্রতি ঈমান।অতএব যে মানুষ এই দুই কেন্দ্র সম্পর্কে অজ্ঞ, তার হৃদয় ও রুহ ভীত ও আতঙ্কিত থাকে, তার বিবেক সর্বদা যন্ত্রণাক্লিষ্ট হয়। কিন্তু যে ব্যক্তি প্রথমটির ওপর নির্ভর করে এবং দ্বিতীয়টির কাছ থেকে সাহায্য কামনা করে, সে হৃদয় ও রুহের মধ্যে অসংখ্য স্বাদ, আনন্দ ও অন্তরঙ্গতা অনুভব করে—সে সান্ত্বনা পায় এবং তার বিবেক পরিপূর্ণ প্রশান্তি লাভ করে।
ঈমানের নুর, বৈধ আনন্দসমূহের ক্ষয় আরম্ভ হলে যে বেদনাসমূহ জন্ম নেয়, তা সমজাতীয় নিয়ামতের পুনরাগমনের সংবাদ দিয়ে দূর করে। আবার নিয়ামতসমূহের স্থায়িত্ব নিশ্চিত করে, কারণ ঈমান সেই নিয়ামতগুলোর উৎস প্রদর্শন করে। এবং বিচ্ছেদ ও পৃথকতার বেদনাও ঈমান দূর করে সমজাতীয়ের পুনরাগমন ও পুনর্মিলনের আশা প্রদর্শনের মাধ্যমে। অর্থাৎ কোনো আনন্দের মধ্যে যখন তার অবসানচিন্তা প্রবেশ করে, তখন সেই আনন্দ বহু বেদনায় পরিণত হয়; ঈমান সেই বেদনাগুলোকে নবায়ন স্মরণ করিয়ে দূর করে।তদুপরি, আনন্দের নবায়নের মধ্যেই নিজস্ব আরেক আনন্দ নিহিত থাকে। হ্যাঁ, যদি কোনো ফলের গাছ পরিচিত না হয়, তবে সেই ফলের আনন্দ কেবল সেই ফলেই সীমাবদ্ধ থাকে; তা ভক্ষণে শেষ হলে তার অবসান বেদনার কারণ হয়। কিন্তু যদি সেই ফলের গাছ পরিচিত থাকে, তবে ফলের অবসানে দুঃখ হয় না, কারণ তার পরিবর্তে আবার নতুনটি আসবে। এবং সেই নবায়ন নিজেই এক স্বতন্ত্র আনন্দ। আর মানব রুহেক সবচেয়ে বেশি সংকুচিত করে যে বেদনাগুলো, সেগুলো বিচ্ছেদ থেকে জন্ম নেয়। ঈমানের নুর সেই বেদনাগুলোকে নবায়ন নতুন মিলনের আশার মাধ্যমে দূর করে।
ঈমানের নুর, মানুষের কাছে এই বিদ্যমান সত্তাগুলোর মধ্যে যেগুলোকে সে শত্রু ও অপরিচিত মনে করে অথবা মৃত ও নিঃস্ব, অনাথদের মতো প্রাণহীন ও এলোমেলো কল্পনা করে, সেগুলোকে বন্ধু ও ভাইরূপে প্রদর্শন করে এবং জীবন্ত তাসবিহকারীরূপে উপস্থাপন করে। অর্থাৎ যে ব্যক্তি গাফিলতের দৃষ্টিতে তাকায়, সে জগতের সমস্ত অস্তিত্বকে ক্ষতিকর শত্রু বলে ধারণা করে এবং ভীত ও বিচলিত হয়। আর বস্তুসমূহকে সে অপরিচিতদের মতো দেখে। কারণ, গোমরাহির দৃষ্টিতে অতীত ও ভবিষ্যৎ কালের বস্তুসমূহের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক নেই; কেবল বর্তমান সময়ে অল্প ও সামান্য একটি সম্পর্ক দেখা যায়। অতএব পথভ্রষ্টদের পারস্পরিক ভ্রাতৃত্ব হাজার বছরের দীর্ঘ সময়ের তুলনায় এক মিনিটের মতোই ক্ষণস্থায়ী। আর ঈমানের দৃষ্টি সমস্ত জ্যোতিষ্ক ও বস্তুসমূহকে জীবন্ত ও পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ বলে দেখায় এবং প্রত্যেক সত্তা তার অবস্থা-ভাষার মাধ্যমে তার স্রষ্টার তাসবিহ পাঠ করছে—এ কথাও প্রকাশ করে। এই দৃষ্টিকোণ থেকে প্রতিটি জ্যোতিষ্কের নিজস্ব একপ্রকার জীবন ও রুহ রয়েছে। সুতরাং ঈমানের এই দৃষ্টিতে সেখানে ভয় ও আতঙ্ক নেই; বরং রয়েছে ঘনিষ্ঠতা ও ভালোবাসা। গোমরাহির দৃষ্টি, যেসব মানুষ নিজেদের উদ্দেশ্য অর্জনে অক্ষম, তাদেরকে আশ্রয়হীন ও অভিভাবকহীন মনে করে এবং দুঃখ, বেদনা ও অক্ষমতার কারণে কাঁদতে থাকা অনাথদের মতো কল্পনা করে। কিন্তু ঈমানের দৃষ্টি জীবন্ত সৃষ্টিসমূহের দিকে কাঁদতে থাকা অনাথদের মতো নয়; বরং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, নিয়োজিত জিকিরকারী ও তাসবিহকারী বান্দা হিসেবে তাকায়।
ঈমানের নুর দুনিয়া ও আখিরাতের জগৎকে বিভিন্ন নিয়ামতে পরিপূর্ণ দুটি ভোজের দস্তরখানা হিসেবে চিত্রিত করে। ঈমানদার ব্যক্তি ঈমানের হাত দিয়ে, বাহ্যিক ও অভ্যন্তরীণ অনুভূতিসমূহ দ্বারা এবং তার রুহানি ও আধ্যাত্মিক ইন্দ্রিয়সমূহের মাধ্যমে সেই দস্তরখানা থেকে উপকার লাভ করে। কিন্তু গোমরাহির দৃষ্টিতে জীবিত সৃষ্টিসমূহের উপভোগের ক্ষেত্র সংকুচিত হয়ে কেবল বস্তুগত ভোগেই সীমাবদ্ধ থাকে। ঈমানের দৃষ্টিতে সেই উপভোগের পরিধি আকাশমণ্ডল ও পৃথিবীকে পরিবেষ্টনকারী এক বিস্তৃত বৃত্তের মতো প্রসারিত হয়। হ্যাঁ, একজন মুমিন সূর্যকে নিজের ঘরের ছাদে ঝোলানো এক বিশাল ঝাড়বাতি এবং চন্দ্রকে একটি ল্যাম্প হিসেবে কল্পনা করতে পারে। এই দৃষ্টিতে সূর্য ও চন্দ্র তার জন্য পৃথক পৃথক নিয়ামতে পরিণত হয়। ফলে একজন মুমিনের উপভোগের ক্ষেত্র আকাশমণ্ডলের চেয়েও বিস্তৃত হয়।হ্যাঁ, কুরআন-ই মুজিযুল-বায়ানের নিম্নোক্ত বালাগতময় আয়াতসমূহ—وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ * وَسَخَّرَ لَكُمُ * مَا فِي الْبَرِّ وَالْبَحْرِঈমান থেকে উদ্ভূত এই বিস্ময়কর দান ও অনুগ্রহগুলোর প্রতিই ইঙ্গিত করে।
ঈমানের নূরের মাধ্যমে জানা যায় যে, আল্লাহর অস্তিত্ব সমস্ত নিয়ামতের ঊর্ধ্বে এমন এক মহানিয়ামত, যা অসংখ্য নিয়ামতের প্রকারভেদ, অসীম অনুগ্রহের শ্রেণিসমূহ এবং অগণিত দানের প্রজাতিকে ধারণকারী এক উৎস ও মূল ভান্ডার। অতএব জগতের কণাসমূহের সংখ্যার সমান ঈমানের নিয়ামতের জন্য হামদ ও সানা করা এক অপরিহার্য দায়িত্ব। রিসালায়ে নূরের বিভিন্ন অংশে এর কিছু ইঙ্গিত করা হয়েছে। তবে আল্লাহর প্রতি ঈমান (ঈমান-ই বিল্লাহ)-বিষয়ক রিসালায়ে নূরের অংশসমূহ এই নিয়ামতের ওপর থেকে পর্দা সরিয়ে তা সুস্পষ্টভাবে প্রদর্শন করায়। اَلْحَمْدُ لِلّٰهِ —এই বাক্যে ‘লাম-ই ইস্তিগরাক’ দ্বারা যেসব নিয়ামতের জন্য সর্বপ্রকার হামদ অপরিহার্য, তার মধ্যে অন্যতম হলো রহমানিয়াতের নিয়ামত। হ্যাঁ, রহমানিয়াত সেসব নিয়ামতকে অন্তর্ভুক্ত করে, যেগুলো রহমতের অধিকারী জীবিত সৃষ্টিসমূহের সংখ্যার সমান। কারণ, বিশেষ করে মানুষ প্রত্যেক জীবিত সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত। এই দৃষ্টিকোণ থেকে মানুষ প্রত্যেক জীবের সুখে সুখী হয় এবং তাদের কষ্টে ব্যথিত হয়। সুতরাং কোনো এক ব্যক্তির মধ্যে বিদ্যমান একটি নিয়ামত তার সঙ্গীদের জন্যও একটি নিয়ামত হিসেবে গণ্য হয়। আর রহিমিয়াতও সেইসব গুণাবলির অন্তর্ভুক্ত, যা পিতা-মাতার স্নেহে লালিত শিশুদের সংখ্যার সমান নিয়ামতকে ধারণ করে এবং সে অনুযায়ী হামদ ও সানার যোগ্যতা অর্জন করে। হ্যাঁ, যে বিবেকসম্পন্ন ব্যক্তি মাতৃহীন ও ক্ষুধার্ত শিশুর কান্নায় ব্যথিত হয়, সে অবশ্যই মায়েদের সন্তানদের প্রতি যে স্নেহ ও মমতা রয়েছে, তা থেকে আনন্দ পায়, সন্তুষ্ট ও প্রশান্ত হয়। এই ধরনের আনন্দসমূহ একেকটি নিয়ামত এবং হামদ ও শোকর কামনা করে। বিশ্বে নিহিত প্রজ্ঞার (হিকমতের) সমস্ত প্রকার ও ব্যক্তির সংখ্যার সমান হামদ ও শোকর দাবি করে—এমন গুণাবলির মধ্যে অন্যতম হলো হাকিমিয়াত। কারণ মানুষের নফস যেমন রহমানিয়াতের ঝলকে নিয়ামতপ্রাপ্ত হয়, তার হৃদয় যেমন রহিমিয়াতের তাজাল্লিতে উপকৃত হয়, তেমনই মানুষের বুদ্ধিও হাকিমিয়াতের সূক্ষ্ম সৌন্দর্য থেকে আনন্দ ও স্বাদ গ্রহণ করে। এই কারণেই মুখ ভরে ‘আলহামদুলিল্লাহ’ বলার মাধ্যমে হামদ ও সানা করা অপরিহার্য হয়। আসমা-ই হুসনার মধ্যে ওয়ারিশ নামের তাজাল্লির সংখ্যার সমান এবং পিতৃপুরুষের মতো মূলের অবসানের পর অবশিষ্ট শাখা-প্রশাখার সংখ্যার সমান; এবং আখিরাত জগতের সৃষ্টিসমূহের সংখ্যার সমান; এবং পারলৌকিক প্রতিদান লাভের জন্য সংরক্ষিত মানব কর্মসমূহের সংখ্যার সমান—এমন এক হাফিজিয়াতের নিয়ামত রয়েছে, যার জন্য এমন এক মহান আলহামদুলিল্লাহ প্রয়োজন, যা তার ধ্বনিতে এই সমগ্র আকাশমণ্ডলী ভরে দিতে পারে। কারণ, কোনো নিয়ামতের স্থায়িত্ব সেই নিয়ামতের সত্তার চেয়েও অধিক মূল্যবান। কোনো আনন্দের স্থায়িত্ব সেই আনন্দের চেয়েও অধিক সুস্বাদু। জান্নাতে স্থায়িত্ব, জান্নাতেরও ঊর্ধ্বে এবং এভাবেই অন্যান্য বিষয়েও।অতএব আল্লাহ তায়ালার হাফিজিয়াত যে নিয়ামতসমূহকে ধারণ করে, তা সমগ্র কায়েনাতে বিদ্যমান সমস্ত নিয়ামতের তুলনায় অধিক ও ঊর্ধ্বতর। এই দিক থেকে মুখ ভরে উচ্চারণ করা একটি ‘আলহামদুলিল্লাহ’ দাবি করে। উল্লিখিত এই চারটি নামের সঙ্গে অবশিষ্ট আসমা-ই হুসনাকে তুলনা করো। কারণ, প্রত্যেকটি নামের মধ্যে অসীম নিয়ামত বিদ্যমান থাকার কারণে প্রত্যেকটি নাম অসীম হামদ ও শোকরকে অপরিহার্যভাবে দাবি করে। এবং সমস্ত নিয়ামতের ভান্ডারসমূহ খুলে দেওয়ার যোগ্যতাসম্পন্ন ঈমানের নিয়ামতের মাধ্যম হওয়ার কারণে হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক মহা নিয়ামত যে, মানবজাতি চিরকাল তাঁর প্রশংসা ও স্তুতি করতে ঋণী। এবং জাগতিক ও আধ্যাত্মিক সমস্ত নিয়ামতের প্রকারভেদের সূচি ও মূল উৎস হওয়ার কারণে ইসলামিয়াত ও কুরআনের নিয়ামতও অসীম হামদের যোগ্যতা নিয়ে অপরিহার্যভাবে তা দাবি করে।
এমন এক আল্লাহর জন্যই সমস্ত হামদ, যিনি কায়েনাত নামে পরিচিত এই মহান গ্রন্থ এবং তার তাফসিরস্বরূপ কুরআন-ই আজিমুশ্শান-এর বর্ণনা অনুযায়ী—তার সমস্ত অধ্যায় ও অনুচ্ছেদসহ, সমস্ত পৃষ্ঠা ও পঙ্ক্তিসহ, সমস্ত শব্দ ও অক্ষরসহ তাঁরই দিকে তাঁর সৌন্দর্যপূর্ণ ও পরিপূর্ণ গুণাবলি প্রকাশের মাধ্যমে হামদ ও সানাকারী। এভাবে যে, ওই মহান গ্রন্থের প্রতিটি নকশা—ছোটো হোক বা বড়ো (পিঁপড়ার সামর্থ্য অনুযায়ী)—তার একত্ব ও সামাদিয়াতের নকশাকার ওয়াহিদ ও সামাদ সত্তার মহিমময় গুণাবলি প্রকাশ করে হামদ ও সানা করে। এবং একইভাবে ওই গ্রন্থের প্রতিটি লেখা রহমান ও রহিম লেখকের সৌন্দর্য-গুণাবলি প্রকাশ করার মাধ্যমে প্রসংশাকারী হয়। এবং একইভাবে ওই গ্রন্থের প্রতিটি ছন্দবদ্ধ কাসিদা কাদির ও আলিমকে পবিত্র ঘোষণা করে তাহমিদ বা প্রশংসা করে। এবং ওই গ্রন্থের সমস্ত লেখা, বিন্দু ও নকশা আসমা-ই হুসনার তাজাল্লি ও ঝলকের প্রতিবিম্ব ও ধারক হওয়ার দিক থেকে ওই জাত-ই আকদাসকে তাকদিস, তাহমিদ ও তামজিদ সহকারে সানাকারী।
{(টিকা) এই ধরনের সাংকেতিক বিষয়ের চাবি আমার কাছে নেই যে, আমি তা খুলে দিতে পারি। তা ছাড়া রোজাদার ব্যক্তি সে সাংকেতিক বিষয় বুঝতে পারে, না সে ব্যাখ্যা করতে সক্ষম। ক্ষমা করবেন। এটুকু মাত্রই আমি রচয়িতার আধ্যাত্মিক সাহায্যে, লাইলাতুল কদর-এর বরকতে এবং মাওলানা জালাউদ্দিন রুমির প্রতিবেশিত্ব থেকে উপকৃত হয়ে সম্পন্ন করতে পেরেছি। —অনুবাদক : আবদুল মাজিদ নূরসী} সাঈদ নূরসী

